মুখে ক্ষতঅলা ওই লোকটার মত?
চোখ কুঁচকে গেল মেক্সিকানের। দলের মধ্যে ওই সবচেয়ে খারাপ। মহা হারামী লোক। ওর নাম ফেলিপ জাপাটা। চেনো নাকি?
চিনি লোকটাকে। গানফাইটার এবং খুনী। পিস্তল বা ছুরি লড়াইয়ে সব মিলিয়ে অন্তত বিশটা খুন করেছে। আড়াল থেকে বা অ্যাম্বুশ করে আরও কত মানুষ খুন করেছে, সম্ভবত কেউই তা জানে না।
অল্প কয়েক বছরের মধ্যে কিংবদন্তীতে পরিণত হয়েছে লোকটা, যদিও আমার জানা মতে পেকোসের পুবে মাত্র একবারই আবির্ভূত হয়েছে সে। ম্যাটামোরাস থেকে রিও গ্র্যান্ড নদী পেরিয়ে ব্রাউন্সভিলে এসেছিল এক লোককে খুন করার জন্যে।
কুখ্যাত আউটল সে। কিন্তু জাতভাই মেক্সিকানরা সাহায্য করে বলে আইন কখনও ধরতে পারেনি ওকে। মেক্সদের চোখে একেবারে নিরপরাধ সে, কারণ স্বগোত্রের কারও প্রতি কোন অন্যায় করেনি জাপাটা। তাছাড়া, সাধারণ মেক্সরা যমের মত ভয় পায় বিশালদেহী এই লোককে, ওদের চোখে সমীহ আর আতঙ্কের অপর নাম ফেলিপ জাপাটা। বেপরোয়া এবং ক্ষিপ্র অনেক পিস্তলবাজও এড়িয়ে চলে ওকে-এদের অনেকেই ক্ষিপ্রতায় হারাতে পারবে জাপাটাকে; কিন্তু ঝুঁকিটা নিতে অনিচ্ছুক সবাই।
কোথায় তোমাকে বাগে পেয়েছিল ওরা?
এটাই তো বড় ঝামেলা, অ্যামিগো! আমাকে খুঁজে পেল একেবারে ওদের…কি বলবে এটাকে-রদেভু? শব্দটা পরিচিত তোমার?
উত্তরে বিশাল একটা ক্যানিয়ন আছে, দেয়ালগুলো বেশ উঁচু, তলায় রয়েছে সবুজ ঘাসের গালিচা। ওখানেই ছিল কোমাঞ্চি আর কোমাঞ্চেরোরা। জায়গাটার কথা জানতাম আগে থেকে, শুনলেও কখনও দেখিনি। সেদিন হঠাৎ করেই চলে গেলাম, এবং বিপদে পড়ে গেলাম। ক্যানিয়নটার নাম পেলো ডিউরো।
ওকে অনুসরণ করবে লোকগুলো, মি. ট্রেভেন, চিন্তিত স্বরে বলল জুয়ানিতা। জুয়ারেজকে বাচতে দেবে না কোমাঞ্চেরোরা। হাল ছাড়বে না ওরা। এখানে যদি নাও আসে, ঠিক বাড়ি চলে যাবে।
পরে কি করে তাতে কিছু যায়-আসে না আমার, বললাম আমি।
- রদেভু (Rendezvous): সৈন্যদের মিলিত হওয়ার স্থান
কিন্তু এখানে, তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, ম্যাম, আমাদের কাছ থেকে জুয়ারেজকে কেড়ে নিতে পারবে না ওরা।
পেছনে নড়াচড়ার শব্দ পেলাম। যে-প্রতিশ্রুতি রাখতে পারবে না, সেটা না দেয়াই ভাল, ড্যান।
ট্যাপ এডলে। আড়ষ্ট ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, চোখে অধৈর্য চাহনি। জিনিসটা আগেও দেখেছি ওর চোখে।
প্রতিশ্রুতি ফিরিয়ে নিই না আমি; ট্যাপ, শান্ত স্বরে জবাব দিলাম। কথা যখন দিয়েছি, যেভাবেই হোক রাখব।
শোনো! তুমি জানো না নিজেকে কিসের সঙ্গে জড়াচ্ছ।
কথা যখন দিয়েছি, রাখব আমি।
