গণীয় বৈশিষ্ট্যের তুলনায় প্রজাতিক বৈশিষ্ট্য আরও বেশি পরিবর্তনশীল
আগের রচনার শিরোনাম অংশটিতে আলোচিত পদ্ধতিটি বর্তমান বিষয়ে প্রয়োগ করা যেতে পারে। এটি সুবিদিত যে প্রজাতিক বৈশিষ্ট্যসমূহ গণীয় বৈশিষ্ট্যগুলির তুলনায় অধিকতর পরিবর্তনশীল। এটির অর্থ একটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক : উদ্ভিদের বড় একটি গণের কতিপয় প্রজাতির ফুলের রং যদি নীল হয় এবং কয়েকটির রং লাল হয়, তাহলে রংটি কেবল প্রজাতিক বৈশিষ্ট্যের হবে, এবং নীল প্রজাতির লাল প্রজাতিতে রূপান্তর বা বিপরীত ঘটনা দেখে কারও আশ্চর্য হওয়া উচিত হবে না; কিন্তু সব প্রজাতির ফুলের রং নীল হলে, রংটি গণীয় বৈশিষ্ট্যের হবে এবং তার পরিবর্তন আরও বেশি অস্বাভাবিক ধরনের হবে। আমি এই উদাহরণটি মনোনীত করেছি, কারণ অধিকাংশ প্রকৃতিবিদের দেওয়া এই ব্যাখ্যাটি এখানে প্রযোজ্য নয় যে প্রজাতিক বৈশিষ্ট্যসমূহ গণীয় বৈশিষ্ট্যের তুলনায় অধিকতর পরিবর্তনশীল, কারণ গণেদের শ্রেণীবিভাগের জন্য সাধারণভাবে ব্যবহৃত বৈশিষ্ট্যগুলির তুলনায় কম শারীরবৃত্তীয় গুরুত্বপূর্ণ প্রত্যঙ্গদের থেকে এদের গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি এই ব্যাখ্যা আংশিক হলেও অপ্রত্যক্ষভাবে সত্য, তবে শ্রেণীবিভাগ অধ্যায়ে আমি এ বিষয়ে ফিরে আসব। এই বক্তব্যের সমর্থনে প্রমাণ উপস্থাপন করা প্রায় অনাবশ্যক যে সাধারণ প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি গণীয় বৈশিষ্ট্যের তুলনায় অধিকতর পরিবর্তনশীল হয়; কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির ক্ষেত্রে, প্রাকৃতিক ইতিহাসের ওপর লেখাগুলিতে আমি বারংবার লক্ষ্য করেছি যখন একজন লেখক সবিস্ময়ে মন্তব্য করেন যে প্রজাতিদের একটি বিরাট গোষ্ঠীর সকলের ক্ষেত্রে সাধারণত অপরিবর্তনশীল গুরুত্বপূর্ণ অঙ্গ বা প্রত্যঙ্গ নিকটসম্বন্ধীয় প্রজাতিগুলির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়, তখন এটি একই প্রজাতির এককগুলিতে প্রায়শই পরিবর্তনশীল হয়। এবং এই ঘটনাটি দেখায় যে সাধারণতঃ গণীয় মূল্যের একটি চারিত্রিক বৈশিষ্ট্য যখন তার মূল্যে হাস পায় এবং কেবল প্রজাতিকে মূল্যের হয়, তখন এটি প্রায়শই পরিবর্তনশীল হয়, যদিও এর শারীরবৃত্তীয় গুরুত্ব একই থাকে। একই বক্তব্য কয়েকটি অঙ্গবিকৃতির ক্ষেত্রেও প্রযোজ্য। অন্ততঃ ইসিডোর জিওফ্রয় সেন্ট হিলারে আপাত সন্দেহাতীতভাবে মনে করেন যে একই গোষ্ঠীর ভিন্ন ভিন্ন প্রজাতির একটি অঙ্গ সাধারণভাবে যত বেশি ভিন্ন হয়, এককগুলিতে তত বেশি অনিয়মিত আকার দেখতে পাওয়া যায়।
প্রত্যেক প্রজাতি স্বাধীনভাবে সৃষ্ট হয়েছে–এই সাধারণ মতানুসারে, একই গণের স্বাধীনভাবে সৃষ্ট অন্য প্রজাতির একই প্রত্যঙ্গ থেকে ভিন্ন এমন দেহগঠনের ঐ প্রত্যঙ্গ টি সেইসব প্রত্যঙ্গদের তুলনায় অধিক পরিবর্তনশীল কেন হবে, যেগুলো কতিপয় প্রজাতিতে সদৃশ? আমি বুঝতে পারি না এর কোন্ ব্যাখ্যা দেওয়া যেতে পারে। কিন্তু প্রজাতিরা কেবল স্পষ্টচিহ্নিত ও স্থায়ী ভ্যারাইটি–এই মতানুসারে আমরা প্রায়শই আশা