হালিমা, রুটি সেঁকা শেষ করো। তারপর সে সেলিমকে ইশারা করলো তাকে অনুসরণ করে বাড়ির ভিতর প্রবেশ করার জন্য। বাড়িটির প্রবেশ দ্বারের চৌকাঠ এতো নিচু যে বালক হওয়া সত্ত্বেও সেলিমকে তার মাথা ঝুঁকিয়ে ভিতরে প্রবেশ করতে হলো। দুটি তেলের প্রদীপের অস্পষ্ট আলোতে সে দেখতে পেলো ঘরের শেষ প্রান্তের দেয়ালে হেলান দিয়ে কেউ বসে রয়েছে। প্রথমে সেলিমের মনে হলো মোটা গড়নের কেউ, কিন্তু অল্প আলো চোখে সয়ে আসতেই সে বুঝতে পারলো সুফির দেহে মোটা পশমের কম্বল জড়ানো।
ভাই, তোমার কাছে একজন দর্শনার্থী এসেছে। পোশাক দেখে মনে হচ্ছে আমাদের যুবরাজদের একজন। বৃদ্ধাটির কণ্ঠস্বর অত্যন্ত মোলায়েম শোনালো। তার সঙ্গে কথা বলার শক্তি কি তোমার আছে?
বৃদ্ধ সুফি মাথা নাড়লেন। তাকে আমি স্বাগত জানাচ্ছি। তাকে বলো আমার কাছে এসে বসতে।
বৃদ্ধাটি সুফির সামনে বিছান পাটের মাদুরে সেলিমকে বসতে ইঙ্গিত করলো, তারপর বাইরে চলে গেলো।
আমি জানতাম একদিন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, সেলিম। তুমি যেখানে বসে আছে, তোমার বাবাও ঠিক একই জায়গায় বসে ছিলেন যখন তিনি বহু বছর আগে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন।
আপনি কেমন করে বুঝলেন আমি কে? আমার পরিবর্তে আমার সৎ ভাইদের কেউও তো হতে পারতো, মুরাদ অথবা দানিয়েল…।
আল্লাহ্ আমার প্রতি অত্যন্ত সদয়। যদিও দৃশ্যমান জগৎ আমি দেখতে পাই না, তিনি আমার হৃদয়ের দৃষ্টিতে অনেক কিছু উন্মোচন করেন। আমি জানতাম তুমিই এসেছে কারণ সম্রাটের পুত্রদের মধ্যে বর্তমানে একমাত্র তোমারই আমার সহায়তা প্রয়োজন।
হঠাৎ সেলিমের চোখের পাতা কান্নায় ভিজে উঠলো- এটা বেদনার অশ্রু নয়, বরং সে যে এতোদিনে এমন একজনকে পেলো যে তার কথা শুনবে ও বুঝবে এই স্বস্তিবোধের অশ্রু।
তোমার সমস্যা গুলি আমাকে বলো, সুফি কোমল কণ্ঠে বললেন।
আমি বুঝতে পারি না আমি কে- ভবিষ্যতে আমার জীবনের উদ্দেশ্য কি হবে। আমি চাই আমার বাবা আমার জন্য গর্ববোধ করুক, কিন্তু আমি বুঝতে পারি না কি করলে তিনি খুশি হবেন…আমি তাঁর জ্যেষ্ঠ পুত্র। আমারই পরবর্তী মোগল সম্রাট হওয়া উচিত, কিন্তু আমার মনে হয় বাবা সেটা চান না। আমার পরিবর্তে সম্রাট হিসেবে যদি তিনি আমার সৎ ভাইদের কাউকে নির্বাচন করেন তাহলে কি হবে? এবং যদি আমি সম্রাট হইও, এর জন্য আমার মা আমাকে ঘৃণা করবেন। তিনি বলেন মোগলরা একটি অসভ্য জাতি এবং হিন্দুস্তানের উপর তাঁদের কোনো অধিকার নেই। তিনি…
