তার প্রতিটি আচরণে সারা হল-ঘর হাসির পটকা ফুটতে লাগল।
লোকটা কফি খাওয়ার চেষ্টা করছে। পরম নিশ্চিন্তে চামচ দিয়ে চিনি তুলে দুধের পটে ঢেলে দিচ্ছে। খালি কাপটা তুলে নিয়ে দুধ ঢালার কায়দায় দুধের পটে উপুড় করছে। চামচ দিয়ে দুধের পট নাড়া দিচ্ছে। তাই দেখে কেউ হাসলে চামচ তুলে নিয়ে টেবিলের উপর রাখছে।
কিছুক্ষণ থেকে আবার দুই চামচ দুধ নিয়ে গ্লাসে দিচ্ছে। সেই গ্লাসে খানিক কফি ঢেলে চামচ খুঁজছে। সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে উঠছে দর্শকমণ্ডলী। কিছুক্ষণ থেমে লোকটা আবার শুরু করছে। সমস্ত কফি টেবিলের উপর ঢেলে দিচ্ছে। হাসির অট্টরোল উঠলে তাড়াতাড়ি রুমাল বের করে টেবিল মুছবার চেষ্টা করছে।
হঠাৎ লোকটা উঠে দাঁড়াল। শূন্যদৃষ্টি মেলে এদিক-ওদিক চাইল। হৈচৈ একদম থেমে গেল।
লোকটা বলতে শুরু করল, ‘ভাই আমার, বন্ধু আমার, আমাকে মাফ করে দাও… আমি অন্ধ। আমি কিছুই দেখতে পাই না। বোমার টুকরো এসে আমার চোখে লেগেছিল। আমি অন্ধ হয়ে গেছি। আমি কিচ্ছু দেখতে পাই না। নইলে আমি কখনো এমন করতাম না। আমাকে মাফ করে দাও, ভাই আমার… বন্ধু আমার…’
পাশের ঘর থেকে একটা লোক এসে ওর হাত ধরল। ধরে ধরে বাইরে নিয়ে গেল। অর্কেস্ট্রায় আর সুর উঠছে না। নাচের পা আর একটুও নড়ল না। মশকরায় মত্ত লোকগুলোর মুখ হাঁ হয়ে রয়ে গেল। কারও মুখে কোনো কথা ফুটল না।
বহুক্ষণ যাবৎ গোলাগুলি চলার পর হঠাৎ তা থেমে গেলে যেমন হয়, তেমনি নিস্তব্ধতা– ভয়াবহ নিস্তব্ধতা যেন সবাইকে গ্রাস করে ফেলেছে।
অনুবাদ : নেয়ামাল বাসির
সাহেব গোলাম – রাজিয়া ফসিহ্ আহমদ
নদিম যখন বাংলো ছেড়ে গাড়ির পানে রওনা হল, তখন তার আগে আগে গেল মাত্র একটা হোল্ডল আর একটা স্যুটকেস্। গাড়ির পেছনের সিটে কিছু বই-পুস্তক, পত্রিকা ছড়িয়ে রয়েছে। পুরো বাংলো তার পেছনে পড়ে থাকল খোলা অবস্থায়।
সাহেব কতদিন বাইরে থাকবেন, নানা কারণেই এ কথাটা জেনে নেওয়ার প্রয়োজন বোধ করল বেয়ারা। কাজেই কত দূরে সাহেব যাচ্ছেন, তা অনুমান করার জন্য সে কায়দা করে প্রশ্ন করল, ‘সাব, যদি কোনো জরুরি খবর-টবর আসে, তাহলে কোথায় জানাতে হবে?’
‘কোথাও না।’ নদিমের সংক্ষিপ্ত উত্তর।
চালাকিটা একেবারেই ভেস্তে যাচ্ছে দেখে বেয়ারা মরিয়া হয়ে প্রত্যক্ষভাবেই প্রশ্ন করে বসল, ‘কবে নাগাদ ফিরবেন, সাব?’
