তৃতীয় খণ্ড – ক্ষমতা এবং গৌরব
১৩. বিজয়ের শহর
ভবিষ্যৎ বংশধরদের কাছে বাংলা এবং গুজরাটের মহান বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য আমি এই শহরের নতুন নাম দিচ্ছি “ফতেহপুর শিক্রি”, “শিক্রি, বিজয়ের শহর”। আগামী সময়ে যারা ফতেপুর শিক্রির এই উঁচু লাল বালুপাথরের প্রাচীর প্রত্যক্ষ করবে তারা সেইসব বীর মোগল যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করবে যারা এই বিজয়ে অবদান রেখেছে। আজ যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সকলে ঐ সব কীর্তির অংশীদার। আপনাদের পুত্র, দৌহিত্র এবং যে প্রজন্ম এখনো জন্মগ্রহণ করেনি তারা সকলে এই সত্য জেনে গর্ববোধ করবে যে আপনাদের বীরত্বপূর্ণ রক্ত তাঁদের শিরায়ও প্রবাহিত হচ্ছে। মার্বেল পাথরে তৈরি অনুপ তালাও বা অতুলনীয় জলকুণ্ড নামক শাপলা ফোঁটা জলাশয়ের পিছনে অবস্থিত বিশাল রাজপ্রাসাদের বারান্দায় বসে আকবর বক্তৃতা দিচ্ছিলেন। তার পরনে হিরা এবং চুনি খচিত মাখন রঙের রেশমের জোব্বা। নিচের বিশাল উঠানে সবুজ রেশমের শামিয়ানার নিচে তার সেনাপতি এবং সেনাকর্তাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তার বক্তব্য শুনছেন। সামনের সারিতে নকশা খোদাই করা একটি কাঠের লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন যুদ্ধাহত মোহাম্মদ বেগ। লাঠিটি আকবর তাকে উপহার দিয়েছেন। হেকিমের অক্লান্ত চিকিৎসায় বর্ষিয়ান যোদ্ধাটি দ্রুত সুস্থ্য হয়ে উঠছেন। কিন্তু তার আঘাত গুলি এতো মানাত্মক। যে ভবিষ্যতে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করা তার পক্ষে সম্ভব হবে না। তার পাশে দাঁড়িয়ে ছিলেন আহমেদ খান। তার দীর্ঘ দাড়িগুচ্ছ এই প্রথম বারের মতো যত্ন সহকারে আচড়ানো দেখা যাচ্ছে। তার পাশে দাঁড়িয়েছিলেন আকবরের স্ত্রীর বড়ভাই রাজা ভগবান দাশ এবং সেনাপতি রাজা রবি সিং। আকবরের উচ্চপদস্থ সেনাপতিদের পিছনে পদাধিকার অনুসারে অন্যান্য সেনাকর্তাগণ দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে আকবরের তীক্ষ্ম দৃষ্টিতে চওড়া বক্ষ বিশিষ্ট বিশালদেহী অলীগুল নজরে পড়লো। সে তার তাজিক সঙ্গীদের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং তার চিরাচরিত সুতির পোষাকের পরিবর্তে সোনারূপার কারুকাজ খচিত বেগুনী ও সোনালী রঙের জোব্বা পড়েছে। তার পেছনে রয়েছে বারাকসানি সেনাকর্তাগণ।
