আমরা আক্রমণ যখন করবো তখন অবশ্যই কিছু সমস্যার সম্মুখীন হবো, হুমায়ুন বলে, কিন্তু বিহ্বল করে দেয়ার ফলে আমরা যেসব সুবিধা লাভ করবো তার সাথে তুলনায় অসুবিধাগুলো ধর্তব্যের ভিতরেই পড়বে না।
বৈরাম খান সম্মতির ভঙ্গিতে মাথা নাড়ে কিন্তু অন্যান্যদের তখনও সন্দিহান দেখায়। আকবর সহসা, এতক্ষণ সে যেখানে বসে ছিল সেখান থেকে উঠে দাঁড়ায়, সে সাধারণত মনোযোগ দিয়ে আলোচনা শুনে থাকে কদাচিৎ কথা বলে, এবং সংযত আর সংকল্পবদ্ধ স্বরে বলতে শুরু করে, আব্বাজান আমার বিশ্বাস আপনি ঠিকই বলেছেন। নিজেদের নিয়তিকে হাসিল করার আর আরও অধিক সংখ্যক সৈন্য সংগ্রহে সফল হবার পূর্বেই সিকান্দার শাহকে চমকে দেয়ার এটাই উপযুক্ত সময়। আমাদের চেয়ে সৈন্য সংগ্রহের জন্য তার অনেক বিশাল ক্ষেত্র রয়েছে।
আকবর, দারুণ কথা বলেছো, হুমায়ুন বলে। আমি আহমেদ খানকে বলবো গুপ্তদূত প্রেরণ করে এই মুহূর্তে সিকান্দার শাহের শিবিরে পৌঁছাবার সবচেয়ে শক্ত পথটা খুঁজে বের করতে। আমার মনে হয় এখান থেকে উত্তরপূর্ব দিকে সামান্য উঁচু জমিটার উপরে কোথাও আমরা সেটা খুঁজে পাব। আমরা যদি ঐ দিকে যাই তাহলে আমাদের হয়ত মাইলখানেকের মতো ঘুরে যেতে হবে কিন্তু সেটা করলে আখেরে আমাদের লাভই হবে। আমরা আমাদের কামানগুলোকে সামনে স্থানান্তরিত করার চেষ্টা করবো না কিন্তু আমাদের সাথে অশ্বারোহী তবকিদের একটা বাহিনী থাকবে। ভেজা আবহাওয়ার কারণে যদি তাদের সামান্য সংখ্যক বন্দুকই হয়ত গুলিবর্ষণের উপযোগী প্রতিয়মান হবে কিন্তু সেটাই আমাদের সাহায্য করবে।
কিন্তু আমরা যদি ঐ পথ দিয়ে যাই তাহলে দূর থেকে আমাদের দেখা যাবে আর সিকান্দার শাহ যুদ্ধের প্রস্তুতি নেয়ার পর্যাপ্ত সময় পাবে, নাদিম খাজা হঠাৎ কথা বলে উঠে।
আমি সেটা নিয়েও চিন্তা ভাবনা করেছি। আমাদের গতিবিধি লুকিয়ে রাখতে আর চমকের মাত্রা বৃদ্ধি করতে, আমার ইচ্ছা আগামীকাল ভোর হবার ঠিক আগ মুহূর্তে অন্ধকারের আড়াল ব্যবহার করে আক্রমণ করা। আমরা আজ যতটা নিভৃতে সম্ভব আমাদের প্রস্তুতি সম্পন্ন করবো এবং আগামীকাল সকাল ঠিক তিনটায় সৈন্যদের ঘুম থেকে জাগিয়ে তুলে ভোর হবার ঠিক এক ঘন্টা আগে আমরা অগ্রসর হতে শুরু করবো। আমরা পাঁচশত লোকের পৃথক দলে বিভক্ত হয়ে অগ্রসর হব, অন্ধকারে যেকোনো ধরনের বিভ্রান্তির সম্ভাবনা হ্রাস করতে প্রত্যেকের বাহুতে উজ্জ্বল রঙের একখণ্ড কাপড় বাঁধা থাকবে।
সুলতান, বৈরাম খান বলে, আমি আপনার পরিকল্পনা বুঝতে পেরেছি। আমার মনে হয় আমাদের সৈন্যরা এই পরিকল্পনা সফল করার মতো শৃঙ্খলাবোধের পরিচয় দেবে, তাদের নেতাদের উপর তারা ভরসা রাখবে।
