আপনাকে ধন্যবাদ, কিন্তু ব্যাপারটা সম্ভবত হঠাৎ ঘটে গিয়েছে।
আমার সেটা মনে হয় না- তোমাকে আমি তীর ছোঁড়া চর্চা করতে দেখেছি… হুমায়ুন চুপ করে থাকে, কোনো কথা না বলে কেবল তার কাঁধে জোরে একটা চাপ দেয়। নিশানা ভেদের চমৎকার নিদর্শন এবং আমি খুশী যে তুমি সেটা করেছে, প্রতিপক্ষের পলায়নরত অশ্বারোহীদের ধাওয়া করার সময় আমার উচিত ছিল তোমাকে আমার সঙ্গ নেয়া থেকে বিরত রাখা। কপালগুণে ছোঁড়া কোনো তীরের আঘাতে আমাদের দুজনেরই মৃত্যু ঘটে, আমাদের পরিবারের নিয়তি সম্পর্কে আমার সমস্ত আশা ধবংস হবার সাথে সাথে ঘটনাটা তোমার আম্মিজানকেও চরম বিষাদে আপুত করতো। আমরা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে আলাদাভাবে অবস্থান করবো এবং আমি চাই তুমি সবসময়ে পশ্চাদে অবস্থান করবে।
কিন্তু আব্বাজান… আকবর প্রতিবাদের ভঙ্গিতে শুরু করে কিন্তু তার আব্বাজানের চোখে দৃঢ়সংকল্পের ইঙ্গিত দেখে সে কথা খুঁজে পায় না এবং তাঁর কথার যুক্তি সে তখন অনুধাবন করতে পারে।
যুদ্ধ নিয়ে অনেক কথা হয়েছে। বৈরাম খানের নেতৃত্বে আমাদের সেনাপতিরা আসছে, যুদ্ধের পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে আলোচনা করতে। হুমায়ুন ঘুরে দাঁড়িয়ে তাবুর ভিতরে প্রবেশ করে যেখানে তার সিংহাসনের সামনে অর্ধবৃত্তাকারে তাকিয়া বিছিয়ে রাখা হয়েছে আর তার সিংহাসনের ঠিক ডানপাশে আকবরের জন্য একটা গিল্টি করা তেপায়া পাতা হয়েছে। সবাই নিজ নিজ আসন গ্রহণ করার পরে, হুমায়ুন জানতে চায়, আমাদের কতজন লোক হতাহত হয়েছে?
আমাদের কমপক্ষে দুইশজন সৈন্য নিহত হয়েছে, এবং ছয়শর বেশী আহত হয়েছে, বেশীর ভাগেরই আঘাত মারাত্মক যাদের ভিতরে মুস্তাফা আগুনের বেশ কয়েকজন তূর্কী যোদ্ধা রয়েছে যারা প্রথমে অবরোধকের পেছনে পৌঁছেছিল।
মুস্তাফা আর্গুন আর তাঁর লোকেরা দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে। আমরা যখন লুটের মাল বিলি বণ্টন করবো তখন তাদের অংশ দ্বিগুন করার কথাটা মনে রাখতে হবে, কিন্তু সেটা করার আগে আমাদের জানতে হবে আমরা ঠিক কতখানি সম্পদ বাজেয়াপ্ত করতে পেরেছি।
সোনার মোহর ভর্তি দুটো অতিকায় সিন্দুক, বৈরাম খান জানায়, এবং পাঁচটা রূপার মোহর ভর্তি যেগুলো সিকান্দার শাহের সৈন্যদের বেতন হিসাবে নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর লোকেরা তাঁদের এই ক্ষতির কারণে আশাহত হবে এবং এর ফলে হয়তো তাঁদের লড়াই করার প্রবৃত্তিরও পরিবর্তন হতে পারে।
আমরা সেটা কেবল আশা করতে পারি। আমরা যুদ্ধের উপকরণ কেমন দখল করেছি?
