প্রকৃতিতে দৃশ্যমান পরিবর্তনগুলো ব্যাখ্যা করতে কীভাবে একটি পুরাণ সৃষ্টি করে নেওয়া যেতে পারে এটি তার সুন্দর একটি উদাহরণ, সেটি একই সাথে মানবজীবনের উত্থান আর পতনের বিষয়টি প্রকাশ করতেও ব্যবহার করা যেতে পারে। মানব অস্তিত্ব হারিয়ে ফেলা, আর পুনরায় সেটি ফিরে পাওয়া, ব্যর্থতা আর সফলতা, মৃত্যু আর পুনর্জন্মের একটি ছন্দ আছে। একটি মরে-যাওয়া আর নতুন করে জেগেওঠা দেবতার ধারণাটি মানুষের আত্মার গভীরে একটি প্রয়োজনীয়তার সাথে সংগতিপূর্ণ হয়েছিল। এই কাহিনিটির আর এর অর্থ অনুসন্ধান করার জন্য আচারগুলো রোমসাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রহস্যময় ধর্মে রূপান্তরিত হয়েছিল। রহস্য বা মিস্ট্র’ শব্দটি এসেছে একটি গ্রিকশব্দ থকে, যার অর্থ নীরব থাকা অথবা নিজের মুখ বন্ধ করে রাখা, কারণ এই ধর্মের সদস্যরা তাদের পালিত আচার আর উৎসব নিয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করতেন।
কমন এরা শুরু হবার প্রায় ১৪০০ বছর আগে এই কাল্ট বা গোপন ধর্মীয় গোষ্ঠীটির উদ্ভব হয়েছিল এথেন্সের কাছে এলেউসিসে, একটি ছুটির উৎসবকে কেন্দ্র করে, যেদিন পৃথিবীর মানুষকে ফল উপহার দেবার জন্যে দেবী ডেমেটারকে উপাসনা করা হতো। কিন্তু রোমসাম্রাজ্যে এর আচারে আবৃত রূপটি পরিচিত ছিল এলেউসিনিয়ান কাল্ট নামে, ব্যক্তিক পর্যায়ের আধ্যাত্মিক অভিজ্ঞতার ওপর এর মতাদর্শের মূল তাগাদাটি ছিল, যারা দেবতার মৃত্যু আর তার পুনরায় জেগে ওঠার রহস্যটিকে গভীরভাবে অনুভব করতেন। এই কাল্টে যে-ব্যক্তিকে সদস্য করে নেওয়া হতো, তার একটি কমিউনিয়ন বা সংযোগ করতে হতো দেবীর সাথে এবং তাকে তার মৃত্যুর সেই শীতকাল এবং বসন্তে পুনর্জাগরণ অনুভব করতে হতো, আর এটি অর্জন করা হতো ধর্মীয় আচারের মাধ্যমে, যা প্রথমে কোনো অন্ধকার এলাকায় নেমে যাওয়া, তারপর আবার নতুন দিনের আলো বা নতুন জীবনে ফিরে আসার অভিজ্ঞতাটি অনুকরণ করত। মূলত আবেগের ওপরে এই আচারের আবেদন ছিল। এটি এমন কিছু না যে তারা সেটি ‘শিখেছিল’, এটি ছিল এমন কিছু যা তারা অনুভব করতেন। আর এই কমিউনিয়নের অভিজ্ঞতাটি তাদের মধ্যে একটি পরিবর্তনের সূচনা করত। মনে রাখতে হবে : এই সবকিছুই মানুষের মনের ভিতরে ঘটত। আর আমরা জানি মন খুবই অদ্ভুত একটি জায়গা। এখানে স্বর্গ আর নরক, উচ্চতা আর গভীরতা, অন্ধকার আর আলো থাকে। এলেউসিনিয়ানদের যাজকরা মানব-মন বিষয়ে খুবই দক্ষ ছিলেন। তারা জানতেন কীভাবে তাদের অনুসারীদের নানা নাটকীয়তার মধ্যে দিয়ে পরিত্রাণের সূর্যালোকিত প্রান্তরে নিয়ে আসতে হয়।
ডেমেটার আর পার্সিফোনের মতো শুধুমাত্র গ্রিকদেবতারাই রোমসাম্রাজ্যে। রহস্যময় ধর্মগুলোয় তাদের নতুন জীবন খুঁজে পাননি, পারস্য থেকে একজন প্রাচীন জরথুস্ত্রীয় দেবতা, মিথরাস আরেকটি রোমান ধর্মীয় কাল্টের কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছিলেন। গুহায় জন্ম নেওয়া মিথরাস ছিলেন একজন সূর্যদেবতা, যিনি একটি পবিত্র ষাঁড়কে হত্যা করেছিলেন, যার রক্তে পৃথিবী আর এর সব প্রাণীদের জন্ম হয়েছিল। রোমের সৈন্যরা