কিন্তু বাউলদের নিয়ে গত এক শতক বাঙালির ভাবালুতার শেষ নেই। ১৮৯০ সালের লালন শাহ-র প্রয়াণের পর তাঁকে নিয়ে বাউলপক্ষীয় ও বাউলবিরোধী দুটি দলই সক্রিয় হয়ে ওঠে। কলকাতার উচ্চমহলে ও বাংলার শিক্ষিতসমাজে বিশেষত ঠাকুরবাড়ির প্রয়াসে এবং রবীন্দ্রনাথের ব্যক্তিগত উদ্যমে ছাপার অক্ষরে লালনের গান ও তার মর্মরস প্রচারিত হয়। শুরু হয়ে যায় বাউল গান সংগ্রহ ও সংকলনের নানামুখী উদ্যম। গড়ে ওঠে কয়েকটি শখের বাউলের দল। ক্রমে ক্রমে নানা গৌণধর্ম ও সম্প্রদায় একই সঙ্গে ‘বাউল’ এই সাধারণ (Generic) ও বিশেষ (Specific) সংজ্ঞায় আবদ্ধ হয়ে যায়। বাউল সুর বলে একটা অলীক অনির্ণীত ধরন বাংলা গানে চেপে বসে। আজ সময় এসেছে তথ্য ও যুক্তি অবলম্বন করে ইতিহাসের পথে বাংলার বাউলদের স্বরূপসন্ধান। সে কাজ বেশ কঠিন।
কঠিন এইজন্য যে, বাউলদের সম্পর্কে আমাদের কৌতুহল নানা অলীক ধারণা ও অনুমানাত্মক সংজ্ঞার জন্ম দিয়েছে। মধ্যযুগের একটি বাংলা কাব্যে ‘বাউল’ শব্দটি ব্যবহৃত হতে দেখে অনেক পণ্ডিত অনুমান করে বসেছেন যে বাউল ধর্ম সুপ্রাচীন। কিন্তু বাউল কি কোনও ধর্ম? মূলে সেই কথাটারই এখনও মীমাংসা হয়ে ওঠেনি। বাউল কি একটা মৌলিক শব্দ না নিষ্পন্ন শব্দ? এ প্রশ্ন ওঠে এই কারণে যে অনেকে মনে করেন বাউল কথাটা ‘বাতুল’ থেকে এসেছে। বাতুল মানে পাগল। অন্য একদল মনে করছেন বাউল এসেছে ‘ব্যাকুল’ শব্দ থেকে, কেননা বাউলরা আত্মানুসন্ধানে ব্যাকুল। ক্ষিতিমোহন সেনের মতো বাউলবিশেষজ্ঞ মনে করছেন: তাঁহারা মুক্ত পুরুষ, তাই সমাজের কোনো বাঁধন মানেন নাই। তবে সমাজ তাঁহাদের ছাডিবে কেন? তখন তাঁহারা বলিয়াছেন, “আমরা পাগল আমাদের কথা ছাড়িয়া দাও। পাগলের তো কোনো দায়িত্ব নাই।” বাউলের অর্থ বায়ুগ্রস্ত, অর্থাৎ পাগল।’
এই কথাটার ধরতাই মেনে একজন লিখলেন বায়ু + ল = বাউল। আরেকজন বললেন, হিন্দি ‘বাউর’ বাংলায় হয়েছে বাউল। চৈতন্যচরিতামৃত গ্রন্থে ‘ঈশ্বরপ্রেমে মাতাল, বাস্তবজ্ঞান বর্জিত, উদাসীন ভক্ত’, এই অর্থে নাকি বাউল শব্দ একাধিক স্থানে ব্যবহৃত হয়েছে, বলেছেন অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়। আরবি-পারশি ভাষায় পণ্ডিত হরেন্দ্রচন্দ্র পাল মনে করছেন ‘আউলওয়লী’ শব্দ থেকে আউল-বাউল শব্দের জন্ম। গীতিকার দুদ্দু শাহ গানে বলেছেন: ‘যে খোঁজে মানুষে খোদা সেই তো বাউল।’ একজন বলেছেন আরবিতে ‘বা’ মানে আত্ম, ‘উল’ মানে সন্ধানী, অর্থাৎ বাউল মানে আত্মানুসন্ধানী।