দুটো গরুর গাড়ি বোঝাই করা নতুন মাস্কেট ভর্তি কাঠের বাক্স এবং তাঁদের জন্য প্রয়োজনীয় বারুদ আর সীসার বল। দুটো একেবারে নতুন ব্রোঞ্জের কামান আর দশটা ছোটমাপের কামান। সেকান্দার শাহের লোকেরা ছয়টা কামানের নলে অতিরিক্ত বারুদ ভরে সেগুলো ধবংস করতে সক্ষম হয়েছে। তরবারি আর রণকুঠার ভর্তি অসংখ্য বাক্স ছাড়াও প্রায় সাড়ে তিন হাজার ঘোড়া আর বেশ কিছু সংখ্যক ষাড় আর মালবাহী খচ্চরও আমরা দখল করেছি। মোটামুটি বলা যায় আমাদের যুদ্ধের রসদের পরিমাণ উল্লেখযোগ্য আর সন্তোষজনক পরিমাণে বৃদ্ধি পেয়েছে আর সেই সাথে সেকান্দার শাহের রসদ ঠিক একই পরিমাণ হ্রাস পেয়েছে।
তার মোট কতজন লোক আমাদের হাতে বন্দি হয়েছে?
প্রায় হাজার চারেক হবে। বাকিরা সবাই যুদ্ধে নিহত হয়েছে। সুলতান আমরা বন্দিদের নিয়ে কি করবো?
তাদের আটচল্লিশ ঘন্টা বন্দি করে রাখো এবং তারপরে যারা পবিত্র কোরানশরীফ স্পর্শ করে শপথ করে বলবে যে তারা আর আমাদের বিপক্ষে যুদ্ধ করবে না, তাদের কোনো অস্ত্র ছাড়া পায়ে হেঁটে দক্ষিণে যাবার অনুমতি দেবে। সিকান্দার শাহের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত বিজয়ের ব্যাপারে আমরা এবার আমাদের আলোচনা শুরু করতে পারি। জাহিদ বেগ, আপনার কি মনে হয় আমাদের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত?
বর্ষাকাল প্রায় শুরু হয়ে গিয়েছে। আমাদের পক্ষে এসময় সন্তোষজনকভাবে অভিযান পরিচালনা করা সম্ভব হবে না- আমাদের কামান আর মালবাহী শকটগুলো এসময়ে খুব সামান্যই চলাফেরা করতে পারবে। আমাদের সাময়িকভাবে কোথায় শিবির স্থাপন করে দক্ষিণে গুপ্তদূতদের প্রেরণ করে সেকান্দার শাহ আর দিল্লীর মধ্যবর্তী প্রধান সংযোগ সড়কের উপর নজর রাখা উচিত, এবং তারপরে বর্ষাকাল সমাপ্ত হলে…।
না, হুমায়ুন তাঁকে থামিয়ে দিয়ে বলে, আমি চাই না বর্ষাকালের কারণে আমরা থেমে থাকি। সেকান্দার শাহও সেটাই প্রত্যাশা করবে। হিন্দুস্তানের সিংহাসন কল্পনাতীত রকমের মূল্যবান। আমি সেটা বহুদিন আগে হারিয়েছি। সেটা ফিরে পাবার সময় এখন হয়েছে। আমরা যদি এখনই তাঁকে আক্রমণ করার জন্য জোর দেই তাহলে আমরা তাকে চমকে দেবার একটা সুযোগ লাভ করবো। অতীতে আমি প্রায়ই দেরী করে ফেলতাম আর সুযোগ হারাতাম। এইবার সেটা আর হবে না। আহমেদ খান, সেকান্দার শাহের মূল বাহিনী এখান থেকে কতদূরে অবস্থান করছে? আমাদের কতদিন পথে থাকতে হবে তাঁর কাছাকাছি পৌঁছাতে হলে?
তারা শতদ্রুর তীরে শিরহিন্দে এখনও অবস্থান করছে, জায়গাটা এখান থেকে প্রায় একশ মাইল পূর্বদিকে অবস্থিত, আমাদের বাহিনীকে তার সমস্ত উপকরণসহ সেখানে পৌঁছাতে খুব সম্ভবত দশদিন সময় লাগবে। আমাদের গুপ্তচরেরা জানিয়েছে তারা সেখানে বেশভাবে শিবির স্থাপন করেছে এবং পরবর্তী পদক্ষেপ নেবার আগে সেখানেই এবারের বর্ষাকালটা আরামে অতিবাহিত করার প্রস্তুতি সম্পন্ন করেছে।
