ভালোকথা, আপনি বলেছেন আপনার ভাই হারল্ড ও আপনার ভগ্নীপতির সঙ্গে পরামর্শ করেছিলেন। আপনার বাবা ও অন্যভাইদের এবিষয়ে মনেভাব কি ছিল তাতে বললেন না।
-বাবাকে জানিয়েছিলাম। চিঠিটাকে তিনি দুষ্ট লোকের টাকা আদায়ের ফিকির বলেই মনে করেছিলেন। অন্য দুই ভাই বিশেষ আগ্রহ প্রকাশ করতে চায়নি। তবে আমরা মোটামুটি এরকম স্থির করে রেখেছিলাম যে মার্টিনকে আমরা অভ্যর্থনা জানাব এবং আমাদের পরিবারের আইনগত উপদেষ্টা মিঃ উইমবোর্নকে উপস্থিত থাকতে বলব।
–মিঃ উইমবোর্নের পরামর্শ কি ছিল?
–তাকে জানাবার আগেই তারবার্তাটা পেয়েছিলাম।
–আচ্ছা, চিঠির কথা আপনার সত্যি বলে মনে হয়েছিল?
-সত্যিকথা বলতে, স্নেহার্দ কণ্ঠে বলল এমা, ভাইদের মধ্যে এডমান্ডকেই আমি বেশি ভালোবাসতাম। তাই চিঠিটা আমার কাছে অস্বাভাবিক বা সত্যি বলেই মনে হয়েছিল। আমার ধারণা হয়েছিল, এডমন্ডের মৃত্যুর পর হয়তো অন্য কোনো পুরুষ তার আর তার ছেলের ভার নিয়েছিল।
পরে সেই পুরুষটির মৃত্যু হয়, আর সে এডমান্ডের ছেলের কথা ভেবেই তার পরিবারের কাছে আবেদন করার কথা ভাবে। এডমান্ড নিজেই তাকে সে পরামর্শ দিয়েছিল বলে সে চিঠিতে উল্লেখ করেছিল। এটা সত্যিকথা যে এডমান্ডের পুত্রসন্তানের কথা শুনে আমি খুব খুশি ও আগ্রহী হয়ে উঠেছিলাম।
ক্রাডক চিন্তিতভাবে মাথা নাড়লেন। পরে বললেন, চিঠিটা সত্যি বলে মনে হবার সঙ্গত কারণ আছে। কিন্তু মার্টিন ক্রাকেনথর্প এতদূর এগিয়ে এসেও হঠাৎ কেন প্যারিস ফিরে গেলেন এটাই ধাঁধা হয়ে উঠেছে। এরপর আর কোনো চিঠিও কেন আপনি পেলেন না? তবে একটা সম্ভাবনা এমন হতে পারে, আপনার কোনো ভাই-এর পক্ষে তদন্তের ব্যবস্থা করা অসম্ভব নয়। কেননা, এডমান্ডের সত্যিকার বংশধর তার ঠাকুর্দার সম্পত্তির ন্যায়সঙ্গত উত্তরাধিকারী। কেবল তাই নয়, উইলের যে শর্তের কথা আমি শুনেছি, তাতে এডমান্ডের ছেলেই রাদারফোর্ড হল এবং সংলগ্ন জমির মালিক হবার কথা।
এই মার্টিন হয়তো প্রথমে বুঝে উঠতে পারেনি যে তাকে ছেলের দাবি নিয়ে উপস্থিত হলে একদল কঠিনহৃদয় ব্যবসায়ীর সঙ্গে সম্মুখ সংঘর্ষের মুখোমুখি হতে হবে। আইনগত কঠিন পরিস্থিতির কথা বিবেচনা করেই হয়তো সে নীরব থাকাই সঙ্গত মনে করেছে।
এমা চিন্তিতভাবে মাথা নাড়ল।
যাইহোক, আমরা উপযুক্ত তদন্তের ব্যবস্থা করছি।
–আপনার সহৃদয়তার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এমা বিদায় নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এল।
মিনিট দুয়েক বসে চিন্তা করলেন ক্রাডক। পরে ফোনে ডিটেকটিভ সার্জেন্ট ওয়েদারবলের সঙ্গে যোগাযোগ করলেন। নির্দেশ দিলেন, তিনি যেন এখুনি ১২৬, এলভার্স ক্রেসেন্ট, নম্বর টেন এই ঠিকানায় গিয়ে মিসেস মার্টিন ক্রাকেনথর্প নামে মহিলার খোঁজখবর জানার চেষ্টা করেন।
