সেতু শুয়ে ছিল। উঠে বসল। না তো! কী হয়েছে?
দোলন ফুপি এসেছিল তুমি জানো?
না। কোথায় সে?
চলে গেছে।
আমার সঙ্গে দেখা না করেই চলে গেল?
এজন্যেই তো বললাম, তুমি কিছু শুনেছ কি না? দোলন ফুপিকে চাচা খুব বকেছে।
কী?
হ্যাঁ, দুজনে খুব তর্কাতর্কি হয়েছে। দোলন ফুপি তারপর তোমার সঙ্গে দেখা না করেই চলে গেছে।
রাগে ক্রোধে মুখ লাল হয়ে গেল সেতুর। আমি বুঝেছি কেন দোলনের সঙ্গে সে অমন ব্যবহার করেছে?
তারপর বিছানা থেকে নামল সেতু। এটা সে ঠিক করেনি। অন্যায় করে থাকলে আমি করেছি, বকতে হলে আমাকে বকবে, দোলনকে কেন?
সেতু তারপর স্বপনের রুমে এসে ঢুকল।
স্বপন এবং রেখা দুজনেই আছে রুমে। রেখার দিকে তাকাল না সেতু, স্বপনের চোখের দিকে তাকিয়ে বলল, দোলনকে তুমি অপমান করেছ কেন? আমার বন্ধুকে তুমি আমার সঙ্গে দেখা করতে দাওনি কেন?
সেতুর দিকে তাকাল না স্বপন, যেমন বসেছিল তেমনি বসে থেকে কঠিন গলায় বলল, আমি তোর সঙ্গে কোনও কথা বলব না, তুই আমার সামনে থেকে যা।
সেতু দৃঢ় গলায় বলল, না আমি যাব না। পরিস্কার ভাষায় তোমাকে বলতে হবে দোলনের সঙ্গে বাজে বিহেভ তুমি কেন করেছ?
যা করেছি তা তেমন কোনও বাজে বিহেভ নয়, আমার উচিত ছিল ওর দুগালে দুটো চড় মারা। ওর ভাগ্য ভাল যে ও মেয়ে। ছেলে হলে শুধু চড় মারাই নয়, ওর দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম।
আমার অবাক লাগছে, তুমি আমার ভাই! কোনও শিক্ষিত, ভদ্র পরিবারের মানুষ ছোটবোনের বন্ধুর সঙ্গে অশোভন ব্যবহার করে, দেখা তো দূরের কথা, কেউ কখনও বোধহয় শোনেওনি।
সেতুর কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেছে স্বপনের। রেখার দিকে তাকিয়ে সে বলল, রেখা, ওকে এখান থেকে যেতে বল। নিজেকে আমি আর কন্ট্রোল করতে পারছি না, এক্ষুনি আমি ওকে মারব।
একথা শুনে মাথা যেন খারাপ হয়ে গেল সেতুর। কয়েক পা এগিয়ে স্বপনের একেবারে সামনে গিয়ে দাঁড়াল সে। তোমার পক্ষে সবই সম্ভব। মারো, মারো আমাকে! দেখি কত মারতে পার!
একেবারে সিনেমার কায়দায় উঠে দাঁড়াল স্বপন। সেতুকে মারার জন্য হাত তুলল। চট করে সেই হাত ধরে ফেলল রেখা। তীক্ষ্ণস্বরে বলল, খবরদার বোনের গায়ে হাত তুলবে না। চুপ, একদম চুপ করে বস। সেতু ঠিকই বলেছে, দোলনকে কেন তুমি অপমান করবে? সে কোনও অন্যায় করেনি। তোমার বন্ধুর ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি হলে তুমিও নিশ্চয় বন্ধুকে সাহায্য করতে।
তারপর সেতুকে ঠেলে বের করে দিতে চাইল রেখা। তুমি যাও, তুমি এখান থেকে যাও।
সেতু নড়ল না, রেখার দিকে ফিরেও তাকাল না। আগের মতোই স্বপনের চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি যা করেছি আমার নিজের ইচ্ছেয়, নিজের ভাললাগার কারণে করেছি। কেউ সাহায্য না করলেও এ আমি করতামই। এই পৃথিবীতে আমার সবচে প্রিয় যে মানুষ তার সঙ্গে সারাজীবন কাটাব বলেই তাকে আমি বিয়ে করেছি। তোমাদের যার যা ইচ্ছে করতে পার, চাইলে আমাকে মেরেও ফেলতে পার, কিন্তু আমি যা করেছি, যার হাত সারাজীবনের জন্য ধরেছি, সেই হাত আমি কখনও ছাড়ব না।
এসব বলতে বলতে ভালবাসার গভীর অহংকারে সুন্দর হয়ে গেল সেতুর মুখ। আস্তে ধীরে হেঁটে নিজের রুমের দিকে চলে গেল সে।
.