করতে পারি যে এদের দেহগঠনের ঐ সব প্রত্যঙ্গ এখনও পরিবর্তিত হচ্ছে, যেগুলি আবার সাম্প্রতিককালের মধ্যে পরিবর্তিত হয়েছে এবং যা এভাবে ভিন্ন হয়েছে। অথবা ঘটনাটিকে অন্যভাবে ব্যক্ত করলে–যে লক্ষণগুলির দ্বারা একটি গণের সমস্ত প্রজাতি পরস্পরের সদৃশ হয় এবং নিকট সম্পর্কীয় গণগুলির থেকে এরা ভিন্ন হয়, এই লক্ষণগুলিকে গণীয় চারিত্রিক বৈশিষ্ট্য বলে; এবং এই বৈশিষ্ট্যগুলি একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বংশগতভাবে প্রাপ্ত হয়েছে বলা যেতে পারে, কারণ এটি কদাচিৎ ঘটতে পারে যে প্রাকৃতিক নির্বাচন ঠিক একইরকম কমবেশি ব্যাপকভাবে ভিন্ন স্বভাবের কতিপয় প্রজাতিকে রূপান্তরিত করে থাকবে : যেহেতু এইসব সুপরিচিত গণীয় চারিত্রিক বৈশিষ্ট্য ঐ সময়কালের পূর্বে বংশগতভাবে প্রাপ্ত হয়েছে যে সময় কয়েকটি প্রজাতি তাগের সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল এবং পরবর্তী সময়ে পরিবর্তিত হয়নি বা যে কোন মাত্রায় অথবা কেবল অল্প মাত্রায় পৃথক বা ভিন্ন হয়েছে, এটি সম্ভবপর নয় যে এরা বর্তমানে পরিবর্তিত হবে। বিপরীতক্রমে, যে লক্ষণগুলির দ্বারা একই গণের অন্য প্রজাতিদের থেকে প্রজাতিদের পৃথক করা হয়, সেই লক্ষণসমূহকে প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য বলে; এবং যেহেতু এইসব প্রজাতিক বৈশিষ্ট্য ঐ সময়কাল থেকে পরিবর্তিত হয়েছে এবং পৃথক হয়েছে যে সময়ে প্রজাতিরা একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছিল, সেহেতু এটি সম্ভবপর যে এরা তখনও পর্যন্ত কিছু মাত্রায় পরিবর্তনশীল হবে–যে প্রত্যঙ্গগুলি দীর্ঘসময় ধরে অপরিবর্তনীয় রয়েছে, জৈবসংগঠনের সেই প্রত্যঙ্গগুলি তুলনায় অন্ততঃ আরও বেশি পরিবর্তনশীল হবে।
গৌণ যৌন বৈশিষ্ট্যগুলি পরিবর্তনশীল।। আমি মনে করি যে কোন প্রকৃতিবিদই স্বীকার করবেন যে গৌণ চারিত্রিক বৈশিষ্ট্যগুলি অতিশয় পরিবর্তনশীল। আরও স্বীকার করতে হবে যে একই গোষ্ঠীর প্রজাতিদের অন্যান্য প্রত্যঙ্গের তুলনায় এদের গৌণ যৌন চারিত্রিক বৈশিষ্ট্যগুলি পরস্পরের থেকে আরও ব্যাপকভাবে ভিন্ন হয়। উদাহরণস্বরূপ, গ্যালিনেসিয়াম পাখিদের গৌণ যৌন চারিত্রিক বৈশিষ্ট্য স্পষ্টরূপে প্রতীয়মান এমন পুরুষদের মধ্যে পার্থক্যের পরিমাণের সঙ্গে স্ত্রীদের মধ্যে পার্থক্যের পরিমাণের তুলনা করুন। এইসব চারিত্রিক বৈশিষ্ট্যের মৌলিক পরিবর্তনশীলতার কারণটি স্পষ্ট নয়, কিন্তু আমরা দেখতে পারি কেন এরা অন্যদের তুলনায় স্থায়ী ও একইরূপের হয়ে থাকবে না, কারণ এরা যৌন নির্বাচন দ্বারা সঞ্চিত হয়েছে, যেটি এর কার্যকারিতায় সাধারণ নির্বাচনের তুলনায় কম কঠোর হয়, কারণ এটি মৃত্যু ঘটায় না বরং কম আনুকূল্য প্রাপ্ত পুরুষদের অল্প কয়েকটি বংশধর উৎপাদন করতে সাহায্য করে। এরা অতিশয় পরিবর্তনশীল বলে গৌণ যৌন বৈশিষ্ট্যসমূহের কারণ যাই হোক না কেন, যৌন নির্বাচন প্রক্রিয়ার যথেষ্ট সুযোগ রয়ে থাকবে এবং এভাবে একই গোষ্ঠীর প্রজাতিগুলিতে অন্য বিষয়গুলির তুলনায় পার্থক্যের বিরাটতর পরিমাণ প্রদান করতে সমর্থ হয়ে থাকবে।
