উঁহু, জবাব দিল লম্বা মুখোশধারী, তোমার ওই হারামজাদা উকিল এখনও গাঁইগুই করছে। আজ তুমি ওকে ফোন করবে। যদি পরিষ্কার করে ওই দু-লাখ টাকার ব্যাপারটা বোঝাতে পারো
তো ভালো, নয়তো বউকে চিঠি লিখে খাঁটিয়া কেনার ব্যবস্থা করতে বলো।
কমলেশ এক অজানা আতঙ্কে শিউরে উঠল। না, না–যে করে হোক অমিতাভকে ও রাজি করাবেই।
খাওয়া শেষ হতে লোকটি পকেট থেকে কাপড়ের পটি বের করে কমলেশের চোখ বেঁধে দিল। তারপর আগের দিনের মতোই ওকে নিয়ে চলল টেলিফোনের কাছে।
কমলেশ অমিতাভর ফোন নম্বর বলার পর লোকটা ডায়াল করে কমলেশের হাতে রিসিভার তুলে দিল, নাও, এবার তোমার পেয়ারের দোস্তকে ভালো করে বোঝাও।
রিসিভারটা সজোরে আঁকড়ে ধরে কানে চেপে ধরল কমলেশ। উত্তেজিত চাপা স্বরে প্রশ্ন করল, কে?
কমলেশ নাকি? আমি রায় বলছি। কী রে, ব্যাপার কী তোর?
আমার চিঠি পেয়েছিস? ঠান্ডা গলায় জানতে চাইল কমলেশ।
হ্যাঁ, কিন্তু অত টাকা এই কদিনে কী করে যে জোগাড় করব বুঝে উঠতে পারছি না।
দরকার হলে আমার সমস্ত প্রপার্টি বেচে দে। দিয়ে যে করে হোক দু-লাখ টাকা আমার চাই। যদি দিন-দুয়েকের মধ্যে জোগাড় করতে পারিস তো ভালো। আর সেটা না পারলে তোকে আর টাকা জোগাড় করতে হবে না। আমার শ্রাদ্ধে টাকাটা খরচা করিস। অমিতাভকে জবাব দেওয়ার কোনও সময় না দিয়েই ঠকাস করে রিসিভার নামিয়ে রাখল কমলেশ। ওর কপালে ফুটে উঠেছে বিন্দু বিন্দু ঘাম।
লম্বা লোকটি ওকে আবার ঘরে ফিরিয়ে এনে চোখের বাঁধন খুলে দিল। যাওয়ার আগে বলে গেল, আর মাত্র তিনদিন আমরা ওয়েট করব।
.
সেদিন রাতে কমলেশের ঘুম এল না। হাজার চিন্তা যেন ওর মাথায় ছুঁচের মতো বিঁধছে। হঠাৎ ওর কানে এল দূর থেকে ভেসে আসা কোনও কুকুরের চিৎকার। আর ঠিক তার পনেরো সেকেন্ড পরেই ও শুনতে পেল এরোপ্লেনের গর্জন।
গত কয়েকদিন ধরেই ২-৩২ মিনিটের সময় একটা কুকুরের চিৎকার আর তার পনেরো সেকেন্ড পরেই একটা প্লেনের শব্দ শুনতে পাচ্ছে কমলেশ। বাইরের জগৎ থেকে ওকে যে এভাবে আলাদা করে রাখা হয়েছে তা কি কেউ জানে? এখন অমিতাভ যদি টাকাটা জোগাড় না করতে পারে।
ভাবতে-ভাবতে একসময় ঘুমিয়ে পড়ল কমলেশ।
.
কারও ধাক্কায় কমলেশের ঘুম ভাঙল। ধড়মড়িয়ে খাটে উঠে বসল ও। দেখল, ওর সামনে। দাঁড়িয়ে দুই মুখোশধারী।
কমলেশ হঠাৎ ভীষণ ভয় পেল। তা হলে কি ওর জীবনের লাস্ট চ্যাপ্টার কাছে এসে গেছে?
