সারা পৃথিবীতে কট্টর মুসলমান আর সন্ত্রাসী মুসলমানের বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে। সাধারণ নিরীহ মুসলমানও মানুষের ঘৃণার শিকার হচ্ছে। এখন বাংলাদেশের মুসলমানকে কট্টর বা সন্ত্রাসী হওয়ার প্রেরণা না দিয়ে দিতে হবে সহিষ্ণু মানুষ হওয়ার প্রেরণা। বিশ্বের সবাইকে নিয়ে আমাদের বাস করতে হবে, বিধর্মীদের নিয়েও; শুধু মুসলমানদের নিয়ে বাস করার ইচ্ছে করাটা বোকামো। মুসলমানরা বিপদে পড়লে মুসলমানরা এগিয়ে আসে না, নিজের চোখেই তো দেখা হলো, সিরিয়ার শরণার্থীদের কোনও মুসলমান দেশ আশ্রয় দেয়নি, দিয়েছে বিধর্মীদের দেশ। মুসলমানদের দেশগুলোতে কী দেখছি? মুসলমানরা মুসলমানদের হত্যা করছে। এই হত্যাযজ্ঞ থেকে যেন দূরে থাকি। আমরা যেন সন্ত্রাসী না হই, সন্ত্রাসীদের শিকার না হই।
দেশকে ধর্মনিরপেক্ষ করা, সহনশীল করা, মানুষকে মানবিক করা, মানুষের প্রতি মানুষকে সমমর্মী করা ছাড়া আর কোনও বড় কাজ আপাতত নেই। সমাজকে সুস্থ এবং সুন্দর করতে চাইলে শিশুদের সত্যিকার শিক্ষিত করা সবার আগে দরকার। শিশুদের পাঠ্যপুস্তকগুলোকে সাম্প্রদায়িকতামুক্ত করলে শিশুদেরও অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তোলা সম্ভব।
সোর্স : বাংলাদেশ প্রতিদিন, ১২ জানুয়ারি, ২০১৭
যে বই তোমায় দেখায় ভয়, সে বইও পড়া উচিত
১
‘যে-বই তোমায় দেখায় ভয়, সেগুলো কোনো বই-ই নয়, সে-বই তুমি পড়বে না। যে-বই তোমায় অন্ধ করে, যে-বই তোমায় বন্ধ করে, সে-বই তুমি ধরবে না’— এই ছড়াটি চতুর্থ বা পঞ্চম শ্রেণির পাঠ্যবই থেকে, শুনেছি, বাদ দেওয়া হয়েছে এ বছর। কারণ, অভিযোগ উঠেছে, এই ছড়ায় ধর্মগ্রন্থের কথা বলা হয়েছে। ধর্মগ্রন্থ পড়তে নিষেধ করা হয়েছে। বিজ্ঞানের বই যেহেতু আলো দেয়, জ্ঞান ছড়ায়, সুতরাং বিজ্ঞানের বই, ইতিহাস, ভূগোল, সাহিত্য ইত্যাদি পড়তে বলা হয়েছে।
আমি কিন্তু মনে করি যে বই তোমায় অন্ধ করে, সে বইও তোমার পড়া উচিত। সব রকম বই-ই, এমন কী ধর্মের বইও, সবার, এমন কী শিশু-কিশোরদেরও, পড়া উচিত। তাদের জানা উচিত কোন ধর্ম কী বলে। জানা উচিত ধর্মের খুঁটিনাটি, ধর্মের আদ্যোপান্ত ইতিহাস। শুধু নিজের বাবা মা’র ধর্ম নয়, অন্যের ধর্ম সম্পর্কেও জানা উচিত। একই সঙ্গে ধর্মের বিকল্প বা বিপরীত মত সম্পর্কেও, যেমন, অস্তিত্ববাদ, যুক্তিবাদ, মানববাদ সম্পর্কেও জানতে হবে। তারপর এক সময় বয়স হলে, বুদ্ধি হলে মানুষ নিজেই সিদ্ধান্ত নেবে কোনও ধর্ম সে আদৌ পালন করবে কি না, করলে কোন ধর্ম, অথবা কোন বিশ্বাস।
