সুমিতি বললো, ভাই, মণি, তুমি কবি আর তোমার কথা বলার ধরন অনেকটাই তোমার দাদার মতো।
মনসা সুমিতির মুখের দিকে চেয়ে হাসলো, বললো, হয়তো দুজনেই ওটা জেঠিমার ঠোঁট থেকে পেয়েছি। কিন্তু বলল, জেঠিমা এ বাড়িতে এসেছিলেন টেনিস র্যাকেট আর চার্চ অর্গান নিয়ে,তুমি কী নিয়ে এসেছে জানতে ইচ্ছা করে। বিশ্বাস হয় না, এ তোমার নিছক আন্ডারগ্রাউন্ডে আসা।
পুকুরের পার ঘুরে তারা খিড়কির বাঁধানো ঘাটে এসেছিলো। তখন অনেকে জলে নেমেছে মানে।
মনসা যেন জলে ভাসা সেই নানা রঙের পাখপাখালি দেখতে, তাদের সঙ্গে কথা বলতে ঘাটে গিয়ে দাঁড়ালো। সুমিতি তাকে অনুসরণ করছিলো, কিন্তু কোথা থেকে কীভাবে হঠাৎ তার মনে পড়ে গেলো এই ঘাটেই আত্মহত্যা করেছিলো সুকৃতি। হয়তো তারপর থেকেই অনসূয়া আর এদিকে আসেন না। সুমিতির পা দুখানা যেন পাথরের হয়ে সেই স্নানের ঘাটের সঙ্গে জুড়ে গেলো।যেন কী এক ইয়ত্তাহীন পরিবর্তন ঘটেছে এই জলে। কেন তা আর কোনদিনই জানা যাবে না। সমিতির মুখে যেন সেই ইয়ত্তাহীনতার নীল লাগছে। ততক্ষণে মনসা শাড়ি গুটিয়ে জলের প্রান্তে দাঁড়িয়েছে, যেন কুলকুচো করা, পা ধুয়ে নেয়া তার খুব দরকার।
১৮. শ্রীকৃষ্টের সংসারে চাষী
শ্রীকৃষ্টের সংসারে চাষী সৃষ্টি হবে এটা কেউ কল্পনা করতে পারেনি, কিন্তু তার ছেলে ছিদাম চাষী হলো।
ছিদামের হাতে সংসার প্রতিপালনের ভার। তাকে অত্যন্ত পরিশ্রম করতে হয়। নিজেদের বলতে সামান্য যেটুকু আছে তার চাষ হয়ে গেলেও সে বসে থাকেনি, অন্যের জমিতে মজুর খেটেছে।
চৈতন্য সাহাকে জমিদার সময় দিয়েছে, সেও খাইখালাসি থেকে জমি মুক্ত করে দিয়েছে। কিন্তু অবস্থাটা দাঁড়িয়েছে এইরকম : কোনো অত্যাচারের বন্দীশালা থেকে মুক্তির এই শর্ত হয়েছে যে একশজন যোদ্ধার ব্যুহ ভেদ করে একটা নির্দিষ্ট সীমায় পৌঁছতে হবে, আর দলপতি রামচন্দ্র যেন খোলা তলোয়ার হাতে তুলে নিয়ে সেই ব্যুহ ভেদ করতে অগ্রসর হলো। খোরাকির ধানের জন্য, হাল বলদের জন্য জমি আবার চৈতন্য সাহার কাছেই রেহানেরাখতে হবে। রেহান ছাড়া করতে প্রাণপণ না করলে চলবে না, প্রাণপণে মুক্তি। ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত ছিদাম মাঠে পড়ে থাকে।
সংসার প্রতিপালনের দায়িত্বের সঙ্গে কর্তৃত্বের অনিবার্য যোগ আছে, কিন্তু কর্তৃত্ব নিয়ে অনেকসময়ে অশান্তির সৃষ্টি হয়।
কেষ্টদাস জমিজমা থেকে আগেই হাত গুটিয়ে নিয়েছিলো। অসুস্থতার জন্য তাকে বিরক্ত করা অনুচিত ভেবেও বটে, আর তার কাছে উৎসাহব্যঞ্জক পরামর্শ পাওয়া কঠিন বলেও বটে, ছিদাম তার চাষসংক্রান্ত আলোচনাগুলি বাড়িতে পদ্মর সঙ্গে, অন্যত্র মুঙ্লার সঙ্গে করে। এতে একটা উপেক্ষার ভাব আছে, কিন্তু কেষ্টদাস জীবনের কোলাহল থেকে পিছিয়ে পড়তে চায় বলে এটা তার গায়ে লাগেনি।
একদিন কিন্তু তার মনে আঘাত লাগলো।