আমি তোমাকে খুব ভালবাসি। খুব।
বিছানায় উপুড় হয়ে শুয়ে সেতুর ছবির দিকে তাকিয়ে কথাটা যখন বলেছে শুভ, নাহিদ এসে দরজার সামনে দাঁড়াল। শুভ তাকে দেখতে পেলো না। খানিক দাঁড়িয়ে শুভকে দেখল নাহিদ তারপর মৃদু শব্দে গলা খাকারি দিলো। চমকে দরজার দিকে। তাকাল শুভ। তারপর ব্যস্ত ভঙ্গিতে সেতুর ছবি বালিশের তলায় লুকোতে গিয়েই হেসে ফেলল। ও তুই? আমি ভেবেছিলাম কে না কে?
তারপরও ছবিটা বালিশের তলায় রাখল সে। তোরা যাসনি?
নাহিদ এসে শুভর সামনে দাঁড়াল। না, যে ডাক্তারকে দেখালাম তিনি আরেকজন ডাক্তারের কাছে রেফার করলেন। অনেক কষ্টে সেই ডাক্তারের সঙ্গে অ্যাপয়েনম্যান্ট করেছি। কাল সন্ধ্যায় দেখবেন।
চিন্তিত চোখে নাহিদের মুখের দিকে তাকিয়ে রইল শুভ। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে আমার খুব স্বার্থপর মনে হচ্ছে। আমার জীবনের সবচে’ বড় ডিসিশানটার সময় তুই আমাকে সাহায্য করেছিস। আর তোর এরকম বিপদের সময় আমি তোর পাশে দাঁড়াতে পারছি না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে।
বিছানা থেকে নেমে আলনার সামনে গিয়ে দাঁড়াল শুভ। শার্ট নিয়ে পরতে লাগল।
নাহিদ বলল, শার্ট পরছিস কেন?
শুভ গম্ভীর গলায় বলল, এই মুহূর্ত থেকে আমি তোর সঙ্গে আছি। যদিও সেতুদের বাড়িতে খুব ঝামেলা যাচ্ছে, আমি খুব টেনশানে আছি, তারপরও আমি তোর সঙ্গে থাকতে চাই।
দরকার নেই। আমি সব সামলাতে পারছি।
তোর কোনও কথাই আমি আর শুনব না। চল আমার সঙ্গে, দেখি কোন ডাক্তার দেখাতে হয় বর্ষাকে।
নাহিদের হাত ধরে নিজের রুম থেকে বেরুল শুভ।
.
এই হোটেলটি পুরনো আমলের।
সামনে বিশাল বাগান, প্রচুর ফুল পাতাবাহারের ঝোঁপ। বিকেলবেলা বাগানে এসে ঢুকেছে বর্ষা। এখন একটা ঝোঁপের সামনে দাঁড়িয়ে আঙুলের ডগায় আলতো করে ফুল এবং পাতা নাড়ছে। নাড়ছে ঠিকই কিন্তু দেখতে পাচ্ছে না কী নাড়ছে সে। কারণ তার চোখ এখানে, মন অন্যকোথাও।
আস্তেধীরে হেঁটে নাহিদ এবং শুভ এসে তার পেছনে দাঁড়াল। পায়ের শব্দ পেয়েও পেছনে ফিরে তাকাল না বর্ষা। আগের মতোই আনমনা ভঙ্গিতে ফুল এবং পাতা নাড়তে লাগল।
