গুড, বুদ্ধিমতী, ডিরি বলল, মেয়ে তারকারা তাকে ভালোবাসে। স্টুডিওগুলোও তাকে পছন্দ করে। পরিচালক হিসেবে সে সবকিছু বাজেটের মধ্যেই সম্পন্ন করে এবং কখনও মাঝপথে কাজ ছেড়ে দেয় না। তবে তার কাছে যাওয়ার আগে আমরা দুজনে মিলে অভিনেতা-অভিনেত্রী নির্বাচনের কাজটা সেরে ফেলতে পারি।
ক্লডিয়া জিজ্ঞেস করল, তুমি কাকে আনতে চাও?
লডস্টোন ডিরি বলল, তারা আমাকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। তাই পাত্র-পাত্রী নির্বাচন ও পরিচালনা নিয়ে আমাদের মধ্যে খুব একটা সমস্যা হবে না। ক্লডিয়া, তুমি একটা নিখুঁত স্ক্রিপ্ট লিখেছ। আগের দিনের নারীবাদী দৃষ্টিভঙ্গির ওপর তোমার এই স্ক্রিপ্ট অত্যন্ত চমকপ্রদ এবং উপভোগ্য। বর্তমান সময়ে বিষয়টি খুবই জনপ্রিয়—-যৌনতাকে তুমি ম্যাসেলিনা ও অন্যান্য নারী চরিত্রের মাঝে সঙ্গতিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছ। আমি মেলো এবং মলি ফ্লান্ডার্সের সাথে তোমার বিষয়ে আলাপ করব, তারা যাতে লডস্টোনের সাথে চূড়ান্ত ব্যবসায়িক আলোচনা সেরে ফেলতে পারে।
ক্লডিয়া বলল, ইউ সান অব এ বিচ, তুমি এর মধ্যেই লডস্টোনের সাথে কথা বলেছ, তাই নয় কি?
ডিরি তার হাসি বিস্তৃত করে বলল, হ্যাঁ, গত রাতে আলাপ হয়েছে। আমি তাদেরকে স্ক্রিপ্ট দেখিয়েছি। যদি আমি সবকিছু জোগাড় করতে পারি তাহলে তারা ম্যাসেলিনার কাজ হাতে নেবে বলে আমাকে আশ্বস্ত করেছে। শোনো ক্লডিয়া, আমাকে ভুল বুঝো না, আমি জানি ম্যাসেলিনার-ক্ষণিক থেমে সে আবার বলল, আমি লডস্টোনকে এসব জানিয়েছি। এখন চলো কাজ শুরু করা যাক।
এভাবেই এই বিশাল প্রকল্পটি শুরু হয়েছিল। এখন ক্লডিয়া কিছুতেই সেটা ভেস্তে যেতে দেবে না।
ক্লডিয়া ট্রাফিক সিগন্যালের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখান থেকে সে বাঁয়ে ঘুরে একটি সাইডে উঠবে, ওই রাস্তাই তাকে ম্যালিবু কলোনিতে নিয়ে যাবে। এই প্রথম ক্লডিয়ার মনে সংশয় মিশ্রিত ভয়ের উদ্রেক হলো।. সে যদি অ্যাথেনাকে রাজি করাতে না পারে। অ্যাথেনা অত্যন্ত দৃঢ় সিদ্ধান্তের মেয়ে, হয়তো সে কখনোই তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। তারকারা এমনই হয়ে থাকে। ক্লডিয়া ভাবল, অ্যাথেনা যদি তাকে বিমুখ করে তাহলে সে ভেগাসে যাবে। সেখানে তার ভাই ক্রসের সাহায্য নেবে। ক্রস সবসময়ই তাকে সাহায্য করেছে এবং কখনও তাকে নিরাশ করেনি। তারা দুই ভাইবোন যখন ছোট ছিল তখন থেকে নিয়ে তাদের মা মারা যাওয়া পর্যন্ত সবসময়ই সে ক্রসের সাহায্য পেয়েছে।
