পথ চলতে কায়িক পরিশ্রম করে পেট চালাতেন। পথে যেতে-যেতে নানাজি এখানে ওখানে কুলির কাজ করতেন কিংবা কারো কাঠ কেটে দিতেন। নানি আর মা কারো সুতো কেটে দিতেন অথবা বাড়ির উঠান, ঘরের দেয়াল লেপে দিতেন। লায়ালপুরের সোজা পথ কারো জানা ছিল না। তাই ঘুরে-ফিরে জিজ্ঞাসাবাদ করে দিনের পথ সপ্তায় অতিক্রম করে চললেন তারা। অবশেষে দেড়-দু’মাস চলার পর তারা জিরানওয়ালায় পৌঁছলেন। একে পায়ে হেঁটে চলা, তার ওপর দৈহিক পরিশ্রম সব মিলে সকলেরই শরীর নিস্তেজ হয়ে গিয়েছিল। পা ফুলে উঠেছিল কারো-কারো। ফলে কয়েক মাস তারা এখানে থাকলেন। নানাজি সারাদিন শস্যের গুদামে বস্তা বইতেন, নানি চরকায় সুতো কেটে বিক্রি করতেন। আর মা চালাতেন সংসার–যে সংসার একটা ছোট কুঁড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল তখন।
বকরা ঈদের উৎসব এল। নানাজির কাছে টাকা জমেছিল কিছু। তিনি মাকে তা থেকে তিন আনা পয়সা দিলেন। ঈদের উপহার। জীবনে মা এই প্রথম হাতে এত পয়সা পেলেন; অনেক ভাবলেন তিনি। কিন্তু এই পয়সা খরচ করার কোনো উপায় বের করতে পারলেন না। দিনে এক-আধটা রুটিনুন-লঙ্কার চাটনি দিয়ে খাবার ব্যবস্থা থাকলে অতিরিক্ত পয়সার আর দরকার কী? এই প্রশ্নের জবাব সারা জীবনেও মা খুঁজে পাননি। মৃত্যুকালে তার বয়স আশি বছরেরও বেশি হয়েছিল। কিন্তু তখনো একশ’ টাকা, দশ টাকা এবং পাঁচ টাকার নোট তিনি ঠিক চিনে উঠতে পারতেন না।
ঈদ উপলক্ষে পাওয়া তিন আনা পয়সা কয়েকদিন পর্যন্ত মায়ের ওড়নার কোণায় বাধা রইল। যেদিন জিরানওয়ালা থেকে বিদায় হলেন সেদিন মা এগারো পয়সার তেল কিনে মসজিদের চেরাগে ঢেলে দিয়ে এলেন। বাকি পয়সাটা রাখলেন নিজের কাছে। এরপর যখনই তাঁর কাছে পুরো এগারো পয়সা হত অমনি তিনি তেল কিনে পাঠিয়ে দিতেন মসজিদে। জীবনভর তিনি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই নিয়ম পালন করে গেছেন। ক্রমে অনেক মসজিদে বৈদ্যুতিক আলো এল। কিন্তু লাহোর ও করাচির মতো শহরেও কোনো কোনো মসজিদের তেলের প্রদীপ জ্বলত সেকথা জানা ছিল তাঁর। মৃত্যুর রাতেও তার শিয়রে মলমলের রুমালে বাঁধা ছিল কয়েক আনা পয়সা! সম্ভবত এগুলোও তিনি কোনো মসজিদে তেল দেয়ার জন্য রেখেছিলেন। যেহেতু সে রাতও বৃহস্পতিবারের রাত ছিল।
এই কয়েক আনা ছাড়া মায়ের কাছে আর কোনো টাকা-পয়সা বা গয়না ছিল না। সংসারের আসবাবপত্রের মধ্যে যা ছিল তা অতি সামান্য। তিন জোড়া সুতি কাপড়, এক জোড়া দেশি জুতো, এক জোড়া রবারের চপ্পল, একটা চশমা, একটা আংটি–তাতে তিনটে ছোট-ছোট ফিরোজা বসানো, একটা জায়নামাজ, একটা তসবিহ আর বাকি আল্লাহ্ আল্লাহ্।
