কফি হাউসে একজন খুব লম্বা মানুষ আসতেন। সামনেই তাঁর টেবল ছিল নির্দিষ্ট। তাঁর বন্ধুরাও আসতেন। মনে পড়ে যায়। তিনি কে আমি জানি না। কিন্তু তাঁকে বেশ মনে আছে। দুপুরে দেখেছি নির্মাল্য আচার্য এক্ষণের গালি প্রুফ নিয়ে বসেছেন। একা। পরে হয়ত যুগান্তর চক্রবর্তী এলেন। সুনীলদা কিংবা শক্তিদাকে আমি কফি হাউসে দেখিনি। কিন্তু সন্দীপনদার সঙ্গে দীর্ঘদিন আড্ডা দিয়েছি আফসার আমেদ, নলিনীকে নিয়ে। সন্দীপনদা তাঁদের হাওড়ার বাড়ির কথা বলতেন। আরো অনেক কথা। তিনি আমার ‘হাঁসপাহাড়ি’ উপন্যাসের এক প্যারাগ্রাফ পড়ে দিনের পর দিন সেই প্যারাগ্রাফ নিয়ে কথা বলতেন। প্রতিক্ষণ শারদীয়তে যোগেন চৌধুরী ছবি এঁকেছিলেন হাঁসপাহাড়ির। তিনি যোগেন চৌধুরীর ছবিগুলি আর উপন্যাসের এক প্যারাগ্রাফ নিয়েই সন্ধে কাটিয়ে দিলেন। বেশ মজাই লেগেছিল। এইসব নিয়েই কফিহাউস। সময়ে সময়ে আড্ডার মানুষ বদলে গেছে। রক্তকরবীর প্রদীপ ভট্টাচার্য, সিদ্ধার্থ ঘোষ, কল্যাণ মাইতি, জয়ন্ত জোয়ারদার, চন্দন ঘোষ এদের সঙ্গে কফি হাউসেই আলাপ। আর ছিলেন চিত্রকর প্রবীর সেন। আমাদের সে ছিল সোনার দিন। কফি হাউসে বসেই প্রদীপ তাঁর অন্বেষা প্রকাশনের বইয়ের পরিকল্পনা করতেন, চন্দন তার পত্রিকার সুচী ঠিক করতেন। কফি হাউস যে কত লিটল ম্যাগাজিনের সম্পাদকের দপ্তর। লেখা নেওয়া আর লেখক কপি বিতরণ সবই এখানে। সিদ্ধার্থ ঘোষ তখন অনুবাদ করতেন। ছোটদের জন্য সায়েন্স ফিকশন লিখতেন। একটা বইয়ের কথা মনে পড়ে, ‘গ্যাবনে বিস্ফোরণ’। পরে সিদ্ধার্থ সুকুমার রায়, উপেন্দ্রকিশোর নিয়ে বড় কাজ করেছিলেন। প্রস্তুতি পর্ব পত্রিকা বিশেষ সংখ্যা বের করেছিল সুকুমার শতবর্ষে। সে ছিল এক অমূল্য সঞ্চয়ণ। আমি প্রস্তুতিপর্ব পত্রিকায় একটি গল্প লিখেছিলাম, ভারতবর্ষ। সিদ্ধার্থ, কিংবা পুলক চন্দ লিখতে বলেছিলেন। খুব অল্প বয়সে চলে গেছেন এই মেধাবী বন্ধু, যাঁকে পেয়েছিলাম কফি হাউসেই। জ্যাক লন্ডনের গল্প অনুবাদ করেছিলেন সিদ্ধার্থ। শীর্ণকায় কল্যাণ মাইতি ছিলেন অর্থনীতির অধ্যাপক। অনুবাদ করতেন। তিনিও চলে গেছেন। জয়ন্ত জোয়ারদার নেই, চন্দন ঘোষ নেই। কফি হাউসেই আমার আলাপ এঁদের সঙ্গে। তখন মোবাইল ফোন কেন, ল্যান্ড লাইনও ছিল না কারো ঘরে। আমাদের ঠিকানা ছিল কফি হাউস। কফি হাউসে গেলেই দেখা হবে। কেউ না কেউ আসবে। এইসব কথা গত শতাব্দীর ৮০-র দশকের। আমি কফি হাউস ছাড়িনি। কিন্তু বন্ধুরা ছেড়ে চলে গেছে এ জীবনের মতো। অনেকে যেমন কফি হাউসে আসত, অনেকে আসত না। তুষার চৌধুরী এক দ্বিপ্রহরে আমার সঙ্গে কফি হাউসেই আলাপ করিয়ে দিয়েছিল বাসুদেব দাশগুপ্তর সঙ্গে। প্রায় ঘন্টা দুই স্থায়ী হয়েছিল সেই আলাপ পর্ব। কথোপকথন। বাসুদেবকে নিয়ে আমার কৌতুহল ছিল খুব। তখন রন্ধনশালা পড়া হয়ে গেছে। তুষারই দিয়েছিল বইটি। বাসুদেব আমার কয়েকটি গল্প পড়েছিলেন, তা নিয়ে তাঁর অভিমত দিয়েছিলেন। সে হবে ১৯৭৭-৭৮ সাল। আমার প্রথম বইটি তাঁকে দিয়েছিলাম মনে হয়। অতঃপর তিনি যাত্রা করলেন অশোক নগরের উদ্দেশে। আর দেখা হয়নি। স্কটিশ চার্চ কলেজে যখন পড়ি, সবে কফি হাউস যেতে আরম্ভ করেছি, গিয়ে সিগারেট আর কফি নিয়ে বসেছি বন্ধুদের সঙ্গে, দেখি বড়দা তাঁর