‘জানি না।’
‘তা এক মাস, দুমাস লাগতে পারে?’ বেয়ারার এ প্রশ্ন যেন সাহেবকে নয়- নিজেকেই করা।
নদিম কোনো উত্তর দিল না। বিরাট চাকর-বাহিনীর সালাম ঠোকা আরম্ভ হল। নদিম পকেট থেকে মনি-ব্যাগ বের করে একটা করে মুদ্রা তাদের হাতে হাতে ফেলে দিল। তারপর গাড়িতে এসে বসল, আর সঙ্গে সঙ্গে ভোঁ হয়ে গেল।
চাকররা উঁকি মেরে, ছাদে উঠে, রাস্তার মোড় পর্যন্ত দৌড়ে গিয়ে জানবার যথাসাধ্য চেষ্টা করল, সাহেবের গাড়ির গতি কোনদিকে। কিন্তু এর চাইতে বেশি কিছুই জানা গেল না যে, রাস্তাটা রাওয়ালপিণ্ডির দিকে গেছে; আর যে গাড়ি রাওয়ালপিণ্ডি গেল, সে গাড়ি ইচ্ছা করলে পেশাওয়ার পর্যন্তও যেতে পারে।
যাই হোক, সাহেবের চলে যাওয়াটা সুনিশ্চিত। কাজেই চাকররা সবাই একটা করে গভীর স্বস্তির শ্বাস ফেলল। তারপর, সবাই ড্রয়িং-রুমে এসে এলোপাথাড়ি হয়ে সোফার
উপর বসে পড়ল। তাদের এখনকার কর্তব্য, সাহেব কবে নাগাদ ফিরতে পারেন, তাই নিয়ে জরুরি সভায় মিলিত হওয়া।
প্রৌঢ় খানসামা প্রথমে শুরু করল, ‘সাব কয়টা কাপড় নিয়েছে?’ তার এই প্রশ্নের মধ্যে দার্শনিকতার স্পষ্ট আভাস।
‘বললেন, একটা স্যুটকেসে যয়টা কাপড় আঁটে, রেখে দে!’ উত্তর দিল বেয়ারা। ‘তবেই হয়েছে রে।’ ড্রাইভার তার নিজের অভিজ্ঞতার নির্যাস ব্যক্ত করে দিল, ‘মনে হচ্ছে, সায়েব এক হপ্তার মধ্যেই ফিরে আসছে।’
মসলা আর ধুলো-মাটি মাখা পা দুটো সোফার উপর তুলে দিল খানসামা। ড্রাইভারের মত সে সমর্থন করতে পারে না, এমনি একটা ভাব দেখিয়ে প্রশ্ন করল, ‘অন্যান্য বারে কয়টা কাপড় নিয়ে যান?’ তার এই প্রশ্নের অর্থ যেন এই যে, চট্ করে রায় না দিয়ে বরং আরও গবেষণা করা উচিত।
বেয়ারা বলল, ‘তার কোনো ঠিক-ঠিকানা নেই। কেন, মনে পড়ছে না, সেবার এক কাপড়ে গিয়েছিল এক রাত থাকব বলে, তারপর দুই মাস কাটিয়ে এল? সঙ্গে বিছানা ছিল না, কিচ্ছু ছিল না।’
খানসামা আবার তেমনি ভারিক্কি একটা রায় ছাড়ল, ‘আজকাল টাকা থাকলে আর বিছানা লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি যা হুকুম করবে, তাই পাবে। কী বলছ বিছানা আর কাপড়ের কথা! ছোঃ! টাকা থাকলে গোটা একটা বালাখানা পাওয়া যায় রেডিমেড বিবি সুদ্ধ।’
এ কথায় গাম্ভীর্যে খানিকটা আনন্দের আমেজ মিশ খেল। যে-যার রসবোধ অনুযায়ী হাসল। বেয়ারা বসে যোগদান দেওয়ার চেষ্টা করে বলল, ‘সেদিন আমি লুকিয়ে লুকিয়ে শুনছিলাম, সায়েবের দোস্ত সায়েবকে বলছিল, এবারে যখন ফিরবে, একটা বিবি সঙ্গে নিয়ে ফিরো।
‘তাহলেই হয়েছে।’ খানসামা কৃত্রিম আতঙ্ক প্রকাশ করে বলল, ‘সায়েব সত্যি সত্যি যদি বিবি নিয়ে ফেরে, তাহলে বুঝে নিও, আমি আর নেই, বাবা। সব ঘরে তালা পড়বে বুঝেছ? কোর্মা-পোলাও আর খেতে হবে না– তখন কেবল বাইরে বাইরে হাওয়া খেয়ে বেড়িও। আমার একটা রেকট আছে, বুঝলে? যে-ঘরেই চাকরি করতে গিয়েছি, আগে বলেছি, আমি কিচেন আর প্যান্ট্রি দেখব, তারপর কথা। তারপর কোনো আলমারিতে তালা দেখলেই বলে দিয়েছি, কাল থেকে কাজ করতে আসছি। কিন্তু আর আসতে হয়নি। ব্যস্, খতম। বুঝলে?’