আমি সন্ধ্যার দিকে আকবরকে সাথে নিয়ে সৈন্যদের মাঝে উপস্থিত হতে চাই তাঁদের উৎসাহিত করতে এবং আমার পরিকল্পনার কথা তাদের জানাতে আর সেটাকে সফল করতে পরিকল্পনা আর সেই সাথে তাদের উপর আমার যথাযথ আস্থা রয়েছে।
দিনের বেলা বৃষ্টির বেগ সামান্য হ্রাস পায় কিন্তু আকবর, আহমেদ খান আর বৈরাম খানকে পাশে নিয়ে হুমায়ুন যখন ঘোড়ায় চেপে বৈরাম খানের অশ্বারোহী যোদ্ধাদের যাদের বেশীরভাগই বাদখশানের লোক- অবস্থানের জন্য নির্ধারিত তাবুর দিকে এগিয়ে যায় তখন দিগন্তের উপরের আকাশে আবারও কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। হুমায়ুন এই দলটার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই সবার শেষে কথা বলার সিদ্ধান্ত নিয়েছে। সে তার বিশাল কালো ঘোড়ার পিঠ থেকে নেমে দাঁড়ায় এবং বাদশানিরা তার চারপাশে সমবেত হলে সে শুরু করে।
আমার আব্বাজানকে তোমাদের পিতারা দারুণ সহায়তা করেছিল তিনি যখন তাঁর সাম্রাজ্য জয় করেছিলেন। লোভী ভুইফোড়দের কারণে হাতছাড়া হয়ে যাওয়া ভূখণ্ড উদ্ধারের এই অভিযানে তোমরাও আমাকে দারুন সহায়তা করেছে। আগামীকাল তোমরা আমার সাথে সম্মুখের কাতারে অবস্থান করবে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখন পর্যন্ত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইয়ে অবতীর্ণ হব। আমরা যখন বিজয়ী হব, আমার বিশ্বাস আমরা হবই, আমরা আবার হিন্দুস্তানের অধিকারী হব এবং আমাদের সন্তানের জন্য এর উর্বর জমি নিশঙ্ক করবো।
হুমায়ুন চুপ করে থেকে পুনরায় কথা শুরু করার আগে এক হাতে আকবরের কাঁধ জড়িয়ে ধরে। আমি জানি যে তোমাদের সন্তানেরা এখানে যেমন কিশোর আকবর দাঁড়িয়ে রয়েছে। আমরা তাদের জন্য যে সম্পত্তি অর্জন করবে তারা সেটার যোগ্য হয়ে উঠবে। একটা কথা মনে রেখে আগামীকাল আমরা তাদের ভবিষ্যতের সাথে সাথে আমাদের নিজেদের ভবিষ্যতের জন্যও লড়াইয়ে অবতীর্ণ হব। এসো আমরা আমাদের নিয়তিকে অধিগ্রহণ করি। এসো আমরা এমন বীরত্ব প্রদর্শন করি আর এর বরাভয়ে এমন বিজয় অর্জন করি যেন আমাদের নাতিরা এবং তাঁদের সন্তানেরা আমাদের অর্জন সম্বন্ধে কথা বলার সময় তাঁদের কণ্ঠে সম্ভ্রম আর কৃতজ্ঞতা ফুটে উঠে, ঠিক যেভাবে আমরা তৈমূর আর তার লোকদের রূপকথার মতো অর্জন সম্পর্কে স্মৃতিচারণ করি।
হুমায়ুনের কথা শেষ হবার সাথে সাথে বাদশানিদের ভিতর থেকে একটা উৎফুল্ল চিৎকার ভেসে আসে। শিবিরে তাঁর এই ঘুরে বেড়াবার সময় অন্য লোকদের উদ্দেশ্যে তার বাক্যচয়ন যেমন কাজ করেছে ঠিক সেভাবেই, তার কথাগুলো একেবারে ঠিক তন্ত্রীতে সুর তুলতে সক্ষম হয়েছে।