লম্বা লোকটি পকেট থেকে অটোমেটিক কোল্টটা বের করে কমলেশের কপালে ঠেকাল।
কমলেশ চোখ বুজল। ওর কান যে-কোনও মুহূর্তে আশা করতে লাগল একটা বিরাট গর্জন। ওর মস্তিষ্ক এক প্রচণ্ড বিস্ফোরণের অপেক্ষায় রইল।
কিন্তু না, সেরকম কিছুই ঘটল না। তার বদলে কর্কশস্বরে কথা বলে উঠল লোকটা, এই যে, এখন আমরা অমিতাভ রায়কে ফোন লাগাচ্ছি–আর ওয়েট করতে পারছি না। তুমি এখানে বসে-বসে এক-দুই গুনতে থাকে। আমরা ঘণ্টাখানেক পরেই ফিরব।
কমলেশ যখন চোখ খুলল তখন ওরা দুজনেই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। কমলেশের শুধু মনে হতে লাগল, একঘণ্টা–একঘণ্টা–আর মাত্র একঘণ্টা!
.
কতক্ষণ যে ওইরকম আচ্ছন্নভাবে ও বসেছিল, মনে নেই। দরজা খোলার শব্দে ওর চমক ভাঙল। লম্বু এবং বেঁটে ঘরে ঢুকল।
ঈশ্বরকে মনে-মনে ধন্যবাদ দিল কমলেশ, কারণ, ওরা এখনও মুখোশ পরে রয়েছে।
অমিতাভ কি টাকাটা জোগাড় করতে পেরেছে? কৌতূহলে জানতে চাইল কমলেশ।
কিছুক্ষণ নীরবতা।
তারপর লম্বা লোকটা জবাব দিল, হা, জোগাড় তো করেছে বলছে। কিন্তু সত্যি কি মিথ্যে সেটা জানতে পারব রাত আটটায়। সন্ধে সাতটায় ফোন করে টাকাটা নিয়ে কোথায় দেখা করবে তার আইডিয়া রায়সাহেবকে দেব। তারপর আটটায় সময় টাকাটা পেয়ে গেলেই ভালো। আর যদি দেখি লোকটা পুলিশে খবর দিয়েছে, অথবা প্যাঁচ খেলার চেষ্টা করছে, তবে তোমাকে প্যাক করে পার্সেল করে দিল্লিতে তোমার বউয়ের কাছে পাঠিয়ে দেব।
বেঁটে লোকটা অন্যমনস্কভাবে ডানহাত দিয়ে ওর বাঁ-হাতের নখ খুঁটছিল, হঠাৎ বলে উঠল, টাকা পেয়ে গেলে তোমাকে রাত দশটায় ছেড়ে দেওয়া হবে।
*
রাত ঠিক দশটায় ওর ঘরের দরজায় চাবি ঘোরানোর শব্দ পেল কমলেশ। সঙ্গে সঙ্গে ও থরথর করে কেঁপে উঠল। এই কি তা হলে কৃতান্তের নিমন্ত্রণ?
দরজা খুলে ঢুকল ওরা দুজন। মুখোশের আড়ালে কি চোখে পড়ছে একটুকরো বাঁকা হাসি? কে জানে।
অমিতাভ-অমিতাভ কমলেশের গলা বন্ধ হয়ে এল। লম্বা লোকটা পকেটে হাত ঢোকাল। মুহূর্তের মধ্যে কমলেশের মনে পড়ল ওর সুন্দরী স্ত্রীর কথা–অমিতাভর কথা–এই সবুজ পৃথিবীর কথা–।
লোকটা পকেট থেকে কাপড়ের পটিটা বের করল। তা হলে অমিতাভ টাকা দিয়েছে! আনন্দে কমলেশের কাঁদতে ইচ্ছে করল।
ওর চোখ বাঁধা হয়ে গেলে লম্বা লোকটা বলল, তোমার কপাল ভালো। তোমার দোস্ত টাকাটা দিয়ে দিয়েছে। কোনও ছকবাজির চেষ্টা করেনি। তোমাকে ছেড়ে দেওয়ার পর তুমি আবার পুলিশের দালালি কোরো না যেন।
তারপর আবার সেই চলন্ত কালো ডেমলার। গাড়ির পিছনের সিটে শুয়ে চোখ বাঁধা অবস্থায় ভাবতে লাগল কমলেশ। ওরা কি সত্যিই ছেড়ে দেবে ওকে? নাকি।
যখন একটা ফাঁকা অন্ধকার মাঠে ওরা কমলেশকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল, তখন ও নড়ার চেষ্টা করেনি। মড়ার মতো নিশ্চল হয়ে একটা বুলেটের অপেক্ষা করেছে।
