সে সময়ে স্যার ম্যালকন হ্যাঁলি গিলগিটের রুশ ও চীন সীমান্তের ব্রিটিশ পক্ষীয় পলিটিক্যাল এজেন্ট নিযুক্ত হন। একদিন লেডি হ্যাঁলি ও তার কন্যা মায়ের সঙ্গে দেখা করতে আসেন। তাদের পরনে ফ্রক ছিল। হাঁটু থেকে গোড়ালি খোলা। এই নির্লজ্জতা মা পছন্দ করলেন না। তিনি রেডি হ্যাঁলিকে বললেন, ‘তোমার জীবন তো যেভাবে হোক কেটেই গেছে। এখন মেয়েটার জীবনটা তার নষ্ট কর না।’ এ-কথা বলে তিনি মিস্ হ্যাঁলিকে তার কাছে রেখে দিলেন। তাকে রান্না, বাসন মাজা, কাপড় সেলাই করা সব শিখিয়ে তার বাপমায়ের কাছে পাঠিয়ে দিলেন।
যখন রুশ বিপ্লব শুরু হয়, তখন লর্ড কিসেজ গিলগিট সীমান্ত পরিদর্শনে আগমন করেন। তার সম্মানার্থে গভর্নরের পক্ষে থেকে এক ভোজসভার আয়োজন করা হয়। মা নিজের হাতে দশ-বারো রকমের খাবার তৈরি করেন। অত্যন্ত সুস্বাদু খাবার। খাওয়ার শেষে লর্ড কিসেজ তার বক্তৃতায় বলেন, ‘মিস্টার গভর্নর, যে খানসামা এই খাবার রান্না করেছে অনুগ্রহপূর্বক আপনি আমার তরফ থেকে তার হাত চুম্বন করুন।’
ভোজ শেষে আবদুল্লাহ্ সাহেব খুশি মনে বাড়ি ফিরে দেখলেন মা রান্নাঘরের এক কোণে একটা মাদুর পেতে বসে লবণ ও মরিচের চাটনি দিয়ে মকাই-এর রুটি খাচ্ছেন।
একজন গভর্নরের মতোই আবদুল্লাহ সাহেব মায়ের হাতে চুমু দিলেন এবং বললেন, ‘যদি লর্ড কিসেজ এই আদেশ দিতেন যে, তিনি স্বয়ং খানসামার হস্ত চুম্বন করবেন, তাহলে তুমি কী করতে?’
‘আমি?’ মা ভ্রুকুটি করে বললেন, ‘আমি তার গোঁফ হেচকা টানে ছিঁড়ে নিতাম। তারপর আপনি কী করতেন?’
‘আমি?’ আবদুল্লাহ সাহেব নাটকীয় ভঙিতে বললেন, ‘আমি সেই গোঁফ তুলো দিয়ে বেঁধে ভাইসরস-এর কাছে পাঠিয়ে দিতাম। তারপর পালিয়ে যেতাম তোমাকে নিয়ে। যেমন করে পালিয়ে এসেছি স্যার সৈয়দের কাছ থেকে।’
মা এ-সব কথা গ্রাহ্যও করতেন না। কিন্তু একবার, শুধু একবার তিনিও হিংসার আগুনে জ্বলেপুড়ে মরেছিলেন–যা মেয়েদের একমাত্র উত্তরাধিকার।
গিগিটের আইন সংক্রান্ত আদেশাবলিকে ‘গভর্নরি’ বলা হতো। এ-কথা যখন মায়ের কানে গেল, তখন তিনি আবদুল্লাহ্ সাহেবকে অভিযোগ করলেন :
‘রাজত্ব তো করছেন আপনি; কিন্তু লোকে ‘গভর্নরি’, ‘গভর্নরি’ বলে আমাকে খামোখা মাঝখানে টানাটানি করে কেন?’
