-গালিবের সেই গজলটা একবার বলেবেন?
-কোনটা?
-ওই যে- গরমী-এ-নিশাত-এ-
-হুঁ গরমি-এ-নিশাত-এ তসব্বর-সে নগ্ন সংজ
ম্যায় অলী-এ গুলশ-এ না-আফ্রীদ হুঁ।
-তা গানের নেশায় বুদ হয়ে থাকা বুলবুলের বাগান কবে রচিত হবে?
-সে যেদিন ডাকবে।
-কে?
-এবার শীতের মাঝেই যে বসন্তের হাওয়া নিয়ে এল।
তবসুম হাসে।-কী ব্যাপার জনাব? কারোর প্রেমে পড়লেন নাকি?
-অ নিকলতা হ্যয় কভু হসতা, তো হ্যয় বাগ ও বহার
উসকী আমদর্মে হয় সারী ফষ্ট্রে আনে কী তরম্।
-ও বাবা মীর-এ ডুবে আছেন নাকি?
-উর্দু গজলে মীর সবচেয়ে সেনসুয়াস, আপনার মনে হয় না? গালিবে মেধার দ্যুতি, আর মীর যেন রক্তমাখা হৃদয়টাকে হাতে তুলে দেন। গালিব কোথাও নিজেকে আড়াল করেন। ঘোমটার আড়ালের সৌন্দর্যই তাঁকে টানে।
-ঠিক বলেছেন। কিন্তু আড়াল করার শিল্পটা গালিবের কাছেই শিখতে হয়। মীরের বুকে আপনি হাত রাখতে পারেন, ছুরিও বসিয়ে দিতে পারেন। গালিব অনেক দূরে দাঁড়িয়ে থাকা একটা আয়না। সে শুধু প্রতিবিম্ব গ্রহণ করে নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে। কী অদ্ভুত দেখুন, এই আয়না। সব কিছুর ওপর মানুষ তাঁর ছাপ ফেলে রেখে যেতে পারে। কিন্তু আয়নার সামনে আপনি যতক্ষণ, ততক্ষণই, তারপর আপনি হারিয়ে যাবেন। গালিব সেইরকম একটা আয়না। আয়নার সামনে তকে সরে গেলেই আপনি আর কোথাও নেই।
-আমি ভাবিনি তবসুম।
-কী? তবসুমের কণ্ঠস্বরে একটি পাখি উড়ে যায়।
-গালিবকে আপনার মতো করে তো ভাবিনি।
-আপনি তো আপনার মতোই ভাববেন।
-না তবসুম। আমি এই ধরনের ইন্ডিভিজুয়ালিটিতে আর বিশ্বাস করি না। ধর সূফী গল্পে, জেন গল্পে, এস্কিমোদের গল্পে যে-ভাবনা রয়ে গেছে, আমরা সেভাবে ভাবব না কেন? আমরা ব্যাসদেবের মতো কেন ভাবতে পারব না? কেন মীরাবাঈ-এর মতো ভাবতে পারব না? আমাদের যাজ্ঞবল্ক্য বলেছিলেন, সব ছাপিয়ে যাবার পর আর সংজ্ঞা থাকে না।
-আপনার কী হয়েছে? তবসুমের কথা শান্ত হাওয়ার মতো আমার মাথার ওপর দিয়ে বয়ে যায়। এইরকম হাওয়া এক সময় মিনিয়েচার পেন্টিং-এ সাইপ্রেস গাছের মাথার ওপর দিয়ে বয়ে যেত।
-কেন?
-আপনি কি কোনও ব্যাপারে ডিস্টার্বর্ড?
-না। অনেক নতুন-পুরনো মানুষেরা রোজ এসে আমাকে ঘিরে ফেলছে তবসুম। আমি তাদের কথা শুনতে চাই। কিন্তু আমার হাতে সময় বড় কম।
-মানে?
-বাদ দিন। আমরা আবার কাল থেকে কাজ শুরু করব।
-এড়িয়ে যাবেন না প্লিজ। আপনার হাতে সময় বড় কম-এর মানে কী?
-তাহলে একটা কবিতা শোনাই আপনাকে।
-কার?
