বলা কঠিন, হয়তো পাঁচ হাজার জাঁহাপনা।
তারা নিশ্চয়ই ভাবছে তারা সংখ্যায় আমাদের তুলনায় যথেষ্ট বেশি, কিন্তু বাস্তবতা সম্পর্কে তারা কিছুই জানে না, কি বলেন?
এই মুহূর্তে উভয় বাহিনীর মধ্যে দূরত্ব এক হাজার গজেরও কম এবং দ্রুত এই দূরত্ব কমে আসছে। আকবরের কাছ থেকে নির্দেশ পেয়ে তার অশ্বারোহী তিরন্দাজেরা রেকাবে ভর দিয়ে দাঁড়িয়ে প্রথম পশলা তীর ছুড়লো গুজরাটিদের দিকে। এ সময় গুজরাটিরাও পাল্টা তীর ছুড়লো। আকবর দেখলেন অগ্রবর্তী একজন গুজরাটির ঘোড়া ঘাড়ে দুটি তীর বিদ্ধ হয়ে আছড়ে পড়লো। সেই সাথে সেটির সওয়ারী ফসলের উপর ছিটকে পড়লো। একই সঙ্গে আরেকজন সওয়ারী গালে তীর বিদ্ধ হয়ে ঘোড়ার পিঠ থেকে লুটিয়ে পড়লো। আকবর নিজের পিছনে পতনের শব্দ পেলেন এবং সেই সঙ্গে আর্তচিৎকার। তার সৈন্যদের কেউ তীর বিদ্ধ হয়েছে। কিন্তু পেছনে দেখার সময় নেই কারণ তখনই উভয় পক্ষের ঘোড়সওয়ারদের মধ্যে মুখোমুখী তীব্র সংঘর্ষ হলো। শেষ মুহূর্তে এক গুজরাটি আকবরকে চিনতে পেরে নিজের বাদামি ঘোড়াটি তার ঘোড়র উপর উঠিয়ে দেয়ার চেষ্টা করলো। আকবরের মাঝে দ্রুত প্রতিক্রিয়া হলো। লাগামে হেচকা টান মেরে তিনি নিজের স্ট্যালিয়নটিকে কিছুটা ঘোরাতে সক্ষম হলেন। কিন্তু তার ঘোড়াটি প্রতিপক্ষের ঘোড়াটির নিতম্বে প্রচণ্ড শক্তিতে আঘাত হানলো। ফলে ঘোড়াটি যেমন পড়ে গেলো একই সাথে এর সাহসী সওয়ারীটিও সেটার পিঠ থেকে যেনো প্রায় উড়ে গেলো। সংঘর্ষের তীব্র বেদনা নিয়ে আকবরের স্ট্যালিয়নটি পিছনের দুপায়ে ভর দিয়ে প্রায় দাঁড়িয়ে গেলো এবং আকবর সেটার পিঠ থেকে নিজের পতন ঠেকাতে সেটার ঘাড়ের উপর ঝুঁকে দুই হাঁটু দিয়ে সর্বশক্তিতে সেটার পেট আকড়ে থাকলেন। তিনি প্রায় সফল হচ্ছিলেন, কিন্তু ঘোড়াটির সামনের পা দুটি যখন মাটি স্পর্শ করলো সেটা একদিকে কাত হয়ে গেলো এবং মাটিতে পড়ে থাকা মোগল পতাকার কাপড়ে সেটার পা জড়িয়ে গেলো। প্রথম সংঘর্ষের সময়ই আকবরের এক পায়ের রেকাব ছুটে গিয়েছিলো, এবার তিনি আর আসনে স্থির থাকতে পারলেন না-জিন থেকে একপাশে পিছলে নেমে গেলেন এবং বাম হাতে লাগাম ধরে স্ট্যালিয়নটির সঙ্গে ঝুলে রইলেন।
কয়েক মুহূর্ত পর আরেক জন গুজরাটি তাঁর দিকে ধেয়ে এলো, উদ্দেশ্য বর্শার ফলায় তাঁকে বিদ্ধ করা। আকবর লাগাম ছেড়ে একপাশে ঝাঁপ দিলেন। তবে পড়ার সময় তিনি শত্রুকে লক্ষ করে দ্রুত তলোয়ার চালালেন। কঠোর মুষ্ঠিতে আলমগীর ধরে থাকা সত্ত্বেও সেটি অপর হাতের ধতব দস্তানার সঙ্গে সশব্দে ঘসা খেলো, তবে লক্ষ্যচ্যুত হলো না। আলমগীরের ধারালো ফলা শত্রুর হাঁটুর হাড়মাংস ভেদ করে তার ঘোড়ার নিতম্বে আঘাত করলো। ঘোড়া সহ সে ভূপাতিত হলো এবং আকবরের এক অগ্রসরমান সৈনের ঘোড়ার খুরের নিচে তার মস্তক পিষ্ট হলো।
