নৈনিতাল আসার প্রাক্কালে আমি অনেক বছরের পুরনো কীটে-খাওয়া বইগুলো খুললাম এবং শেলি, কিট্স, ওয়ার্ডসওয়ার্থ, বায়রন এবং ফেলোর কবিতাগুলো জিওমিট্রির মতো মুখস্থ করলাম। প্রেমের ব্যাপারে কোন কবিতার কখন প্রয়োজন হয় তা স্মৃতিপটে সংরক্ষিত রাখাও কষ্টসাধ্য ব্যাপার, না হয় প্রেমের সব স্বাদই যে বিগড়ে যাবে। আজ অন্ধকার রাতের দীর্ঘ ভ্রমণে মধুমতীর মন-মেজাজের পরিবর্তন দেখে সব কবির কবিতা থেকে এক-একটা করে কবিতা পড়লাম– পড়লাম নয়, যেন একত্রিত করলাম। মানুষ যখন এক-একটা সংখ্যাকে নিয়ে একত্রিত করে তখন মনের ভেতর তার একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সব সংখ্যা একত্রিত হয়ে তার একটা শেষ ফলও সংকলিত হয়। তা আমিও যখন এত কবিতার সমাবেশ করলাম তার একটা প্রতিক্রিয়া কেন হবে না! তার একটা শেষ ফল নিশ্চয়ই দেখা দেবে।
কবিতা একত্রিত করার প্রতিক্রিয়া, না লালা বিহারীলালের সুবিস্তৃত চিঠির প্রতিক্রিয়া তা আমি জানি না। তবে এটা ঠিক যে, আজ মধুমতীর অহঙ্কার, অভিমান এবং তার মন-মেজাজ মধুর মতো গলে অতিমাত্রায় তরল হয়ে গেছে। সে বারবার দীর্ঘনিশ্বাস নিচ্ছে, চলার সময় থেমে থেমে আমার কাঁধে হাত রাখছে এবং চলতে চলতে অকস্মাৎ যেন চমকে চমকে উঠছে। তখন আমার মনে হত দেয়ালের অস্পষ্ট ছড়িয়ে থাকা অন্ধকার ছায়ার মধ্যে কে যেন আমার পিছু নিয়েছে। মনে হত বুঝি অন্ধকার ছায়ার ভেতর সে অশ্রুসিক্ত দুটো চোখ আমাকে অনুসরণ করছে এবং শ্যামল লাজনম্র চেহারার কেউ আমার কাছে কোনো অভিযোগ করছে।
চলতে চলতে আমি দু-তিনবার মাথাটা ঝাড়া দিলাম। সে ছায়া আমার মন থেকে দূর করতেই হবে– যাকে আমি দূর করে দিয়েছি। এখন আমার দৃষ্টি এ ছায়ার প্রতিই নিবিষ্ট– যে ছায়ার সাথে আমার ছায়া গ্রথিত হতে পারে।
আমাদের দীর্ঘ ভ্রমণের সময় মধুমতী অনুভব করল যে, সে আসলে আমাকে পছন্দ করে। প্রথমবার সে আমাকে এমন দৃষ্টিতে দেখল, যেন কোনো সুন্দরী যুবতী তার আঙুলের হীরার আংটি গভীর দৃষ্টি দিয়ে দেখছে। আমার ওজন কতদূর আছে সে পরিমাণ করে নিয়েছে তার গভীর দৃষ্টি দিয়ে, তার নতুন দৃষ্টি দিয়ে।
এরপরই সে আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হল যে, সে কালকেই আমার সাথে একা ‘চায়নাপিকে’ যাবে।
কাল অতি প্রত্যূষেই তার বাংলোতে পৌঁছতে হবে। সে একটা ঘোড়া এবং সহিসও ঠিক করে রাখবে।
‘রাস্তার যদি আমরা পরিশ্রান্ত হয়ে পড়ি তাই ঘোড়ার প্রয়োজন হতে পারে। না হয় আমরা তো হেঁটেই যাব।’ সে আমাকে বলল এবং আমার হাতে জোরে একটা চাপ দিল। সে রাতেই আমি বাবার কাছে একখানা চিঠি লিখলাম। শুধু তিনটা অক্ষরই তাতে লিখেছিলাম,– ‘Q. E. I’
পৃথিবীতে যদি অঙ্কই সব হয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস বাবা এ চিঠিখানা পেয়ে খুব খুশি হবেন।
৩
দ্বিতীয়দিন তার মুড বড় খারাপ ছিল। তাকে চিন্তান্বিত চেহারায় দেখলাম।
‘আমি আজ তোমার সাথে ‘চায়নাপিকে’ যেতে পারব না।’
‘কেন?’
