বাপ কিন্তু ভদ্রলোক। এক কথা। জাগতিক সমস্ত প্রলোভন দুপায়ে মাড়িয়ে বীরদর্পে সে এগিয়ে চলেছে সবচেয়ে দূরবর্তী বাথরুমটির দিকে, পুরো শাহরুখ খান স্টাইলে।
শেষে কি হয়েছিল আমারও ঠিক মনে নেই।
শুধু এটুকু জানি নেক্সট এক মাস বাপকে গাঁজা-আদি জাগতিক ব্যাপারে এক পয়সা খরচ করতে হয়নি।
সেই পয়সা কে বা কারা যুগিয়েছিল সেটা এখানে বলার মতন নীচ আমি কখনওই হতে পারব না!
অথ হস্টেল সিরিজঃ পার্ট ২
আবার সে এসেছে ফিরিয়া!!!
অথ শ্রীমন্ডলের দ্বিতীয় লীলা। তবে আগেই বলে রাখি, গপ্পটা আমার শোনা। অতএব ‘ইহা সত্য কারণ ইহা বৈজ্ঞানিক’ গোছের ডিসক্লেমার দিতে পারবো না।
জনাব মন্ডল উচ্চ মাধ্যমিকের গেরো কাটিয়ে যে ঘাটে মনপবনের নাও বাঁধেন সেটি একটি প্রসিদ্ধ মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ। প্রতি বছরই সেই মহাদ্রূমের শাখাপ্রশাখায় দেশবিদেশের বিচিত্র সব পক্ষীকূল বাসা বাঁধে। সেই বিশাল পক্ষীসমাজে অবশ্য শ্রীমণ্ডল জীবন্ত কিংবদন্তি হয়ে উঠতে উনি বেশি সময় নেন নি। অসম্ভব গঞ্জিকাকুশলতার কারণে শ্রীমন্ডলের সতীর্থরা ওনাকে শিবজ্ঞানে শ্রদ্ধা করতো।
ইতিহাসবিশারদেরা জানাচ্ছেন যে কেমিস্ট্রির প্র্যারকটিক্যালের প্রথম ক্লাসেই উনি সবার সপ্রশংস বাহবা কুড়িয়ে নেন। কোন এক নাদান ব্যাচমেট ভুল করে খানিকটা ইথার খেয়ে’ বাপ, ইথার খেয়ে ফেলেছি, কি করব’ জিজ্ঞেস করে ফেলায় উনি খুবই সুচিন্তিত সৎপরামর্শ দেন, ‘কি আর করবি, পেছনে একটা মোমবাতি গুঁজে জ্বালিয়ে দে’। সেই থেকে খেটে খাওয়া প্রলেতারিয়েত আমজনতার নয়নের মণি হয়ে উঠতে ও প্রবল প্রতাপে রাজত্ব চালাতে বিন্দুবৎ অসুবিধা হয় নাই।
সবচেয়ে স্মরণীয় ঘটনাটি যদিচ ঘটে ফাইনাল ইয়ারে।
রসিক পাঠক মাত্রেই জানেন যে ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল ইয়ারে মনটা সদা সর্বদাই তুরীয়মার্গে বিচরণ করে। এই মলিন ধরাধামের সমস্ত নীচ দীনতা, যেমন পড়াশোনা, ভাইভা, প্র্যা কটিক্যাল, সেমেস্টার এক্সাম এসব তুচ্ছ দিনগত পাপক্ষয় থেকে মুক্ত হয়ে এই ব্যাকুল হৃদয় সদা সর্বদাই ‘মন হারাল হারাল মন হারাল’ গাইতে থাকে।
এমন মনকেমন করা ‘শোন, কোন এক দিন’ শ্রীমন্ডলের রুমমেটের ভাই, সাম খোকা, এজেড এরাউন্ড এইট্টিন, দেশের বাড়ি থেকে তার দাদা ও দাদার রুমমেটের জন্যে নাড়ু বা সামথিং লাইক দ্যাট নিয়ে এক প্রসন্ন দুপুরে এসে হাজির।
ভাইটি পেরথম বার দাদার কাছে এয়েচে। দুএকজনকে জিজ্ঞেস করতেই, ‘তোমার দাদা বাপের ঘরে থাকে’ শুনে বেহুদ্দ ঘাবড়েছে। যাই হউক, এদিক সেদিক করে রুম খুঁজে দরজা খুলে ভেতরে ঢুকেই ধাঁ!
