সম্রাট সেনাবাহিনীতে এসেছিল তাকে উৎসাহ দিতে, কিন্তু কোন পথে যাওয়া উচিত সে সম্পর্কে তার অজ্ঞতা এবং পরিকল্পনা ও পরামর্শদাতার আধিক্যের ফলে প্রথম সেনাদলের উৎসাহে ভাটা পড়ল, তারা সরে গেল।
ইচ্ছা ছিল দ্রিসা শিবিরে ঘাঁটি করা হবে, কিন্তু নিজে প্রধান সেনাপতি হবার বাসনায় পলুচি অপ্রত্যাশিতভাবে আলেক্সান্দারকে এমনভাবে প্রভাবিত করল যে পফুয়েলের গোটা পরিকল্পনাই পরিত্যক্ত হল, আর সেনাপতিত্বের ভার পড়ল বার্কলের উপর। কিন্তু বার্কলের উপর ততটা ভরসা না থাকায় তার ক্ষমতা রইল সীমিত। সেনাবাহিনীকে ছোট ঘোট দলে ভাগ করা হল, নেতৃত্বের ঐক্য রইল না, আর বার্কলে জনপ্রিয়তা হারাল, কিন্তু সেই ডামাডোল, সেনা-বিভাজন ও বিদেশী প্রধান সেনাপতির জনপ্রিয়তার অভাবের যা স্বাভাবিক পরিণতি তাই ঘটল, একদিকে, স্থির সিদ্ধান্তের অভাব ও যুদ্ধ পরিহার এবং অন্যদিকে, বিদেশীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ক্ষোভ ও স্বাদেশিকতার উচ্ছ্বাসবৃদ্ধি।
শেষ পর্যন্ত সম্রাট সেনাবাহিনী ছেড়ে চলে গেল, তার এই ফিরে যাওয়ার একমাত্র সুবিধাজনক অজুহাত হিসেবে স্থির করা হল যে দেশের জন্য এই যুদ্ধে রাজধানীর লোকদের অনুপ্রাণিত করা এবং গোটা জাতিকে জাগ্রত করে তোলা তার পক্ষে একান্ত প্রয়োজন। সম্রাটের মস্কো পরিদর্শনের ফলে রুশ বাহিনীর শক্তি তিনগুণ : বেড়ে গিয়েছিল।
সেনাবাহিনীর উপর প্রধান সেনাপতির অবিভক্ত নিয়ন্ত্রণ যাতে বাধা না পায় সেই উদ্দেশ্যে এবং যুদ্ধের স্বপক্ষে আরো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাতে সম্ভব হয় এই আশায়ই সম্রাট চলে গেল, কিন্তু সৈন্যপরিচালনার ক্ষেত্রে আরো বিশৃঙ্খলা, আরো বেশি দুর্বলতা দেখা দিল। বেনিংসন, জারেভিচ এবং একগাদা অ্যাডজুটান্ট জেনারেল থেকেই গেল প্রধান সেনাপতির উপর নজর রাখতে ও তাকে উৎসাহ দিতে, আর সম্রাটের এইসব চক্ষুর সামনে থাকার দরুন বার্কলের স্বাধীনতা বিঘ্নিত হতে লাগল, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ব্যাপারে সে আরো সতর্ক হয়ে উঠল, আর তার ফলে সেও যুদ্ধকে এড়িয়ে চলল।
বার্কলে সতর্কতার প্রতিমূর্তি। জারেভিচ বিশ্বাসঘাতকতার ইঙ্গিত করে সর্বাত্মক যুদ্ধের দাবি জানাল। লুবোমিল্কি, ব্রনিৎক্কি, ব্রনিৎস্কি, হলকি এবং ঐ দলের অন্য সবাই মিলে এমন গোলমাল পাকিয়ে তুলল যে সম্রাটের কাছে গোপন কাগজপত্র পাঠাবার অছিলায় বার্কলে এইসব পোলিশ অ্যাডজুটান্ট-জেনারেলদের পিটার্সবুর্গে পাঠিয়ে দিল এবং বেনিংসেন ও জারেভিচের বিরুদ্ধে প্রকাশ্য সংঘাতে অবতীর্ণ হল।
ব্যাগ্রেশন যতই অপছন্দ করুক, শেষপর্যন্ত গেঁলেনঙ্কে সেনাদলগুলি একত্রিত হল।
