তাড়াতাড়ির মধ্যে হলে মুখটা একটু বাঁকান, মনে মনে বলেন, উঃ, মেয়ের জন্যে মনকেমন উথলে উঠছে একেবারে! নিত্য চিঠি!–আর আমার আপনার লোকেরা? মেয়েরা? জামাইরা? পুত্তুরটি? দিল্লী দরবারে (ওই ব্যাখ্যাই করেন প্ৰবোধচন্দ্ৰ) অধিষ্ঠিত যিনি? কই বুড়ো বাপ বলে মাসে একখানা পোস্টকার্ড দিয়েও তো উদ্দিশ করেন না। তাঁরা? দুটো পয়সার তো মকদ্দমা!
এই চিঠিগুলো যেন ছিঁড়ে ফেলতে ইচ্ছে হয় প্রবোধের।
তবু পোস্টকার্ডগুলোর একটু মাদকতা আছে, পড়ে ফেলে তার অজানিত অনেক কিছু খবর জানা হয়ে যায়। প্রবাহিত সংসারের কোনো ঘটনা-তরঙ্গই তো কেউ প্ৰবোধচন্দ্রের কাছে এসে পৌঁছে দিয়ে যায় না। প্ৰবোধচন্দ্ৰ নিজেই হেঁই হেঁই করে জিজ্ঞেস করে করে যেটুকু সংগ্ৰহ করতে পারেন। এ তবু
না, পরের চিঠি পড়াকে কিছুমাত্র গৰ্হিত বলে মনে করেন না প্ৰবোধচন্দ্র। বাড়ির কর্তা হিসাবে ওটুকু তার ন্যায্য দাবি বলেই মনে করেন। তবু খামের চিঠি খুলতে সাহসে কুলোয় না। বার বার নেড়েচেড়ে, অনেকক্ষণ নিজের কাছে রেখে দিয়ে, অবশেষে যেন নাপায্যিমানেই দিয়ে দেন, কেউ ঘরে এলে তার হাত দিয়ে।
এই চিঠিখানা হাতে নিয়ে কিন্তু প্ৰবোধচন্দ্রের চক্ষু বিস্ফারিত হয়ে গেল। এ আবার কার নামের চিঠি।
খামের চিঠি, এ বাড়িরই ঠিকানা, অথচ মালিকের নামটা সম্পূর্ণ অজানা। তাছাড়া চিঠিটা প্ৰবোধচন্দ্রের কেয়ারে আসেনি। চিঠি যার জন্যেই আসুক-ঠিকানার জায়গায় জ্বলজ্বল অক্ষরে কেয়ার অব প্ৰবোধচন্দ্র মুখোঁপাধ্যায় তো লেখা থাকবেই।
যা রীতি!
যা সভ্যনীতি!
অথচ এ চিঠিতে সেই সুরীতি সুনীতি লঙ্ঘন করা হয়েছে। কর্তা প্ৰবোধচন্দ্রের কর্তৃত্বকে অস্বীকার করা হয়েছে।
অন্য বাড়ির চিঠি?
ভুলক্রমে এসেছে?
তাই বা বলা যায় কি করে?
এই তো স্পষ্ট পরিষ্কার অক্ষরে লেখা রয়েছে, তেরোর দুই রাজেন্দ্রলাল স্ট্রীট
তেরোর একটা হচ্ছে নির্মলদের, তেরোর দুইটা হচ্ছে প্ৰবোধচন্দ্ৰদের।
তাহলে? কে এই চিঠির অধিকারিণী? তবে কি বৌমাদের কারো পোশাকী নাম এটা? নাকি বড়বৌমার ওই যে বোনঝিটা কদিন এসে রয়েছে তারই?
কিন্তু সেই একটা বছর দশ-বারোর নোলোক-পরা মেয়ের নামে এমন খামেমোড়া চিঠি কে পাঠাবো?
