হয়তো তাই হবে জাঁহাপনা, ভগবান দাশ আর একবার আকাশের দিকে তাকাতে তাকাতে রহস্যময়ভাবে উত্তর দিলেন, সেখানে এখন কেবল রাতের তারারা ঝিকমিক করছে।
আমি প্রার্থনা করি তা হোক এবং আপনি ও আমি সত্যিকার সহযোদ্ধা হিসেবে বহুবার যুদ্ধ এবং বিজয় অভিযানের উদ্দেশ্যে ঘোড়া ছুটাই, আকবর নিজের মনোভাব বজায় রেখে বললেন এবং লক্ষ্য করলেন ভগবান দাশ তাঁর দিকে দ্রুত একপলক তাকালো। তিনি যেসব রাজপুত নেতাকে আগ্রায় তলব করেছেন তাঁদের মধ্যে বিকানার, জয়সলমীর এবং গোয়ালিয়র এর শাসকরা রয়েছেন। কিন্তু এদের মধ্যে ভগবান দাশ সবচেয়ে শক্তিশালী এবং তুলনামূলকভাবে অধিক চৌকশ এবং উচ্চাভিলাষী এবং মেওয়ারের রানা উদয় সিং এর সঙ্গে তার মিত্রতা নেই। উদয় সিং যদি পাহাড়ী অঞ্চল থেকে বেরিয়ে এসে তার হারানো ভূ-খণ্ড পুনরুদ্ধারের চেষ্টা করে তাহলে তার মোকাবেলা করার জন্য আকবরের ইচ্ছা ভগবান দাসের সেনাবাহিনী মোগলদের পাশে থাকুক। তার আজ রাতের পরিকল্পনা যদি সফল হয় তাহলে ভগবান দাশ নিশ্চিতভাবেই সমগ্র জীবনের জন্য তাঁর মিত্র হবেন। আকবর তাঁর হাতটি ভগবান দাশের কাঁধে রেখে বললেন, আসুন ভগবান দাশ, আমরা একসঙ্গে ভোজ সভায় অংশ নেই যেমনটি সত্যিকার মিত্রদের করা উচিত।
আকবর, ভগবান দাশ এবং অন্যান্যদের পথ দেখিয়ে একটি চারকোণা উঠানে নিয়ে এলেন। তিনটি আট ফুট উঁচু ঝাড়বাতিদান উঠানটি আলোকিত করে রেখেছে। বাতিদান গুলির প্রত্যেকটিতে এক ডজন করে বার ফুট লম্বা জেসমিন এর ঘ্রাণযুক্ত মোমবাতি স্থাপন করা। এছাড়াও সমগ্র উঠান জুড়ে রত্নখচিত সোনালী ছোট ছোট বাতিদানে ছোট আকারের মোমবাতি এবং সুগন্ধী তেলের প্রদীপ জ্বলছে। মেঝেতে রেশমের শতরঞ্জি বিছানো। তিন দিকে স্থাপিত খাবারের নিচু টেবিল গুলিকে ঘিরে কিংখাব মোড়া তাকিয়া রাখা হয়েছে বসার জন্য। চতুর্থ দিকে সোনালী নকশা বিশিষ্ট সবুজ মখমলের শামিয়ানার নিচে চওড়া মঞ্চ স্থাপন করা হয়েছে। মঞ্চে রয়েছে একটি টেবিল, একটি সোনার ছোট সিংহাসন এবং সাথে সোনার পাত মোড়া একাধিক ডিভান।
আকবর এবং তাঁর প্রধান রাজপুত অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করার পর অতিথিদের সভাসদরা তাঁদের জন্য নির্ধারিত জায়গায় আসন গ্রহণ করলেন। পরিচারকরা আকবরের রাজকীয় রান্নাঘরের সর্বোৎকৃষ্ট খাবার থালায় করে পরিবেশন করতে লাগলো। পাখি ও চতুষ্পদ জন্তুর ঝলসানো মাংস, মাখন এবং উপাদেয় মসলায় রান্না করা ঝোলযুক্ত খাবার; ঘি, শুকনো ফল এবং বাদাম দিয়ে রান্না করা বিরানী, টাটকা ভাজা রুটি-এর মধ্যে রাজপুত কেতায় ঘোল দিয়ে তৈরি করা বজরা এবং অন্যান্য শস্যের রুটিও রয়েছে। আরো রয়েছে আঙ্গুর, তরমুজ এবং বহু প্রকার মোগলাই মিষ্টান্ন। সবকিছু পর্যবেক্ষণ করে আকবর সন্তুষ্টি বোধ করলেন। অতিথিদের মধ্যে সামান্য