রাঁচি? বিপিনবাবু এবার বুঝলেন যে, ভুল তাঁর হয়নি, হয়েছে এই লোকটিরই। কারণ বিপিনবাবু কোনওদিন রাঁচি যাননি। যাবার কথা হয়েছে অনেকবার, কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হয়ে ওঠেনি। এবার বিপিনবাবু একটু হেসে বললেন, আমি কে তা আপনি জানেন কী?
ভদ্রলোক চোখ কপালে তুলে জিভ কেটে বললেন, আপনি কে তা জানব না? বলেন কী? বিপিন চৌধুরীকে কে না জানে?
বিপিনবাবু এবার বইয়ের দিকে দৃষ্টি দিয়ে মৃদুস্বরে বললেন, কিন্তু তাও আপনার ভুল হয়েছে। ওরকম হয় মাঝে মাঝে। আমি রাঁচি যাইনি কখনও। ভদ্রলোক এবার বেশ জোরে হেসে উঠলেন।
কী বলছেন মিস্টার চৌধুরী? ঝরনা দেখতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে আপনার হাঁটু ছড়ে গেল। আমিই শেষটায় আয়োডিন এনে দিলুম। পরদিন নেতারহাট যাবার জন্য আমি গাড়ি ঠিক করেছিলুম–আপনি পায়ের ব্যথার জন্য যেতে পারলেন না। কিছু মনে পড়ছে না? আপনার চেনা আরেকজন লোকও তো গেলেন সেবার-দীনেশ মুখুজ্যে। আপনি ছিলেন একটা বাংলো ভাড়া করে বললেন। হোটেলের খাবার আপনার ভাল লাগে না–তার চেয়ে বাবুর্চি দিয়ে রান্না করিয়ে নেওয়া ভাল। দীনেশ মুখুজ্যে ছিলেন তাঁর বোনের বাড়িতে। আপনাদের দুজনের সেই তর্ক লেগেছিল একদিন চাঁদে যাবার ব্যাপার নিয়ে–মনে নেই? সব ভুলে গেলেন? আরও বলছি–আপনার কাঁধে একটা ঝোলানো ব্যাগ ছিল–তাতে গল্পের বই থাকত। বাইরে গেলে নিয়ে যেতেন। কেমন–ঠিক কি না?
বিপিনবাবু এবার গম্ভীর সংযত গলায় বললেন, আপনি ফিফটি-এইটের কোন মাসের কথা বলছেন। বলুন তো?
ভদ্রলোক বললেন, মহালয়ার ঠিক পরেই। হয় আশ্বিন, নয় কার্তিক।
বিপিনবাবু বললেন, আজ্ঞে না। পুজোয় সে বছর আমি ছিলুম কানপুরে আমার এক বন্ধুর বাড়িতে। আপনি ভুল করলেন। নমস্কার।
কিন্তু ভদ্রলোক গেলেন না। অবাক অপলক দৃষ্টিতে বিপিনবাবুর দিকে চেয়ে বিড়বিড় করে বলে যেতে লাগলেন, কী আশ্চর্য! একদিন সন্ধ্যাবেলা আপনার বাংলোর দাওয়ায় বসে চা খেলুম। আপনি আপনার ফ্যামিলির কথা বললেন বললেন, আপনার ছেলেপিলে নেই, আপনার স্ত্রী বারো-তেরো বছর আগে মারা গেছেন। একমাত্র ভাই পাগল ছিলেন, তাই আপনি পাগলা গারদ দেখতে যেতে চাইলেন না। বললেন, ভাইয়ের কথা মনে পড়ে যায়…
বিপিনবাবু যখন বইয়ের দামটা দিয়ে দোকান থেকে বেরোচ্ছেন তখনও ভদ্রলোক তাঁর দিকে ফ্যালফ্যাল করে চেয়ে আছেন।
বারট্রাম স্ট্রিটে লাইটহাউস সিনেমার গায়ে বিপিন চৌধুরীর বুইক গাড়িটা লাগানো ছিল। তিনি গাড়িতে পৌঁছে ড্রাইভারকে বললেন, একটু গঙ্গার ধারটায় ঘুরে চলো তো সীতারাম।
চলন্ত গাড়িতে বসে মাথাটা একটু ঠাণ্ডা হতেই বিপিনবাবুর আফসোস হল। বাজে ভণ্ড লোকটাকে এতটা সময় কেন মিছিমিছি দিলেন তিনি! রাঁচি তো তিনি যাননি, কখনওই যেতে পারেন না। মাত্র সাত বছর আগেকার স্মৃতি মানুষে অত সহজে ভুলতে পারে না, এক যদি না–