‘এবং তুমিও যেতে পারবে না।’ সে আমাকে আদেশ করল।
‘কেন!’ আমি পুনরুক্তি করলাম।
কিছুক্ষণ পর জানলাম মধুমতীর এলসেসিয়ান কুকুর বড় মারাত্মকভাবে জখম হয়েছে। সকালে আয়া তাকে ভ্রমণ করাতে নিয়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটিয়েছে। পাহাড়ি রাস্তা থেকে পা ফসকে পড়ে গিয়েছিল। তার পেছনের হাঁটুর একটা হাড় ভেঙে গেছে। মধুমতী তাকে বারবার আদর করতে থাকল। কিন্তু কুকুর শেষ পর্যন্ত কুকুরই। প্রভুভক্তির পরও শরীর বলতে একটা জিনিস তার আছে। সে শরীরে যদি শক্ত ব্যথা পায়, তখন আদর-সোহাগ দেখানো কুকুরও শেষ পর্যন্ত আদর দেখানোর পরিবর্তে দংশন করতে দৌড়ে আসে।
‘তুমি তাকে ঘোড়ায় উঠিয়ে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও এবং ডাক্তারকে বল তাড়াতাড়ি তার চিকিৎসা করতে।’
নৈনিতালে পশু চিকিৎসালয় কোথায় তা তো আমি জানি না!’ নিজের অজ্ঞতা প্রকাশ করলাম।
‘আরে পশু চিকিৎসালয়ে কে যেতে বলছে তোমাকে। নৈনিতাল হাসপাতালে যাও। মানুষের হাসপাতাল।’
‘ডাক্তার তার চিকিৎসা করতে যদি অস্বীকার করে?’
‘কী করে অস্বীকার করবে?’ সে গর্জন করে উঠল, ‘এ হাসপাতাল আমার বাবা প্রতিষ্ঠা করেছে, তুমি যাও। আমি এক্ষুনি ডাক্তারকে ফোনে বলছি।
যে ঘোড়ায় করে মধুমতী আমার সাথে ‘চায়নাপিকে’ যাবার কথা ছিল, সে ঘোড়ার পিঠে এখন আমি তার কুকুরকে তুলে নিলাম। নিজেও একটায় উঠে বসলাম। হাসপাতালের বাইরে বাহকরা কুকুরকে রাখল এবং আমি হাসপাতালের ভেতরে প্রবেশ করলাম।
ত্রিকোণ বিশিষ্ট এক বারান্দার মধ্যে একটা লম্বা করিডোর। খানকতক টুলে বিমর্ষ রুগী এবং তাদের সাথি– কেউ-বা রুগীর আত্মীয়, কেউ-বা বন্ধুবান্ধব– বড় অস্থির, বড় অধৈর্যচিত্তে হাসপাতাল খোলার অপেক্ষায় বসে আছে।
‘এখানে অর্ধেক সময় বাকি আছে।’ একজন আর্দালি আমাকে বলল।
‘বড় ডাক্তার কি এখানে নেই?’ সামনের ময়লাযুক্ত দেয়ালের দিকে মালিকসুলভ দৃষ্টি নিক্ষেপ করে আমি জিগ্যেস করলাম। তখন আমার গলার স্বর স্বভাবতই চড়া ছিল। তা এ হাসপাতালের প্রতিষ্ঠাতা যখন মধুমতীর বাবা অর্থাৎ আমার ভাবী শ্বশুর।
আর্দালি আমার গলার স্বর শুনে চমকে উঠল এবং তৎক্ষণাৎ তার বলার ধরন পরিবর্তন করে ঝুঁকে নম্রভাবে বলল– ‘বড় ডাক্তার সাহেব তাঁর কামরায় আছে।’
