‘গোপী সাহা প্রস্তাব পাস। কংগ্রেসের মধ্যে সন্ত্রাসবাদী প্রভাব বৃদ্ধি।
১৯২৪ সালে স্বরাজ্য পার্টির সন্ত্রাসবাদী সভ্যরা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসাররূপে সুভাষচন্দ্র বসুর মনোনয়ন সমর্থন করে এবং লক্ষ করবার বিষয় যে তাঁহার এই পদে নিয়োগের পর কর্পোরেশনের বহু চাকরি সন্ত্রাসবাদীদের দেওয়া হইতেছে।
সিরাজগঞ্জ কংগ্রেস কনফারেন্সে শ্রী সি আর দাশ তাঁহার সন্ত্রাসবাদী সমর্থকদের সাহায্যে তাঁহার হিন্দু-মুসলমান প্যাক্ট প্রস্তাব এবং তাঁহাদের এই সমর্থনের বিনিময়ে তিনি মিঃ ডে-র আততায়ী গোপী সাহার প্রশংসা সম্বলিত ঘৃণ্য প্রস্তাব পাস করাইয়াছেন। যাহার অর্থ বাংলার যুবকদের সেই আততায়ীর উদাহরণ অনুসরণ করিতে উত্তেজিত করা।’
সরকারের সমর্থক ইংরেজি পত্র-পত্রিকাগুলিতে তুমুল হইচই শুরু হল গোপীমোহনের সমর্থনে প্রাদেশিক কংগ্রেসে পাশ হওয়া প্রস্তাব নিয়ে। কংগ্রেস মুখে অহিংস স্বাধীনতা আন্দোলনের কথা বলে। সন্ত্রাসের নিন্দা করে। অথচ এক নিরপরাধ নাগরিকের খুনিকে সেই কংগ্রেসেরই প্রাদেশিক সম্মেলন শহিদের মর্যাদা দিচ্ছে? এ কেমন দ্বিচারিতা, প্রশ তোলা হল সরকারপক্ষের তরফে।
প্রশ্নের উত্তর দিতে আসরে নামলেন দেশবন্ধু চিত্তরঞ্জন। প্রস্তাবটি যে ভাবে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা ছিল এরকম, ‘Although eschewing all kinds of violence and accepting the character and basic principle of non-violence, this conference make known its respect for Gopimohon Saha for the noble self sacrifice which he bearing in mind a high and noble ideal, has made for the preservation of the interests of the motherland.’
অর্থাৎ, ‘এই সম্মেলন সমস্ত প্রকারের হিংসার পরিপন্থী এবং অহিংসার নীতি আদর্শে বিশ্বাসী। তবু, গোপীমোহন সাহাকে শ্রদ্ধা জানাই তাঁর মহৎ আত্মবলিদানের জন্য। তাঁর এই আত্মত্যাগের নেপথ্যে ছিল দেশমাতৃকার স্বার্থরক্ষার মহতী আদর্শ।’
চিত্তরঞ্জন জানালেন, প্রস্তাবটি পাশ হয়েছিল বাংলায়। ইংরেজি অনুবাদের গোলমালে ভুল বার্তা প্রচারিত হচ্ছে। আসল প্রস্তাবটির ইংরেজি অনুবাদ হওয়া উচিত এরকম—
‘This conference, while denouncing (or dissociating itself from) violence (every kind of himsas) and adhering to the principle of non-violence, appreciates Gopimohon Saha’s ideal of self-sacrifice, misguided though that is in respect of the best interest of the country, and expresses its respect for this self-sacrifice.’
মানে, বাংলার পাশ হওয়া মূল প্রস্তাবে শুধু বলা হয়েছিল, ‘এই সম্মেলন সমস্ত রকম হিংসাকে নিন্দনীয় মনে করে (হিংসা থেকে দূরত্ব বজায় রাখতেও অঙ্গীকারবদ্ধ) এবং বিশ্বাস রাখে অহিংসার নীতি-আদর্শে। গোপীমোহন যদিও দেশের স্বার্থরক্ষার নিরিখে সেই আদর্শ থেকে দিকভ্রষ্ট হয়েছিলেন, তবুও তাঁর আত্মবলিদানকে এই সম্মেলন প্রশংসার যোগ্য মনে করছে এবং তাঁকে শ্রদ্ধা জানাচ্ছে।’
টেগার্ট স্বয়ং অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন চিত্তরঞ্জনের ব্যাখ্যা শুনে। ঘনিষ্ঠ মহলে বলেছিলেন, এ স্রেফ ভাষার কারসাজি ছাড়া কিছু নয়। এ তো নিন্দার মোড়কে প্রশংসাই।
গোপীর ফাঁসির কয়েক সপ্তাহ পরে টেগার্ট ডাকঘরের মাধ্যমে একটি টাইপ করা নোটিস পান।
BANDE MATARAM
Notice
The public is hereby informed that the Bengal Revolutionary council has passed a resolution of a campaign of ruthless assassination of Police Officers. Anyone in any way actively or passively putting obstruction to our comrade when in action or retiring or helping the government of this country as by taking brief from the government or giving evidence in favour of prosecution etc. when such comrade is in the hands of the government, or inciting the government to take repressive measures shall be considered as doing acts highly prejudicial to the best interest of our country and from the moment any such action taken by anyone, he shall be considered as condemned to be despatched forthwith.
PRESIDENT-IN-COUNCIL, RED BENGAL
.
গোপীমোহনের কাহিনিতে পূর্ণচ্ছেদ পড়ার আরও বাকি ছিল। সর্বভারতীয় কংগ্রেস কমিটিতে তীব্র বিতর্ক হয় গোপীর বিষয়ে দলের অবস্থান নিয়ে। গোপীর সপক্ষে যুক্তি সাজিয়েছিলেন চিত্তরঞ্জন। বিপক্ষে ছিলেন অহিংসার আদর্শে স্থিত মহাত্মা গাঁধী। চিত্তরঞ্জনের প্রস্তাব শেষ পর্যন্ত বাতিল হয়েছিল সামান্য কয়েকটি ভোটে। গোপীর সমর্থনে ভোটের সংখ্যা দেখে স্তম্ভিত গাঁধীজি বুঝেছিলেন, এ জয় একপ্রকার হারারই সামিল। বলতে বাধ্য হয়েছিলেন ‘Defeated and humbled.’
মৃত্যুর দিনদুয়েক আগে প্রেসিডেন্সি জেলের প্রহরীর থেকে গোপী চেয়ে নিয়েছিলেন কাগজ-কলম। শেষ চিঠি লিখেছিলেন গর্ভধারিণীকে। যার নির্যাস তুলে দিলাম নীচে।
‘শ্রীচরণেষু মা,
সর্বশক্তিমানের কাছে প্রার্থনা কোরো ভারতের প্রতিটি সংসার যেন তোমার মতো মা লাভ করে ধন্য হয় আর তাঁরা যেন তোমার গোপীর মতো সন্তান প্রসব করেন, যারা অক্লেশে প্রাণ দেবে দেশের জন্য।
