অন্য কামরায় খোদাবখ্শ ফোটোগ্রাফির যন্ত্রপাতি ঠিক করছিল। একটা পরিষ্কার বোতলে রাখতে যাচ্ছিল হায়ড্রো কুইনিয়ন। এমন সময় সুলতানার চিৎকার শুনে সে ছুটে এল। বাইরে থেকে তাকে শুধোল, ‘বলি হল কী? তুমিই চ্যাঁচাচ্ছ নাকি?’
সুলতানার বুক তখনও ভয়ে দুরুদুরু কাঁপছে। বলল, ‘এটা কি ছাই পায়খানা, না অন্যকিছু? রেলগাড়ির শেকলের মতো এটা আবার কী ঝুলিয়ে রেখেছে? মাজায় ব্যথা, তাই ভাবলাম, এটা ধরেই উঠব। ও মা, উঠব কী, টান পড়তেই সে কী মহা হইচই!’
কাণ্ড দেখে খোদাবখ্শের হাসি যেন থামতেই চায় না। শেষে এখানকার পায়খানার সব রহস্যই উদ্ঘাটিত করে দিয়েছিল সুলতানার কাছে। বলেছিল, ‘শেকলটা আর কিছু না, শুধু ময়লা পরিষ্কার করার জন্যে।’
খোদাবখ্শ আর সুলতানার মধ্যে পরিচয় হওয়ার ব্যাপারটা বেশ একটু লম্বাচওড়া।
খোদাবখ্শের বাড়ি রাওয়ালপিন্ডি। এন্ট্রান্স পাস করার পর সে লরি চালানো শেখে। চার বছর অবধি লরি চালায় রাওয়ালপিন্ডি থেকে কাশ্মির সীমান্তের মধ্যে। কাশ্মিরে আলাপ হয় একটি মেয়ের সঙ্গে। মেয়েটিকে ইলোপ করে সে লাহোর নিয়ে আসে। লাহোরে কোনও কাজকামের খোঁজ না-পাওয়ায় মেয়েটিকে দেহব্যবসায় বসিয়ে দেয় সে। দু-তিন বছর এমনি করে কেটে যায়।
হঠাৎ একদিন মেয়েটি পালিয়ে যায় আর-একজনের সঙ্গে। খোদাবখ্শ টের পায়, সে এখন আম্বালায়। তারই খোঁজে আম্বালা এসে খোদাবখ্শ পেল আর-একটি মেয়ের সন্ধান। সে-ই এই সুলতানা। সুলতানার ভালো লাগল খোদাবখ্শকে। তাই তার সঙ্গে একটা সম্পর্কও গড়ে উঠল অনায়াসেই।
সুলতানার ব্যবসা বেশ জমে উঠল। খোদাবখ্শই যেন এর জন্য দায়ী। মেয়ে মাত্রই একটু সহজবিশ্বাসী। তাই, সুলতানা ভাবতে পারল, খোদাবখ্শ বড় সুলক্ষুনে। খোদাবখ্শ তার কাছে এসেছে বলেই তার আজ এত উন্নতি। তাই ওকে খুব সম্মানের চোখেই দেখতে লাগল সে।
খোদাবখ্শ লোকটাও পরিশ্রমী। বসে খাওয়া তার ধাতে সয় না। তাই একটা ফোটোগ্রাফারের সঙ্গে সে আলাপ করে নেয়। রেলস্টেশনের বাইরে বসে লোকটা মিনিট ক্যামেরায় ফোটো তুলত। তারই কাছে ফোটো তোলা শিখছে খোদাবখ্শ। সুলতানার কাছ থেকে ষাটটা টাকা নিয়ে একটা ক্যামেরাও কিনেছে। তার পর, জোগাড় করেছে একটা পর্দা, দুটো চেয়ার আর ছবি ধোয়ার সব জিনিসপত্তর।
কাজ ভালোই চলছিল। শেষে একদিন আম্বালা ফৌজি ক্যাম্পের ধারে তার দোকান উঠে এল। এখানে ছবি তুলত গোরারা। মাসখানেকের মধ্যেই অনেক কয়জনা গোরার সঙ্গেই তার আলাপ জমে উঠল। তাই সুলতানাকে সে নিয়ে এল সেখানে। খোদাবখশের মাধ্যমেই জনকয়েক গোরা নিয়মিত খদ্দের বনে গেল সুলতানার। তার আয়টাও আগের চাইতে বেড়ে গেল দ্বিগুণ।