এসব আধুনিক কালের পণ্ডিতি কচকচি ছেড়ে উনিশশতকীয় পণ্ডিতদের বইয়ের পাতা ওলটালে দেখা যাবে, তাঁরা বাউল শব্দের উৎপত্তির চেয়ে তাদের আচার-আচরণ সম্পর্কে নানা অদ্ভুত মন্তব্য বা ধারণা রেখে গেছেন। যেমন অক্ষয়কুমার দত্ত তাঁর ‘ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়’ বইতে বাউলদের সম্পর্কে এতদূর লিখেছেন যে, ‘শুনিতে পাই ইহারা নরবধ করে না; মানুষের মৃতদেহ পাইলে ভক্ষণ করিয়া থাকে।’ পণ্ডিত যোগেন্দ্রনাথ ভট্টাচার্য লিখেছেন, বাউল— ‘a mad man, A class of beggars who pretend to be mad on account of religious fervour, and try to uphold their pretention by their fantastic dress, dirty habits and queer philosophy of their songs.’ বসিরহাটের কাজি মৌলবী কেরামতউল্লা ও গোলাম কিবরিয়া ‘উচিত কথা’ বইতে আরেক নতুন তথ্য যোগ করে বলেছেন, বাউলদের মতে আসল ফকিরি-তত্ত্ব চারটি, যেমন—
আউলে ফকির আল্লাহ বাউলে মোহম্মদ
দরবেশ আদম ছফি এই তক হদ।
তিনশত একসাত করিয়া যে আলি
প্রকাশ করিয়া দিল সাঁই মত বলি।
এই পদ্যাংশ থেকে আউল, বাউল, দরবেশ, সাঁই— চারটি ধারার খবর মেলে। যাঁরা এক সময় অখণ্ড বাংলায় বাউল-বিরোধী আন্দোলন করেছিলেন সেই শরিয়তবাদী আলেম মুসলমানরা আউল-বাউল-সাঁই-দরবেশ সকলকেই কচুকাটা করেছেন। কারণ বিশ শতকের সূচনায় উত্তরবঙ্গে বিশেষ করে মুসলমানদের মধ্যে বহু লোক এসব মরমি ও কায়াবাদী সাধনার পথে চলে যাচ্ছিলেন। বাধ্য হয়ে রংপুর জেলার বাঙালিপুরের মৌলবী রেয়াজউদ্দিন আহমদ ‘বাউল ধ্বংস ফৎওয়া’ অর্থাৎ ‘বাউল মত ধ্বংস বা রদকারী ফৎওয়া’ জারি করে হুঁশিয়ারি দেন:
বাউল বা ন্যাড়াদের আচার ব্যবহার সম্বন্ধে বঙ্গের অধিকাংশ লোকেই অবগত আছেন; তাহাদের দ্বারা মোছলমান সমাজের যে ভীষণ ক্ষতি হইতেছে, তাহা কাহারও অবিদিত নাই। দীর্ঘকাল হইতে বাউল ন্যাড়াগণ মোছলমানের চক্ষে ধূলি দিয়া তাহাদের ঘৃণিত আচার ব্যবহার গুপ্তভাবে করিয়া মোছলমান সমাজের মেরুদণ্ডকে ক্ষয় করিয়া আসিতেছে। ইহারা ভিতরে অমোছলমান, বাহিরে মোছলমানী নামে নাম, মোছলমান মহল্যায় বাস, মোছলমান কন্যাগণের সহিত বিবাহসাদী ও মোছলমানের সকল প্রকার সামাজিকতায় ভুক্ত। এই অপরিচিত অপ্রকাশ্যভাবে ইহাদের মোছলমানের সহিত মেলামেশার ফলে দলে দলে অশিক্ষিত মোছলমান ইহাদের ধোকাবাজী বুঝিতে না পারিয়া সনাতন এছলাম ধর্মকে ও পবিত্র কোরাণকে ত্যাগ করতঃ কাফের মোরতেদ হইয়া যাইতেছে।… এখনও কি তুমি বাউল ফকিরদিগকে মোছলমান বলিয়া জানিবে? এই কি তোমার এছলামী ঈমান ও মোছলমানী প্রাণের টান? তোমার বেখবরী ও হেশ্কারী হেতু তোমার অধীনস্থ কোন মোছলমান যদ্যপি বাউল মত গ্রহণ করিয়া পবিত্র এছলাম হইতে খারিজ হয় সেজন্য কি তুমি খোদা ও রছুলের নিকট দায়ী নহ?
