কানাইয়ের আর কথা বলতে ইচ্ছা করছিল না। সে চোখে অন্ধকার দেখছিল। কিন্তু বুড়ো একটা অদ্ভুত কথা বলল।
চাঁদনি এখানে নেই বটে, কিন্তু আমি যে দেখছি তোর বাপ ভাল হয়ে উঠবে।
কানাই চমকে উঠল।
তাই দেখছেন? সত্যি তাই দেখেছেন? কিন্তু ওষুধ না পেলে কী করে ভাল হবে? এ গাছ আর কোথায় আছে সে আপনি জানেন?
বুড়ো মাথা নাড়ল। আর কোথাও নেই। এই একটিমাত্র জায়গায় ছিল, তাও এখন চলে গেছে রূপসার রাজ্যে।
সে কতদুর এখান থেকে?
দাঁড়া, একটু ভেবে দেখি?
বুড়ো বোধহয় আবার ভুলে গেছে, তাই মনে করার চেষ্টায় মাথা হেঁট করে টাক চুলকোতে লাগল।
হ্যাঁ, মনে পড়েছে। ত্রিশ ক্রোশ পথ। বিশাল রাজ্য।
এবার কানাইয়েরও মনে পড়েছে। বলল, রূপসা মানে যেখানের তাঁতের কাপড়ের খুব নামডাক?
ঠিক বলেছিস। রূপসার শাড়ি ধুতি চাদর দেশ-বিদেশে যায়। এমন বাহারের কাপড় আর কোথাও বোনা হয় না।
আপনি এত জানলেন কী করে? আপনি কে?
আমি ত্রিকালজ্ঞ। আমার নাম একটা আছে। তবে এখন মনে পড়ছে না। ভাল কথা, তোকে তো একবার রূপসা যেতে হচ্ছে। চাঁদনির খোঁজ তোকে তো করতেই হবে।
কিন্তু কবরেজ বলেছে দশদিনের মধ্যে বাপকে ওষুধ খাওয়াতে না পারলে বাপ আর বাঁচবে না। তার মধ্যে একদিন তো চলেই গেল।
তাতে কী হল। যা করতে হবে ঝটপট করে ফেল।
কী করে করব? ত্রিশ ক্রোশ পথ। সেখানে যাওয়া আছে, গাছ খুঁজে বার করা আছে, ফেরা। আছে…।
দাঁড়া, মনে পড়েছে।
বুড়ো এবার তার কুটিরের মধ্যে ঢুকে একটা থলি বার করে আনল। তারপর তার থেকে তিনটে গোল গোল জিনিস বার করল–একটা লাল, একটা নীল, একটা হলদে।
এই দ্যাখ, লালটা হাতে তুলে বলল বুড়ো। এটা একরকম ফল। এটা খেলে তুই হরিণের চেয়ে তিনগুণ জোরে ছুটতে পারবি। এক ক্রোশ পথ তোর যেতে লাগবে তিন মিনিট। তার মানে দেড় ঘণ্টায় তুই পৌঁছে যাবি রূপসা। এই তিনটেই ফল, আর তিনটেই তোকে দিলাম।
কিন্তু হলদে আর নীল ফল খেলে কী হয়? এই তো মুশকিলে ফেললি, বলে বুড়ো আবার মাথা হেঁট করে কিছুক্ষণ ভাবল। তারপর এপাশ-ওপাশ মাথা নাড়িয়ে বলল, উঁহু, মনে পড়ছে না। তবে কিছু একটা হয়, আর সেটা তোর উপকারেই লাগবে। যদি কখনও মনে পড়ে তবে তোকে জানাব।
কী করে জানাবে? আমি তো চলে যাব।
উপায় আছে।
বুড়ো আবার থলির ভিতর হাত ঢুকিয়ে এবার একটা ঝিনুক বার করল, সেটা প্রায় হাতের তেলোর সমান বড়। সত্যি বলতে কি, কানাই এতবড় ঝিনুক কখনও দেখেনি। ঝিনুকটা কানাইকে দিয়ে বুড়ো বলল, এটা সঙ্গে রাখবি। আমার কিছু বলার দরকার হলে আমি তোকে নাম ধরে ডাকব। তোর নাম কানাই তো?
