মাথা নিচু করে নিবিষ্ট মনে খাচ্ছিলাম, চিলি চিকেনের বৌল থেকে হাফ তুলে নিয়ে। হঠাৎ মাথা তুলে দেখি, ই কি ব্যাপার??
ছোকরা স্রেফ নুডলস খেয়ে চলেছে, চিলি চিকেনে হাত অবধি লাগায় নি।
‘কি রে, চিলি চিকেন টা তোর’।
‘জানি স্যার’
‘জানিস যখন খাচ্ছিস না কেন?’
ফিক করে হেসে ফেলে, ‘রাগ করবেন না তো? ‘
‘না। বল’।
‘এদের বললে আমার চিল্লি চিকেনটা পেলাস্টিকে করে গাডার দিয়ে বেঁধে দেবে না স্যার?’
‘দেবে, কিন্তু কেন?’
‘লক্ষ্মীর খুব চিল্লি চিকেন খাওয়ার ইচ্ছে স্যার। কোন্দিন খায় নি তো। ভাবছি গাডার দিয়ে বেঁধে নে যাই, রাত্তিরে দুইজনে খাবো”খন? আপনি রাগ করলেন না তো স্যার’।
গলায় নুডলসটা আটকে গেলো নাকি?
কে যেন জিজ্ঞেস করেছিলেন না, কতখানি নতজানু হলে কতটুকু বেঁচে থাকা যায়?
কতখানি, ভারতবর্ষ? কতটুকু?
অথ হোস্টেল সিরিজঃ
বিধিসম্মত সতর্কীকরণঃ আমার হস্টেলজীবনের বেশিরভাগ গল্পই সেন্সরের অ্যান্টেনার অনেক ওপর দিয়ে ওড়ে। ফলে সব গুফন কথা ওপেন করে বলায় সামান্য অসুবিধা হ্যাজ। ”অশ্লীলতার দায়ে নবীন লেখককে অমুক থানায় দেওয়া হলো প্রবল কচুয়া ধোলাই,” খবরের কাগজে এমন শিরোনাম গুরুজনেরা খুব একটা পছন্দ করবেন না বলেই বিশ্বাস। অবশ্য বলা যায় না, অনেকে হয়তো সেই আশাতেই বসে আছেন! দিনকাল তো ভাল না। তাই এখানে উল্লিখিত সব গল্পই যাকে বলে সুরূচির উপকূল ছুঁয়ে যাবে। যাদের বাজে ইয়ার্কি অপছন্দ তারা এখানেই ক্ষমাঘেন্না করে ছেড়ে দিন। আর তার পরেও যেসব মহাত্মারা এগোতে চান, মে দ্য ফোর্স বি উইথ ইউ!
শুরু করি তাহলে? জয়ক্কালী
অথ হোস্টেল সিরিজঃ পার্ট ১
পক্ষীদের আদি পিতামহ মহাত্মা শিবচন্দ্র মুখোপাধ্যায় নাকি বাগবাজারেদের উড়তে শেখান।
নরেন্দ্রপুরে আমাদের উড়তে শেখান জনাব মন্ডল। ওনার পিতৃদত্ত নামটি চেপে গেলাম। কারণ ভদ্রলোক এখন দাপুটে মেরিন ইঞ্জিনিয়ার। তার ওপর এই অধমের পাশের পাড়ায় থাকেন। আর আমার ইনশিওরেন্স এর লেটেস্ট প্রিমিয়াম টা খুব সম্ভবত দেওয়া হয় নি, অতএব…
এহেন শ্রীমন্ডল সুহৃদ মহলে বাপ বলে পরিচিত ছিলেন। সঠিক কারণ দেবা নঃ জানন্তি। তবে ডাকনামটি যে আক্ষরিক অর্থে সত্য ছিলো না সে বিষয়ে আমরা অবিশ্যি নিঃসংশয় ছিলাম। সেরকম কিছু হলে খবর চাপা থাকত না।
শ্রীমন্ডল অত্যন্ত নির্বিরোধী নিরীহ ভদ্রলোক ছিলেন। পোচ্চন্ড গাঁজা খেতেন, রাস্তার সাইডে মাথা নিচু করে হাটতেন। কারো সাতেপাঁচে থাকতেন না। কাউকে জ্বালাতেন না, নিজেও জ্বলতেন না।
এহেন নিপাট ভদ্রলোকটি খ্যাতির মধ্যগগনে ওঠেন, যখন, নতুন বাংলার স্যার এঁকে প্রশ্ন করেন ‘আচ্ছা বলত, গফুর ত মুসলমান ছিলো, তবু তার গরুর নাম হিন্দু মহেশ ছিলো কেন?’ বাপ অনেক ভেবেচিন্তে মাথা খাটিয়ে জবাব দেন ‘তার কারণ উর্দুতে ষাঁড়ের কোন ভালো নাম হয় না স্যার, তাই’।