আবদুল্লাহ্ সাহেব ছিলেন আলিগড়ের ছাত্র। রসিকতা করবার জন্য মেতে উঠলেন তিনি। সরস কণ্ঠে বললেন : ‘ভাগ্যবতী, এ গভর্নরি তোমার নাম নয়। গভর্নরি হল তোমার সতীনের নাম–যে সব সময় আমার পেছনে ধাওয়া করছে।’
রসিকতার চূড়ান্ত। আবদুল্লাহ্ সাহেব বুঝলেন, কথার সমাপ্তি হয়ে গেল এখানেই। কিন্তু মায়ের মনে দুঃখ দানা বেঁধে গেল। তিনি কথাটা নিয়ে মনে মনে ভাবতে লাগলেন।
কিছুদিন পর কাশ্মীরের মহারাজা প্রতাপ সিং মহারানীকে সঙ্গে নিয়ে গিলগিট বেড়াতে এলেন। মা তার মনের ব্যথা মহারানীকে শোনালেন। মহারানীও ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির। তিনি উদ্বেলিত কণ্ঠে বললেন : ‘হায়-হায়, আমার রাজ্যে এই অত্যাচার? আমি আজই মহারাজাকে বলব, তিনি আবদুল্লাহ্ সাহেবকে দেখে নেবেন।’
ব্যাপারটা যখন মহারাজার কানে গেল, তিনি আবদুল্লাহ সাহেবকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন। আবদুল্লাহ্ সাহেবও স্তম্ভিত হয়ে ভাবলেন এ কী বিপদ। কিন্তু ব্যাপারটা সম্বন্ধে যখন আরো খোঁজ নেয়া হল, তখন উভয়েই খুব করে হাসলেন। দু’জনেই বুদ্ধিমান। সুতরাং মহারাজা আদেশ দিলেন যে, এবার থেকে গিগিটের গভর্নরপত্নীকে ভবিষ্যতে ওজারত ও গভর্নরকে উজিরে ওজারত বলে সম্বোধন করা হবে। ১৯৪৭-এর স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত গিলগিটে এই সরকারি নির্দেশই প্রচলিত ছিল।
এই হুকুমনামা শুনে মহারানী মাকে ডেকে সুসংবাদ দিলেন যে, মহারাজ ‘গভর্নরি’কে দেশ থেকে বহিষ্কার করে দিয়েছেন।
মহারানীর কোনো সন্তান ছিল না। এজন্যে প্রায়ই তিনি মাকে দোয়া করতে বলতেন। মা নিজে অবশ্য বলতেন তাঁর মতো সৌভাগ্যশালী মা পৃথিবীতে কমই আছে। কিন্তু ধৈর্য, তুষ্টি এবং সব কিছু মেনে নেয়ার, সব কিছু সহ্য করার ক্ষমতা, চশমাজোড়া খুলে ফেলে যদি দেখা যেত তা হলে সেই সৌভাগ্যের পর্দার অন্তরালে কত দুঃখ, কত বিষাদ এবং কত আঘাত যে লুকানো ছিল তা প্রকট হয়ে ধরা পড়ত।
আল্লাহতালা মাকে তিনটি মেয়ে ও তিনটি ছেলে দান করেন। দুই মেয়ে বিয়ের কিছুকাল পরে একে-একে মারা যায়। বড় ছেলেও যৌবনের প্রারম্ভে বিলেতে গিয়ে মারা যায়।
মুখে অবশ্য বলতেন যে, আল্লাহ্র মাল, আল্লাহ্ নিয়ে গেছেন। কিন্তু তিনি কি একা-একা কোনো সময়ই লুকিয়ে তাদের কথা মনে করে অশ্রুপাত করতেন না? যখন আবদুল্লাহ্ সাহেব ইন্তেকাল করেন, তখন তার বয়স ছিল বাষট্টি বছর ও মায়ের বয়স পঞ্চান্ন বছর। আবদুল্লাহ সাহেব দড়ির খাটে রোজকার মতো বালিশে হেলান দিয়ে আধশোয়া অবস্থায় বিশ্রাম নিচ্ছিলেন। মা পায়ের কাছে বসে চাকু দিয়ে আখ কেটে-কেটে তাঁকে দিচ্ছিলেন। তখন বিকেল। আবদুল্লাহ্ সাহেব মজা করে আখ চুষছিলেন আর মেতে ছিলেন হাসি-তামাশায়। তারপর অকস্মাৎ তিনি গম্ভীর হয়ে মাকে বললেন, ‘হায় আল্লা, বিয়ের আগে মেলায় তুমি যে আমার কাছ থেকে এগারো পয়সা নিয়েছিলে, তা কি শোধ দেয়ার সময় এখনও হয়নি?’
