কখনো-কখনো মা স্মৃতিরোমন্থন করতে গিয়ে বলতেন, ‘সে-সময় তো আমার বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গিয়েছিল। যে-পথ দিয়ে আমি যেতাম সে পথের লোকজন আমাকে দেখে হতভম্ব হয়ে যেত এবং পরস্পর বলাবলি করত, ‘ঐ যে, খেয়াল বখৃশ জমিদারের মেয়ে যাচ্ছে। না জানি কোন ভাগ্যবান তাকে বিয়ে করবে।’
‘মা, আপনার নজরে এমন কোনো ভাগ্যবান ছিল না?’ আমরা কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করতাম।
‘আরে বাপ, তউবা, তউবা।’ মা হাত দিয়ে কান ঢাকতেন, ‘আমার নজরে কেউ কী করে থাকবে। তবে হ্যাঁ, আমার অন্তরে এই সামান্য আশাটুকু ছিল যে, যেন আমি এমন কাউকে পাই, যে কিছুটা লেখাপড়া জানে–তা হলেই খোদার অপার অনুগ্রহ মনে করব।’
সারাজীবন এই একটি আকাক্ষাই মায়ের মনে তার নিজের জন্য রক্ষিত ছিল; সে আকাক্ষা খোদা এমনভাবে পূর্ণ করলেন যে, সেই বছরেই আবদুল্লাহ সাহেবের সঙ্গে মায়ের বিয়ে হয়ে গেল।
সেকালে ওই অঞ্চলে আব্দুল্লাহ্ সাহেবের খুব নাম ছড়িয়ে পড়েছিল। তিনি ছিলেন এক সম্ভ্রান্ত ধনী পরিবারের একমাত্র সন্তান। কিন্তু পাঁচ-ছ বছর বয়সেই তিনি পিতৃহীন হয়ে পড়েন। অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে। বাপ মারা যাওয়ার পরই জানা গেল যে, তার সমস্ত পৈতৃক সম্পত্তি বন্ধক দেয়া আছে। সুতরাং আবদুল্লাহ সাহেব তার মাকে নিয়ে একটা কুঁড়েঘরে আশ্রয় নিলেন। ধন-সম্পদের এই পরিণতি দেখে তিনি এমন এক সম্পদ আহরণ করতে দৃঢ় সংকল্প হলেন, যা কোনো মহাজনের কাছে বন্ধক দেয়া সম্ভব নয়। তাই আবদুল্লাহ্ সাহেব মনপ্রাণ দিয়ে লেখাপড়া করতে লাগলেন। বৃত্তির পর বৃত্তি লাভ করে, দু বছরের পরীক্ষা এক বছরে পাস করে পাঞ্জাব ইউনিভার্সিটিতে ম্যাট্রিকুলেশনে প্রথম হলেন। সেকালে সম্ভবত এই প্রথমবার কোনো মুসলমান ছাত্র ইউনিভার্সিটির পরীক্ষায় রেকর্ড স্থাপন করে।
উড়তে-উড়তে এই খবর স্যার সৈয়দের কানে গিয়ে পৌঁছল। তিনি তখন আলিগড় কলেজ পত্তন করেছেন। তিনি তার একজন বিশিষ্ট কর্মচারীকে গ্রামে পাঠালেন এবং আব্দুল্লাহ্ সাহেবকে বৃত্তি দিয়ে নিয়ে এলেন আলিগড়ে। এখানে এসে আবদুল্লাহ্ সাহেব অসাধারণ কৃতিত্ব দেখিয়ে মাত্র উনিশ বছর বয়সে বিএ পাস করে সেখানেই ইংরেজি, আরবি, দর্শন ও অঙ্কের অধ্যাপক নিযুক্ত হলেন।
স্যার সৈয়দের কামনা ছিল মুসলমান যুবকরা অধিকতর সংখ্যায় উচ্চ রাজপদে অধিষ্ঠিত হোক। তাই তিনি আবদুল্লাহ সাহেবের জন্য বৃত্তি আদায় করে আইসিএস পরীক্ষা দেবার জন্য বিলেত যাবার বন্দোবস্ত করে দিলেন।
গত শতাব্দীর মুরুব্বিরা সাত সমুদ্র পারের যাত্রাকে খুব বিপজ্জনক মনে করতেন। সঙ্গত কারণে আবদুল্লাহ সাহেবের মা-ও তাকে নিষেধ করলেন বিলেত যেতে। আবদুল্লাহ্ সাহেবের ভাগ্য হল অপ্রসন্ন, তিনি বৃত্তি প্রত্যাখ্যান করলেন।
এ-কথা শুনে স্যার সৈয়দের রাগ এবং দুঃখ হল। তিনি অনেক করে বোঝালেন, ভয় দেখালেন, ধমক দিলেন; কিন্তু আবদুল্লাহ সাহেব না’ থেকে ‘হ্যাঁ’-তে এলেন না।
.
