কানাইয়ের ভারী কৌতূহল হল। সে একটা কাপড়ের দোকানে গিয়ে দোকানদারকে জিজ্ঞেস করল, এই শহরের নাম কি রূপসা? লোকটা মুখে কিছু না বলে কেবল মাথা নেড়ে হ্যাঁ জানাল। এবার কানাই বলল, তা তোমরা সবাই এত গম্ভীর কেন বলো তো? কেনা-বেচা তো বেশ ভালই হচ্ছে; তবু তোমাদের মুখে হাসি নেই কেন?
লোকটা এপাশ-ওপাশ দেখে নিয়ে বলল, তুমি বুঝি ভিন দেশের লোক?
কানাই বলল, হ্যাঁ; আমি সবে এখানে এলাম।
তাই তুমি জানো না, বলল দোকানদার। এখানে মড়ক লেগেছে।
মড়ক?
শুখনাইয়ের মড়ক। এখন তাঁতিপাড়ায় লেগেছে, কিন্তু ছড়িয়ে পড়তে আর কতদিন? তাঁতির! সব না খেতে পেয়ে শুকিয়ে মরে যাচ্ছে।
কিন্তু–
কানাই ওষুধের কথাটা বলতে গিয়ে বলল না। আশ্চর্য ব্যাপার!–-মন্ত্রী গিয়ে চাঁদনি গাছ নিয়ে এসেছে, তাও তাঁতিদের কেন অসুখ সারছে না? এই গাছের পাতায় কি তা হলে কাজ দেয় না? একটা আস্ত গাছে কত পাতা হয়? চার-পাঁচশো তো বটেই। তার একটা খেলেই একটা লোকের। অসুখ সারার কথা। কিন্তু সে গাছ তা হলে গেল কোথায়?
কানাই উঠে পড়ল। তার মনে পড়ে গেছে যে এখানে আসার একমাত্র উদ্দেশ্য হল চাঁদনির পাতা জোগাড় করা। কিন্তু সেই গাছ তার নাগালে আসবে কী করে? মস্ক্রিমশাই সে গাছ কোথায় রেখেছেন সেটা সে জানবে কী করে?
কানাই হাঁটতে আরম্ভ করল। বাজার ছাড়িয়ে সে দেখল একটা পাড়ার মধ্যে এসে পড়েছে। এখানে চারিদিক থেকে কান্নার আওয়াজ আসছে। এটাই কি তাঁতিপাড়া?
রাস্তার ধারে একটা বুড়ো বসে আছে দেখে কানাই তার দিকে এগিয়ে গেল।
হ্যাঁ গো, এটা কি তাঁতিপাড়া? কানাই জিজ্ঞেস করল।
বুড়ো মাথা নেড়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাই তাঁতিপাড়া। তবে তাঁতি আর এখানে বেশিদিন নেই। চারটে করে তাঁতি রোজ মরছে ব্যারামে। শশী গেল, নীলমণি গেল, লক্ষ্মণ গেল, বেচারাম গেল–আর কি! এ রোগের তো কোনও চিকিৎসা নেই। আমায় এখনও ধরেনি রোগে, তবে ধরতে আর কত দিন?
চিকিৎসা নেই বলছ কেন? একটা গাছের পাতার রস খেলেই তো এ ব্যারাম সারে। সে গাছ তো তোমাদের মস্ক্রিমশাই বাদড়ার জঙ্গলে গিয়ে নিয়ে এসেছেন।
তাঁতিদের তাতে লাভটা কী? সে গাছ তো মন্ত্রিমশাই আমাদের দেবেন না।
কেন, দেবে না কেন?
আমাদের রাজা বড় সর্বনেশে। বুড়ো এদিক-ওদিক সন্দেহের দৃষ্টি দিল। তারপর গলা নামিয়ে বলল, এ রাজা পিশাচ। পেয়াদারা বল্লমের খোঁচা মেরে তাঁতিদের দিয়ে কাপড় বোনায়। যারা বোনে না তাদের শূলে চড়ায়। রূপসার কাপড় বিদেশ থেকে সদাগর এসে কিনে নিয়ে যায়। যা টাকা আসে তার চার ভাগের তিন ভাগ যায় রাজকোষে। তাঁতিরা সব একজোটে রাজাকে হটিয়ে তার ছেলেকে সিংহাসনে বসাবে ঠিক করেছিল। সেকথা কেউ গিয়ে তোলে রাজার কানে। আর সেই সময় লাগে এই মড়ক। রাজা চায় তাঁতিরা সব মরুক। তাই ওষুধ এনে সরিয়ে রেখেছে।
কানাইয়ের মনটা শক্ত হয়ে উঠল। এমন শয়তান রাজা এই রূপসার রাজ্যে? সে যে করে থোক। চাঁদনির পাতা এনে দেবে তাঁতিদের জন্য। যেকরে হোক!