আমাদের গল্প এহেন শ্রীমন্ডলের সবচেয়ে আলোচিত, সবচেয়ে রোমহর্ষক লীলাটি নিয়ে।
একদিন প্রসন্ন প্রভাতে, টেস্ট পরীক্ষা শেষে, দিকে দিকে আনন্দঘন পরিবেশ। শ্রীমন্ডল ঘুম থেকে উঠে নিতান্ত স্বাভাবিক ভাবে স্নানে যাচ্ছিলেন। ঐতিহাসিকরা পরে সাক্ষ্য দেন যে ওইদিন উনি মালঞ্চ’র নুন শো তে ‘লুট গ্যয়ি কুঁয়ারি দুলহন’ দেখা মনস্থ করেছিলেন।
আমাদের হস্টেল গুলো ছিলো স্কোয়ার টাইপের। মাঝখানে খোলা ছোট্ট মাঠ। চারদিকে বারান্দা আর সারি সারি ঘর। চারটে কর্ণারে চারটে গণবাথরুম।
উনি স্নানযাত্রার রাজবেশে, মানে কোমরে একটি শতছিন্ন গামছা জড়িয়ে মন্দ মন্দ মলয় সমীরণে রাজেন্দ্রপ্রতিম আভিজাত্যে হেটে যাচ্ছিলেন।
বাপের রুমমেট ছিলেন অনীশ তালুকদার নামের জনৈক প্রতিক্রিয়াশীল শাসকশ্রেণীর প্রতিভূ, সাম্রাজ্যবাদের দালাল এক তরুণ। তিনি তখন কটিমাত্র বস্ত্রাবৃত হয়ে ইয়ারবন্ধু সমভিব্যাহারে মাধুরী দীক্ষিতের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু রসজ্ঞ আলোচনায় ব্যস্ত ছিলেন। এমন সময় হঠাৎ করে কী মনে হওয়াতে তিনি শ্রীমণ্ডলের পরিধেয় গামছাটি আকর্ষণ করে ‘বাপ তোর গামছা নেবো, বাপ তোর গামছা নেবো ‘ বলে অত্যন্ত অশ্লীলভাবে এবং কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি করতে থাকে।
কে না জানে, বিয়ন্ড আ পয়েন্ট সমস্ত সাধুপুরুষই ইন্টলারেন্ট। মহামতি আমির খান থেকে শুরু করে আমাদের বাপও তাই। মিনিটখানেক সহ্য করে, ঠিক যে স্টাইলে সম্রাট হর্ষবর্ধন পরিধেয় শেষ বস্ত্রখন্ডটি কুম্ভমেলার জনারণ্যে বিলিয়ে দিতেন, ঠিক সেই স্টাইলে শ্রীমন্ডল ‘গামছা নিবি? এই নে’ বলে গামছাটি খুলে অনীশ এর হাতে দিয়ে বাথরুমের দিকে রওনা দিলেন।
পাঠক, কল্পনা করুন। মাঠের এদিক থেকে ওদিক ধীর কিন্তু দীপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছেন এক মহাপুরুষ। এই মুহূর্তে তিনি আক্ষরিক অর্থেই দুঃখেষুঅনুদ্বিগ্নমনাসুখেষুবিগতস্পৃহ এক সন্ন্যাসী। পরণে শুধু আঙুলে জড়ানো একটা ব্যান্ডেড। আর বাঁ হাতে বালতি আর সাবান। সারা হস্টেল স্তব্ধ। বাক্যরহিত। বাই চান্স যদি কোন মহারাজ দেখে ফ্যালেন….
বেচারি অনীশের তখন আক্ষরিক অর্থেই সসেমিরা অবস্থা। তারপর শুরু হল মানবসভ্যতার ইতিহাসে এক অদ্ভুত ঘটনা। অনীশ বাপের পেছন পেছন ঘুরছে ‘বাপ, প্লিজ গামছা পর’। কন্ঠস্বরে সে কি আকুতি। বাপ পুরো সন্ন্যাসীরাজা স্টাইলে সামান্য হেসে বলছে ‘ তোমরা আমাকে গামছা পরতে বলছ? কিন্তু আমি যে গামছা পরতে চাইনি’। সারা হস্টেলে হুলুস্থুলু আন্দোলন। প্রায় সারা হস্টেল বাপের পেছনে হাত জোড় করে বলছে ‘বাপ, প্লিজ গামছা পর’