মাথা খারাপ হয়েছে নাকি তোমার! শীতল হয়ে গেছে ট্যাপের কণ্ঠ। দেখো, কিড, কি বলছ তুমি নিজেও জানে না। মুখে যা আসছে বা যা মনে হচ্ছে, তাই বলে যাচ্ছ। থেমে পকেট থেকে সিগার বের করে ধরাল ও। এমনিতে নানান ঝামেলায় আছি আমরা…পশ্চিমে নিয়ে যেতে হবে সমস্ত গরু, বাড়তি কোন ঝামেলা ঘাড়ে নেয়ার দরকার নেই আমাদের।
প্লীজ, এক কনুইয়ে ভর দিয়ে খানিকটা উঁচু হলো জুয়ারেজ। কারও অশান্তি বা ঝামেলা করতে চাই না আমি। তোমরা যদি একটা ঘোড়া আর কিছু খাবার দাও, দিব্যি চলে যেতে পারব আমরা।
শুয়ে পড়ো, সেনর, বললাম। তুমি আমার অতিথি, এবং এখানেই থাকবে তুমি।
কে এই আউটফিটের নেতৃত্ব দিচ্ছে, তুমি না আমি? ট্যাপের অসন্তোষ চরমে রূপ নিয়েছে।
বাবা, শুকনো স্বরে বললাম ওকে। আমাদের কথা উঠল যখন, তাহলে বলছি, আমরা দু’জনেই ওঁর হয়ে কাজ করছি।
আড়ষ্ট হয়ে গেল ট্যাপের মুখ। ঠিক আছে, দেখা যাক, বাবা কি বলেন। তাচ্ছিল্যের হাসি দেখা গেল ওর ঠোঁটের কোণে।
আগুনের কাছে বসে ছিলেন বারা। ওঁর সামনে গিয়ে দাড়ালাম আমরা। হাঁটু গেড়ে কি যেন করছে, কালক্রকেট, স্যাম গার্টও রয়েছে ওর সঙ্গে। পাহারা দেয়ার ফাঁকে কফি গিলতে এসেছে চার্লি হীথ, শঙ্কিত দৃষ্টিতে ট্যাপকে দেখছে সে!
অপঘাত
বাবা, মেক্সিকানদের ও প্রতিশ্রুতি দিয়েছে, নিউ মেক্সিকো পর্যন্ত পুরো পথ আমাদের নিরাপদ হেফাজতে থাকবে ওরা। অথচ কোমাঞ্চেরোরা হন্যে হয়ে খুঁজছে ওই লোকটাকে। যে-কোন সময় এখানে চলে আসতে পারে ওরা। যদূর জানি, বিশ-ত্রিশজন লোক ওদের জন্যে কোন ব্যাপারই নয়। এমনকি একশোজন সাদা লোক বা তারচেয়ে বেশি কোমাঞ্চিকে শেষ করে দিতে সক্ষম ওরা। আমাদের অবস্থা এমনিতে খারাপ, এখন এতবড় আর বেপরোয়া একটা দলের বিরুদ্ধে লড়াই করার অবস্থা নেই আমাদের। আমি বলেছি ওদেরকে নিজের পথ দেখতে বলাই ভাল।
চোখ তুলে ট্যাপের দিকে তাকাল স্যাম, কিন্তু লম্বাটে মুখ, দেখে কিছুই বোঝা গেল না।
বাবা আমার দিকে ফিরলেন। তোমার কি বলার আছে, ড্যান?
আমি ওদের বলেছি যে ওরা আমাদের অতিথি। আমাদের সঙ্গে থাকলেই নিরাপদ থাকবে ওরা।
এবার ট্যাপের দিকে ফিরলেন তিনি। তো, সমস্যাটা কি? প্রস্তাবটা তো মন্দ লাগছে না আমার কাছে।
গম্ভীর হয়ে গেল ট্যাপ, চোখে শীতল চাহনি। বাবা, তুমিও জানো না আসলে কি বলছ! কোমাঞ্চেররাদের ওই আউটফিট যদি আমাদের পেছনে লাগে, তাহলে তুমি, গরু বা আমাদের একজনও এই ড্রাইভ শেষ করতে পারবে না, গন্তব্যে পৌঁছতে পারবে না। মেক্স লোকটার কথা কানে এসেছে আমার, ও বলছিল কোমাঞ্চেররাদের হাইড-আউট চেনে, অথচ এই এলাকায় এটাই সবচেয়ে গোপন সংবাদ। শুধু এই একটা কারণে ওকে কখনোই ছেড়ে দেবে না ওরা।
