তবু কিডন্যাপিঙের ভবী কি অত সহজে ভোলে কাকা? পরের পাক্কা এক ঘন্টা ধরে নানাবিধ ভব্য আলাপচারিতার পর প্রভুরা যখন নিঃসন্দেহ হলেন যে এ ভোলানাথ সে ভোলানাথ নয়, তখন দেঁতো হাসি হেসে ” গুড বাই বাডি, কাম ব্যাক এগেইন ” টাইপের শুভাশিস ও আশির্বাণী আউড়ে আমাদের ”যাও পাখি বোলো তারে, সে যেন ভোলেনা মোরে” ঘেঁষা মুক্তি দিলেন।
রাতের জঙ্গুলে মেঠো রাস্তায়, ভাড়া করা গাড়ির হেড লাইটের সেই ঝিমধরা অ্যান্ড মায়াবী আলো আঁধারিয়ামোহিত ঝিঁঝিঁবহুল নিশ্চুপ সান্ধ্যজার্নিতে, আমি সন্তর্পণে সেই ঈশ্বরকে প্রণাম করলাম যিনি লিখেছিলেন,
”অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়।
কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়।।”