-সেই বুড়ো নাবিকের। শুনুন-
দেখিলাম-অবসন্ন চেতনার গোধূলিবেলায়
দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোত বাহি
নিয়ে অনুভূতিপুঞ্জ, নিয়ে তার বিচিত্র বেদনা,
চিত্র-করা আচ্ছাদনে আজন্মের স্মৃতির সঞ্চয়,
নিয়ে তার বাঁশিখানি। দূর হতে দূরে যেতে যেতে
ম্লান হয়ে আসে তাঁর রূপ, পরিচিত তীরে তীরে
তরুচ্ছায়া-আলিঙ্গিত লোকালয়ে ক্ষীণ হয়ে আসে
সন্ধ্যা-আরতির ধ্বনি, ঘরে ঘরে রুদ্ধ হয় দ্বার,
ঢাকা পড়ে দীপশিখা, খেয়ানৌকা বাঁধা পড়ে ঘাটে।
দুই তটে ক্ষান্ত হল পারাপার, ঘনাল রজনী,
বিহঙ্গের মৌনগান অরণ্যের শাখায় শাখায়
মহানিঃশব্দের পায়ে রচি দিল আত্মবলি তার।
এক কৃষ্ণ অরূপতা নামে বিশ্ববৈচিত্রের পরে
স্থলে জলে। ছায়া হয়ে, বিন্দু হয়ে মিলে যায় দেহ
অন্তহীন তমিস্রায়। নক্ষত্রবেদীর তলে আসি
একা স্তব্ধ দাঁড়াইয়া, ঊর্ধ্বে চেয়ে কহি জোড়হাতে-
হে পূষ, সংহরণ করিয়াছ তব রশ্মিজাল,
এবার প্রকাশ করো তোমার কল্যাণতম রূপ,
দেখি তারে যে পুরুষ তোমার আমার মাঝে এক।
-আপনি কি ক্লান্ত?
-না। আমি খুব আনন্দে আছি তবসুম। নিজেকে হারিয়ে ফেলার আনন্দ। এই যে উপন্যাস্টা অনুবাদ করতে করতে আমি একটা খণ্ডহরের মধ্যে হারিয়ে যাচ্ছি। কত ভাঙা চুড়ির টুকরো, কত টুটাফাটা মসলিন, কিতাবের ছেঁড়া পাতা, শুকিয়ে যাওয়া আতরের ভেতরে ডুবে যাচ্ছি। উপন্যাস লেখা তো এভাবে হারিয়ে যাওয়ার জন্যই।
.
সেই আয়নার ভিতরে আমরা-আমি ও তবসুম-সাদাত হাসান মান্টোর পাণ্ডুলিপির সামনে বসে আছি। এই পাণ্ডুলিপি আমাদের এক গভীর সমস্যায় ফেলেছে। মান্টোর পাণ্ডুলিপিতে গালিব ও ফলক আরার কাহিনী ছয় নম্বর অধ্যায়ে। সাত নম্বর অধ্যায়ে মান্টো লেখেননি। কয়েকটা। পয়েন্ট লিখে মান্টো লিখেছেন, পরে লেখা যাবে। এই অধ্যায় লেখার কোনও আগ্রহ নেই এখন। সত্যিই মান্টোকে বোঝা যায় না। যেন পাঠক নয়, নিজে পড়বেন বলেই লিখে যাচ্ছেন। এরপরই মান্টো চলে গেছেন আট নম্বর অধ্যায়ে, যেখানে মির্জা গালিব দিল্লি এসে পৌঁছচ্ছেন। কিন্তু সাত নম্বর অধ্যায়টি আর কখনও লেখেননি মান্টো। তাহলে আমরা কী করব?
-সাত নম্বরটা কেন লেখেননি বলুন তো? তবসুম পাণ্ডুলিপির দিকে ঝুঁকে পড়ে বলে।
হয়ত তখন লেখার মন ছিল না। প্রচুর হুইস্কি গিলে বেসামাল ছিলেন। কিন্তু পয়েন্টগুলো কী নোট করেছিলেন?
-মির্জার বিয়ে নিয়ে।
-পড়ুন শুনি।
-লিখেছেন, নবাব ইলাহি বক্স খানের মেয়ে উমরাও বেগমের সঙ্গে বিয়ে হল ১৮১০-এ। গালিবের বয়স তখন তেরো, আর উমরাও –এর এগারো। ইলাহি বক্স হচ্ছেন ঝিরকা ও লোহারুর নবাব আহমদ বক্স খানের ভাই।
-তারপর?
ইলাহি বক্সও গজল লিখতেন। তাঁর তখল্লশ ছিল মারুফ। দিল্লির অভিজাতদের একজন তিনি।