পূর্বে তাদের সামরিক অভিযানের সময় মিথরাসের গল্প শুনেছিলেন। তাদের এর রক্ত আর তরবারির মূলধারণাটি ভালো লেগেছিল। তারা সেই সাহসকে প্রশংসার সাথে দেখেছিলেন, যে-সাহসে ভর করে মিথরাস একাই পবিত্র ষাঁড়কে হত্যা করেছিলেন। এবং তাদের সেই ধারণাটিও পছন্দ হয়েছিল যে, হত্যা এবং রক্তপাত ঘটিয়ে অন্যদের জন্য নতুন আর উত্তম জীবনের উদ্ভব ঘটানো সম্ভব। সুতরাং তারা অনেকেই এই পুরাণটিকে আত্তীকৃত করেছিলেন তাদের নিজেদের লক্ষ্যপূরণে, এবং এটি তাদের প্রিয় একটি রহস্যময় ধর্মীয় গোষ্ঠীতে পরিণত হয়েছিল।
এলেউসিনিয়ান গোষ্ঠীর চেয়ে মিথরাইজম আরো বেশি রক্তাক্ত ছিল, কিন্তু এদের মূল ধারণা খুব একটা ভিন্ন ছিল না। এটিও নতুন জীবন অভিমুখে দরজা হিসাবে মৃত্যুর উদ্যাপন করত। এর আচারগুলো হতো গোপনে, কোনো গুহায়, এবং শক্তিশালী আবেগীয় অভিজ্ঞতা এর অংশ ছিল। এটিও ‘শেখার বিষয় না, ‘অনুভব’ করতে হতো। এমনি গুহা ভীতিকর একটি জায়গা, সুতরাং এরকম কোনো একটি জায়গায় জমায়েত হবার বিষয়টি এই কাল্টের অনুসারীদের মনে একটি অস্বস্তিকর প্রভাব ফেলত। একজন রোমান-সৈন্য প্রতিদিনই মৃত্যুর মুখোমুখি হতো, সুতরাং কোনো একটি ধর্ম বিসর্জনের উদ্দেশ্য মৃত্যু এবং এর থেকে প্রবাহিত হওয়া নতুন জীবনটিকে, যা নাটকীয়তার মোড়কে উপস্থাপন করত, সেটি নিশ্চয়ই তার ভক্তি আদায় করে নিতে পারত। মিথরাইজম শুধুমাত্র পুরুষদের ধর্ম ছিল। আর এটাই রোমান সেনাবাহিনীর মতো পৌরুষ প্রদর্শনীর একটি সমাজে এই ধর্মটির বিশেষ আবেদনময়তার আরেকটি অংশ ছিল। গোপন আচার আর ব্যক্তিগত ভাষাসহ এই গোপন গোষ্ঠীগুলো এর সদস্যদের নিজেদের বিশেষ কিছু ভাবতে প্ররোচিত করত, যা আর সবার থেকে ভিন্ন এবং অবশ্যই সেরা। আর শুধুমাত্র একটি বিশেষ সমাজের সদস্য হবার বিষয়টি কিছু বিশেষ ধরনের মানুষদের মনে আবেদন রেখেছিল। এইসব আবেদন সৃষ্টির মূল কৌশলগুলো মিথরাইজমের দখলে ছিল।
রোমসাম্রাজ্যে এইসব রহস্যময় ধর্মগোষ্ঠীগুলোর আবির্ভাব ধর্মীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিক পরিবর্তনের মুহূর্ত ছিল। এর আগে, ধর্ম মূলত ছিল সামাজিক পরিচয়ের সাথে যুক্ত একটি সামষ্টিক কর্মকাণ্ড। কারণ ইহুদিদের জন্যে ধর্ম ছিল, যে-ধর্মে তাদের জন্ম হয়েছে, এবং তার নির্বাচিত জাতি হিসাবে ঈশ্বর যাদের এই ধর্ম অনুসরণ করতে আহ্বান জানিয়েছিলেন। তাদের নৈতিক দৃঢ়তা, ইহুদি জাতির বাইরে অন্য সমব্যথীদের আকৃষ্ট করত, কিন্তু অন্য ধর্মের সদস্যরা তাদের জন্মের সেই দুর্ঘটনাকে পরিবর্তন করতে পারেন না। হিন্দুধর্ম এমন কিছু যে-ধর্মে আপনার জন্ম হতে হবে, সেই জাতপ্রথা অবধি, যা আজীবন আপনার সাথে যুক্ত হয়ে থাকবে। সেই সময় অবধি এর ব্যতিক্রম ছিল শুধুমাত্র একটি : বৌদ্ধধর্ম। এটি গোষ্ঠীর নিয়তিকে চ্যালেঞ্জ করেছিল এবং একক সদস্যদের পরিত্রাণের জন্যে তাদের কাছে একটি সংস্করণ প্রস্তাব করেছিল। এবং সেই সময় নাগাদ পুরো এশিয়াজুড়ে একটি বিশ্বজনীন ধর্ম হবার পথে ছিল, যে-কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে-ধর্মটি সবার জন্যে উন্মুক্ত।