হ্যাঁ।
সেই ডাক তুই এই ঝিনুকের মধ্যে শুনতে পাবি। ওটা তোর ট্যাঁকে থাকলেও শুনতে পাবি। তারপর ঝিনুকটাকে কানের উপর চেপে ধরলেই তুই পষ্ট আমার কথা শুনতে পাবি। আমার কথা যখন শেষ হবে তখন ঝিনুকে শোনা যাবে সমুদ্রের গর্জন। তখন আবার ঝিনুকটা ট্যাঁকে খুঁজে রাখবি।
কানাই ঝিনুকটা নিয়ে তার ট্যাঁকেই রাখল। বুড়ো এবার চারিদিকে চোখ বুলিয়ে বলল, আজ তো সন্ধে হয়ে গেল। তুই এখন রূপসা গিয়ে কিছু করতে পারবি না। আমি বলি আজ রাতটা আমার কুটিরেই থাক, কাল ভোরে রওনা হবি। তা হলে ওখানে সারা দিনটা পাবি, অনেক কাজ হবে। আমার ঘরে ফলমূল আছে, তাই খাবি এখন।
কানাই রাজি হয়ে গেল। তার ইচ্ছে করছিল তখনই লাল ফলটা খেয়ে রওনা দেয়; বুড়োর কথা ঠিক কিনা সেটা পরখ করে দেখতে ইচ্ছা করছিল, কিন্তু সেটাকে সে দমন করল। সকালে রওনা দেওয়াই সবদিক দিয়ে ভাল হবে।
ভাল কথা, বলল বুড়ো, মনে পড়েছে। আমায় লোকে জগাইবাবা বলে ডাকে। তুইও বলিস।
.
০২.
পরদিন সকালে লাল ফলটা খেয়ে জগাইবাবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় পা দিতেই কানাই বুঝল তার গায়ের রক্ত যেন টগবগ করে ফুটছে। তারপর হাঁটতে গিয়ে দেখল হাঁটলে চলবে না–দৌড়তে হবে। সে দৌড় যে কী বেদম দৌড় সে আর কী বলব! রাস্তার দুপাশে গাছপালা। ঘরবাড়ি মানুষজন গোরু ছাগল সব তীরবেগে বেরিয়ে যাচ্ছে উলটোদিকে, পায়ের তলা দিয়ে মাটি সরে যাচ্ছে শন শন করে, দুকানের পাশে বাতাসের শোঁ শোঁ শব্দে কানে প্রায় তালা লাগে, দেখতে দেখতে দুদিকের দৃশ্য বদলে যাচ্ছে গ্রাম থেকে শহর, শহর থেকে মাঠ, মাঠ থেকে বন, বন থেকে আবার গ্রামে। পথে দুটো নদী পড়ল, মুহূর্তের মধ্যে সে নদী কানাইয়ের পায়ের তলা দিয়ে বেরিয়ে গেল, পায়ের গোঁড়ালিটুকুও ভিজবার সময় পেল না।
সূর্য মাথায় ওঠার আগেই কানাই বুঝতে পারল সামনে একটা বড় শহর দেখা যাচ্ছে। সে তখনই দৌড়নো বন্ধ করে হাঁটতে শুরু করল। বাকি পথটুকু এমনিভাবেই হেঁটে যাবে, নইলে অন্য পথচারীরা কী ভাববে? তাকে নিয়ে একটা হইচই পড়ে এটা কানাই মোটেই চায় না।
শহরে ঢোকবার মুখে একটা তোরণ, তার দুদিকে দুজন সশস্ত্র সেপাই। এটা আগে থেকে জানা ছিল না, তাই কানাইকে একটু মুশকিলেই পড়তে হয়েছিল। সেপাইরা কানাইকে দেখেই তার পথরোধ করতে গিয়েছিল, তাই নিরুপায় হয়ে কানাইকে সামান্য একটু দৌড় দিতে হয়েছিল। ফলে কানাই এমন একটা জায়গায় পৌঁছে গেল, যেখান থেকে তোরণটা এত দূরে যে, সেটাকে প্রায় দেখাই যায় না।
আর কোনও ভাবনা নেই। কানাই এখন একটা বাজারের মধ্যে দিয়ে চলেছে। দুদিকে দোকানপাট, তাতে নানারকম জিনিসের মধ্যে কাপড়ই বেশি, আর সেই কাপড়ের বাহার দেখেই কানাই তো থ! দেশ-বিদেশের লোকেরা সে কাপড় দেখছে, দর করছে, কিনছে। কিন্তু একটা। জিনিস দেখে কানাইয়ের ভারী অদ্ভুত লাগল। যারা সে কাপড় বেচছে তাদের কারুর মুখে হাসি নেই। আর, আরেকটা অদ্ভুত ব্যাপার হল, হাটের এখানে-সেখানে হাতে বল্লমওয়ালা সেপাইরা ঘোরাফেরা করছে।