তিন জোড়া পরিধেয় তিনি বিশেষ যত্নের সঙ্গে রাখতেন সব সময়। এক জোড়া তিনি পরতেন, দ্বিতীয় জোড়া ধুয়ে বালিশের নিচে ভাজ করে রাখতেন, যাতে চাপ খেয়ে ইস্তিরি হয়ে যায়। তৃতীয় জোড়া ধোয়ার জন্য তৈরি থাকত। যদি চতুর্থ জোড়া তার কাছে আসত কখনো–তিনি সেটা গোপনে কাউকে দিয়ে দিতেন। তাই সারাজীবনে তাঁর স্যুটকেসের কোনো প্রয়োজন হয়নি। যত দূরের যাত্রা হোক-না কেন, তার তৈরি হতে কয়েক মিনিটের বেশি সময় লাগত না! কাপড় পুটুলি করে জায়নামাজ দিয়ে পেঁচিয়ে রওনা হয়ে যেতেন। শীতে গরম চাদর আর গ্রীষ্মে মলমলের পাতলা ওড়না–এই নিয়েই যেখানে খুশি যেতেন তিনি। জীবনের শেষ যাত্রাও তিনি সাদাসিদেভাবেই সম্পন্ন করেছেন। ময়লা কাপড় নিজহাতে ধুয়ে বালিশের নিচে রেখেছেন তিনি, নেয়ে-ধুয়ে চুল শুকিয়েছেন এবং কয়েক মিনিটের মধ্যেই জীবনের সবচেয়ে শেষ ও সবচেয়ে লম্বা সফরে রওনা হয়ে গেছেন। যেমন নীরবতার সঙ্গে এই দুনিয়ায় বাস করতেন তেমনি নীরবেই তিনি পরপারে রওনা হয়েছেন। সম্ভবত এজন্যেই তিনি প্রায়ই প্রার্থনা করতেন, ‘আল্লা, হাত-পা সচল থাকতে উঠিয়ে নিও। আন্না, কখনো কারো মুখাপেক্ষী আমায় করো না।’
খাওয়া-দাওয়ার ব্যাপারে তিনি কাপড়-চোপড়ের চেয়েও সরল ও নিরাসক্ত ছিলেন। তার সর্বাপেক্ষা প্রিয় খাদ্য ছিল মকাই-এর রুটি ও ধনে বা পুদিনার চাটনি। আর সব খাবারও আনন্দের সঙ্গে খেতেন; প্রায় প্রতি গ্রাসেই তিনি আল্লার শুকরিয়া আদায় করতেন। কেউ ফল খাওয়ানোর জন্য খুব জেদ করলে, তিনি কোনো-কোনো সময় কলার কথা বলতেন। তবে নাশতার সময় দু’পেয়ালা চা এবং বিকেলবেলা এক পেয়ালা লাল চা তার চাই। একবার মাত্র খাবার খেতেন তিনি–তা-ও বেশিরভাগ দুপুরবেলা– রাতের বেলা প্রায় খেতেনই না। গরমের দিনে সাধারণত মাখন-তোলা দুধের হাল্কা লোনা লাচ্ছির সঙ্গে এক-আধটা চাপাতি তার প্রিয় খাদ্য ছিল। কাউকে আগ্রহের সঙ্গে কোনো কিছু খেতে দেখলে খুব খুশি হতেন তিনি। সব সময় দোয়া করতেন। সকলের ভালো হোক–সকলের পরে আমারো ভালো হোক। নিজের জন্য বা নিজের সন্তানের জন্য তিনি সোজাসুজি কোনো প্রার্থনা করতেন না। প্রথমে অপরের জন্য দোয়া করতেন, তারপর খোদার সৃষ্ট জীবসমূহের সুখ-সমৃদ্ধি কামনার মাধ্যমে নিজ সন্তান বা আত্মীয়-স্বজনের মঙ্গল কামনা করতেন। নিজ পুত্র-কন্যাদের তিনি, কখনো আমার ছেলে’ বা ‘আমার মেয়ে’ বলতেন না–সব সময় তাদের বলতেন আল্লাহর দান।