ধার্মিকেরা যতই বোঝাতে চাক ধর্মে এবং বিজ্ঞানে কোনও বিরোধ নেই, আসলে কিন্তু ধর্ম আর বিজ্ঞান দুটো সম্পূর্ণ পরস্পরবিরোধী মতবাদ। একটিতে বিশ্বাস থাকলে আরেকটিতে বিশ্বাস থাকার কথা নয়। কিন্তু অনেকেই দুটোতেই বিশ্বাস করে বলে দাবি করে। বিবর্তনবাদে বিশ্বাস করলে ঠিক কী করে সৃষ্টিবাদে বিশ্বাস সম্ভব জানি না। কোনও কোনও বিজ্ঞানী বলেন, মস্তিষ্কের এক এক কোঠায় এক একটা বিশ্বাস ভরে রাখা হয়, তাতে দুই পরস্পরবিরোধী বিশ্বাসের মধ্যে কোনও সংঘর্ষ বাধে না।
২
ছোট বেলায় ইস্কুলের বর্ণ পরিচয় বইয়ে পড়তাম অ তে অজগর, আ তে আম, ও তে ওল। ওল খেয়ে দাও ছুট, গলা করে কুটকুট। এখন শুনছি ও তে ওড়না চাই লেখা হচ্ছে। ওড়না চাই, বোরখা চাই, হিজাব চাই- এসব একটি নির্দিষ্ট মতবাদের প্রচার। একটি গণতন্ত্রে সব ধরনের মতবাদের স্থান থাকা উচিত। কোনও একটি মত, সে মতটি সংখ্যাগরিষ্ঠের মত বলেই সেটিকে ইস্কুলের বইয়ে প্রাধান্য দিতে হবে- তা ঠিক নয়। ওড়না পরতে বলা হচ্ছে মেয়েদের, ছেলেদের নয়। বর্ণ পরিচয় বইটি কিন্তু ছেলে মেয়ে উভয়ে পড়ছে। প্রথম শ্রেণিতেই ছেলে মেয়েদের পড়তে হচ্ছে মেয়েদের ওড়নার কথা। মেয়েদের শরীর ঢেকে রাখার কথা। যৌনতার বোধ শুরু হওয়ার আগেই চালান করার চেষ্টা হচ্ছে যৌনবোধ এবং শরীর নিয়ে লজ্জা, সংকোচ এবং শঙ্কা। শিশুর জীবন থেকে শৈশব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র ছাড়া এ আর কী?
মেয়েদের ওড়না পরার যেমন অধিকার আছে, ওড়না না পরারও অধিকার আছে। অক্ষর শেখাতে গিয়ে ওড়না পরতে চাওয়া শেখানো মানে শিশুদের মস্তিষ্কে ওড়না জিনিসটা ঢুকিয়ে দেওয়া, ওড়নাকে পোশাক হিসেবে উচ্চস্থানে বসানো, অথবা এটিকে বাধ্যতামূলক একটি পোশাকে পরিণত করা। হিজাব বা বোরখার বেলায়ও একই তত্ত্ব খাটে। কোনও একটি নিয়মকে ইস্কুলের বইয়ে তুলে ধরার অর্থ দাঁড়ায়— এই নিয়মটি শ্রেষ্ঠ নিয়ম, এই নিয়মের বাইরে যাওয়াটা অনুচিত। যারা ওড়না পরতে চায় না, তাদের কি তাহলে নিয়ম ভঙ্গকারীর দলে ফেলা হলো না? যে মেয়েরা ওড়না পরে না, তারা তো আসলে নিয়ম ভঙ্গকারী নয়, তারা ওড়না না পরার নিয়ম মানে। ওড়না পরা এবং ওড়না না পরা- দুটো নিয়মের মধ্যে ওড়না না পরার নিয়মটিকে যে কেউ বেছে নিতে পারে। এতে তাদের মান বা সম্মান সামান্যও বিঘ্নিত হওয়ার কথা নয়।
শিশুরা যা কিছু দেখে, যা কিছু শোনে, যা কিছু পড়ে, শেখে। জগতে ভিন্ন ভিন্ন মত আছে- সেই সব মত সম্পর্কে প্রথম থেকেই শিশুদের শিক্ষা দেওয়া উচিত। শুধু একটি নির্দিষ্ট মতবাদ সম্পর্কে জানা এবং এক মতবাদকেই প্রাধান্য দেওয়া বা এর পক্ষেই গীত গাওয়া শিশুদের অধিকার পরিপন্থী। শিশুদের যদি শেখানো হয় কোনো মতবাদ, তাহলে সেই মতবাদের বিপরীত মত সম্পর্কেও তাদের জ্ঞান দিতে হবে। পুরুষতন্ত্র শেখালে চলবে না, পুরুষতন্ত্রের বিপরীত মত নারীবাদ সম্পর্কেও জানাতে হবে। তা না হলে সব কিছু জানার অধিকার থেকে শিশুদের বঞ্চিতই করা হবে। শিশুদের অধিকার লঙ্ঘন করার স্পর্ধা প্রাপ্তবয়স্ক কারোরই থাকা উচিত নয়।