আকবরের বক্তব্যের সমর্থনে উপস্থিত সকলে একত্রে প্রশংসাসূচক ধ্বনি তুললো। তাদের চেহারায় যেনো আকবরের নিজের গৌরবই প্রতিফলিত হলো। সাফল্যের স্বাদ অত্যন্ত মিষ্টি। তিন দিন আগে একটি জাঁকজমকপূর্ণ বিশাল শোভাযাত্রার নেতৃত্ব দান করে আকবর শিক্রিতে আগমন করেন। মিছিলের সম্মুখে ছিলো মণিমাণিক্যখচিত লাগাম এবং হীরা খচিত মস্তক আবরণ বিশিষ্ট কালো ঘোড়ার পিঠে সওয়ার ঢোল এবং শিঙ্গা বাদক। তাঁদের সঙ্গে ছিলো একদল অভিজাত অশ্বারোহী। তাদের পেছনে ছিলো আকবরের সবচেয়ে উঁচু এবং সম্ভ্রান্ত যুদ্ধ হাতির দল। একদম সম্মুখের হাতিটির পিঠের মণিমাণিক্যের আবরণযুক্ত হাওদায় আকবর স্বয়ং বসে ছিলেন। পূর্বেই অনুচরেরা তার চলার পথে গোলাপ এবং জেসমিন ফুলের পাপড়ি ছড়িয়ে অগ্রসর হয়েছে। সকল অস্ত্রের ফলা শান দিয়ে ঝকঝকে করা হয়েছে, সকল ব্রোঞ্জ কামান পালিশ করা হয়েছে। আকবরের নির্দেশে তাঁর এক হাজার যুদ্ধহাতির সারা দেহ সোনালী রঙ করা হয়েছে দেখানোর জন্য যে তারা যুদ্ধ থেকে বিজয়ীর বেশে ফিরছে।
বাংলা জয় করে ফেরার পর থেকেই আকবর তার বক্তৃতা প্রস্তুত করতে সময় ব্যয় করছেন। সেই সব উত্তম বাক্য চয়ন এবং মুখস্ত করেছেন যা তার শাসন আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি ইতোমধ্যে অনেক গৌরব অর্জন করেছেন কিন্তু তাঁর লোকদের বুঝাতে হবে মোগল সাম্রাজ্যের জন্য আরো অধিক মহত্বর গৌরব ভবিষ্যতে অপেক্ষা করছে। তার সিংহাসনের ডান পাশে দাঁড়িয়ে থাকা তিন পুত্রের দিকে তিনি সহজাত প্রেরণায় এক পলক তাকালেন। যুদ্ধ থেকে ফেরার পর তিনি তাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারেননি। তবে তিনি উপলব্ধি করছিলেন ভবিষ্যতের কোনো এক সময়ে তারাই সাম্রাজ্যের নিয়তির ধারক বাহক হবে। সাত বছর বয়সী সেলিমকে বেশ উত্তেজিত মনে হচ্ছিলো, সবুজ রেশমের পাগড়ির নিচে অবস্থিত তার নিখুঁত গড়নের মুখটি প্রাণবন্ত দেখাচ্ছিলো। ছয় বছর বয়সী মুরাদকে দেখেও স্পষ্ট বুঝা যাচ্ছিলো সে অনুষ্ঠানটি স্বতস্ফূর্তভাবে উপভোগ করছে। তিনজনের মধ্যে অকবরের অনুপস্থিতির সময় তার মাঝেই সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে। সে এখন প্রায় সেলিমের সমান লম্বা। তার বাম চোয়াল এবং গালে কালশিরে পড়েছে। তার শিক্ষক জানিয়েছেন আমগাছে উঠে পাখীর ডিম সন্ধান করতে গিয়ে পড়ে গিয়ে তার এই দশা হয়েছে। ছোট্ট দানিয়াল এখনো নধর রয়েছে, সে চোখ গোল করে অবাক দৃষ্টিতে বিশাল জনসমাবেশ প্রত্যক্ষ করছে।
আকবর হাত তুলে সবাইকে চুপ করতে ইঙ্গিত করলেন এবং উৎফুল্ল সরোগোল শান্ত হয়ে এলো। ইতোমধ্যে আপনাদের প্রতি আমার শ্রদ্ধার নিদর্শন স্বরূপ প্রদত্ত জাগতিক উপঢৌকন সমূহ আপনারা লাভ করেছেন সম্মানসূচক আলখাল্লা, রত্নখচিত ছোরা এবং তলোয়ার, বাতাসের মতো দ্রুতগামী ঘোড়া, উচ্চতর পদমর্যাদা এবং শাসনের জন্য অধিক সমৃদ্ধ জায়গির। আপনাদের মধ্যে কেউ কেউ তাঁদের দেহের ওজনের সমান স্বর্ণও লাভ করেছেন। আপনারা এইসব উপহার নিজেদের যোগ্যতা প্রমাণ করে অর্জন করেছেন এবং আমি কথা দিচ্ছি আগামী বছরগুলিতে আরো বেশি উপহার আপনারা পাবেন।
