নাঃ, নিশ্চিন্দি থাকা চলে না, বেশী রাতে বাড়ি নিঃসাড় নিশ্চুপ হয়ে গেলে উঠে গিয়ে দেখে আসতে হবে বড়বৌকে। সব চেয়ে ভাল হয় ওর ঘরটায় বাইরে থেকে শেকল তুলে দিলে, নইলে কবার আর দেখতে যাওয়া যাবে? কোন ফাঁকে যদি উঠে গিয়ে সর্বনাশ ঘটিয়ে বসে থাকে বড়বৌ?
দরজার মাথায় শেকল, সত্যবতীর হাত পৌঁছয় না, কিসের ওপর উঠে শেকলে হাত পাওয়া যায় তাই ভাবতে থাকে সে।
ঢিপঢিপ-করা বুকটা নিয়ে সারদা ঘরে ঢোকে। সারদার আহারকালীন অবকাশে ছেলে কেঁদে ভুবনেশ্বরীকে জ্বালাতন করেছিল কিনা জিজ্ঞেস করতেও পারে না। ভুবনেশ্বরীই নিজ থেকে বলে, নিঃসাড়ে গিয়ে শুয়ে পড় তো বড় বৌমা, ছেলে সবে ঘুমিয়েছে, জেগে না যায়। শেওরে কাজললতা দিয়ে শুইয়ে রেখে এসেছি।
রাসুকে ডাকিয়ে এনে ঘরে পুরে দেওয়া পর্যন্ত স্বস্তি ছিল না ভুবনেশ্বরীর। কি জানি যদি অন্ধকারে ঠাহর করতে না পেরে কে কে করে চেঁচিয়ে ওঠে সারদা!
এদিকে আবার রাসুকে বলতে পারে না যে ঘরের পিদিম নিভিও না, কারণ ছেলেকে শোবার ঘরে পুরে দিয়ে আর তার সঙ্গে কথা কইতে মায়েরই লজ্জা লাগে। এ তো ভাসুরপো। আর সারদাকেই বা স্পষ্টাস্পষ্টি বলা যায় কি করে, ওগো তোমার জন্যে ঘরের মধ্যে মানিক আনিয়ে রেখেছি! বলা যায় না বলেই কচি ছেলের ছুতো।
তা ছাড়া আর একটু কারণও কি ছিল না? একটু কৌতুকের সাধ? হলেও শ্বাশুড়ী সম্পর্ক, তবু তো মেয়েমানুষ। আর বাবা রামকালীর ঘরণী হলেও ভুবনেশ্বরী যেন এখনও ভিতরে ভিতরে কোথায় একটু কাঁচা একটু সবুজ রয়ে গেছে।
মানিকের উপমাটা ভুবনেশ্বরীরই মনে এসেছে। নিত্যকার মানুষটাই যে আজ সারদার কাছে পরম মূল্যবান হয়ে উঠেছে, একথা বোঝবার ক্ষমতা ভুবনেশ্বরীর আছে। দেখা যাক বড়বৌমা কতটুকু করায়ত্ত রাখতে পারে স্বামীকে! অবিশ্যি ভরসা কিছু নেই, বেটাছেলের মন, নতুন বৌ ডাগরটি হয়ে উঠতে উঠতে সারদাও কোন্ না ততদিন তিন ছেলের মা হয়ে বসবে! তখন কি আর রাসু নতুন ফুলের মধু ফেলে–
ভাবতে গিয়ে চমকে গেল ভুবনেশ্বরী। মনে মনে নাক-কান মললো। রাসু না তার পুত্রস্থানীয়! তার সম্পর্কে এসব কথা কি বলে ভাবছে সে! সম্পর্কের মান-মর্যাদা আর থাকছে কি করে তা হলে।
ওদের সম্পর্কে সব ভাবনা জোর করে মুছে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল ভুবনেশ্বরী। এবার তাদের দলের খাবার পালা। তবে আজ আর খাবার পরে ঘুম নয়, রাত জেগে কালকের যজ্ঞির কুটনোবাটনা করতে হবে। বড়লোকের বাড়ির বৌ বলে তো আর আয়েস করবার হুকুম নেই। বৌ হচ্ছে বৌ। বরং রাসুর মা দুদণ্ড পা ছড়িয়ে বসলে, কি কাজে গাফিলি করলে কেউ কিছু বলবে না, কিন্তু বৌদের সেরকম আচরণ অমার্জনীয়!