বিপিনবাবুর মাথা হঠাৎ বন করে ঘুরে গেল।
এক যদি না তাঁর মাথা খারাপ হয়ে গিয়ে থাকে।
কিন্তু তাই বা হয় কী করে? তিনি তো দিব্যি আপিসে কাজ করে যাচ্ছেন। এত বিরাট আপিস–এত দায়িত্বপূর্ণ কাজ। কোথাও তো কোনও ত্রুটি হচ্ছে বলে তিনি জানেন না। আজও তো একটা জরুরি মিটিং-এ আধঘণ্টার বক্তৃতা দিয়েছেন তিনি। আশ্চর্য! অথচ–
অথচ লোকটা তাঁর এত খবর রাখল কী করে? এ যে একেবারে নাড়িনক্ষত্র জেনে বসে আছে। বইয়ের ব্যাগ, স্ত্রীর মৃত্যু, ভাইয়ের মাথা খারাপ! ভুল করেছে কেবল ওই রাঁচির ব্যাপারে। ভুল কেন–জেনেশুনে মিথ্যে বলছে। আটান্ন সালের পুজোয় তিনি রাঁচি যাননি; গিয়েছিলেন কানপুরে, তাঁর বন্ধু হরিদাস বাগচির বাড়িতে। হরিদাস লিখলেই–নাঃ, হরিদাসকে লেখার উপায় নেই।
বিপিনবাবুর হঠাৎ খেয়াল হল হরিদাস বাগচি আজ মাসখানেক হল সস্ত্রীক জাপানে গেছেন তাঁর ব্যবসার ব্যাপারে। জাপানের ঠিকানা বিপিনবাবু জানেন না। কাজেই চিঠি লিখে প্রমাণ আনানোর রাস্তা বন্ধ।
কিন্তু প্রমাণের প্রয়োজনটাই বা কোথায়। এমন যদি হত যে, উনিশশো আটান্ন সালের আশ্বিন মাসে রাঁচিতে কোনও খুনের জন্য পুলিশ তাঁকে দায়ী করার চেষ্টা করছে, তখনই তাঁর চিঠির প্রয়োজন হত হরিদাস বাগচির কাছ থেকে। এখন তো প্রমাণের কোনও দরকার নেই। তিনি নিজে জানেন তিনি রাঁচি যাননি। ব্যস, ল্যাঠা চুকে গেল।
গঙ্গার হাওয়াতে বিপিন চৌধুরীর মাথা অনেক ঠাণ্ডা হলেও, মনের মধ্যে একটা খটকা, একটা অসোয়াস্তি বোধ যেন থেকেই গেল!
হেস্টিংস-এর কাছাকাছি এসে বিপিনবাবু তাঁর প্যান্টের কাপড়টা গুটিয়ে উপরে তুলে দেখলেন যে, ডান হাঁটুতে একটা এক ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে। সেটা কবেকার দাগ তা বোঝবার কোনও উপায় নেই। ছেলেবেলায় কি কখনও হোঁচট খেয়ে হাঁটু ছড়েনি বিপিনবাবুর? অনেক চেষ্টা করেও সেটা তিনি মনে করতে পারলেন না।
চড়কডাঙার মোড়ের কাছাকাছি এসে তাঁর দীনেশ মুখুজ্যের কথাটা মনে পড়ল। লোকটা বলছিল দীনেশ মুখুজ্যে ছিল রাঁচিতে ওই একই সময়ে। তাহলে দীনেশকে জিজ্ঞেস করলেই তো হয়। সে থাকে কাছেই–বেণীনন্দন স্ট্রিট। এখনই যাবেন কি তার কাছে? কিন্তু যদি রাঁচি যাবার ব্যাপারটা মিথ্যেই হয় তা হলে দীনেশকে সে সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতে গেলে তো সে বিপিনবাবুকে পাগল ঠাওরাবে। না না–এ ছেলেমানুষি তাঁর পক্ষে কিছুতেই সম্ভব নয়। নিজেকে সেধে সেধে এইভাবে বোকা বানানো কোনওমতেই চলতে পারে না। আর দীনেশের বিদ্রূপ যে কত নির্মম হতে পারে তার অভিজ্ঞতা বিপিনবাবুর আছে।….