একটা গাড়ি নিয়ে ব্যাগ্রেশন বার্কলের বাসা-বাড়িতে গিয়ে হাজির হল। চাদর জড়িয়ে বার্কলে বাইরে এসে ঊধ্বতন অফিসার হয়েও উদারতার এই প্রতিযোগিতায় ব্যাগ্রেশন বার্কলের নির্দেশ গ্রহণ করল, কিন্তু এই পর্যন্তই, এরপর থেকে সে কখনো বার্কলের সঙ্গে একমত হয় নি। সম্রাটের হুকুমেই ব্যাগ্রেশন সরাসরি তার কাছে এসেছিল। সম্রাটের বিশ্বাসভাজন আরাকচিভকে সে লিখল, আমার সম্রাটের যেমন অভিরুচি তাই হবে, কিন্তু এই মন্ত্রীটির (অর্থাৎ বার্কলে) সঙ্গে আমি কাজ করতে পারব না। ঈশ্বরের দোহাই, আমাকে অন্য কোথাও পাঠান, যদি কোনো রেজিমেন্টের সেনাপতি হিসেবে হয় তবু। এখানকার পরিবেশ আমার সহ্য হচ্ছে না। প্রধান ঘাঁটিতে এত বেশি জার্মানদের ভিড় যে কজন রুশও এখানে টিকতে পারে না, এখানে সবকিছুই অর্থহীন। ভেবেছিলাম, আমার সম্রাট ও পিতৃভূমির সেবা করতেই এখানে এসেছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেবা করছি বার্কলের। আমি কবুল করছি, এ সেবা করতে আমি চাই না।
ব্রনিৎস্কি ও উইন্ডসিন জেরোদদের দলবল প্রধান সেনাপতির সঙ্গে সম্পর্কটাকে তিক্ততর করে তুলল, ফলে ঐক্য বিঘ্নিত হল। স্মোলেনঙ্কের আগেই ফরাসিদের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেখানকার অবস্থা সরেজমিনে দেখার জন্য একজন সেনাপতিকে পাঠানো হল। বার্কলের প্রতি ঘৃণাবশত সেই সেনাপতি ঘোড়ায় চেপে তার জনৈক কোর-কম্যান্ডার বন্ধুর কাছে চলে গেল এবং সারাটাদিন তার কাছে কাটিয়ে ফিরে এসে বার্কলেকে জানাল, রণক্ষেত্র হিসেবে সে জায়গাটা সবদিক থেকেই অনুপযুক্ত, যদিও জায়গাটা সে চোখেও দেখেনি।
এইভাবে ভবিষ্যৎ রণক্ষেত্র নিয়ে যখন বিতর্ক ও ষড়যন্ত্র চলছে, ফরাসিদের সঙ্গে কোনোরকম যোগাযোগ না রেখে আমরা তাদের জন্য অপেক্ষা করে আছি, তখন ফরাসিরা নেভেরভস্কির সেনাদলের সঙ্গে ধাক্কা খেয়ে স্মোলেনঙ্কের প্রাচীর পর্যন্ত পৌঁছে গেল।
আমাদের যোগাযোগের পথগুলোকে রক্ষা করার জন্যই এই অপ্রত্যাশিত যুদ্ধে আমাদের নামতে হল। যুদ্ধ হল, আর উভয় পক্ষেরই হাজার হাজার লোক মারা গেল।
সম্রাটের এবং দেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধেই স্মোলেনস্ক পরিত্যক্ত হল। কিন্তু শাসনকর্তা কর্তৃক ভুল বোঝানোর ফলে স্মোলেনস্কের অধিবাসীরাই শহরটা জ্বালিয়ে দিল। আর সেইসব সর্বান্ত অধিবাসীরা রুশদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করে মস্কো চলে গেল, শুধু নিজেদের ক্ষতির কথা ভেবেই তারা সকলের মনে শত্রুর প্রতি বিদ্বেষের আগুন জ্বালিয়ে তুলল। নেপোলিয়ন যতই এগিয়ে আসতে লাগল, আমরা ততই পিছিয়ে যেতে লাগলাম এবং শেষপর্যন্ত যে পরিণতি ঘটল তাতেই তার ধ্বংস হল।
