ঠিক আছে, দেখি কিছু আনতে পারি কি না।
ঢেউ তুলে আবারো তলিয়ে যায় পিট।
নিচে নেমে এসে সাথে সাথে কাটা দিয়ে জাহাজের ভেতর ঢুকল না ও। এক কী দুমিনিট ইতস্তত করল। কেন, তা নিজেও বলতে পারবে না। হতে পারে কঙ্কালের একটা হাত ওকে অভ্যর্থনা জানাবে, এই আশঙ্কায়। হতে পারে মনে ভয় রয়েছে ভেতরে তেমন কিছু হয়তো পাওয়া যাবে না, শেষ পর্যন্ত বোধ হয় প্রমাণিত হবে জাহাজটা অত পুরনো নয়।
অবশেষে মাথা নোয়াল পিট। কাঁধ শক্ত করল। তারপর ধীরে ধীরে ফিন নেড়ে ঢুকে পড়ল জাহাজটার ভেতর।
অচেনা অন্ধকার একটা জগৎ আলিঙ্গন করল ওকে।
.
১৭.
জাহাজের ভেতর ঢোকার পর থামল পিট, স্থির ঝুলে থাকল, তারপর ধীরে ধীরে ভাঁজ করা হাঁটু নামিয়ে তল পাবার চেষ্টা করল, বুকের ভেতর হৃৎপিণ্ডের ধুকধুক শুনতে পাচ্ছে, শুনতে পাচ্ছে এজগস্ট ভালভ থেকে বুদ্বুদ বেরোবার শব্দ। একটু একটু করে চারপাশের তরল জগৎ ঠাহর করতে পারল ক্ষীণ আভায়।
জানে না কী পাবে বলে আশা করছে ও। বাল্কহেডের কয়েকটা শেলফে টেরাকোটা জার, বড় আকারের কলসি, কাপ আর পিরিচ সুন্দরভাবে সাজানো রয়েছে। ভাঙা তক্তার ভেতর দিয়ে ঢোকার সময় হাতে ঠেকেছিল তামার পাত্র। কালের আঁচড়ে খোলের দেয়ালগুলো সবুজ বর্ণ ধারণ করেছে।
প্রথমে ভাবল, হাঁটু দুটো ডেকের শক্ত মেঝেতে রয়েছে। কিন্তু হাতড়াতে গিয়ে দেখল টালি বিছানো চুলোর মেঝেতে হাত বুলাচ্ছে। মুখ তুলে ওপরে তাকাল ও, বুদ্বুদগুলো উঠে গিয়ে এক জায়গায় গতি হারাচ্ছে, ছড়িয়ে পড়ছে চারদিকে। পা লম্বা করে দিয়ে সিধে হলো পিট, মাথা আর কাঁধ উঠে এল খাড়ির পানি ছেড়ে পরিষ্কার বাতাসে।
জাহাজের ভেতর ঢুকছি আমি, বরফের ওপর রুদ্ধশ্বাসে অপেক্ষারত দলটাকে জানাল ও। ওপরের অর্ধেকটা শুকনো। ক্যামেরা সচল।
ঠিক আছে, বলল জিওর্দিনো।
পরের কমিনিট গ্যালির ভেতর, পানির ওপর আর নিচটা, ভিডিও-রেকর্ডারে বন্দি করার কাজে ব্যস্ত থাকল পিট, প্রতিটি নতুন আবিষ্কার সম্পর্কে অনর্গল বলে গেল জিওর্দিনোকে। খোলা একটা আলমিরা দেখল, ভেতরে দারুণ সুন্দর সব কাঁচের পাত্র। একটা হাতে নিয়ে ভেতরে উঁকি দিল-মুদ্রায় ভর্তি। দস্তানা পরা আঙুল দিয়ে ঘষে শ্যাওলা পরিষ্কার করল, একটা মুদ্রার। চকচক করে উঠল মুদ্রাটা। একটু লালচে সোনালি।
রোমাঞ্চ আর বিস্ময়ে নেশা ধরে গেল পিটের। তাড়াতাড়ি চারদিকে তাকাল, যেন আশা করছে নাবিকদের আত্মা বা ভূত-টুত দেখতে পাবে। অন্তত এক-আধটা কঙ্কাল পানি ঠেলে এগিয়ে আসার বিচিত্র কিছু নয়, তাদের সংরক্ষিত গোপন জিনিসে হাত, দিয়ে ফেলেছে পিট। কিন্তু না, ক্রুদের কাউকে দেখা গেল না। ও একা। এই একই ডেকে একদিন যারা হাটাচলা করেছে, খাবার বেঁধে খেয়েছে এখানে, তারা আজ থেকে ষোলোশো বছর আগে মারা গেছে।
আজ তারা কোথায়? কী ঘটে থাকতে পারে তাদের ভাগ্যে? এ রকম আরও অনেক প্রশ্ন জাগল পিটের মনে। এ-ধরনের অভিযান সম্পর্কে যাদের কোনো ধারণাই ছিল না, তারা এত উত্তর হিমাঞ্চলে এলই বা কেন? মৃত্যুর কারণ যদি ধরে নেয়া হয়। এক্সপোজার, তাহলে তাদের লাশগুলো গেল কোথায়?
