৩
ইস্কুলে শিশু-কিশোরদের ধর্মীয় মতবাদ শেখানোর জন্য মৌলবাদীরা চিৎকার করছে বেশ অনেকগুলো মাস বা বছর। কয়েক মাস আগে তাদের ৫ দফা দাবি এরকম ছিল। এক, অনতিবিলম্বে শিক্ষা সংস্কৃতির অনৈসলামিকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে। দুই, পাঠ্যপুস্তকে ইসলামি ভাবধারা পুনঃস্থাপন করতে হবে। তিন, পাঠ্যপুস্তকে ইসলামি ভাবধারা মুছে ফেলার সাথে জড়িত মহল এবং প্রশ্নপত্রে ইসলাম ও মুসলমানদের সম্পর্কে বিদ্বেষ ছড়ানোর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। চার, কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ন্ত্রণের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। পাঁচ, একই সাথে ধর্মহীন সেক্যুলার শিক্ষানীতি বাতিল করে সংখ্যাগরিষ্ঠ মানুষের চেতনাসমৃদ্ধ শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নিতে হবে এবং বর্তমান ধর্মহীন সেক্যুলার শিক্ষানীতির আলোকে শিক্ষা আইন প্রণয়নের উদ্যোগ বন্ধ করতে হবে।
মৌলবাদীদের দাবি মেনে ইসলামি ভাবধারা পুনঃস্থাপন করার উদ্যোগ নিচ্ছেন কি সরকার? যে ভাবধারা বিএনপি-জামায়াত আমলে ছিল, সেই ভাবধারা আওয়ামী লীগের আমলেও থাকবে এ নিয়ে আমার কোনও সংশয় নেই। দুই সরকারের মধ্যে অনেকে পার্থক্য দেখলেও আমি বিশেষ কিছু দেখি না। বাংলাদেশে যে সরকারই আসুক, থাকুক, তাদের সিদ্ধান্ত নিতে হবে, দেশকে কি মৌলবাদী দেশ নাকি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে তারা গড়ে তুলতে চান। মৌলবাদীদের আশকারা দেওয়ার কুফল আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। মৌলবাদ থেকে যে সন্ত্রাসী জন্ম নিচ্ছে, তারা দেশের প্রতিবাদী-প্রগতিবাদী কণ্ঠস্বরকে কী করে হত্যা করেছে আমরা দেখেছি, কী করে তারা বাধা হয়ে দাঁড়ায় মুক্তচিন্তার, কী করে সর্বনাশ করে সম্ভাবনার, দেখেছি।
তার চেয়ে সত্যিকার গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার কাজই চলুক না কেন। গণতন্ত্র শুধু ভোটের নির্বাচনে নয়, গণতন্ত্রকে থাকতে হবে সমাজে, সংসারে, সর্বত্র। গণতন্ত্র কায়েম হলেই নারী পুরুষের সমানাধিকার কায়েম হবে। গণতন্ত্রে সবাই সমান, গণতান্ত্রিক আইনে কেউ বৈষম্যের শিকার হয় না। সত্যিকার গণতন্ত্রে দরিদ্রের, নীচু জাতের, নারীর, সমকামীর, রূপান্তরকামীর অধিকার ধনী, উঁচু জাত, পুরুষের অধিকারের চেয়ে এক ফোঁটা কম নয়। সত্যিকার গণতন্ত্রে ঘুচিয়ে ফেলা হয় সব বৈষম্য। জাতের ভেদ থাকে না। গণতন্ত্রে সবাই আমরা হয়ে যাই এক জাত, মানুষ জাত।
নিজেকে মানুষ জাত ভাবলে ভিন্নধর্মী কাউকে, ভিন্ন লিঙ্গের কাউকে, ভিন্ন বর্ণের কাউকে, ভিন্ন দেশের-ভাষার-সংস্কৃতির কাউকে ভিন্ন কেউ বলে মনে হয় না। আমরা তো আসলেই আজ অবধি মানুষেরই জাত। ভালো-মন্দ, লোভী-নির্লোভ, দুশ্চরিত্র সত্চরিত্র, হিংস্র দয়ালু— সব মিলিয়েই মানুষ। আমরা কেউ কেউ চেষ্টা করে যাই যেন নিজেদের ধর্ষণ না করি, নিজেদের হত্যা না করি, নিজেদের না ভোগাই, নিজেদের নিজেরা না ঠকাই, যন্ত্রণা না দিই। আমরা যদি আমাদের সংশোধন না করি, সুস্থ না করি, কে করবে? আমাদের কে আছে আমরা ছাড়া?
সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ০৫ জানুয়ারি, ২০১৭
বাংলা একাডেমির হয়েছেটা কী
বাংলা একাডেমির হয়েছেটা কী? বছর বছর তারা জাতীয় বইমেলায় বইয়ের প্রকাশকদের বই বিক্রি অধিকার ছিনিয়ে নিচ্ছে! তাঁদের অধিকার নেই মেলায় বই বিক্রি করার যাঁরা সারা বছর অপেক্ষা করেন একটি মাস বই বিক্রি করবেন বলে। এই মেলায় যোগ দেবেন বলেই যাঁরা বই প্রকাশ করেন, তাঁরা হঠাত্ শুনছেন, তাঁরা নিষিদ্ধ। হাবিজাবি কারণ দেখিয়ে ২০১৫ সালে রোদেলা প্রকাশনীকে বইমেলায় নিষিদ্ধ করা হয়। ২০১৬ সালে ব-দ্বীপ প্রকাশনীকে করেছে নিষিদ্ধ। বই লেখার অপরাধে ব-দ্বীপের লেখক-প্রকাশক শামসুজ্জোহা মানিককে জেলে পোরা হয়েছে। কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধী জামিন নিয়ে বেরিয়ে যায়, বেরোনো হয় না মানিকের। পর পর দু’বছর দুটো প্রকাশনীকে নিষিদ্ধ করে ধিকৃত হওয়ার পর তারা ফের নতুন উদ্যমে নিষিদ্ধ করেছে আরও একটি প্রকাশনীকে। ২০১৭-২০১৮ সালের জন্য বেচারা শ্রাবণ প্রকাশনী নিষিদ্ধ। কী দোষ শ্রাবণ প্রকাশনীর? এর কর্ণধার নাকি নানা ছুঁতোয় মত প্রকাশের বিরুদ্ধে যাওয়ার সমালোচনা করেছিলেন। এসব দেখে দৃঢ় বিশ্বাস জন্মাচ্ছে বাংলা একাডেমি একটি আদর্শ বিচ্যুত একাডেমি, যে একাডেমির দাঁড়ানোর কথা মুক্তচিন্তার পক্ষে, দাঁড়াচ্ছে মুক্তচিন্তার বিপক্ষে।
বাংলা একাডেমি যে আগেও লেখকদের মত প্রকাশের বিরুদ্ধে ছিল, তার সাক্ষী আমি। স্মৃতি ঘেঁটে বলছি—
“১৯৯১ সাল। বইমেলা শুরু হয়ে গেল। ফেব্রুয়ারি মাসজুড়ে বইমেলা। সেদিন সতেরোই ফেব্রুয়ারির সন্ধেবেলা। মেলায় একটি চাপা উত্তেজনার গন্ধ পাওয়া যায়। উত্তেজনা কেন, কিসের জন্য, আমার জানা হয় না কিছু। বিশাল একটি ব্যানার নিয়ে একটি মিছিল বিদ্যাপ্রকাশের সামনে দিয়ে পার হয়ে গেল। মেলার মধ্যে ব্যানার নিয়ে মিছিল! এ আবার কেমন! এমন তো দেখিনি আগে কোনও দিন! কি সেই মিছিল কেন সেই মিছিল প্রশ্ন করে কারও কাছ থেকে উত্তর পাওয়া যায় না। হঠাত্ দেখি খোকা টেবিল থেকে আমার বইগুলো দ্রুত তুলে ফেলছেন, বইয়ের তাক থেকে খোকার শালা আমার বই নামিয়ে নিচ্ছেন। তখনই হঠাত্ মুহম্মদ নূরুল হুদা আর রফিক আজাদ আমাকে বের করে নিলেন স্টল থেকে। আমাকে নিয়ে বাংলা একাডেমির মূল দালানের ভেতর ঢুকে গেলেন। একেবারে মহাপরিচালকের ঘরে। ঘটনা কি! ঘটনা যা জানা গেল, তা হলো, আমার বিরুদ্ধে মেলায় মিছিল বের হয়েছে। তসলিমা নাসরিন পেষণ কমিটি এই মিছিলটি করছে, আমাকে পিষে মারার জন্য এই মিছিল। মেলার বইয়ের স্টলগুলোয় কমিটির লোকেরা হুমকি দিয়ে এসেছে আমার বই যেন না রাখা হয় কোথাও। রাখলে ওরা স্টল ভেঙে ফেলবে নয়তো পুড়িয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে আমার বই যে স্টলগুলোয় ছিল, সরিয়ে ফেলা হলো। আমি স্তম্ভিত বসে থাকি। ঘরে আরও লেখক বসে ছিলেন। ফজলুল আলমও উঠে এসেছিলেন আমার পেছন পেছন। আশঙ্কায় তাঁর মুখ চোখ সব গোল গোল হয়ে আছে। মহাপরিচালকের ঘরে এই নিয়েই আলোচনা হচ্ছিল। মিছিল কেন হয়েছে, কারা করেছে, মেলার অস্থিরতা কি করে বন্ধ করা যায়। ব্যানারে কী লেখা এই নিয়ে ফিসফিস চলছে লেখকদের মধ্যে। মহাপরিচালক হঠাত্ আমাকে প্রশ্ন করলেন, ‘কেন এই মিছিল হচ্ছে? আপনার বিরুদ্ধে অভিযোগ কী ওদের?’
