করেন কি না বোলেন।
মাঝে মধ্যে, খুবই কম।
বাড়িতে ড্রিংক কোরেন না?
নো স্যার।
বড় সায়েব বলেন, হামার বাড়িতে ভি চোলে না, ওয়াইফ জানলে তুলকালাম হয়ে যাবে, আপনার?
ছোট সায়েব বলেন, আমার বাড়িতেও সে চল নেই স্যার।
লুকিয়ে রেখে দিবেন।
ছোট সায়েব বলেন, সম্ভব নয় স্যার।
হামার পক্ষেও তো ইম্পসিবল, তাহলে কী হবে?
ছোট অবাক হয়ে জিজ্ঞেস করলেন, বুঝতে পারছি না স্যার।
এই দেখেন না, মিঃ গণপত, দুটা সিঙ্গল মল্ট হুইস্কি এনেছেন, হামি নন ড্রিংকার, আপনি ভি ড্রিংক কোরেন না, তবে কী হবে, বাড়িতে নিয়ে গেলে বিরাট অশান্তি হবে, সংসার ভেঙে যাবে, রিলেশন ব্রেক করে যাবে, দেখুন মিঃ গণপত, ইম্পসিবল, নিয়ে রাখার জায়গা নেই, অফিসে তো মদের বোতল রাখা যায় না, স্যরি, হামি ভাবলাম মিঃ দত্ত লিখেন, মদ-টদ চোলে, শক্তিদাকে দেখেছি একবার, কত খেতে পারতেন, কিন্তু ইনি তো শক্তিদা নন, পোয়েট হলে হতো ঠিক, ইনি দেখি হামার মতো, মদ না খেয়ে যে লিখা যায়, তা আমি এই প্রথম দেখলাম, স্যরি মিঃ গণপত।
মিঃ গণপত এবং তাঁর সঙ্গী বেরিয়ে যেতে বড় সায়েব বিষণ্ণ মুখে বললেন, কী ভাবে বলুন দেখি হামাদের, সব বিসর্জন দিয়ে এসেছি, হুইস্কির বোতল দিয়ে কাজ করাবে! বহুত ইনসাল্টেড ফিল করেছি আজ, চলুন আজ সন্ধ্যেয় হয়ে যাক।
এই বড় সায়েব চাপ খাচ্ছেন মহাকরণ থেকে। খোদ মন্ত্রীর স্ত্রী ওই জুয়েলারির নিয়মিত ভিজিটর। অনুরোধ এসেছে মন্ত্রীর স্ত্রীর, ভায়া মহাকরণ। একদিন বড় সায়েব জিজ্ঞেস করলেন ছোটকে, হবে না, না?
বেআইনি হবে স্যার।
হুঁ, কিন্তু প্রচুর চাপ।
কয়েকদিন বাদে অফিসের শুরুতেই বড় ডাকলেন ছোটকে, দত্ত সায়েব, প্লিজ কাম।
দত্ত সায়েব গিয়ে দ্যাখেন সিংহ সায়েবের সামনে বসে আছেন প্রভাবশালী ব্যক্তি। তাঁর হাত খুব বড়। স্বয়ং মন্ত্রীর স্ত্রী তাঁর ক্লায়েন্ট। তিনি নিজেই এসেছেন কাজটি কবে হবে জেনে নিতে। তাঁর উপস্থিতি আরো চাপের। সিংহ সায়েব বললেন, দত্ত সায়েব বসুন, আপনি তো লিখেন।
দত্ত অবাক, আবার এক হুইস্কি কেস নাকি? বললেন, কেন স্যার?
সিংহ সায়েব বললেন, নভেল লিখেন তো, দেখুন মিঃ চাউদুরি, ইনি একজন রাইটার, অ্যাওয়ার্ড ভি পেয়েছেন।
চৌধুরী হাত বাড়ালেন, আপনার কী কী বই আছে বলবেন, হামি পারচেস করাব।
আপনি বাংলা পড়েন? দত্ত জিজ্ঞেস করলেন।
বলতে পারি, পড়তে পারি না, হামার সব এমপ্লয়ী আছে, তারা পড়বে, পুরা এডিশন কিনে নেব।
বাহ বাহ বাহ, আপনি রয়ালটি পাবেন দত্ত সায়েব, আচ্ছা লিখে কত হয় বছরে?
দত্ত বলতে সিংহ হিশেব করলেন, মানে পার মান্থ দশ বারো হাজার।
কম বেশি।
তাতে কী হবে, এখন আপনি পঁচাশের উপর পান, দুটা ইনক্রিমেন্ট আছে, রিটায়ারমেন্টের সময় ষাট হয়ে যাবে প্রায়, তাই তো।
হবে হয়তো।
বারো হাজারে কি সংসার চলে মিঃ দত্ত?
মাথা নাড়লেন দত্ত, কী করে চলবে, সমরেশ বসু ব্যতীত আর কোনো লেখক লেখাকে পেশা করতে পারেননি, বাংলায় লিখে তা হয় না।
সিংহ চুপ করে থাকলেন, চিন্তিত হয়ে পড়লেন, বললেন, হামি ভেবেছিলাম আপনি লাখ লাখ টাকা লিখে পান, হামি ভেবেছিলাম…।
দত্ত বললেন, ভুল ভেবেছিলেন।
তাহলে কী হোবে মিঃ চাউডুরী?