সারা ঘর গাঁজার ধোয়াতে অন্ধকার। ঘরে এক্সাক্টলি কোথায় কি আছে, কিচ্চু বোঝা যাচ্ছে না। তাকের ওপর ওল্ড মংকের খান চারেক বোতল রাখা। চেয়ারের ওপর একটি প্লেটে বেশ কিছু নিরীহ মুরগির ধ্বংসাবশেষ ছড়ানো। আর তার মধ্যে দুইদিকে দুই বিছানার ওপর মধুর মধুর হাস্যরত দুই ভুবনবিজয়ী বীর।
তখন টেবিলের ওপর একটা ডেস্কটপে শ্রীমতী সানি লিওনির একটি অত্যন্ত শিক্ষামূলক চলচ্চিত্র চলছিল, যদিচ কোন অজ্ঞাত কারণে সাউন্ড মিউট করা ছিলো।
কিন্তু যা দেখে খোকা বিচলিত এবং পুরোপুরি কনফুজিয়া গেলো, সে হচ্ছে দুই মহাপুরুষই সম্পূর্ণত মুক্তকচ্ছ। আক্ষরিক অর্থেই কটিমাত্র বস্ত্রাবৃত।
ব্যাপারটা খোকার কেমন কেমন লাগল। কিন্তু হাজার হলেও দাদা, চট করে তো কিছু জিজ্ঞেস করা যায় না!
যাই হক, ঘন্টাখানেক নানা রকম ভব্যিযুক্ত আলোচনার পর, জগত ও জীবন সম্পর্কে অসীম জ্ঞান আহরণের পর, ভবিষ্যতের পথে বহুমূল্য কিছু পাথেয় সংগ্রহ করে খোকাবাবু যখন লাল জুতো পায়ে বেরোবার ইচ্ছে প্রকাশ করলেন, শ্রীমন্ডল ঝটিতি একটা রিস্ট ওয়াচ হাতে বেধে নিয়ে বললেন, ‘চ, তোকে নিচে ছেড়ে দিয়ে আসি’।
পুরো সীনটা আপনার মানসনেত্রে কল্পনা করুন পাঠক। নিরালা দুপুরে এক নির্জন করিডর ধরে হেটে যাচ্ছে এক যুবক, জকি আর টাইটান পড়ে, এক কিশোরকে এইটে বোঝাতে বোঝাতে, ‘ফার্স ইমপ্রেসনটাই সব বুঝলি, আর সবসময় ফিটফাট থাকবি, একদম টিপটপ।
নিচে নেমে চলে যাবার আগে খোকা আর পারলো না, জিজ্ঞেস করেই ফেললো,
‘ইয়ে, মানে আপনারা, মানে তোমরা কি মানে ইয়ে মানে সবসময় (অপাঙ্গে নিচের দিকে তাকিয়ে) এইপরেই থাকো?’
নির্বাণপ্রাপ্ত বুদ্ধদেবের মতো স্মিত হেসে বাপ বললেন,’ ধুর পাগলা, তাই কখনো হয়? আজ তুই এলি বলে জাঙিয়াটা পরলাম’।
ভাইটি নাকি শুনেই এক চলতি ট্যাক্সিতে লাফিয়ে উঠে পড়ে। রুমাল বের করে কপালের ঘাম মুছে ঈষৎ স্খলিত স্বরে ড্রাইভারকে বলে, ‘একটু তাড়াতাড়ি চালিয়ে দাদা, সোজা শিয়ালদা, রাস্তায় কোত্থাও দাঁড়াবেন না’।
অথ হোস্টেল সিরিজ পার্ট ৩ঃ
কুষ্ঠিতে ‘বিংশতি বর্ষে উচ্চস্থান হইতে পতনজনিত কারনে রক্তপাত’লেখা থাকায়, আই আই টি তে ইলেক্ট্রিকালে ভর্তি হবার পর আমার ঠাকুমা খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেছিলেন ‘ত’রে ল্যাম্পপোস্টে উঠতে অইব না’তো?’
না। ল্যাম্পপোস্টে উঠতে হয়নি বটে। কিন্তু ফাঁড়া একটা গেছিলো বটে। যে কোনও ভয়াবহ অ্যাক্সিডেন্টের থেকে সে জিনিস কোনও অংশে কম নয়। তার নাম হল’গে, গ্র্যা ন্ড ভাইভা।
গ্র্যান্ড ভাইভা হল গিয়ে আই আই টি খড়গপুরে একটি ভয়াবহ বজ্রপাত সহ ঝড়ঝঞ্ঝা বিশেষ। আয়লা, এল নিনো, পম্পেই, হিরোশিমা আদি সূর্যোগ এর কাছে তুশ্চু, যাকে বলে ফ্ল্যাশ ইন দ্য প্যান। কুম্ভীপাক নরকের সংগে সুলেইমানি দোযখ সাঁইতিরিশ বার গুন করলে সাড়ে দুই পার্সেন্ট মতন এর আইডিয়া হয়।