ক্লডিয়ার মনে তার শৈশবকালের স্মৃতি ভেসে উঠল। লং আইল্যান্ডে ক্লেরিকুজিও ম্যানশনে তার হাস্যোজ্জ্বল, আনন্দঘন শৈশবস্মৃতি। চারদিকে প্রাচীর ঘেরা ম্যানশন তার কাছে এখন গ্রিমসের রূপকথার প্রাসাদের মতো মনে হয়। সেখানে ফিগ বাগানের মধ্যে দুই ভাইবোন একসাথে খেলেছে, ছুটোছুটি করেছে, কত মজাই না তারা করত ছেলেবেলায়। ক্লেরিকুজিও ম্যানশনে আট থেকে বারো বছরের ছেলেদের মধ্যে দুটি গ্রুপ ছিল। এক গ্রুপের নেতৃত্ব দিত তার ভাই ক্রস এবং প্রতিপক্ষ গ্রুপের নেতৃত্ব ছিল উনের নাতি ডেন্টি ক্লেরিকুজিও। আর বৃদ্ধ ডন ওপর তলার এক জানালার পেছন থেকে ড্রাগনের মতো সবকিছু দেখত।
ডেন্টি ছিল মারমুখো হিংস্র প্রকৃতির। সে সবসময় মারামারি করতে পছন্দ করত এবং নিজেকে একজন জেনারেল ভাবত। একমাত্র ডেন্টিই তার ভাই ক্রসের সাথে মারামারি করার সাহস রাখত। খেলার মাঠে ক্লডিয়াকে একা পেলে ডেন্টি তাকে মারধর করত এবং ক্লডিয়াকে তার বশ্যতা স্বীকার করাতে চেষ্টা করত। সে সময় ক্রস সেখানে হাজির হলে ডেন্টি ও ক্রসের মধ্যে মারামারি বেধে যেত। তখনই ক্লডিয়া ডেন্টির আক্ৰমণত্মক হিংস্র চেহারার বিরুদ্ধে তার ভাই ক্রসের অসামান্য আত্মবিশ্বাস দেখে আশ্চর্য হতো এবং ক্রস সহজেই জয়ী হতো। ভাইয়ের প্রতি ক্লডিয়ার ছিল প্রচণ্ড টান।
কিন্তু ক্লডিয়া ভেবে পেত না তার মা কেন ক্রসকে অধিক পছন্দ করতেন না। কিভাবে তার মা ক্রসকে অধিক ভালো না বেসে থাকতে পারতেন! অধিক ভালোবাসা পাওয়ার মতো অনেক গুণই ক্রসের ছিল। তা সে প্রমাণও করেছে। মা-বাবা যখন আলাদা হয়েছিল তখন ক্রস বাবার কাছে থাকার সিদ্ধান্ত নিয়ে তার মহৎ গুণ প্রকাশ করেছিল। কারণ ক্রস তার মা ও বোনের সাথেই থাকতে চেয়েছিল, এই বিষয়ে ক্লডিয়ার কোনো সন্দেহ ছিল না। বাবার ভালোবাসার প্রতি শ্রদ্ধা জানাতে সেই ছোটবেলাতেই ক্রস তার নিজের ইচ্ছার বিসর্জন দিয়েছিল।
তাদের মা-বাবার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরও বেশ কয়েক বছর পরিবারের মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। সেই সময় ক্লডিয়া তাদের আশপাশের লোকের সাথে আলোচনায় এবং তাদের হাবভাবে জানতে পেরেছিল ক্রস তার বাবার আদলেই বেড়ে উঠছে। তার মধ্যে বাবার গুণাবলিগুলোই অনেকাংশে ফুটে উঠেছে। যদিও বর্তমানে ক্রস ও ক্লডিয়ার প্রকৃতি সম্পূর্ণ ভিন্ন, তথাপি তাদের মধ্যে ভাইবোনের সেই স্নেহের টান, ভালোবাসার সম্পর্ক অটুট রয়েছে। ক্লডিয়া এটা ভালো কারেই জানে ক্রস ক্লেরিকুজিও পরিবারের অংশ, কিন্তু সে নয়।
ক্লডিয়া লস অ্যাঞ্জেলেসে চলে আসার দুবছর পর তার মা ন্যালিনির ক্যান্সার ধরা পড়ে। তখন ক্লডিয়ার বয়স তেইশ। সে সময় ক্রস ক্লেরিকুজিও পরিবারের জন্য নিজেকে উপযুক্ত করেছিল এবং জানাদু হোটেলে গ্রোনিভেল্টের সাথে কাজ করত। মায়ের ক্যান্সারের খবর পেয়ে ক্রস শেষের দুটো সপ্তাহ সেক্রামেন্টোতে তার মা ও বোনের সাথে কাটিয়েছিল। একদিনের মধ্যে সে। তার মায়ের জন্য একজন নার্স, একজন বাবুর্চি ও একজন হাউসকিপারের ব্যবস্থা করে।
