কয়েক দিন পূর্বে অসীম কল্যাণের প্রতীক ঈশ্বর আমার সঙ্গে কথা বলেছেন এবং তার ইচ্ছা আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন তিনি আমাকে এই কারণে নির্বাচন করেছেন যে অন্য পয়গম্বরদের মতো আমিও পড়তে জানি না এবং আমার মন তাঁর নির্ভেজাল বাণী শ্রবণ করার জন্য যথেষ্ট উন্মুক্ত এবং নমনীয়। তিনি আমাকে আরো বলেছেন একজন প্রকৃত শাসকের উচিত ঐশ্বরিক বিধি বিধান সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব অন্যদের উপর ন্যস্ত না করে নিজের কাঁধে নেয়া। আজ শুক্রবার, আমাদের সাপ্তাহিক প্রার্থনার দিন। অতীতে আমি একজন ইমামকে দায়িত্ব প্রদান করেছি বেদীতে দাঁড়িয়ে প্রার্থনায় নেতৃত্ব দান করার জন্য এবং খুতবা পাঠ করার জন্য। কিন্তু বর্তমানে ঈশ্বরের নির্দেশ পালন করার জন্য আপনাদের সামনে উপস্থিত থেকে আমাকেই খুতবা পাঠ করতে হবে।
উপস্থিত জনতার মুখ থেকে উচ্চারিত বিস্ময়সূচক ধ্বনি এবং কোলাহলের মধ্যে আকবর গোলাপ কাঠের খাড়া সিঁড়ি বেয়ে মার্বেল পাথরের বেদীতে উঠে গেলেন। তারপর তাঁর গভীর ছন্দময় কণ্ঠে খুতবা পাঠ করতে লাগলেন। এক সময় তিনি তার খুতবার চরম পর্যায়ে পৌঁছলেন এবং তাঁর কণ্ঠ থেকে চূড়ান্ত কথাগুলি বের হয়ে এলো, মহামান্য সম্রাটের মঙ্গল হোক! আল্লাহ্ আকবর!
সেলিম বিস্ময়ে তীব্র ঝাঁকি খেলো। আল্লাহ্ আকবর এর অর্থ আল্লাহ্ মহান, কিন্তু তার পিতার বক্তব্যের এমন অর্থও হয় যে আকবর আল্লাহ্। তার পিতা কি নিজেকে কোনো প্রকারে ঈশ্বর বলে দাবি করছেন? সে তার আশে পাশে উপস্থিত সকলকে বিস্ময়সূচক বাক্য বিনিময় করতে শুনলো। কিন্তু সামনে তাকিয়ে সে দেখতে পেলো তার পিতা শান্ত চিত্তে নিজের অনিশ্চিত বক্তব্যের প্রতিক্রিয়া প্রত্যক্ষ করছেন। তিনি সকলকে নীরব হওয়ার জন্য হাত তুলে ইশারা করলেন এবং চারিদিকে নীরবতা নেমে এলো। আমি আমার সবচেয়ে বিশ্বস্ত ধর্ম উপদেষ্টা শেখ মোবারককে একটি দলিল প্রস্তুত করতে নির্দেশ দিয়েছি যাতে আমার সাম্রাজ্যের সকল ওলামাবৃন্দ দস্তখত করবেন। এই দলিলে উল্লেখ থাকবে এখন থেকে ধর্ম সংক্রান্ত যে কোনো প্রশ্নের ব্যাখ্যা দানে তারা নয়-বরং আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো।
সেলিম লক্ষ্য করলো শেখ আহমেদ এবং অন্যান্য মাওলানারা অকবরের বক্তব্যের অর্থ-তিনি ঐশ্বরিক বিষয়ে যে কোনো মাওলানার তুলনায় অধিক জ্ঞান ধারণ করেন-এমন উপলব্ধি করে পরস্পরের দিকে আহত দৃষ্টি বিনিময় করলো। ইংল্যান্ডের রাজার মতোই, আকবর এখন কেবল তার রাজ্যের সম্রাটই নন বরং প্রধান ধর্মীয় নেতাও। সেই মুহূর্তে আকবরের মুখে সামান্য হাসি দেখা গেলো এবং সেলিম তার পিতার প্রতি নতুন করে কিছুটা সম অনুভব করলো। সে আরো অনুভব করলো প্রতিদিন সে তার পিতাকে আরেকটু বেশি করে বুঝতে পারছে।
৪.২ জ্বলন্ত মশাল
১৭. জ্বলন্ত মশাল
জাহাপনা, জেসুইট ফাদার এ্যান্টোনিও মনসেরেট আপনার সঙ্গে জরুরি সাক্ষাৎ করার জন্য আবেদন জানিয়েছেন।