তুমি বরং এবার উঠে এসো, ওপর থেকে বলল জিওর্দিনো। নেমেছ তো আধঘণ্টা হয়ে এল।
আর কিছুক্ষণ, জবাব দিল পিট। আধঘণ্টা, ভাবল ও। যদিও মনে হচ্ছে, পাঁচ মিনিট। আঙুল গলে বেরিয়ে যাচ্ছে সময়। ঠাণ্ডা এতক্ষণে ওর ব্রেনটাকে প্রভাবিত করছে। মুদ্রাটা কাঁচের পাত্রে রেখে আবার ঘুরে ফিরে দেখতে শুরু করল চারদিকে।
মাথার ওপর মেইন ডেক, সেটাকে ছাড়িয়ে আধ মিটার উঠে গেছে গ্যালির সিলিং। ছোটো আকারের খিলান আকৃতির জানালা, সাধারণত রোদ আর বাতাস চলাচলের কাজ করে, ফরওয়ার্ড বাল্কহেডের মাথার দিকে থেকে তক্তা মেরে বন্ধ করা হয়েছে। খানিক চেষ্টা করে একটা তক্তা ভাঙতে পারল পিট, ওপারে নিরেট বরফের দেয়াল।
মনে মনে একটা হিসাব করল। গ্যালির সামনের দিকটায় পানির গভীরতা বেশি হবে। তার মানে জাহাজের বা আর মাঝখানের অংশটা নিশ্চয়ই পানিতে ডোবা নয়।
আর কিছু পেলে? অধৈর্য হয়ে জানতে চাইল জিওর্দিনো, কৌতূহলে মরে যাচ্ছে।
যেমন?
ক্রুদের অবশিষ্ট বা…?
দুঃখিত, কোথাও কোনো হাড় দেখছি না, পানির নিচে ডুব দিল পিট, নিশ্চিত হবার জন্য ডেকের ওপর চোখ বুলালো। ডেক খালি, কোথাও কিছু পড়ে নেই।
তারা সম্ভবত আতঙ্কিত হয়ে জাহাজ ত্যাগ করেছিল, আন্দাজ করল জিওর্দিনো।
তারও কোনো প্রমাণ দেখছি না, জানাল পিট। গ্যালির সব কিছু গোছানো রয়েছে। ব্যস্ততার ছাপ নেই।
জাহাজের বাকি অংশে যাওয়া যায়?
ফরওয়ার্ড বাল্কহেড একটা হ্যাঁচ আছে। ওপারে কী আছে দেখব। কুঁকল পিট, সরু আর নিচু ফাঁকটা গলে ধীরে ধীরে সামনে বাড়ল, সতর্কতার সাথে লাইফ-লাইন আর এয়ার হোসটা সাথে রাখছে। ঘোর অন্ধকার, ভয় লাগারই কথা। ওয়েট বেল্ট থেকে ডাইভ লাইটের হুক খুলল ও, আলো ফেলে দেখল ছোট একটা কমপার্টমেন্টে রয়েছে। এটা বোধ হয় একটা স্টোররুম। পানির গভীরতা কম এখানে, শুধু হাঁটু জোড়া ডুবেছে। যন্ত্রপাতি দেখতে পাচ্ছি-হা-কাঠমিস্ত্রীর যন্ত্রপাতি, অতিরিক্ত নোঙর, বড়সড় একটা দাঁড়িপাল্লা…
দাঁড়িপাল্লা!
হ্যাঁ-হুক থেকে ঝুলছে একটা ব্যালেন্স স্কেল।
বুঝেছি।
