এর পর আমাদের সেই শান্ত গৃহকোণে বাইরের জগতের নানা খবর ভেসে আসতে লাগল। অনেক ঘুরে অনেক বিপদের ঝুঁকি নিয়ে, হাত মাথার ওপর তুলে অনেকে ফিরে এলেন। দোকান পুড়ছে। বাড়ি জ্বলছে। অসংখ্য ক্ষিপ্ত মানুষ অনেক মৃত্যু দিয়ে একটি মৃত্যুর ক্ষোভ ভুলতে চাইছে। কে যাবে, কে থাকবে বলা শক্ত। অনেকে এমন কথাও বললেন, আমরা নাকি কেউই। নিরাপদ নই। কাবেরী যেন আমার খুব কাছাকাছি এসে একটু নিরাপত্তা খুঁজতে চাইছে। সে যেন এই মুহূর্তে জানালা, ঘরের কোণে কোণে, এমনকী শিলিং-এ পর্যন্ত অসংখ্য কালো কালো মুখ দেখছে।
রান্না বেশ ভালো হয়েছে। আয়োজনে কোনও ত্রুটি নেই। সাজানো খাবার টেবল, পরিষ্কার টেবল-ঢাকা, দুগ্ধশুভ্র চিনেমাটির পাত্রে ভোজ্যসামগ্রী। ফিকে ধোঁয়ায় মৃদু গন্ধ ভাসছে। এই হল গার্হস্থ্য সুখ। পরিবেশ, বিপ্লব কিংবা ভারতীয় আধ্যাত্মবাদ অথবা অনেক কৃচ্ছসাধনের কথা। ভুলিয়ে দেয়। জৈবিক আর আধ্যাত্মিকের অপূর্ণ সমন্বয়। যৌবনবতী নারী উষ্ণ, কমনীয়। সুস্বাদু ভোজ্যসামগ্রী। একটা সৌন্দর্যঘেরা পরিবেশ। কিছু সৃজনী প্রতিভা, দুটো বিচারশীল মন।
কিছু মানুষ হয়তো এখনও বাইরে, মর্গে, কিংবা হাসপাতালের এমারজেন্সি বিভাগে অথবা অপারেশন টেবিলে কিংবা ক্রিমেটোরিয়ামে—এমন সমস্ত পরিবেশে যেখানে দৈহিক সুখ নেই, মানসিক স্থৈর্য নেই; কিন্তু আমরা এখন দুজনে পরম নিশ্চিন্তে একটি সুকোমল শয্যায় ক্রমশ তলিয়ে যাচ্ছি। এর পর ঘুম আসবে দু-চোখ জুড়ে নিঃশব্দে, একরাশ পাখির মতো, ডানা নেড়ে নেড়ে।
কাবেরী প্রথমে একটু উশখুশ করছিল। যেন ঠিক আরাম পাচ্ছে না। একটু অস্বাচ্ছন্দ্য। একবার জিগ্যেস করল কটা বাজল। এগারোটা বেজে দশ মিনিট। কিছুক্ষণ নিস্তব্ধতা। হঠাৎ কাবেরী মাথার বালিশ জড়িয়ে ধরে যন্ত্রণায় কুঁকড়ে গেল। সমস্ত শরীর কেঁপে কেঁপে উঠছে। কী হল। তোমার? অসহ্য ব্যথা, অসহ্য যন্ত্রণা। তুমি যা হয় একটা কিছু ব্যবস্থা করো। আমি আর পারছি না।
কী সর্বনাশ! এখন এই ভীষণ সময়ে আমি কোথায় পাব ডাক্তার, কোথায় পাব গাড়ি! রাস্তায় বেরোবে কী করে? এ তোমার মনের আতঙ্ক। এখন ব্যথা কী? তোমার তো এখন সময় নয়। পুরো দু-মাস বাকি। এ তোমার ফলস ব্যথা। চাপ খাওয়া হয়েছে, গ্যাস হয়েছে পেটে। দাঁড়াও আমি তোমাকে একটা অ্যান্টাসিড দিচ্ছি। আমার স্টকে আছে।
দাঁতে দাঁত চেপে কাবেরী বললে—কিচ্ছু হবে না। আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আমি তোমাকে বলে বোঝাতে পারব না। এ সেই ব্যথা। তুমি যা হয় একটা কিছু করো।
হা ঈশ্বর, এ কী দুর্দিন! এখন তো সুখশয্যা ছাড়তে হয়। বলা যায় না প্রথম সন্তানের জন্ম ভীষণ বিপজ্জনক। কী হতে কী হয়ে যায়। মৃত্যু? নানা কাবেরীকে হারাতে চাই না। ঘরে মৃত্যুর ছায়া, বাইরে মৃত্যুর ছায়া। উঠতে হল। ঘরের সবুজ আলোকে জোর করতে হল। কাবেরীর মাথায় একটু হাত বুলিয়ে দিলুম। এখন কী করি! এই সমস্যাকে কীভাবে আক্রমণ করব! কাছাকাছি। কোনও বাড়ি থেকে ডাক্তারকে ফোন করব। অথবা নার্সিংহোমে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলব। কিন্তু সমস্ত কল অফিসই তো বন্ধ। কোন বাড়িতে ফোন আছে তাও জানা নেই। প্রথমে থানায় জানাই, পুলিশের সাহায্য চেয়ে দেখি, কিন্তু কাবেরী কি একলা থাকবে? তাই বা কী করে হয়?
