ভাইভার দিন সকালবেলা থেকেই ক্যাবলা ল্যাবের সামনে। যারই শেষ হয়ে যাচ্ছে, তার কাছে দৌড়ে গিয়ে ‘এই বল না, কি কি জিজ্ঞেস করলো’ বলে প্রায় ঝাঁপিয়ে পড়ছে।
সব অত্যাচারেরই লিমিট থাকে,প্রফেসরদের কোয়েশ্চেনের স্টকেরও। ফলে মোটামুটি ভাবে দুপুরের মধ্যেই ব্যাপারটা অস্নাত অভুক্ত ছেলেটির আয়ত্তের মধ্যে এসে গেলো।
সেবার প্রায় সব ছেলেকেই একটি বিশেষ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছিলো। দুটি বিভিন্ন সাইজের পুলি ( ঞ্ঝন্ডননত্রা) ওপর দিয়ে বেল্ট লাগানো সংক্রান্ত একটি প্রশ্ন। এর পর তাদের স্পীড, রোটেশন, রেডিয়াসের রেশিও, বেল্টের টেনশন ইত্যাকার নানাবিধ রকমফের।
ক্যাবলাও এর প্রতিটি ভ্যারিয়েশনের আনসার হৃদমাঝারে রেখে দিয়েছিললেন,কারণ সোনার গৌর যদি এবারেও উনি ছেড়ে দেন, তার ফলাফল ভেবেই ওনার দাঁতে দাঁত লেগে যাচ্ছিল।
ক্যাবলার ডাক আসে প্রায় সন্ধ্যে হবার মুখে।আবার সেই প্রায়ান্ধকার ল্যাব, সেই সব কুটিল কুচক্রী স্যারেরা। সমস্বরে সবাই ‘পধারো মারে দেস’ বলে অত্যন্ত হিংস্র উল্লাসের সংগে ওনাকে ঘিরে বসলেন।
প্রথম প্রশ্নটা ওঁরা একটু সহজই করে ফেলেছিলেন। ক্যাবলাও লুজ বল পেয়েই যথাযথ মর্যাদায় মাঠের বাইরে ফেলতে দ্বিধাবোধ করেননি।
স্যারেরা সচকিত। একটু নড়েচড়ে বসলেন।
এর পর নানান ধরনের আক্রমণ। কখনো বিষাক্ত স্পিনের ছোবল, কখনো হটাৎ উঠে আসা বাউন্সার, তো কখনওবা চোরা ইয়র্কার। বেল্ট এবং পুলির প্রশ্নটির সমস্ত রকমফের জিজ্ঞাসা করা হয়ে গেলো। কিন্তু ট্রু স্থিতধী পুরুষের প্রজ্ঞায়, সমস্ত হীন চক্রান্ত ‘এহ বাহ্য’ বলে হেলায় সরিয়ে ক্যাবলা আজ পুরো রিকি পন্টিং।
স্যারেরা চমকিত। অনেকেই পুলকিত হৃদয়ে আনন্দাশ্রু গোপন করার চেষ্টা করছেন। কেউ কেউ গতবারের ঘটনার জন্যে খুবই অনুতপ্ত ও লজ্জিত। বোধহয় কি ভাবে সেই পাপস্খালন করা যায় সেই চিন্তা শুরু হয়েছে,
এমন সময় হঠাৎ একজন চুড়ান্ত বেরসিক এক প্রফেসর জিজ্ঞেস করে বসলেন ‘আচ্ছা, এইবার বলত, যদি পুলির বেল্টটা মাঝখানে ছিঁড়ে যায়, তাহলে কি হবে?’
মিনিটখানেক চেষ্টা করে ক্যাবলা ন্যায্য ক্রোধে ফেটে পড়লেন, ‘এতগুলো ছেলের ভাইভা হোল, কারও বেলায় বেল্ট ছিঁড়লো না, আমার বেলাতেই ছিঁড়তে হোল?’
প্রফেসরকুল স্তম্ভিত ও হতবাক!
যাই হোক, পৃথিবীতে যে ধম্মোজ্ঞান কিছুটা অবশিষ্ট আছে বোঝা গেলো, যখন সন্ধ্যেবেলায় খবর এলো ক্যাবলা সসম্মানে উত্তীর্ণ হয়েছেন।
সেইদিন রাতে হাফ বোতল হুইস্কি খেয়ে, শুধু এনসিসি বুট আর তোয়ালে পড়ে ক্যাবলার নাগিন ড্যান্স যদি আপনি না দেখে থাকেন পাঠক, আপনি জানেনই না যে আপনি কি হারিয়েছেন!
