কেউ কেউ বলে–মেয়েমানষের ভাই, যাই বলো, অতটা সাহস ভালো না। স্বভাব-চরিত্তির কার কীরকম তা তো কেউ বলতে পারে না!
শেষরাত্রে করুণা আবার মাকে ঠেলা মেরে বললে—ওমা, ওঠো না, কীসের শব্দ হচ্ছে—
—তুই বাবা আর ঘুমুতে দিলিনে। কই কোথায় শব্দ?
কে এসে দরজায় ঘা দিলে। কড়া নাড়লে ওদের ঘরের বাইরে।
তারা ধড়মড় করে উঠে বললে—কে?
বাইরে থেকে উত্তর এল—আমি! দোর খোলো।
করুণা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল। হঠাৎ সে খুশিতে চেঁচিয়ে উঠল প্রায়।
–ও, বাবা!
তারা তাড়াতাড়ি উঠে গিয়ে খিল খুলে দিয়ে একগাল হেসে বললে—এসো এসো। একেবারে শেষরাত্তিরে? ভালো আছ?
—হ্যাঁ। বাস খারাপ হয়ে গিয়েছিল রাস্তায়। আসতি যা কষ্ট হয়েছে। তালপুকুরের মাঠের মধ্যে বাস খারাপ হয়ে দাঁড়িয়ে রইল রাত দশটা থেকে। এই খানিকটা আগে তখন চলল।
–তুমি হাত-মুখ ধোও। জল গামলায় আছে, গাড়তে আছে। আমি ভাত চড়াই।
—ভাত? শেষরাত্তিরি ভাত খেয়ে মরি আর কী। আমার পুঁটুলির মধ্যে সরু চিড়ে আছে, তাই দুটো ভিজিয়ে দাও। খোকা সরে আয়, তোর জন্যি জিলিপি কিনেছিলাম, তা মিইয়ে ন্যাতা হয়ে গিয়েছে। এই ন্যাও, খোকারে দু-খানা দ্যাও,
–তুমি দু-খানা খাও।
—আমি খাব না, তুমি খেয়ে এটু জল খাও।
—ওগো না না। যা বলছি শোনো না। আমার পেট ভালো না ক-দিন থেকে। সরু চিড়ে ভিজিয়ে নেবুর রস আর নুন মেখে বেশ কচলে কচলে কথ বের করে–
–থাক থাক, তোমাকে আর শেখাতে হবে না। হাত-মুখ ধুয়ে এসো।
—যাব, তার আগে একবার গাড়টা দাও দিকি। গামছাখানা এখানে রেখে দিও —আসছি আমি।
তারা তখুনি চিড়ে ভেজাতে দিলে। স্বামী এসে হাত-মুখ ধুয়ে বসল, তার সামনে পাথরের একটা বড়ো বাটিতে চিড়ের কথ নুন লেবু মিশিয়ে তাকে খেতে দিলে। স্বামী একটুকু মুখে দিয়েই বললে—বাঃ, বেশ! নুন নেবু মিশিয়ে বড়ো চমৎকার খেতে লাগছে!
—আর দেব?
—না না, এই বেশি হয়েছে। হ্যাঁগা, ধার-দেনা কত এবার?
—মাছ কিনিছিলাম একদিন চার আনা, একদিন দু-আনা। আর খোকা আমসত্ব খেতে চেয়েছিল, তাই বোষ্টমবাড়ি থেকে কিনে এনেছিলাম দু-আনার।
—আমসত্ব আবার কিনতে গেলে? বড়ো নবাব হয়েছ, না?
স্বামীর মুখে কড়া সুরের কথা শোনা এই প্রথম নয় তারার। ওর চেয়ে অনেক বেশি রূঢ় ব্যবহার ও কথা সে সহ্য করে আসছে স্বামীর।
গা-সওয়া হয়ে গিয়েছে তার। তাও বিনি দোষে। খোকা খেতে চেয়েছিল, ছেলেমানুষ আবদার ধরলে, ও কী বোঝে কিছু? অবোধ—না-দিতে পারলে কষ্ট হয়।
—বা রে, খোকা কাঁদতে লাগল, দেব না কিনে?
—না। বাপের বাড়ি থেকে পয়সা এনে দিও।
—মুখ সামলে কথা কও বলছি। বাপ তুলো না, খবরদার।
-ওরে বাপরে! দেখো ভয়েতে ইঁদুরের গর্তে না-ঢুকি। তবুও যদি বাপেরবাড়ির চালে খড় থাকত!
