গাড়িটা থেমে যাওয়াতে মতি ড্রাইভার খুবই অবাক হলো, দাঁতে দাঁত ঘষে চাপা গলায় একটা গালি দিয়ে বলল, “আরে, একি মুসিবত! মাত্র সার্ভিসিং করছি, ধোলাইখাল থেকে রিকন্ডিশন ইঞ্জিন ফিট করছি, এখন রাস্তার মাঝে গাড়ি বন হইল, ব্যাপারটা কী?”
ব্যাপারটা কী সেটা নিয়ে আব্বু-আম্মু কিংবা টোটনের কোনো আগ্রহ নেই। অন্য-তিতুনি যেহেতু এটা ঘটিয়েছে তারও কোনো আগ্রহ নেই। আব্বু গাড়ির দরজা খুলে সবাইকে নিয়ে নেমে পড়লেন। মেঘস্বরে ড্রাইভারকে ডেকে বললেন, “ড্রাইভার সাহেব, গাড়ি থেকে নামেন। আপনার সাথে কথা আছে।”
মতি ড্রাইভার গাড়ি থেকে নামার কোনো আগ্রহ দেখাল না। তার সিটে বসে কিছুক্ষণ খুটখাট করে আবার গাড়ি স্টার্ট করার চেষ্টা করল আর সত্যি সত্যি হঠাৎ ইঞ্জিনটা স্টার্ট নিয়ে নেয়। ড্রাইভার গাড়ির ভেতরে বসে আনন্দের মতো শব্দ করে বলল, “উঠেন গাড়িতে। গাড়ি স্টার্ট নিছে।”
আব্বু বললেন, “রাখেন আপনার গাড়ি। আগে নিচে নেমে আসেন।”
মতি ড্রাইভার গাড়ির ইঞ্জিন বন্ধ না করেই দরজা খুলে খুবই অনিচ্ছার সাথে তার ড্রাইভারের সিট থেকে নিচে নেমে এলো। মুখে একটা বিরক্তির ভাব ফুটিয়ে রেখে সে কাছে এসে রুক্ষ গলায় বলল, “কী হইছে বস? আপনার সমিস্যা কী?”
“আমার কোনোই সমস্যা নেই। আমরা আপনার গাড়িতে যাব। আমাদের ব্যাগগুলো নামিয়ে দেন।”
আব্বুর কথা শুনে সে খুবই অবাক হয়েছে এই রকম ভান করল, তারপর কী একটা বলতে গিয়ে থেমে গেল। হঠাৎ করে মনে হলো তার মাথাটা ঘুরে উঠেছে, হাত বাড়িয়ে মাইক্রোবাসটাকে ধরে সে তাল সামলানোর চেষ্টা করে। তার চোখগুলো ঘুরতে থাকে, দেখে মনে হয় সে অজ্ঞান হয়ে যাচ্ছে।
আলু ভয় পেয়ে বললেন, “কী হয়েছে? আরে কী হয়েছে আপনার?”
ড্রাইভার কোনো কথা বলল না, তারপর হঠাৎ কেমন জানি জেগে উঠে পিটপিট করে সবার দিকে তাকাল। আব্বু বললেন, “ঠিক আছেন আপনি?”
“জে বস ঠিক আছি।” মতি ড্রাইভার হাত দিয়ে তার কপালটা মুছে বলল, “হঠাৎ মাথাটা কেমন জানি ঘুরে উঠল। জে বস আপনি কী যেন বলছিলেন?”
“আমি বলেছি যে আমরা আপনার গাড়ি করে যাব না। আমাদের ব্যাগগুলো নামিয়ে দেন।”
ড্রাইভার কেমন জানি শূন্য দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে রইল, মনে হলো আব্বুর কথা সে কিছুই শুনছে না। আব্বু বললেন, “কী হয়েছে আপনার?
“ভুলে গেছি।”
“কী ভুলে গেছেন?”
“গাড়ি চালানো।”
আব্বু অবাক হয়ে বললেন, “গাড়ি চালানো ভুলে গেছেন মানে?”
মতি ড্রাইভার আব্বুর কথার উত্তর না দিয়ে হেঁটে হেঁটে ড্রাইভারের দরজার কাছে দাঁড়াল, কেমন যেন ভয়ে ভয়ে ভেতরে তাকাল। আব্বু এবং সাথে অন্য সবাই তার পিছু পিছু এগিয়ে গেল। ড্রাইভার আব্বুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, “গাড়ির ইঞ্জিন বন্ধ করে কেমুন করে?”