দুর্দমনীয় কৌতূহলে খামের মুখটায় এক ফোঁটা জল দিয়ে টেবিলে রাখলেন প্ৰবোধচন্দ্ৰ, যাতে আঠটা ভিজে খুলে যায়।
কিন্তু অদৃষ্টের পরিহাসে ঠিক সেই মুহূর্তেই বকুল এসে ঘরে ঢুকলো বাপের দুধের গ্লাস হাতে।
থতমত খেয়ে চিঠিটা সরাতে ভুলে গেলেন প্ৰবোধচন্দ্র। আর এমনি কপালের ফের তার, তদণ্ডেই কিনা তার ওপর চোখ পড়লো ওই ধিঙ্গী মেয়ের! যাকে নাকি প্ৰবোধচন্দ্ৰ মনে মনে রীতিমত ভয় করে থাকেন! ভয় করার কারণ-টারণ স্পষ্ট নয়, তবু করেন ভয়! আর সেই ভয়ের বশেই-বকুল যখন তীক্ষ্ণদৃষ্টিতে চিঠিটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেছিল, চিঠিটায় জল পড়লো কি করে বাবা? বলে বসেছিলেন প্ৰবোধচন্দ্ৰ, জল নয়, ইয়ে ঘাম। টপ করে চিঠিটার ওপরই পড়লো, তাই হাওয়ায়—
ঘাম!
বকুল হতবাক দৃষ্টিতে বাপের দিকে তাকিয়েছিল। তারপর শীতের অগ্রদূত হেমন্তকালের ঝাপসা-ঝাপসা আকাশের দিকে তাকিয়েছিল, আর তারপর বকুলের মুখে ফুটে উঠেছিল একটুখানি অতি সূক্ষ্ম হাসি। যে হাসিটার বদলে এক ঘা বেত খেলেও যেন ভাল ছিল প্ৰবোধচন্দ্রের।
ওই, ওই জন্যেই ভয় ঢুকেছে।
আগে এই হাসিটি ছিল না হারামজাদির। কিছুদিন থেকে হয়েছে। দেখলে গা সিরসির করে ওঠে। মনে হয় যেন সামনের লোকের একেবারে মনের ভিতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে।
বকুল কিন্তু আর কিছু কথা বলেনি, শুধু বলেছিল, ঘাম!
তারপর হাত বাড়িয়ে চিঠিটা তুলে নিতে গিয়েছিল।
প্ৰবোধচন্দ্ৰ যেন একটা সুযোগ পেলেন, হাঁ-হাঁ করে উঠলেন, থাক থাক, পরের বাড়ির চিঠি, পিয়নব্যাটা ভুল করে দিয়ে গেছে।
কিন্তু ততক্ষণে তো তুলে নেওয়া হয়ে গেছে এবং উল্টে দেখাও হয়ে গেছে।
খামের উপর লেখা নামটার উপর চোখ দুটো স্থির হয়ে গিয়েছিল বকুলের, তারপর বলেছিল, ভুল করে নয়, এ বাড়িরই।
এ বাড়িরই!
প্ৰবোধ সেই সূক্ষ্ম হাসির ঝাল ঝাড়েন, বাড়িতে তাহলে আজকাল আমার অজানিতে বাড়তি লোকও বাস করছে?
বাড়তি কেউ নেই বাবা!
নেই! নেই তো এই শ্ৰীমতী অনামিকা দেবীটি কে শুনি?
বকুল মৃদু হেসে বলেছিল, আসলে কেউই নয়।
আসলে কেউই নয়! অথচ তার নামে চিঠি আসে! চমৎকার! তোমরা কি এবারে বাড়িতে রহস্যলহরী সিরিজ খুলছে? রাখো চিঠি! আমি জানতে চাই কে এই অনামিকা দেবী?
চিঠি অবশ্য রাখেনি বকুল।
আরো একবার মৃদু হাসির সঙ্গে বলেছিল, বললাম তো, আসলে কেউই নয়, ওটা একটা বানানো নাম
বানানো নাম! বানানো নাম মানে? প্ৰবোধচন্দ্ৰ যথারীতি হাঁপানির টান ভুলে টানটান হয়ে উঠে বলেছিলেন, বানানো নামে চিঠি আসে কী করে? তাহলে—প্রেমপত্র পাঠাবার ষড়যন্ত্র?
তা তাই মনে হয়েছিল তখন প্ৰবোধচন্দ্রের; কারণ স্পষ্ট বুঝতে পারছিলেন ওই বানানো নামটার সঙ্গে বকুল নামের মেয়েটার কোনো যোগসূত্র আছে। সঙ্গে সঙ্গেই তার সঙ্গে মোতিহারীর যোগসূত্র আবিষ্কার করে বসেছিলেন তিনি।
লক্ষ্মীছাড়া মেয়ে তাহলে এই কল ফেঁদেছে? বানানো নামে চিঠি আসবে, কেউ ধরতে পারবে না?…নির্ঘাত ওই চিঠির সন্ধানেই এসেছিল, দুধ আনাটা ছল!