—ছিল না বলেই তো তোমার মতো অজ পাঁড় মুকখু আর মাতালের হাতে বাপ দিইছিল ধরে!
—তবে রে—
স্বামী ভবতারণ হাতের কাছে ছাতা পেয়ে তাই উঁচিয়ে তেড়ে গেল তারার দিকে। করুণা চিৎকার করে কেঁদে উঠল ভয়ে। ওপর থেকে উপেন ভটচাজ বলে উঠলেন—কে? কে? কী হল? কে ওখানে?
ভবতারণ উদ্যত ছাতা নামিয়ে বললে—তোমার আমি—ফের যদি— ছোটোলোকের মেয়ে কোথাকার!
-খবরদার! আবার বাপ তুলছ? বেরোও তুমি বাড়ি থেকে। দূর হও। তোমার মুখে ছাইয়ের নুড়ো দেব বলে দিচ্ছি! বেরোও—
—হারামজাদি, দেখ, এখনও মুখ সামলা বলে দিচ্ছি। বেরোব কেন, তোর কোন বাবা এ বাড়ি করে রেখে গিইছিল জিগ্যেস করি? তুই বেরো—
করুণা আকুল সুরে কাঁদছে বাবা-মার ধুন্ধুমার ঝগড়ার মাঝখানে পড়ে গিয়ে। ওর মা এসে ওকে কোলে নিয়ে বললে—চল খোকা আমরা এ বাড়ি থেকে চলে যাই—ওরা থাকুক, যাদের বাড়ি। তোর-আমার বাড়ি তো না!
–খবরদার, খোকাকে ছুঁয়ো না বলছি! যাবি হারামজাদি তো একলা মর গে যা—খোকা তোর না আমার?
—বেশ, রাখো খোকাকে। আমি একলাই যাচ্ছি।
—যা—বেরো—
করুণা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বললে—মা, তুমি যেও না। আমি তোমার সঙ্গে যাব—
ভবতারণ বললে—খোকন, কেঁদো না। তোমায় আমি কলকাতায় নিয়ে যাব। রেলগাড়ি কিনে দেব, মোটর কিনে দেব—এসো—
করুণা কান্নায় জড়িত সুরে বললে—না—
-–এসো—
—না—
–কলকাতায় যাবিনে?
—না —
মাকে সে আরও বেশি করে জড়িয়ে ধরে।
এমন সময়ে ওপর থেকে উপেন ভটচাজ নেমে এসে ছেলেকে বললেন—তুই কী চেঁচামেচি আরম্ভ করলি ভোররাত্তিরি? তুই মানুষ হলিনে এই দুঃখে আর আমি বাড়ি আসিনে। কেন মিছিমিছি বউমাকে যা-তা বলছিস? আমি সব শুনছি ওপর থেকে? তোরই তো দোষ। ও আমার ঘরের লক্ষ্মী—
—আপনাকে তো কিছু বলিনি—আপনি ওপরে যান বাবা—আমাদের কথার মধ্যে আসতি কে বলেছে আপনাকে?
—আমি যাই না-যাই সে আমি বুঝব। আর তুই যে বলছিস বউমাকে বাড়ি থেকে বেরুতি—আমার বাড়ি না তোর বাড়ি? আমি আজও বেঁচে নেই? তোর কী দাবি আছে এ বাড়ির ওপর? আমি ওপর থেকে সব শুনেছি। বদমাইস পাজি কোথাকার! আমি মরবার আগে খোকনকে বাড়ি লিখে দিয়ে যাব—কালই যাচ্ছি আমি সদরে। বউমাকে অছি করে যাব। তোমার বাড়ির আম্বা ঘুচিয়ে তবে আমার কাজ, হতচ্ছাড়া বদমাইশ! রাতদুপুরের সময় এসে উনি ঘরের বউকে বলবেন, বেরো বেরো। মুরোদ নেই এককড়ার—হ্যাঁরে হারামজাদা, ও ভদ্দরনোকের মেয়ে সারা মাস কি খায় তুই তার কোনো হদিস রাখিসনা-কেউ রাখে? বেরো বলতি লজ্জা করে না? এসো তো থোকন, এসো—চলো বউমা–ওপরের ঘরে চলো—
তারা ঘোমটা টেনে দিয়েছিল শ্বশুর আসবার সঙ্গে সঙ্গেই। সে ফিস ফিস করে খোকনকে কী বললে।