বন্ধুদের সঙ্গে বসে আছেন। সিগারেট ফেলে দিয়ে কাঠ হয়ে বসে থাকলাম। দুপুরে গেলে তাঁদের দেখা যেত, ১৯৭০-এর কথা। ১৯৭৫-থেকে প্রভাতদার সঙ্গে সম্পর্ক। প্রভাতদা তেমন যেতেন কফি হাউসে তা মনে পড়ে না। তবে পবিত্র মুখোপাধ্যায় যেতেন। এখনো আসেন মাঝে মাঝে। আমি বাইরে চাকরি করতাম। হাওড়ায় নামলাম হয়তো বিকেলে বা সন্ধেয়। ব্যাগ হাতে কফি হাউসই প্রথম গন্তব্য। বন্ধুরা কারা আছে দেখি। আড্ডা মেরে বাড়ি ফিরব। একদিন শ্যামল গঙ্গোপাধ্যায় আমাকে ব্যাগ সমেত ধরলেন কফি হাউসে। তিনি খুব একটা যেতেন না। সেদিন হয়তো একা লাগছিল, নিঃসঙ্গতার ভিতরে আমাকে পেয়ে নিয়ে গেলেন প্রতাপাদিত্য রোডে। পান ভোজন হলো। পরদিন সকালে বাড়ি ফিরলাম। শ্যামলদা বলেছিলেন, “তোকে ওখানেই পাব ভেবেছিলাম, মিলে গেল।”
শনিবারই কফি হাউসের সেরা আড্ডার দিন। সেদিন দুপুর থেকে মফস্বলবাসী পত্রিকা সম্পাদক, কবি, গদ্যকাররা আসেন। আমিও যাই। বিরাম নেই। এ ছাড়া আমাদের যাওয়ার দিন মঙ্গলবার। বৃহস্পতিবার কখনো কখনো। এখন নলিনী বেরা, দেবাঞ্জন চক্রবর্তী, জয়ন্ত দে, অলোক গোস্বামী, প্রবুদ্ধ মিত্র, নৃপেন চক্রবর্তী, সমীরণ দাসদের নিয়ে আমাদের টেবিল। যেদিন সমীর চট্টোপাধ্যায় কলেজ স্ট্রিটে আসে, কফি হাউসে আসবেই। আমাদের টেবিলে। স্বপ্নময় আসে কম। ভগীরথ মিশ্র খুব কম। তবে সম্প্রতি এসেছিলেন। অন্যদিনে যদি যাই, নিয়মিত বন্ধুরা কেউ না থাকলেও কাউকে কাউকে পেয়ে যাইই। রণজিৎ দাস কিংবা মৃদুল দাশগুপ্ত বা কালীকৃষ্ণ গুহ মশায়। শনিবার সুইনহো স্ট্রিট পত্রিকার তাপস রায় বহুজনকে নিয়ে টেবিল আলো করে বসে থাকেন, সায়ন্তনী ভট্টাচার্য, অনিন্দিতা বসু সান্যাল, শকুন্তলা, দিশা, সৌমিত্র চৌধুরী, কেষ্ট চট্টোপাধ্যায়… আরো কত কবি, সম্পাদক। আমাকে ওদের ওখানেও বসতে হয়। ভালোবাসার ডাক দেয় এমন। একটা সময় সরসিজ বসুর টেবিলে বসতাম। সরসিজ আমাদের পাড়ার ছেলে। আলাপ কফি হাউসেই। সে-ই একমাত্র ব্যক্তি যাকে প্রত্যেক দিন দেখা যায় সন্ধ্যা থেকে টেবিলে অনেককে নিয়ে বসে আছে। সোমক দাস আগে খুব আসত, এখন আসে কম। এলে ওর পত্রিকা পোয়েট্রি নিয়ে আসে। প্রদীপ ভট্টাচার্য আসতেন। জয়া মিত্রর সঙ্গে আমার আলাপ কফি হাউসেই। প্রদীপ তাঁর হন্যমান ছেপেছিলেন তখন। প্রদীপ নেই। গত ২০১৯-এর বইমেলার মাঠে নিজের প্রকাশনীর ভিতরেই ঢলে পড়েই মৃত্যু। সরসিজ সম্প্রতি ‘কফি হাউস সার্কেল’ নামে একটি পত্রিকা বের করেছে ওই টেবিলে বসেই। আমি লিখেছিলাম আমার প্রথম বই নিয়ে। সরসিজ তার ‘বকলম’ পত্রিকার যোগাযোগ কফি হাউসের টেবিলে বসেই করে। কফি হাউসে না গেলে মুরাকামী কিংবা মাহমুদুল হকের বই আদান প্রদান হয় না। শ্যামল না শীর্ষেন্দু এই নিয়ে বা সদ্য পড়া গল্প উপন্যাস নিয়ে তক্কো-বিতক্কো হয় না। এসব না হলে সাহিত্যের আড্ডা হয় কী করে? নলিনী তাঁর উপন্যাস গল্পের বাইরে কবিতা বের করেন ঝুলি থেকে। দিয়ে বলেন, পড়ুন দেখি। হ্যাঁ, একজনের কথা বলতে হবে। পরিতোষবাবু। পুরোন দুষ্প্রাপ্য বইয়ের ঝুলি নিয়ে খড়দহ থেকে তিনি প্রতিদিন আসেন কফি হাউসে। এইটি তাঁর পেশা। কত বছর, কত দিন ধরে তাঁকে দেখছি। পরিতোষ বাবু আমাদের এই শহরের এই কফিবাড়ির মর্যাদা বাড়িয়েছেন।