রাস্তা কী ভীষণ অন্ধকার! পাশের বাড়ির সাহায্য নিতেই হবে। এখন আর ভাববার সময় নেই, সমস্ত কাজ অত্যন্ত দ্রুত সারতে হবে। কলিংবেলে চাপ দিলুম, একবার, দুবার, তিনবার, চারবার—কোনও সাড়া নেই। কোনও ঘরে আলো জ্বলল না। শুধু মনে হল কারা যেন ফিশফিশ করে বললে, ওই এসে গেছে। সাড়া দিও না, কজন আছে, কে জানে। ওরা এখন হন্যে হয়ে আততায়ীকে খুঁজছে।
আমাকে ঘাতক ভেবেছে। কী সর্বনাশ, বলা যায় না কোনও অলক্ষ্য স্থান থেকে কিছু ছুঁড়ে মারতে পারে। আবার আমিও দাঁড়িয়ে আছি একেবারে উন্মুক্ত রাস্তায়। আমি চিৎকার করে বললুম।—দরজা খুলুন। কোনও ভয় নেই। আপনাদের প্রতিবেশী। আমার স্ত্রী ভীষণ অসুস্থ। আপনাদের একটু সাহায্য চাই—না কেউ দরজা খুলল না। সেই ফিশফিশ গলা—খুলো না, ওসব চালাকি। যেই দরজা খুলবে…
আমার সময় খুবই কম। ওই তো আমার জানালায় আলো জ্বলছে। কাবেরী প্রসব বেদনায় ছটফট করছে। আমি তখন ছুটছি। থানা, থানাতেই হয়তো সাহায্য পাওয়া যাবে। এই নির্জন রাস্তায় আমি একলা ছুটন্ত পথিক। আমাকে পেছন থেকে অথবা সামনে থেকে কিংবা চারপাশ থেকে আক্রমণ করতে পারে। দূর থেকে দেখলে আমাকে পলাতক মনে হবে।
অফিসার ইনচার্জ ভীষণ ব্যস্ত মানুষ। ইতিমধ্যে তার এলাকায় তাণ্ডব শুরু হয়ে গেছে। মৃতদেহ আসছে একে একে, ছিন্নভিন্ন রক্তাক্ত। কী সাহায্য করতে পারি আপনাকে? আমাদের গাড়ি নেই, সব টহল দিতে বেরিয়ে গেছে। তবে ফোনটা ব্যবহার করতে পারেন। ফোন, শুধু ফোনে কী হবে? একটা গাড়ি না হলে রোগীকে নার্সিংহোমে অথবা হাসপাতালে নেব কী করে?
কী যে করেন মশাই, আপনারা এই দুর্দিনে, একটু সংযম অভ্যেস করতে পারেন না। এই কি সন্তান আনবার সময় না পরিস্থিতি! দেখছেন দেশ জুড়ে লণ্ডভণ্ড চলছে। দিন থাকতে থাকতে গোলমালের আগে হাসপাতালে দেননি কেন? সেই দুঃসময়েও গল্পের ডুবে যাওয়া সেই। ছেলেটির কথা আমার মনে পড়ল। ডুবছে সে, সাহায্য চাইছে, তীর থেকে তাকে উপদেশ ছুড়ে দেওয়া হচ্ছে, সাঁতার না জেনে জলে নেমেছিলে কেন?
