বাইবে, আর একটা সাথি বন্ধু জুটিয়া যাওয়াও বিচিত্র নয়।
বুধোর মায়ের মৃত্যু
বুধো মণ্ডলের মায়ের হাতে টাকা আছে সবাই বলে। বুধো মণ্ডলের অবস্থা ভালো, ধানের গোলা দু-তিনটে। এত বড়ো যে দেশব্যাপী দুর্ভিক্ষ গেল গত বছর, কত লোক না-খেয়ে মারা গেল, বুধো মণ্ডলের গায়ে এতটুকু আঁচ লাগেনি। বরং ধানের গোলা থেকে অনেককে ধান কর্জ দিয়ে বাঁচিয়ে রেখেছিল।
সবাই বলে, বুধোর টাকা বা ধান সবই ওই মায়ের। বুধোর নিজের কিছুই নেই। বুড়ির দাপটে বুধো মণ্ডলকে চুপ করে থাকতে হয়, যদিও তার বয়েস হল এই সাতচল্লিশ। ওর মার বয়স বাহাত্তর ছাড়িয়ে গিয়েছে। আমি কিন্তু অত্যন্ত বাল্যকাল থেকে ওকে যেমন দেখে এসেছি, এখনও (অনেককাল পরে দেশে এসে আবার বাস করছি কিনা) ঠিক তেমনি আছে। তবে মাথায় চুলগুলো যা পেকেছে।
অনেকদিন আগের কথা মনে পড়ে। হরি রায়ের পাঠশালায় আমি তখন পড়ি। বিকেলবেলা, তেঁতুলগাছের ছায়া দীর্ঘতর হয়ে হরি রায়ের ক্ষুদ্র চালাঘরের সামনেকার সারা উঠোন ছেয়ে ফেলেছে। ছুটি হয়-হয়, নামতা পড়ানো শুরু হবে এখন। এমন সময় কালীপদ রায় আর চণ্ডীদাস মুখুজ্যে এসে হরি রায়ের সঙ্গে গল্প জুড়লেন। কালীপদ রায় গল্পের মধ্যে বুধোর মায়ের সম্বন্ধে এমন একটা উক্তি করে বসলেন যাতে আমি অবাক হয়ে প্রৌঢ় দাদুর মুখের দিকে চেয়ে রইলাম।
চণ্ডী মুখুজ্যেমশায় জবাব দিলেন, আর বোলো না ও মাগির কথা, অনেক টাকা খুইয়েছি ও মাগির পেছনে।—জবাবটা আজও বেশ মনে আছে।
একটু বেশি পাকা ছিলাম বয়েসের তুলনায়, সুতরাং স্ত্রীলোকের পেছনে টাকা খরচ করার অর্থ আমি বুঝতে পারলাম। আর একটু বয়েস বাড়লে শুনেছিলাম, বুধোর মা গ্রামের অনেকেরই মাথা খারাপ করেছিল। বুধোর মা বালবিধবা; ওই ছেলেটিকে নিয়ে স্বামীর গোলার ধান দাদন দিয়ে কত কষ্টে সংসার নির্বাহ করেছে —এইরকমই শুনতাম। আমি যখনকার কথা বলছি তখন বুধোর মায়ের বয়েস চল্লিশের কম নয়, কিন্তু তখনও তার বেশ চেহারা। আটসাঁট গড়ন, মাথায় একঢাল কালো চুল। আমার বাবার বয়সি গ্রামসুদ্ধ লোকের প্রণয়িনী।
তার পর বহুবার বুধোর মাকে দেখেছি অনেক বছর ধরে। সেই এক চেহারা। এতটুকু টসকায়নি কোনোদিন।
দেশ ছেড়ে চলে গেলাম ম্যাট্রিক পাস করে। পড়াশোনা শেষ করে বিদেশে চাকরি করে বোমার তাড়ায় সেবার আবার এসে গ্রামে ঘরবাড়ি সারিয়ে বাস করতে শুরু করলাম।
কাকে জিজ্ঞেস করলাম—বলি, সেই বুধোর মা বেঁচে আছে?
–খুব। কাল ঘাটে দেখলে না?