কিছুদিন থেকে আবহাওয়াটা তার শরীরের পক্ষে অনুকূল যাচ্ছে। সকালে উঠে সে বেরিয়ে পড়ে; এ-পাড়ায় ও-পাড়ায়, বৃদ্ধ জরাজীর্ণদের দাওয়ায়, কারো বাড়ির কোনো গাছতলায় অনেকটা সময় কাটিয়ে দুপুরে বাড়ি আসে। তারপর স্নানাহার ও দিবানিদ্রা। বিকেলে কখনো কখনো তার বাড়ির দাওয়ায় কেউ এসে বসে, কোনদিন সে যায় রামচন্দ্র মণ্ডলের বাড়িতে। সেদিন বাড়ির কাছাকাছি এসে গাছগুলির ছায়া দেখে সে টের পেলো, বেলা গড়িয়ে গেছে।
বাড়িতে ফিরে সে দেখলো শোবার ঘরে শিকল তুলে দেওয়া, রান্নাঘরেও তাই। সে ডাকলো, কই বৈষ্ণবী, গেলা কোথায়? সাড়া না পেয়ে সে ভাবলো হয়তো কোথাও গেছে, এখনই আসবে। রান্নাঘরের বারান্দায় মাটির ঘড়ায় রোজকার মতো তার স্নানের জল ভোলা ছিলো। স্নান শেষ করে সে কিছুক্ষণ আবার অপেক্ষা করলো। তার ক্ষুধার উদ্রেক হওয়ার কথা। রান্নাঘরের দরজা খুলে সে দেখলো পিড়ি পাতা, পিড়ির সম্মুখে ধামা দিয়ে ঢাকা আহার্য সাজানো রয়েছে। একবার সে ভাবলো আরও কিছুক্ষণ অপেক্ষা করা যাক কিন্তু পরে মনে হলো, পদ্ম যদি তাড়াতাড়িই ফিরবে তবে খাবার গুছিয়ে রেখে যেতো না। তার দুর্বল দেহ উপবাসের পক্ষে অপটুও বটে। আহারের পর মনে হলো তার–হয়তো পদ্ম ছিদামের জন্য আহার্য নিয়ে মাঠে গেছে। একটা অভিমান হলো তার।
চিকন্দির সীমায় সানিকদিয়ারের মাঠগুলির লাগোয়া কেষ্টদাসের সামান্য কিছু জমি ছিলো। কেষ্টদাস সেখানে গেলো। রোদ তখন মাথার উপরেই আছে। জমিটার দিকে এগোতে এগোতে কেষ্টদাস ভাবতে লাগলো পদ্মর সঙ্গে দেখা হলে কী বলবে সে। পদ্ম যদি তার পূর্বের কোনো বৈষ্ণবীর মতো হতো তাহলে তার কাছে বিলম্বের জন্য কৈফিয়ত নেওয়া যেতো। এক্ষেত্রে সে নিজেই একটা কৈফিয়ত তৈরি করে ফেলো, সে স্থির করলো দেখা হলেই জিজ্ঞাসা করবে হাট থেকে কিছু কেনাকাটা করতে হবে কিনা।
জমিটার চৌহদ্দির আলের উপরে একটা আমগাছ ছিলো, কলমের গাছ খোলা আকাশের নিচে ছাতার মতো গোল হয়ে উঠেছে। ছিদাম, পদ্ম ও মুঙ্লাকে কেষ্টদাস দূর থেকেই চিনতে পারলো। তারা যেন গোল হয়ে বসে কী আলাপ করছে। বিষয়টা কী, তা তার আন্দাজে আসছে না, কিন্তু আর এগোতেও পারলো না সে।
দিনটা গড়িয়ে গেলো। রাত্রিতে কেষ্টদাস তার বিছানায় বসে শুনতে পেলো অন্যান্য দিনের মতো ছিদাম আর পদ্ম জমিজমা ফসল নিয়ে আলাপ করছে। সে আজ দুপুরবেলায় যা অনুভব করেছে সেটা অন্য কারো অনুভব করার কথা নয়। তার মনে হতে থাকলো–পদ্মর কী একবারও প্রশ্ন করতে নেই দুপুরে সে আহার করেছে কিনা? অবশ্য সে আহার করেছে এটা পদ্ম জিজ্ঞাসা না করেও বুঝতে পেরেছে, তবু জিজ্ঞাসা করলেই যেন স্বাভাবিক হতো। কেষ্টদাসের মনে হলো। তেমন সেবাযত্ন আর যেন সে পায় না। এই যে ওরা আলাপ করছে এতেও যেন তাকে অস্বীকার করার ভাবটাই আছে। জমিজমা যতটুকু আছে সবই তার, তবু সে যেন উহ্য। মৃত্যুর পরেই বোধ করি এমন হয়।