আব্বু কয়েক মুহূর্ত মতি ড্রাইভারের দিকে তাকিয়ে বললেন, “কেন চাবি দিয়ে?”
“চাবি কই?” বলে সে উপরে-নিচে তাকাতে লাগল। গাড়ির চাবি কোথায় থাকে সে আর জানে না।
আব্বু বললেন, “ঐ যে, স্টিয়ারিংয়ের নিচে।”
“ইস্টিয়ারিং? ইস্টিয়ারিং কী?”
আব্বু অবাক হয়ে বললেন, “আপনি সত্যিই স্টিয়ারিং হুইল কি সেইটা ভুলে গেছেন?”
“জে বস। সব ভুলে গেছি।” বলে সে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল, জিজ্ঞেস করল, “কোনটা ইস্টিয়ারিং?”
আবু স্টিয়ারিং হুইলটা দেখালেন। মতি ড্রাইভার খুব সাবধানে আঙুল দিয়ে সেটা একবার ছুঁয়ে দেখল। তারপর তাড়াতাড়ি হাত সরিয়ে নিল, বলল, “কী আচানক।”
আম্মু বললেন, “আপনার এখন কোথাও বসে মাথায় একটু ঠাণ্ডা পানি ঢালা দরকার। মনে হয় আপনার মাথা গরম হয়ে গেছে।”
মতি ড্রাইভার বলল, “না ম্যাডাম আমার মাথা গরম হয় নাইক্কা, আমি সব ভুলে গেছি।”
“আর কী কী ভুলেছেন? স্ট্রোক হলে মানুষ সবকিছু ভুলে যায়।”
“আর কিছু ভুলি নাইক্কা। সব মনে আছে।”
“আপনার নাম? ঠিকানা? টেলিফোন নম্বর?”
“মনে আছে। সব মনে আছে।”
“শুধু গাড়ি চালানো ভুলে গেছেন? এটা কেমন করে হতে পারে?”
মতি ড্রাইভার একবার মাথা চুলকাল, একবার পেট চুলকাল, তারপর অনেকক্ষণ ধরে বগল চুলকাল, তারপর বলল, “কিছু মনে নাইক্কা। কিছু মনে নাইক্কা।”
সে মাইক্রোবাসটা ঘুরে ঘুরে দেখে, ড্রাইভারের দরজা খুলে কেমন যেন হাঁ করে গাড়ির ড্যাশবোর্ডের দিকে তাকিয়ে থাকে। খুব সাবধানে একবার গিয়ারটা ছুঁয়ে দেখে, নিচে গ্যাস প্যাডেল আর ব্রেকের দিকে তাকায়, তারপর আবার প্রথমে মাথা, তারপর পেট এবং শেষে বগল চুলকাতে থাকে।
আব্বু বললেন, “ইঞ্জিনটা বন্ধ করে রাখেন, শুধু শুধু গ্যাস খরচ হচ্ছে।”
“আমি তো পারমু না। বললাম না ভুলে গেছি।”
আব্বু গাড়ির চাবিটা দেখিয়ে বললেন, “ঐটা ঘোরান। ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।”
মতি ড্রাইভার খুব সাবধানে চাবি ঘুরিয়ে ইঞ্জিন বন্ধ করল, তারপর চাবিটা বের করে কেমন জানি অবাক হয়ে গাড়ির চাবিটার দিকে তাকিয়ে রইল।
আব্বু বললেন, “ড্রাইভার সাহেব, আপনাকে একটা কথা বলি?”
“জে বস। বলেন।”
“এইটা মনে হয় ভালোই হয়েছে যে আপনি গাড়ি চালানো ভুলে গেছেন। এটা কেমন করে সম্ভব আমি জানি না, কিন্তু যেহেতু দেখছি এটা ঘটেছে, মেনে নেন। আপনার জন্যে ভালো, প্যাসেঞ্জারদের জন্য ভালো। আপনি যেভাবে গাড়ি চালান সেটা খুবই ডেঞ্জারাস। আপনি নিজে মারা যাবেন, প্যাসেঞ্জারদের মারবেন। বুঝেছেন?”
