মাধাই বললো, ছান করতে কও, কিন্তুক মাথা এখনো দপদপ করতিছে।
ফতেমা কথা না বলে সরে এলো তার কাছে, তার পিঠে গলায় হাত রেখে পরখ করে বললো, জ্বর না বোধায়। রাত জাগছে, উপাস পাড়ছে। যাও ওঠো, অল্প করে ছান করে আসো।
মাধাই স্নান করে এসে দেখলো উনুনে আঁচ দেওয়া হয়েছে, বঁটি নিয়ে আনাজ কুটতে বসেছে সুরতুন। ফতেমা হাঁড়িকুড়ি মেজে ঘষে পরিচ্ছন্ন করে নিচ্ছে। মাধাইকে দেখে ফতেমা তাড়াতাড়ি সুরতুনকে বললো, তুই যে কী মেঠাই আনছিস, তাই আগে ভাইকে খাবের দে।
কথাটা ভেবে দেখার মতো। মাধাইয়ের আহারাদির ইদানীং কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা ছিলো না। কাজের ভিড় থাকলে, তা স্টেশনের হোক কিংবা ইউনিয়নের, রানিংরুমে গিয়ে সে খেয়ে আসে। র্যাশানের চাল দিলে যে কোনো হোটেলের চাইতে কম পয়সায় সেখানে আহার্য মেলে। ছুটিছাটার দিনে সখ করে কিংবা মেজাজ হলে সে তার ঘরেও রান্না করে। কিন্তু সেটা অনির্দিষ্ট ব্যাপার। রান্নার কাজে সময় ব্যয় না করে ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে নিয়ে কাটাতেই তার ভালো লাগতো। হাত ঘুরিয়ে ঘুরিয়ে পেশীগুলোকে অনুভব করা, আয়না কোলে করে বসে সিঁথি বাগানো, জামার বোতামগুলো নিপুণ হাতে সেলাই করা, এসব নিয়ে তার সময়, যতটুকু তার অবসর, কেটে যেতো। ইদানীং রান্নার ব্যাপারে তার আরও বিমুখতা এসেছে। নিজেকে নিয়ে সে চিন্তা করে।
কিন্তু তার ঘরে রান্নার ব্যবস্থা হিসাবে অ্যালুমনিয়মের পাত্র, উনুন, বঁটি, লকড়ি, এসবই ছিলো। ফতেমাদের সে ব্যবহার করতে দিতো এসব। ফুলটুসির ছেলেদের জন্য রান্নার প্রয়োজন হয়েছিলো ফতেমার।
মাধাই বিস্মিত হলো। ফতেমা তার জন্য রান্না করতে বসেছে, যেন সেটাই অভ্যস্ত স্বাভাবিকতা। কোনো সংশয়ই যেন নেই। মাধাইয়ের কাছে জিজ্ঞাসা করাও দরকার বোধ করেনি ফতেমা। তার মনে এমন কোনো দ্বিধা নেই-মাধাই তার রান্না খাবে কিনা।
কিন্তু সুরতুনের দেওয়া মিঠাই ও জল খেয়ে মাধাইয়ের মনে হলো এমন স্নিগ্ধতা সে দীর্ঘদিন অনুভব করেনি।
স্নান-আহার করে খানিকটা গড়িয়ে নিয়ে তার মনে হলো শরীরে কোনো কষ্ট নেই আর। ঘরের মধ্যে কিংবা বারান্দায় ফতেমারা ছিলো না। কোথায়-বা গিয়েছে কোনো চালের ধান্দায়, ভাবলো হাসি হাসি মুখে সে। বহুদিন পরে আবার সে এদের কথা ক্ষণেকের জন্যও চিন্তা করলো।