আকবর তুহিন দাশের অঙ্কিত নতুন একটি ভবনের নকশা থেকে মুখ তুলে তাকালেন, তিনি এবং আবুল ফজল সেটি পর্যবেক্ষণ করছিলেন। সেলিম তার মুখে বিরক্তির ভাব দেখতে পেলো। দরবারে এমন কথা শোনা যাচ্ছিলো যে জেসুইটরা ক্রমশ উদ্ধত এবং দাম্ভিক হয়ে উঠছে। আকবর তাদের যতোকিছুই করার অনুমতি দিচ্ছিলেন মনে হচ্ছিলো তারা তাতে সন্তুষ্ট হতে পারছিলো না। তারা তাদের সাধু দিবসে ফতেহপুর শিক্রির রাস্ত য় বড় একটি কাঠের ক্রুশ নিয়ে এবং হাতে মোমবাতি নিয়ে দলবদ্ধ ভাবে শোভাযাত্রা করছে, উপাসনালয় তৈরি করেছে এবং আগ্রাসীভাবে হিন্দুস্ত নীদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে। এমনকি তারা আকবরের কাছে একটি আবেদনপত্র পেশ করেছে যাতে ফাদার এ্যান্টোনিওকে তাঁর পুত্র মুরাদের শিক্ষক হিসেবে নিযুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। ভদ্রতাবশত আকবর তা অনুমোদনও করেছেন।
সে কি বলতে চায়?
সেটা তিনি বলেননি, জাঁহাপনা, কেবল বলেছেন বিষয়টি অত্যন্ত জরুরি।
ঠিক আছে। আমি তার সঙ্গে এখানেই দেখা করবো।
সব সময়ের মতো এখনো সেলিম তার পিতার সহ্যক্ষমতা দেখে অবাক হলো। আর কোনো প্রজা সে যতোই ক্ষমতাবান হোক না কেনো এতো ঘন ঘন কিছুর জন্য আকবরকে বিরক্ত করার সাহস পাবে না। সেলিম অপেক্ষা করলো দেখার জন্য বাবা তাকে চলে যেতে বলেন কি না, কিন্তু আকবর ইশারায় তাকে থাকতে বললেন।
জেসুইট পাদ্রীটি সেখানে প্রবেশ করলো। সে সংক্ষিপ্ত অভিবাদন জানালো এবং আকবর কিছু বলতে পারার আগেই ব্যগ্রভাবে তার বক্তব্য শুরু করে দিলো। জাহাপনা, আমি আজ এমন একটি কথা শুনলাম যা বিশ্বাস করতে পারছি না। আপনার একজন মাওলানা শেখ মোবারক বললেন আপনি নাকি একটি নতুন ধর্ম সূচনা করতে যাচ্ছেন!
তুমি যা শুনেছো তা সত্যি। আগামী শুক্রবারের জুম্মার সময় আমি আমার প্রজাদের কাছে এই নতুন ধর্ম দীন-ই-ইলাহী অর্থাৎ ঈশ্বরের ধর্ম বিষয়ে ঘোষণা দিতে যাচ্ছি যা আমার সাম্রাজ্যের সর্বত্র বলবৎ হবে।
এতো ঈশ্বরদ্রোহীতা! ফাদার এ্যান্টোনিওর ডিম্বাকৃতি চোখ দুটি কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হলো।
সতর্ক হয়ে কথা বলো জেসুইট। তোমরা এতোদিন আমার প্রশ্রয় এবং ধৈর্যের নমুনা ছাড়া আর কিছু প্রত্যক্ষ করোনি। কিন্তু বিনিময়ে তোমরা সংকীর্ণ অসহিষ্ণুতা ব্যতীত আর কি প্রচার করতে পেরেছা? তোমার কাছ থেকে তোমাদের ধর্ম বিষয়ে যা কিছু এতোদিন জেনেছি তাতে আমার মনে হয়নি ক্যাথলিক ধর্ম অন্য ধর্মগুলির তুলনায় অধিক প্রশংসনীয় কিছু ধারণ করে। অবশ্য কোনো একক ধর্মকেই সত্যতা এবং পবিত্রতার দিক থেকে আমার কাছে নিরঙ্কুশ ভাবে শ্রেষ্ঠ বলে মনে হয়নি। এমনকি আমার নিজ ধর্ম ইসলামও নয়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সকল ধর্মের মধ্যে যা কিছু শ্রেষ্ঠ সেসব বিষয় এক সঙ্গে জুড়ে একটি নতুন ধর্ম সৃষ্টি করার। এতে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এবং ইসলাম এই সকল ধর্মের নির্যাস একত্রিত থাকবে।