বুড়ো বলে চলল, রাজা শয়তান, কিন্তু তার ছেলে রাজকুমার, সে সোনার চাঁদ ছেলে। তোমারই মতন বয়স তার। সে যদি রাজা হয় তা হলে দেশের সব দুঃখু দূর হবে।
এই রাজাকে সরাবার কোনও রাস্তা নেই বুঝি?
সে কি আর আমরা জানি? আমরা মুখ্য-সুখ মানুষ, আমরা শুধু দুঃখু পেতেই জানি।
আরও একটা কথা জিজ্ঞেস করার ছিল বুড়োকে।
রাজবাড়িটা কোনদিকে বলতে পারো?
এই রাস্তা দিয়ে সোজা গেলে রাজপথ পড়বে। বাঁয়ে ঘুরে দেখবে দূরে রাজার কেল্লার ফটক দেখা যাচ্ছে। তবে তোমায় সেখানে ঢুকতে দেবে না। পাহারা বড় কড়া।
কানাই বুড়োর কাছে বিদায় নিয়ে কিছুদূর গিয়েই রাজপথে পড়ল। বাঁ দিকে ঘুরে সত্যিই দেখল দূরে কেল্লার ফটক দেখা যাচ্ছে।
কানাই ইতিমধ্যেই মতলব এটে নিয়েছে। সে এমনি ভাবে হেঁটে গিয়ে যখন ফটক থেকে বিশ হাত দূরে, প্রহরী তাকে সন্দেহের চোখে দেখছে, তখন সে দিল ফটক লক্ষ্য করে বেদম ছুট।
চোখের পলকে কানাই প্রথম ফটক দ্বিতীয় ফটক পেরিয়ে পৌঁছে গেল একটা বাগানে। এখানে আশেপাশে কোনও লোক নেই দেখে কানাই থামল। বাঁ দিকে বাগান, তাকে চারিদিক দিয়ে ঘিরে আছে শ্বেতপাথরের দালান।
কানাই কী করবে ভাবতে ভাবতে এগিয়ে চলল। বাগানে ফুলের ছড়াছড়ি, চারিদিক রঙে রঙ, কে বলবে এই দেশে শুখনাইয়ের মড়ক লেগেছে।
এই ফুলের মধ্যেই কি চাঁদনি গাছ রয়েছে? ছোট ছোট ছুঁচলো বেগুনি পাতা আর হলদে ফুল। যদি এর মধ্যেই থাকে তা হলে সে কাজ অনেক সহজে হয়ে যায়।
এদিক-ওদিক দেখতে দেখতে কানাই এগোচ্ছিল, হঠাৎ তার পিঠে পড়ল একটা হাত, আর আরেকটা হাত তার কোমরটা জড়িয়ে ধরে কোলপাঁজা করে তুলে নিল।
কানাই দেখলে সে এক অতিকায় প্রহরীর হাতে বন্দি।
.
০৩.
প্রহরী কানাইকে সোজা নিয়ে গেল রাজসভায়। কানাই দেখল রাজা সিংহাসনে বসে আছেন, আর তাঁকে ঘিরে রয়েছে সভাসদরা। রাজা যে শয়তান সেটা তাঁর কুতকুতে চোখ, ঘন ভুরু আর গালপাট্টা দেখলেই বোঝা যায়।
এটাকে কোত্থেকে পেলি? রাজা কানাইয়ের দিকে চোখ রেখে পেয়াদাকে জিজ্ঞেস করলেন।
মহারাজ, এ অন্দরমহলের বাগানে দাঁড়িয়ে এদিক-ওদিক দেখছিল।
এ ব্যাটা ফটক দিয়ে ঢুকল কী করে? দু-দুটো সশস্ত্র প্রহরী রয়েছে সেখানে!