—না।
—আজ দেখো এখন। তার মাথার চুল পেকে গিয়েছে বলে চিনতে পারোনি।
দু-একদিনের মধ্যে বুধোর মাকে দেখলাম। চেহারা ঠিক তেমনিই আছে, যেমন দেখেছিলাম বাল্যে। মুখশ্রী বিশেষ বদলায়নি। শুধু মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে-মাত্র। অনেকে হয়তো ভাববেন, সত্তর-বাহাত্তর বছর বয়সে মুখের চেহারা বদলায়নি এ কখনো সম্ভব? তাঁরা বুধোর মাকে দেখেননি। নিজের চোখে না দেখলে আমিও বিশ্বাস করতাম না। সেকালের বুধোর মার মাথায় যেন সাদা পরচুলো পরিয়ে দেওয়া হয়েছে। প্রথম দেখবার দিন আমার এমনি মনে হল।
পরে কিন্তু বুঝলাম তা নয়, ওর বয়েস হয়েছে। একদিন আমার বাড়িতে বুড়ি লেবু দিতে এসেছিল। ওকে দেখে মনে হল, হায় রে কালীপদ দাদু, চণ্ডীদাস জ্যাঠার দল! আজও তোমরা বেঁচে থাকলে তোমাদের মুণ্ডু ঘুরিয়ে দিতে পারত বুধোর মা! কত পয়সাই একসময়ে তোমরা খরচ করে গিয়েছ ওর পেছনে। বললাম—এসো বুধোর মা, কী মনে করে? অনেকদিন পরে দেখলাম।
—আর বাবা! গাঁয়ে ঘরে থাক না, তা কি করে দেখবা? বাত হয়েছে বাবা। এখন একটু সামলেছি। তাই উঠে হেঁটে বেড়াচ্ছি।
—হাতে কী?
—গোটাকতক কাগজি লেবু। বলি, দিয়ে আসি যাই। তুমি আর আমার পঞ্চা দু-মাসের ছোটোবড়ো। তুমি হলে ভাদ্র মাসে, পঞ্চা হয়েছে আষাঢ় মাসে। তা আমায় ফেলে চলে গেল।
—পঞ্চা মারা গিয়েছে?
—হ্যাঁ বাবা, অনেক দিন হয়েছে, বছর তিন-চার হল।
গাঁয়ের যাকে জিজ্ঞেস করি, ওকে ভালো কেউ বলে না। একদিন ওদের বাড়ির সামনের পথ দিয়ে যাচ্ছি, দেখি ওদের বাড়িতে ঝগড়া ও কান্নাকাটির শব্দ।
দাসু কুমোর রাস্তার ধারেই পণ পোড়াচ্ছে।
বললাম—পণে আগুন দিলে কবে দাসু?
—প্রাতোপেন্নাম দা-ঠাকুর। পণ কাল ধরিয়েছি। জ্বলছে না ভালো। অনেক হাঁড়ি কাঁচা আসবে। কাঠের অমিল, দা-ঠাকুর।
—তোরা কী কাঠ দিয়ে পণ জ্বালাস, না পাতা দিয়ে?
—শুধু পাতা কী জ্বলে, দা-ঠাকুরের কথার যেমন ধারা!
—হ্যাঁরে, বুধোদের বাড়িতে কান্নাকাটি কীসের রে?
—ওই বুধোর মা ছেলের বউ-এর সঙ্গে ঝগড়া করছে।
—বুধোর বউ বুঝি ঝগড়াটে?
—ওই বুড়ি আসল ঝগড়াটে। ওর দাপটে অত বড়ো বুড়ো ছেলের টু শব্দ করবার জো নেই, তা ছেলের বউ-এর! সব মুঠোর মধ্যে পুরে বসে আছে। টাকাকড়ি, ধানের গোলা সব ওর নামে। ছেলে কাজেই জুজু হয়ে থাকে। চিরকালের খারাপ মাগি, ওর স্বভাবচরিত্তির তো ভালো ছিল না কোনো কালে। ট্যাকা আসে কী অমনি দা-ঠাকুর?
—ওর বড়ো ছেলেটা বুঝি মারা গিয়েছে—সেই পঞ্চা?
—সে ওই মায়ের জ্বালায় বউ নিয়ে এ গাঁ থেকে উঠে গিয়ে হিংনাড়ায় বাস করে’ল। বড়ো বউডার সঙ্গেও শুধু ঝগড়া আর ঝগড়া! বুধোর মার দাপটে এ পাড়া কাঁপে দা-ঠাকুর। আমাদের কিছু বলবার জো নেই। সবাই কিছু-না-কিছু ধারে ওর কাছে। ভয়ে কেউ কিছু বলতি পারে না।
-কেন?
-কাচ্চাবাচ্চা নিয়ে ঘর করে সবাই। দরকার অদরকারে ধানের জন্যি বুড়ির কাছে হাত পাততি হয়। পয়সার জন্যি হাত পাততি হয়। পাড়াসুদ্দ সকলের মহাজন, কেডা কথা বলতি যাবে?