কানের দুল আর সাড়ে পাঁচ তোলা ওজনের আটটা কাঁকন বানাল সুলতানা। দশ-পনেরোটা ভালো ভালো শাড়ি, ঘর-সাজানোর মতো ফার্নিচার– তা-ও এল। মোটকথা, আম্বালা ক্যাম্পের ওখানে আরাম-আয়াসের কোনওরকম ত্রুটিই ছিল না।
কিন্তু হঠাৎ করে খোদাবখ্শের মাথায় কী দুর্বুদ্ধি গজাল, দিল্লি আসতে চাইল সে। সুলতানাই-বা আপত্তি করে কেমন করে। খোদাবখ্শই যে তার জীবনের সকল উন্নতির মূলকথা। তাই সে খুশিমনেই রাজি হল দিল্লি আসতে। বরং সে ভাবল, এত বড় শহর– যেখানে কি না লাট সাহেবের বাস সেখানে ব্যবসা নিশ্চয় আরও ভালো জমবে। সখীদের মুখেও দিল্লির খুব প্রশংসা শুনেছে সে। তাছাড়া, দিল্লিতে নেজামুদ্দিন আউলিয়ার দরগা-শরিফ, মনে-মনে যাঁর প্রতি তার অগাধ শ্রদ্ধা। তাই ভারী জিনিসপত্তর বিক্রি করে দিয়ে খোদাবখ্শের সঙ্গে সুলতানা দিল্লি চলে এল।
দিল্লি এসে একটা ছোটমতো ফ্ল্যাট নিল বিশ টাকা ভাড়ায়। ওরা দুজনেই এখন এই ফ্ল্যাটের বাসিন্দা।
একই ধরনের অনেক বাড়ির লম্বা একটা সারি রাস্তার ঘুরপাকের সঙ্গে তাল রেখে এঁকেবেঁকে এগিয়ে গেছে। মিউনিসিপ্যাল কমিটি বিশেষভাবে বেশ্যাদের জন্যই তৈরি করে দিয়েছে এগুলো। যেন শহরের যেখানে-সেখানে বিক্ষিপ্তভাবে এই নোংরামি প্রশ্রয় না পায়। নিচের তলায় দোকান, উপরে বাসোপযোগী ফ্ল্যাট।
সবগুলোরই ডিজাইন যেহেতু একইরকমের, তাই গোড়ার দিকে নিজের ফ্ল্যাটখানা খুঁজে বের করতে হিমশিম খেতে হয়েছে সুলতানাকে। কিন্তু লভিটায় নতুন সাইনবোর্ড লাগার পর থেকে নিজের ফ্ল্যাট খুঁজে বের করার একটা উপায় হয়েছে। ‘এখানে ময়লা কাপড় ধোলাই করা হয়’–এই সাইনবোর্ডখানা পড়ে তবে সুলতানা নিজের ফ্ল্যাট খুঁজে বের করে।
ফ্ল্যাট খুঁজে বের করার এমনি আরও অনেক চিহ্ন পাওয়া গেছে, যেমন বড় বড় হরফে লেখা– ‘কয়লার দোকান’, আর এখানেই থাকে তার অন্যতম সখী হিরাবাঈ। হিরাবাঈ মাঝে মাঝে রেডিওতে গান গায়। যেখানটায় লেখা রয়েছে, ‘এখানে ভদ্রমহোদয়গণের উৎকৃষ্ট থাকা খাওয়ার ব্যবস্থা রহিয়াছে’– সেখানে থাকে তার অন্য সখী মুক্তা। ফিতার কারখানার উপরতলায় থাকে আনওয়ারি। এই কারখানারই মালিক শেঠজির সে ঝি। রাত্রে কারখানাটার ওপর নজর রাখতে হয় বলে শেঠজি আনওয়ারির কাছেই রাত্রিবাসের একটা ব্যবস্থা করে নিয়েছেন।
এক মাস কেটে যাওয়ার পরেও যখন খদ্দের জোটে না, সুলতানা তখন নানা কথা বুঝিয়ে মনকে সান্ত্বনা দেয়। ভাবে, দোকান খোলার সঙ্গে সঙ্গেই কি আর খদ্দের জোটে! একটু সময় লাগবে বইকি। কিন্তু দেখতে দেখতে আরও এক মাস পেরিয়ে গেল। সুলতানার মনে তখন সংশয়ের কুজ্বটিকা।
