আম্বালা-ক্যাম্পে থাকার সময় একেবারে স্টেশনের কাছেই ছিল তার বাসা। কিন্তু রেললাইন, ইঞ্জিন কিংবা ট্রেনের বগি দেখে কখনও এসব ভাবনা তার মনে জাগেনি।
সুলতানা এখন মনে করে, এসব কথা ভাবা আর মাথাটাকে খারাপ করে ফেলা একই কথা। তাই, এর থেকে মুক্তি পাওয়ার জন্যই এখন আর সুলতানা বারান্দায় দাঁড়ায় না। খোদাবখ্শকে সে কয়েকবারই বলেছে, ‘দ্যাখো, আমার ওপর একটু দয়া করো। দিনের বেলায় বাসায় থেকো। রুগীর মতো আর কতক্ষণই-বা একা একা পড়ে থাকি, বলো!’
কিন্তু নানা টালবাহানা করে সুলতানার প্রস্তাব এড়িয়ে গেছে খোদাবখ্শ। সে বলেছে, ‘বাইরে কিছু টাকাপয়সা রোজগারের ধান্দায় সারাদিন ঘুরছি। আল্লা চাহেন তো খুব শিগগিরই একটা হিল্লে লেগে যাবে, দেখো।’
পুরো পাঁচটি মাস গত হয়েছে। এ পর্যন্ত কারুরই হিল্লে লাগেনি– না সুলতানার, না খোদাবখ্শের।
মহরমের মাস এল বলে। কিন্তু কালো কাপড় কেনার মতো পয়সার একান্তই অভাব। মোখতার লেডি-হেমিল্টনের নতুন ডিজাইনের একটা কোর্তা বানিয়েছে। আস্তিন তার কালো জর্জেটের। তারই সঙ্গে খাপ-খাওয়ানোর মতো কালো সাটিনের শালওয়ারও রয়েছে তার কাছে। শালওয়ারখানা কালো কাজলের মতো চিক্মিক্ করে। আনওয়ারি কিনেছে রেশমি জর্জেটের বিরাট একটা সুন্দর ঝকঝকে কালো শাড়ি। সে বলেছে, শাড়ির নিচে পরবে ধপধপে সাদা পেটিকোট। এটা নাকি নতুন ফ্যাশান। এইসঙ্গে আনওয়ারি এনেছে কালো মখমলের একজোড়া নরম জুতো। এতকিছু দেখে সুলতানার মনে বিষাদের ক্লান্তি নেমেছে। মহরম উদযাপনের জন্য এত হরেকরকমের পোশাক খরিদ করার দুঃসাহস পোষণ করতেই পারে না সে।
আনওয়ারি আর মোখতারের কাছে এতসব পোশাকের সমারোহ দেখে বাসায় ফিরে সুলতানা ভাবতে বসে। মনে হয় যেন হৃৎপিণ্ডের মধ্যে ফোঁড়া গজিয়েছে একটা।
সারাটা বাসা আগের মতোই তেমনি নীরব। খোদাবখ্শও অভ্যেসমতো অনুপস্থিত। অনেকক্ষণ অবধি কোলবালিশটা মাথার নিচে দিয়ে শতরঞ্চির উপর সে শুয়ে ছিল। এমনি অনেকক্ষণ একইভাবে শুয়ে থাকায় ঘাড়ে যখন ব্যথা ধরল, তখন আস্তে আস্তে উঠে এসে বারান্দায় দাঁড়াল।
সামনে রেললাইনের উপর শূন্য বগিগুলো বোকার মতো দাঁড়িয়ে। একটাও ইঞ্জিন নেই। সন্ধে হয়-হয়। রাস্তায় একটু আগে পানি ছড়িয়ে গেছে। তাই ধুলো-ধোঁয়ার স্বল্পতা। রাস্তা দিয়ে যারা চলছে, তাদের অনেকেই এখন কাজকর্ম শেষ করে বাড়িমুখো। কিন্তু ওদেরই একজন হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে সুলতানার দিকে ঘাড় উঁচু করে তাকাল। সুলতানা অভ্যেসমতো একবার ব্যবসায়ী-হাসির একটু আমেজ বুলিয়ে নিল ঠোঁটের কোনায়। তার পরই অন্যমনস্ক হয়ে গেল। কারণ, সামনের লাইনে ততক্ষণে ইঞ্জিন এসে গেছে একটা। নিষ্পলক দৃষ্টিতে সে চেয়ে থাকে ইঞ্জিনটার দিকে। চিন্তা করে, ইঞ্জিনটাও কালো পোশাক পরে রয়েছে। মাথাটা ঝিমঝিম করে ওঠে। সাত-পাঁচ ভাবনার জঞ্জাল থেকে মুক্তি পাওয়ার জন্য সে আবার রাস্তার দিকে দৃষ্টি দিল। লোকটাকে তখনও দাঁড়িয়ে থাকতে দেখে ওর মনে আশার আলো জ্বলে উঠল। লোকটি প্রলুব্ধ দৃষ্টিতে তার পানে তাকিয়ে রয়েছে। হাতের ইশারায় তাকে ডাক দিল সুলতানা। লোকটা এদিক-ওদিক একবার সতর্ক দৃষ্টি মেলে নরম করে বলল, ‘কোন্ দিক দিয়ে আসব?’