তুমি কি জাতীয় স্বার্থের চেয়ে তোমার বুড়ি মা’র কথাকে বড় মনে কর। স্যার সৈয়দ গর্জে উঠলেন।
‘জী হা।’ জবাব দিলেন আবদুল্লাহ সাহেব।
জবাব শুনে স্যার সৈয়দ রাগে আর সংযত রাখতে পারলেন না নিজেকে। কামরার দরজা বন্ধ করে প্রথমে তাকে চড় থাপ্পড় মারলেন। তারপর কলেজের চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে বললেন, এখন তুমি এমন জায়গায় গিয়ে মর, যেখান থেকে আমি আর তোমার নামও যেন শুনতে না-পাই।’
আবদুল্লাহ সাহেব যেমন সুবোধ ছেলে ছিলেন, তেমনি ছাত্র হিসেবেও ছিলেন প্রতিভাবান। ম্যাপে তিনি সবচেয়ে দূরে গিলগিট শহর দেখতে পেলেন। সুতরাং, নাক বরাবর চলে গিয়ে সেখানে হাজির হলেন এবং অল্পদিনের মধ্যেই সেখানে গভর্নর নিযুক্ত হলেন।
.
যে সময়ে মায়ের বিয়ের কথাবার্তা চলছিল, সে-সময়ে আবদুল্লাহ্ সাহেবও ছুটিতে বাড়ি এসেছিলেন। অদৃষ্টের লেখন ছিল, তাই তার সঙ্গেই বিয়ের বাগদান হয়ে গেল। এক মাস পর বিয়ের তারিখও ঠিক হল, যাতে আবদুল্লাহ সাহেব বউ নিয়ে গিলগিট যেতে পারেন।
বাগদানের পর একদিন মা তার সইদের সঙ্গে নিয়ে পাশের গায়ে এক মেলায় বেড়াতে গিয়েছিলেন। ঘটনাক্রমে কিংবা সম্ভবত জ্ঞাতসারে আবদুল্লাহ্ সাহেবও সেখানে গিয়ে উপস্থিত হলেন।
মায়ের সইরা তাঁকে ঘিরে ধরল। সবাই তাঁকে ঠাট্টা-বিদ্রূপ করে পাঁচ টাকা করে আদায় করল। আবদুল্লাহ্ সাহেব মাকেও অনেক টাকা দিতে চাইলেন, কিন্তু তিনি নিলেন না। যখন খুব অনুরোধ করা হল, তখন নিরুপায় হয়ে মা এগারো পয়সার ফরমাশ করলেন।
‘এত বড় মেলায় এগারো পয়সা দিয়ে কী করবে?’ আবদুল্লাহ্ সাহেব জিজ্ঞেস করলেন।
‘আগামী বৃহস্পতিবারে আপনার নামে মসজিদে তেল পাঠাব।’ মা জবাব দিলেন।
জীবনের মেলায়ও আবদুল্লাহ সাহেবের সঙ্গে মায়ের লেনদেন মাত্র বৃহস্পতিবারের এগারো পয়সার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তার চেয়ে বেশি পয়সা তিনি কোনোদিন চাননি এবং নিজের কাছে রাখেননি।
গিলগিটে আবদুল্লাহ সাহেবের খুব শান-শওকত ছিল। সুন্দর সাজানো বাংলো, প্রশস্ত বাগান, চাকর-বাকর, দরজায় প্রহরী। যখন আবদুল্লাহ্ সাহেব বাইরে টুরে যেতেন বা ফিরে আসতেন, তখন সাতটা তোপধ্বনি করে তাঁকে অভিনন্দন জানানো হত। এমনিতেও গিলগিটের গভর্নর হিসেবে সামাজিক মর্যাদা ও রাজনৈতিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি কিন্তু মায়ের ওপর এসব ক্ষমতা ও পূর্বের কণামাত্রও প্রভাব পড়েনি। কোনো প্রকারের ছোট-বড় পরিবেশও তাঁকে প্রভাবিত করতে পারত না। বরং মায়ের সরলতা ও আত্মনির্ভরশীলতা প্রত্যেক পরিবেশকেই গাম্ভীর্যমণ্ডিত করে তুলত।