বাইরের দিকে চাইতে গিয়ে বহু পরিচিত কাঁঠাল গাছটার প্রথম ডালটায় তার চোখ পড়লো। কিছুদিন সে লক্ষ্য করেনি। মনে হলো যেন ডালটা বেড়েছে। ঝিরঝিরে হাওয়ায় পাতা কাঁপছে। সেখান থেকে সরতে সরতে তার দৃষ্টি পড়লো আরো দূরের দৃশ্যপটে। দিগরের আবর্জনা বয়ে পাকা নালাটা কিছু দূরে গিয়ে খানিকটা নিচু জমি প্লাবিত করে একটা জলা সৃষ্টি করেছে। বর্ষায় জল বেড়ে ছোটো একটা বিলের মতো দেখায়। প্রথম চাকরি পাবার পর একদিন সে ছিপ নিয়ে গিয়েছিলো মাছ ধরতে, খুব পাকা একটা শোল পেয়েছিলো। এখন জল অনেক কমে গেছে। জলের ধারে ধারে বুনোঘাসের সবুজ ঝোঁপগুলোও ঠাহর হচ্ছে চোখে।
মনের গতি চিন্তার গণ্ডিবদ্ধ না হলে যেমনটা হয়, তেমনি হলো মাধাইয়ের। বহুদিন-ভুলে যাওয়া গ্রামের কথা মনে পড়লো তার। দৈনন্দিন অভিজ্ঞতার তিক্ত কোনো ছবিনয়, একটি বিশেষ দিনের স্মৃতি। রটন্তীকালীর পূজা হয়েছিলো সান্যালবাড়িতে। আর সেইবারই প্রথম ঢাক বাজানোর সাহস হয়েছিলো তার। দুখানা ঢাক নিয়ে সে আর তার বাবা গিয়েছিলো সান্যালবাড়িতে। ধানখেতের আলের উপর দিয়ে পথ। ধানের পরিপূর্ণ গোছাগুলো ঢাকের গায়ে লেগে একরকম মৃদু বাজনার শব্দ উঠছিলো। অদ্ভুত, অদ্ভুত। এতদিনকার পুরনো কথা কী করে এত স্পষ্ট হয়ে মনে পড়লো, ভাবলো সে। পূজামণ্ডপে নতুন ধুতি গামছা বিদায় পেয়ে সে যখন ভাবছে যথেষ্ট পাওয়া হয়েছে, ঠিক তখনই তাদের কঁশি বাজানোর ছোকরাটা তার বাবার ঢোল বাঁশি নিয়ে এলো। তার বাবা ছিনাথ ঢোল কাঁধে উঠে দাঁড়ালো, তার হাতে সানাই বাঁশি দিয়ে কানের কাছে মুখ নিয়ে বললো, ঠিক করে বাজাস সারগাম। কষে রাখিস তাল। সান্যালমশাই স্বয়ং বসে ছিলেন অন্দরের দরদালানে। সানবাঁধানো আঙিনায় অন্যান্য বাজনদারদের মধ্যে। গলায় ঢোল ঝুলিয়ে মাথা উঁচু করে দাঁড়ালো ছিনাথ বায়েন। রোগে ভুগে তার শরীর তখন জীর্ণ। তবু সে বাজনদারদের সেরা। সে আবার বললো, বাজাস কৈল ঠিক করে, কর্তাক কইছি ছাওয়ালেক আনছি। তারপর বাজনা শুরু হলো। বসে, দাঁড়িয়ে, নাচতে নাচতে, পিছিয়ে গিয়ে, প্রমত্ত তাণ্ডবে সম্মুখে হেলে পড়ে ছিনাথের সে কী বাজনা! মাধাই প্রাণপণে মুখস্থ সারগম দিয়ে বাবার সঙ্গে জুড়ি রেখে যাচ্ছিলো, কিন্তু ওস্তাদি ভর করলো ছিনাথের মাথায়।নতুন বোল তৈরি হতে লাগলো তার মনে মনে, সেগুলি ঝংকার দিয়ে বাজতে লাগলো তার ঢোলে। মাধাই অবাক হয়ে যাচ্ছিলো, দম পাচ্ছিলো না, কিন্তু থামবারও উপায় ছিলো না। ছিনাথ কথা বললো না, কিন্তু তার ঢোলের বাজনা তেড়ে তেড়ে উঠে মাধাইয়ের সমস্ত নির্জীবতার উপর তর্জন করতে লাগলো। মাধাইয়ের স্পষ্ট মনে পড়ে, হিংসা ভুলে সাবাস করে উঠেছিলো অন্য সব টুলিরা। আর তাদের দিকে ফিরে হাসি হাসি মুখে কাত হয়ে ঘুরতে-না-ঘুরতে তেহাইয়ের মাথায় আবার চাটি দিলো ছিনাথ।