জড়তার ভাব বিরাজ করছিলো, কিন্তু তা খুবই স্বাভাবিক-কারণ মাত্র কয়েক মাস আগেই তিনি উপস্থিত বেশ কয়েকজন অতিথির বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন। আবার তাদের নিজদের কারো কারো মধ্যেও বৈরিতা রয়েছে। এই ভোজসভার উদ্দেশ্য হলো-যে রাজপুত যুবরাজেরা সর্বোচ্চ গর্বিতদের চেয়েও বেশি অহঙ্কারী, যারা দাবি করে তারা সূর্য এবং চন্দ্রের উত্তরসূরি-তাঁদের বুঝানো যে, এই প্রীতিকর মিত্রতা তাদের এবং আকবরের উভয়ের স্বার্থের জন্যই মঙ্গলকর।
ভোজন শেষে পরিচারকরা অতিথিদের হাত মুখ ধোয়ার ব্যবস্থা করলো বেসন এবং সুগন্ধী পানি দিয়ে। অতিথিরা হাতের তেল-চর্বি পরিষ্কার করে মুখ ধুয়ে আরাম করে তাকিয়ায় হেলান দিয়ে বসলেন। এবারে আকবর উঠে দাঁড়িয়ে হাত তুলে সবাইকে চুপ করতে অনুরোধ করলেন এবং নিজের বক্তব্য শুরু করলেন।
আমার বংশের লোকেরা হিন্দুস্তানকে ধ্বংস করে এর ধন-সম্পদ লুট করে নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য আসেননি। তারা এসেছিলেন তাঁদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য-যেমন করে কোনো বর তার বহু প্রতীক্ষিত স্ত্রীকে বরণ করার জন্য আসে। আমি কেনো বলছি যে হিন্দুস্তানের দাবিদার মোগলরা? কারণ প্রায় একশ ষাট বছরেরও বেশি সময় আগে আমার পূর্বপুরুষ তৈমুর হিন্দুস্তান জয় করেছিলেন। যদিও তিনি এখানে স্থায়ী হননি, তাঁর প্রতিনিধি হিসেবে শাসক নিযুক্ত করে গিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে এই ভূ-খণ্ড অবৈধ দখলকারীদের হাতে চলে যায়। অন্যদিকে উত্তরে নিজেদের দ্বন্দ্ব মোকাবেলায় ব্যস্ত হয়ে পড়ায় মোগলরা তখন এ বিষয়ে আর কিছুই করতে পারেনি। তারপর চল্লিশ বছর আগে আমার পিতামহ বাবর এখানে ফিরে আসেন এবং সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করেন। কিন্তু আমি হিন্দুস্তানের অধিবাসীদের প্রজা হিসেবে গণ্য করিনা অথবা তাদেরকে মোগল গোত্রগুলির তুলনায় নিকৃষ্টও মনে করি না। আমার চোখে সকল জাতি সমান। যদিও বিশ্বাসঘাতকরা কোনো প্রকার ক্ষমা লাভ করবে না, কিন্তু যারা আমার প্রতি বিশ্বস্ত থাকবে তারা উত্তম রূপে পুরস্কৃত হবে। তাদেরকে আমার রাজ সভায় উচ্চ মর্যাদা সম্পন্ন পদে অধিষ্ঠিত করা হবে, আমার সেনাবাহিনীর সবচেয়ে বেশি ক্ষমতা সম্পন্ন পদ গুলিতে নিয়োগ দেয়া হবে বিশেষ করে আপনাদের, যারা আমার রাজপুত বন্ধুরা জন্মগতভাবে যুদ্ধে পারদর্শী। আপনাদের প্রতি আমার শ্রদ্ধা প্রকাশের জন্য আজ থেকে আমি ঘোষণা করছি আপনারা আমার ঘরের লোক বলে বিবেচিত হবেন। আমি আরো ঘোষণা করছি আজ থেকে আপনারা আপনাদের রাজ্যগুলি শাসন করবেন আমার নিযুক্ত প্রতিনিধি হিসেবে নয় বরং ওয়াতান হিসেবে নিজস্ব বংশধারার সদস্যরা যেভাবে রাজ্য শাসন করে।
