মুনা বাড়ি ফিরল সন্ধ্যা পার করে। রিকশা থেকে নেমেই দেখল, বাকের ঠিক আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাকেরকে লাগছে ভূতের মত। সে মুনাকে দেখেই লম্বা পা ফেলে এগিয়ে এল। ভারী গলায় বলল, সন্ধ্যার পর মেয়েদের এমন একা একা ঘোরাফেরা করা ঠিক না। রোজ চেষ্টা করবে সন্ধ্যার আগে ফিরতে।
আপনি কি সারাদিন এই জায়গাতেই দাঁড়িয়ে ছিলেন?
আরে না। কি যে বল; আমার কাজ আছে না?
বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগল। মুনা বিরক্ত গলায় বলল, আপনি আমার পেছনে পেছনে আসছেন কেন? বাকের থমকে দাঁড়াল। অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে?
কিছুই হয়নি। হবে। আবার কি?
কাঁদছ কেন?
কি আশ্চৰ্য। আমি কাঁদছি কেন সেই কৈফিযতও আপনাকে দিতে হবে?
না তা না। তোমাকে কাঁদতে দেখে মনটা খারাপ হয়ে গেল। কেউ কিছু বলেছে?
কেউ কিছু বলেনি। আর বললেও আপনার কিছু যায় আসে না। প্লিজ, আমাকে বিরক্ত করবেন না।
না না বিরক্ত করব কেন? যাও বাসায় যাও।
মুনা ক্লান্ত পায়ে এগিয়ে গেল। বাকের তাকিয়ে রইল। মুনাকে সে ছোটবেলা থেকে দেখে আসছে। তাকে সে কখনো কাঁদতে দেখেনি। কত রকম দুঃখ থাকে মানুষের। মানুষ হয়ে জন্মানোটাই একটা বাজে ব্যাপার।
বাকের এগিয়ে গেল। সাতটার ওপর বাজে। বয়েজ ক্লাবে নাটকের রিহার্সেল শুরু হবে। ছেলে-ছোকরাদের কারবার। বয়স্ক কারো থাকা দরকার। নাটকের জন্যে টাকা তুলে দিতে হবে। চার-পাঁচ হাজার টাকার কমে নাটক নামানো যায় না। এরা হুঁট করে একটা ডিসিসান নেয় ক্যামেলা সামলাতে হয় তাকে।
রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে!
এত রাতে রান্নাঘরে কে? মুনা ঘড়ি দেখল। রাত দুটো। চোর নাকি? বাসন-কোসন নড়াচড়া হচ্ছে। চোররা এত শব্দ করে কিছু করবে না। তাছাড়া সে জেগে আছে। টেবিল ল্যাম্প জ্বলছে। চোর আসার কথা নয়। একবার দেখে এলে হয়। কিন্তু কেমন যেন ভয় ভয় লাগছে। আগে কখনো এ রকম হত না। কিন্তু এখন কোথেকে একটা ভয় ঢুকে গেছে মনে। সন্ধ্যার পর পর একা একা রিকশায় চড়তে ভয় করে। দুপুর রাতে ঘুম ভাঙলে ভয় করে।
মুনা নিচু স্বরে ডাকল, বকুল, বকুল! বকুল নড়ল না। তার ঘুম পাথরের মত। টেনে বিছানা থেকে নামালেও ঘুম ভাঙবে না। বিয়ে হলে এই মেয়ের খুব ঝামেলা হবে। স্বামী বেচারা খুব বিরক্ত হবে। পৃথিবীর সব স্বামীরাই বোধ হয় চায় রাতে গায়ে হাত দেয়া মাত্র স্ত্রী জেগে উঠে আদুরে গলায় বলবে কি চাও? মুনা এসব আজেবাজে কথা ভাবছে কেন? তার নিজের ওপর রাগ লাগল। সে বকুলের শাড়ি ঠিক করে দিল। এত বড় মেয়ে কিন্তু কি বিশ্রী ঘুমুবার ভঙ্গি।
বকুল, বকুল।
বকুল পাশ ফিরল। কিন্তু কোনো শব্দ করল না। তার মুখ হাসি হাসি। সুন্দর কোনো স্বপ্ন দেখছে বোধ হয়। ওর বয়সে সে শুধু ভয়ের স্বপ্ন দেখত। একটা স্বপ্ন ছিল সাপের। স্বপ্নটা এত স্পষ্ট যে সব সময় মনে হত সত্যি। সে পুকুরে গোসল করতে গিয়েছে। পানিতে পা ছোঁয়াবার সঙ্গে সঙ্গে পানিতে ভাসতে ভাসতে একটা সাপ আসতে থাকে তার দিকে। সে দৌড়াতে শুরু করে। সাপট তার পিছু ছাড়ে না। সে পাগলের মত কত অলিতে গলিতে ঢোকে৷ কিন্তু সাপটা থাকেই। পেছনে ফিরলেই সে দেখে লাল পুতির মত দু’টি চোখ। চেরা জিব। কি কুৎসিত স্বপ্ন! এমনিতেই কত ভয়াবহ সমস্যা মানুষের থাকে। ঘুমের মধ্যেও সেসব সমস্যা উঠে আসতে হবে? স্বপ্নটা কেন সব সময় আনন্দের হয় না?