শেখ সেলিম চিশতি তাঁর মোটা কম্বলের আচ্ছাদন সহ কিছুটা সামনের দিকে ঝুঁকলেন এবং সেলিমের মুখটি তার শুষ্ক বুড়ো হাতে স্পর্শ করলেন। আর বলতে হবে না। তোমার অনুভূতি আমি বুঝতে পারছি- সেই সঙ্গে তোমার ভয় এবং আশংকা গুলিও। তুমি ভালোবাসা চাও, কিন্তু তোমার আশংকা পিতা বা মাতার মধ্যে একজনকে ভালোবাসলে অপর জনের প্রতি বিশ্বাসঘাতকতা হবে…তুমি তোমার সৎ ভাইদের প্রতি ঈর্ষাপরায়ণ কারণ তোমার সন্দেহ তারা তোমাকে তোমার পিতার দৃষ্টিতে সর্বদা খাটো করতে সচেষ্ট…এ কারণে তুমি এখন আর তাদের সঙ্গ পছন্দ করো না। তোমার মনে এমন প্রশ্ন জাগে যে তোমার মধ্যে একজন শাসকের গুণাবলী আছে কি না…আমি তোমাকে সরাসরি বলছি যুবরাজ সেলিম: মোগলদের অনেক কঠোর এবং রক্তাক্ত পথ পারি দিতে হয়েছে কিন্তু তারা মহত্বও অর্জন করেছে এবং ভবিষ্যতে তাদের আরো অনেক সাফল্য অর্জন করার আছে। তুমি সেই মহত্বের একজন অংশীদার হবে- তুমি একজন সম্রাটও হবে… সুফি থামলেন এবং সেলিম তার মুখের উপর তার আঙ্গুলের অগ্রভাগের হালকা চাপ অনুভব করলো, যেনো তিনি স্পর্শের মাধ্যমে এমন কিছু খোঁজার চেষ্টা করছেন যা দৃষ্টিহীনতার কারণে তিনি দেখতে পাচ্ছেন না। তোমার মধ্যে তোমার পিতার একাগ্রতা এবং সবলতা রয়েছে কিন্তু এখনো তার অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস তোমার মাঝে তৈরি হয়নি। তাঁকে পর্যবেক্ষণ করবে, লক্ষ্য করবে তিনি কেমন করে শাসন কার্য পরিচালনা করেন। সেটাই তোমার নিজেকে তৈরি করার উপায় এবং তার অনুমোদন লাভের। কিন্তু তাঁকেও আমি সতর্ক করেছিলাম এবং এখন তোমাকে করছি। কারো প্রতি আস্থা পোষণের আগে বিচক্ষণতার সঙ্গে চিন্তাভাবনা করবে এবং কোনো বিষয়ে বিশ্বাসের উপর নির্ভর করবে না। এমনকি যারা তোমার সঙ্গে রক্তের বন্ধনে যুক্ত তাঁদের ব্যাপারেও সতর্ক থাকবে- তোমার সৎ ভাই অথবা তোমার নিজের অনাগত সন্তানদের প্রতিও। আমি এমনটা বোঝাতে চাচ্ছি না যে সর্বদাই তুমি বিশ্বাসঘাতকদের দ্বারা পরিবেষ্ঠিত থাকবে, কিন্তু তোমাকে সর্বদা মনে রাখতে হবে যে প্রতারণা খুব দ্রুত জন্ম নেয়। উচ্চাকাঙ্ক্ষা উভয় দিকে ধার বিশিষ্ট তলোয়ারের মতো। এর সাহায্যে মানুষ অনেক মহত্ব অর্জন করতে পারে আবার এর দ্বারা মানুষের হৃদয় কলুষিতও হয়- অন্য যে কোনো মানুষের মতো তোমার ক্ষেত্রেও তা প্রযোজ্য। একদিকে তোমার আশে পাশের সকলের মন্দ অভিপ্রায় যেমন তোমাকে প্রতিরোধ করতে হবে, অন্যদিকে তেমনি তোমার নিজের মনের দুষ্ট আবেগ সমূহ এবং দুর্বলতা গুলিকেও তোমার দমন করতে হবে। তুমি যদি এতে সফল হও তাহলেই তোমার আকাঙ্ক্ষাগুলি বাস্তবে রূপ নেবে। সুফি সেলিমের মুখ ছেড়ে দিয়ে আবার দেয়ালে হেলান দিয়ে বসলেন।