তা খাটুনিতেও দুঃখ ছিল না, যদি শুধু নিজেরা জা-ননদের দল থাকতে পায় সে দলে। হাতের সঙ্গে গল্পগাছাও চলে তা হলে। কিন্তু তা তো হবার জো নেই, একজন গিন্নী পাহারাদার থাকেনই।
বৌরা ঘরভাঙানি মন্ত্রণা করছে কিনা সেটা তো দেখতে হবে তাঁদের। এই গুরু কর্তব্যের দায়ে বেচারা শিবজায়াকে যে মরতে মরতে রাত জেগে ছেলেবৌয়ের ঘরের পেছনের ঘুলঘুলির নিচে কান পেতে বসে থাকতে হয়।
.
সারদার ঘরে অবশ্য ঘুলঘুলি নেই। ভাল জানালা আছে। বাড়ির মধ্যে সেরা ঘরটাই সারদার। বর্ধমান থেকে মিস্ত্রী আনিয়ে রামকালী যখন অনেক খরচা করে দক্ষিণের উঠোনে এই ঘরদালান বানিয়েছিলেন, তখন সকলেই ভেবেছিল এটা রামকালীর নিজের জন্যই। মিস্ত্রীর কাজ শেষ হয়ে গেলে দীনতারিণীও তাই বলেছিলেন, একটা শুভ দিন দ্যাখ তা হলে রামকালী নতুন ঘরে ওঠবার।
রামকালী হেসে উঠে বলেছিলেন, তোমার যে দেখছি গাছে না উঠতেই এক কাঁদি গো মা। ঘরে যে উঠবে, সে আসুক আগে?
দীনতারিণী অবাক হয়ে বলেছিলেন, কে আসবে? কার কথা বলছিস?
ঘরের লক্ষ্মীর কথাই বলছি মা, রামকালী বোধ করি মায়ের হৃদগত ধারণা অনুমান করেছিলেন, তাই একবার মায়ের ধারণা-বৃক্ষের মূলে কুঠারাঘাত করে পরম শান্তভাবে কথা শেষ করেছিলেন, কেন, তুমি কি শোন নি রাসুর বিয়ের কথা চলছে?
রাসুর! রাসুর বৌ এসে ওই ঘরের দখলীদার হবে!
দীনতারিণীর সতীনপোর ছেলের বৌ! দীনতারিণী আর আত্মসংবরণ করতে পারেন নি, বিরক্তভাবে বলে উঠেছিলেন, অজ্ঞানের মতো কথা বলো না রামকালী। ওই সেরা ঘরখানা তুমি রাসুকে দেবে!
রামকালী আর হাসেন নি, গম্ভীরকণ্ঠে বলেছিলেন, দেওয়া-দিইর কথা কিছু নেই মা, যার যা ন্যায্য প্রাপ্য সে তা পাবে।
দীনতারিণী তথাপি ছেলের ক্রোধশঙ্কা তুচ্ছ করেও উষ্মা প্রকাশ না করে পারেন নি, বলে উঠেছিলেন, তুমি মাথার ঘাম পায়ে ফেলে উপায় করছ, ‘হীরে হেন জিরে’ এনে নবাবীপছন্দের ঘর গড়লে, সে দ্রব্যি কুঞ্জর বেটা-বৌয়ের প্রাপ্য হল কোন্ সুবাদে রামকালী!
না, রামকালী প্রত্যক্ষে তিরস্কার করেন নি মাকে, বরং আরও শান্তকণ্ঠে বলেছিলেন, যে সুবাদে মানুষ বনের জন্তু-জানোয়ারদের মতন উদোম হয়ে না বেরিয়ে কোমরে কাপড় দিচ্ছে মা। যাকগে ও কথা থাক, ‘জ্যেষ্ঠের শ্রেষ্ঠ ভাগ’ এ বিধিটা তো তোমার অজানা নয় মা। রাসু এ বাড়ির জ্যেষ্ঠ ছেলে।
দীনতারিণীর চোখে জল এসে গিয়েছিল দুঃখে আর অপমান-বোধে, তাই শেষ-বেশ তর্কে বলে বসেছিলেন, মেজ বৌমার প্রাণটার দিকেও তো তাকাতে হয়। যতই হোক সে এখনও কাঁচা মেয়ে, এই ঘর আরম্ভ হয়ে ইস্তক তার একটা আশা ছিল তো।