মোগলদের প্রথমিক আক্রমণের চাপে গুজরাটিরা কিছুটা পিছিয়ে গেছে এবং এই মুহূর্তে আকবরের দেহরক্ষীরা তাঁকে ঘিরে আছে। তার স্ট্যালিয়নটি মাত্র কয়েক গজ দূরে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। আলমগীর কোষবদ্ধ করে তিনি মাটিতে পতিত পতাকাটি উঠিয়ে নিলেন এবং ছুটে গিয়ে নিজের ঘোড়ার পিঠে চড়লেন। সকলে অগ্রসর হও, আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে, তিনি চিৎকার করে হুকুম দিলেন। স্ট্যালিয়নটি তার প্রণোদনা পেয়ে সামনে এগুলো এবং উড়ন্ত পতাকা নিয়ে আকবর গুজরাটি অশ্বারোহীদের দিকে ধেয়ে গেলেন। দাঁত দিয়ে লাগাম কামড়ে ধরে তিনি এক স্থূলকায় শত্রুর দিকে আলমগীর চালালেন কিন্তু তলোয়ারটির ফলা তার বক্ষবর্মের উপর ঘষা খেয়ে বেরিয়ে গেলো। কিন্তু তার পরবর্তী আঘাত অপর একজন গুজরাটির বাহুর সামনের অংশে গভীর ক্ষত সৃষ্টি করলো এবং পর মুহূর্তে তিনি বিশৃঙ্খল লড়াই এর আরেক পাশে নিজেকে আবিষ্কার করলেন। এখানে আবার তাঁর দেহরক্ষীরা তাকে ঘিরে ফেললো। তাদের একজনের হাতে পতাকা দিয়ে আকবর চারদিকে তাকাতে তাকাতে দম নিলেন। এখনো তীব্র লড়াই চলছে, বিশেষ করে তার বাম পাশে প্রায় দুইশ গজ দূরে যেখানে গুজরাটিদের লাল পতাকা দেখা যাচ্ছে। দ্রুত চোখের উপর জমা ঘাম মুছে তিনি সেদিকে ঘোড়া ছুটালেন। সেই মুহূর্তে একরাশ অক্ষত থাকা শস্য গাছের মধ্যে তিনি একজন লাল পাগড়ি পড়া গুজরাটিকে টলমলপায়ে উঠে দাঁড়াতে দেখলেন। সে তার হাতে থাকা লম্বা ছোরাটি আকবরকে লক্ষ্য করে ছুড়লো। তার হাতের টিপ উত্তম, কিন্তু আকবর সময়মতো তাঁর ঘোড়ার ঘাড়ের উপর নুয়ে পড়ায় ছোরাটির ফলা তার শিরোস্ত্রাণের সঙ্গে ঘষা খেয়ে ছিটকে পড়লো। অন্যদের হাতে যোদ্ধাটিকে ছেড়ে আকবর সামনে এগিয়ে গেলেন। শীঘ্রই তিনি লাল পতাকার চারদিকের বিশৃঙ্খলা ঠেলে এগুতে লাগলেন এবং ডানে বামে প্রচণ্ড শক্তিতে তলোয়ার চালাতে লাগলেন।
বাদামি রঙের ঘোড়ার পিঠে বসা একজন লম্বা গড়নের গুজরাটি বর্শা নিয়ে আকবরকে আক্রমণ করলো। শেষ মুহূর্তে আকবর তাকে দেখলেন এবং তলোয়ার চালিয়ে বর্শার আঘাত প্রতিহত করলেন। সর্বশক্তিতে লাগাম টেনে ধরে গুজরাটি যোদ্ধাটি আবার আকবরকে আক্রমণ করলো কিন্তু এবার তিনি প্রস্তুত ছিলেন। যোদ্ধাটির আক্রমণকে পাশ কাটিয়ে তিনি তার শরীরের বাম অংশে গভীর ভাবে তলোয়ার ঢুকিয়ে দিলেন এবং আক্রমণের ধাক্কায় সে ঘোড়ার উপর থেকে মাটিতে আছড়ে পড়লো।