সুলতানা তাকে রাস্তা বাতলে দিল। একটু ইতস্তত করল সে। কিন্তু সঙ্গে সঙ্গেই চটপট করে এল উপরে।
শতরঞ্চির উপর তাকে বসতে বলল সুলতানা। বসে পড়ার পর কথাবলার সুযোগ সৃষ্টির উদ্দেশ্যেই সুলতানা বলল, ‘কেন, আসতে ভয় করছিল নাকি নাগরের?
লোকটা হাসল। তার পর বলল, ‘তুমি কেমন করে বুঝলে? কই, না তো, ভয় করবে কেন?’
‘আমার তো তাই মনে হল। অনেক ভেবেচিন্তে তবে যেন উপরে এলে!’
ভুল বুঝেছ। তা না। আমি দেখছিলাম অন্যকিছু। দেখছিলাম, একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা লোককে কলা দেখাচ্ছে। দৃশ্যটা আমার বেশ ভালোই লাগছিল। একটু পরে বারান্দায় একটা সবুজ বাল্ব জ্বলে উঠল। কিছুক্ষণ দাঁড়িয়ে তাই দেখলাম। সবুজ আলো আমার খুব ভালো লাগে।’
চারপাশে নজর বুলিয়ে লোকটা খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখছিল। তার পর, উঠে দাঁড়াল হঠাৎ।
সুলতানা জিগ্যেস করল, ‘যাচ্ছ নাকি?’
‘না। তোমার বাসাটা একটু দেখতে চাই। চলো তোমার কামরাগুলো আমাকে দেখিয়ে আনবে।’
সুলতানা ঘুরে ঘুরে তিনটি কামরায়ই দেখাল লোকটাকে। লোকটি চুপচাপ খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখে আগের কামরায় আবার ফিরে এল। তার পর হঠাৎ করেই ঘোষণা করল, ‘আমার নাম শঙ্কর।‘
সুলতানা এই প্রথম ভালো করে শঙ্করের দিকে তাকাল। ওর হাবভাব কেমন যেন অদ্ভুত। মাঝারি গোছের শরীরখানা। মুখের আদল সাধারণ। কিন্তু অস্বাভাবিক উজ্জ্বল চোখদুটি। মাঝে মাঝে যেন অতিরিক্তরকম আলো ঠিকরে পড়ছে সে-চোখ থেকে। শক্ত-সমর্থ স্বাস্থ্যবান শরীর। কানের কাছে দু-চারটি চুলে পাক ধরেছে। পরনে ছাইরঙের গরম প্যান্ট। সাদা শার্ট। শার্টের কলার উপর দিকে উঠিয়ে রাখা।
শতরঞ্চির উপর বসে থাকার মধ্যে এমন একটা নিশ্চয়তা, যেন শঙ্করের বদলে সুলতানাই তার খদ্দের। ব্যবসায়ী দৃষ্টিভঙ্গি থেকে এটা ক্ষতিকর মনে করে সুলতানা ভাবিত হয়ে উঠল। তাই শঙ্করকে সে বলল, ‘বলো, এখন কী করতে হবে?’