-আরো শোন বব, বললেন ক্রাডক, রাদারফোর্ড হলে পাওয়া মৃতদেহের ফটোও সঙ্গে নেবে। আমার ধারণা ওই নামের মহিলা ওই ঠিকানায় বাস করতো কিংবা চিঠিপত্রের খোঁজে আসত।
বিকেলের দিকে একজন থিয়েটার দলের এজেন্টের সঙ্গে তিনি দেখা করলেন। অফিসে ফিরে এসেই পেলেন প্যারিসের একটি টেলিফোন।
এখানে ব্যালে মারিটাক্সি দলের আন্না স্ট্রাভিনস্কা নামে একটি মেয়ের সঙ্গে আপনার পাঠানো বিবরণের মিল পাওয়া যাচ্ছে। আমাদের প্রস্তাব, এখানে চলে আসুন। ডেসিল, প্যারিস পুলিস হেড কোয়ার্টাস।
ক্রাডক সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন। রাতের স্টিমারেই প্যারিস রওনা হবেন।
.
লুসি আইলেসব্যারো এমির কাছে জানতে চেয়েছিল, সে তার মাসীকে এদিন রাদারফোর্ড হলে তার কর্মস্থল দেখাতে নিয়ে আসতে পারে কিনা। এমি সানন্দে সম্মতি জানিয়েছিল। সেই মত লুসি আজ বিকেলে গিয়ে মিস মারপলকে চায়ের আসরে নিয়ে এসেছে। তাকে অভ্যর্থনা জানিয়ে চুল্লির সামনে বসানো হয়েছে।
-আপনি যে আসতে পেরেছেন এজন্য আমরা আনন্দিত।
কোমল কণ্ঠে বলল এমি।
মিস মারপলের মুখ হাসিতে উদ্ভাসিত হল। চায়ের নিমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি চারপাশে তাকিয়ে দেখলেন।
হ্যারল্ড ক্রাকেনথর্প পাশেই দাঁড়িয়েছিল। আলফ্রেড একমুখ হাসি নিয়ে তার দিকে স্যান্ডউইচ এগিয়ে দিচ্ছিল, তাকে দেখে তিনিও হাসলেন। কেড্রিক একটা পুরনো জ্যাকেট পরে চুল্লির বেষ্টনীর কাছে দাঁড়িয়েছিল।
বৃদ্ধার সন্ধানী চোখ সকলকেই গভীরভাবে নিরীক্ষণ করল।
মিস মারপলের আগমনটাকে প্রসন্ন মনে মেনে নিতে না পারলেও কেড্রিক ও হারল্ড মেনে নিয়েছিল, তাদের চোখে রহস্যময় মেয়ে লুসি সম্পর্কে আরও কিছু খোঁজখবর তার মাসীর কাছ থেকে জানা যাবে এই সম্ভাবনার কথা মাথায় রেখে।
মিস মারপল, এমাকে তাদের বাড়ির প্রশংসা শোনালেন, ঘরের বিভিন্ন শিল্পকর্মের বিষয়ে আগ্রহ প্রকাশ করলেন।
এমি আলোচনা প্রসঙ্গে জানাল, তার দুভাই লন্ডনে বাস করে। এক ভাই চিত্রশিল্পী। বেলিয়ারিক দ্বীপপুঞ্জে ইডিজাতে থাকে।
–এটা খুবই আনন্দের যে ভাইরা তোমার সঙ্গে রয়েছে। আজকাল তো পরিবারগুলো সব ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বললেন মিস মারপল।
কেড্রিক বলল, আপনার কাছ থেকে আজ লুসির ছেলেবেলার কথা শুনব। ও আমাদের সকলকে জয় করে নিয়েছে।
মুখে খুশির হাসি নিয়ে কেড্রিকের দিকে তাকালেন মিস মারপল। তারপর এইভাবে শুরু করলেন, লুসি বরাবরই খুব বুদ্ধিমতী আর মেধাবী। পাটীগণিতে তার ছিল অসাধারণ দখল