বকুল, বকুল!
কি।
উঠ তো একটু। রান্নাঘরটা দেখে আসি। কে যেন খুঁটখাট করছে।
বকুল উঠে বসিল, বিছানা থেকে নামল। তার ঘুম কাটেনি। উঠে দাঁড়াতে গিয়ে সে হেলে পড়ে যাচ্ছে। চোখ আধিবোজা। এখন মুনার মায়া লাগছে। ঘুম না ভাঙালেই হত।
স্বপ্ন দেখছিলি নাকি, এই বকুল।
না। কটা বাজে আপ?
দু’টা পাঁচ।
তারা দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল। বারান্দাটা বেশ ঠাণ্ডা। কার্তিক মাসের মাঝামাঝি ঠাণ্ডা হবারই কথা। কিন্তু ঘরে গুমটি গরম। এখনো ফ্যান ছেড়ে ঘুমুতে হয়। যখন পুরোপুরি শীত পড়বে তখন এই ঘরটি হয়ে যাবে হিমশীতল। কি অদ্ভুত যে বাড়ি।
রান্নাঘরে কিছুই নেই। জানালা বন্ধ। শিকল তোলা। বকুল বলল, ইঁদুর শব্দ করছে আপা। খুব ইঁদুর হয়েছে। এত মোটা একটা ধাড়ি ইঁদুর দেখেছি। মুনা কিছু বলল না। বকুল হাই তুলছে। ঘুম ভাড়িয়ে ওকে তুলে আনাটা খুব অন্যায় হয়েছে।
কে? কথা বলছে কে?
শওকত সাহেবের মোটা গলা শোনা গেল। মুনা বলল, মামা আমি। শওকত সাহেব। আর কিছু বললেন না। মুনা ভেবেছিল মামা জিজ্ঞেস করবেন, এত রাতে কি করছিস? তারপর দরজা খুলে বেরিয়ে আসবেন। কিন্তু তিনি তা করছেন না। মামা কি বদলে যাচ্ছেন? হঠাৎ একা হয়ে পড়লে মানুষ দ্রুত বদলে যেতে শুরু করে। মুনা নিজেও কি বদলাচ্ছে না?
বকুল শোয়া মাত্র ঘুমিয়ে পড়ল। হয়ত প্ৰায় সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করছে। বিড়বিড় করে কি সব যেন বলছে। কেমন গভীর শোনাচ্ছে তার গলা। ঘুমের মধ্যে মানুষের গলার স্বর বদলে যায় নাকি? মুনা বাতি নিভিয়ে দিল। ঘুম আসবে না। বাকি রাতটা কাটাতে হবে জেগে। ইদানীং তার ঘুমের সমস্যা হচ্ছে। সন্ধ্যায় খুব ঘুম পায়। চোখের পাতা খুলে রাখা যায় না। এমন ঘুম। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম কেটে যায়।
একটু ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে। ফ্যানটা বন্ধ করে দিলে হয়। উঠতে ইচ্ছা হচ্ছে না। তবু সে উঠত কিন্তু তার ধারণা হল ফ্যান বন্ধ করলেই আবার গরম লাগতে শুরু করবে। আবার বিছানা ছেড়ে নেমে যেতে হবে ফ্যান ছাড়বার জন্যে। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। ইদুর। ইদুরের উপদ্রব আগে ছিল না। হঠাৎ হয়েছে। শুধু নয়। সেই সঙ্গে প্রচুর তেলাপোকা। এত তেলাপোকাও আগে ছিল না। ঐদিন বাবু বলছিল, মা মারা যাবার পর বাড়িটা অন্য রকম হয়ে গেছে। বলেই সে নিজেই লজ্জা পেয়ে গেল। এটা একটা সাধারণ সহজ কথা। এর মধ্যে লজ্জা পাওয়ার মত কিছু নেই। মামির মৃত্যুর পর বাড়িটা সত্যি সত্যি কিছু বদলেছে। মনে হয় বাড়িটা আগের মত নেই। পরিবর্তন কোথায় হয়েছে তা অবশ্যি ধরা যাচ্ছে না।