মিঃ চৌধুরী বললেন, উনি তো চাকরির ইনকাম করেন, লিখাটা এক্সট্রা ইনকাম।
হামার বাড়ির বিজনেস আছে, পিতাজি চেয়েছিল হামি বিজনেসে ঢুকি, হামি না হয় বিজনেসে ঢুকে গেলাম, কাঠের বিজনেস করব, আসাম থেকে কাঠ আনব আর কলকাতায় বিক্রি করব, লেকিন দত্ত সায়েবের তো বিজনেস নেই, লিখাটা বিজনেসের মতো হয়নি, উনি কী করবেন?
মতলব? সূরজপ্রসাদ চাউডুরী বা চৌধুরী জিজ্ঞেস করলেন।
আপনার ফাইল ছেড়ে দিলে, মতলব আপনার ফেবারে কাম করে দিলে হামাদের দুজনের সার্ভিস নট হয়ে যাবে, উনি চাকরি শেষ করে এনেছেন, পেনশন গ্রাচুইটি কুছু মিলবে না, যে সায়েবরা বলছেন করে দিতে, তারাই বলতে পারে কেন করলে, কী আইনে করলে, যে লোকের ফেবারে কাজ হওয়া দরকার, তা না হলে, সে আর এক সায়েবকে ধরবে, চাকরি গেলে হামার কুছু হোবে না, বিজনেস আছে, লেকিন দত্ত সায়েবের কী হোবে বলুন, লিখে উনি অনেক পান হামি তাই ভেবেছিলাম।
সূরজপ্রসাদ চৌধুরী আর থাকেননি। কক্ষ ত্যাগ করেছিলেন অবিলম্বে। তিনি চলে যেতে দত্তকে সিংহ বলেছিলেন, নেভার, নেভার, অন্যায় কাজ করবই না দত্ত সায়েব। অপমান লাগে যখন বলে, আপনি করুন পুষিয়ে দিব। সেই ঘটনার কিছুদিন পর সিংহ বদলি হন। দত্ত তো রিটায়ার করলেন কদিন বাদে। দত্ত আর সিংহর ঘটনার সাক্ষী আমি। আবার এমনো আছে বিবেক, মানবিকতা বিসর্জন দেওয়া আমলা নিরুপায় মানুষকে আরো নিরুপায় করে দিয়েছেন। বিবেকবান মানুষের চেয়ে ক্ষমতাবান মানুষের প্রভাব এই পৃথিবীতে অনেক বিস্তৃত। আর ক্ষমতার প্রধান চিহ্ন হলো বিবেক বিসর্জন দেওয়া। বিবেক বিসর্জন না দিলে আপনি ক্ষমতার মধু আস্বাদনে বঞ্চিত হবেন। তথা কথিত শিক্ষিতজন, সমাজে যাঁরা প্রভাবশালী, তাঁরা কি বিবেকবান হন? গ্রামের চাষীবাসী মানুষকে দেখেছি একটি অন্যায় করতে অধর্ম হবে বলে পিছিয়ে যেতে। আর ধর্মাধর্ম যিনি অন্তরে বিশ্বাস করেন না, তাঁর রোষে পড়ে লোকে ভিটেমাটি ছাড়া হয়, চাকরি হারায়। বিবেকবান হতো যদি এই পৃথিবী তাহলে হিরোসিমায় পরমানু বোমা পড়ত না, সেই লিটল বয় সমস্ত বিবেক তার পেটে পুরে নিয়ে হিরোসিমার উপর তেজস্ক্রিয় মেঘে কালো বৃষ্টি নামিয়ে দিয়েছিল। হ্যাঁ, এক একটা খবর আসে, অটো ড্রাইভার অনেক টাকার ব্যাগ পেয়ে, অলঙ্কারের ব্যাগ পেয়ে থানায় এসে জমা দিয়েছে। বিবেকের আনন্দ এই। বিবেক আছে কোথাও। সকলেই লকারের চাবি গ্যাঙের জলে ফেলে দেয়নি। একটা কথা বলি, অতি সংগোপনে বলি, বিবেকবান অটো-ড্রাইভারের কথা শুনে,আমার কি মনে হয় না, মেয়ের বিয়ের জন্য জুয়েলারি থেকে কেনা কয়েক লাখ টাকার গয়নার পোটলা যদি আমি পেতাম, মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্ক থেকে তোলা কয়েক লাখ টাকার টাকার ব্যাগ যদি আমি পেতাম, সাময়িক ভাবে কোথায় রেখে দিতাম তা সমস্ত খোঁজাখুঁজির সময় পার করাতে। ব্যাঙ্কের লকারে? লকারের সেই চাবি কোথায় রাখতাম যতদিন না স্বাভাবিক হয় সব। চাবি লুকোতাম কোথায়, বিবেকের কোন ঘরের কোন দেরাজে? বিবেক বড় বালাই।
আড্ডাবাজের জীবন
আড্ডাবাজের জীবনে কিছু হয় না এই বাক্য জ্ঞান হওয়া ইস্তক শুনে আসছি। কিন্তু আড্ডা ব্যতীত জীবন চলতেই চায় না। কিছু না হলে না হবে। চাই না কিছু। আড্ডা চাই। গল্পের আড্ডা। সাহিত্যের আড্ডা। তাস পাশার আড্ডা নয়। তাস আমি পছন্দ করি না।
