২.পুরুষ শব্দটিকে আমি নেতিবাচক একটি শব্দ বলে মনে করি। পুরুষতন্ত্র যদি নেতিবাচক হয়, তবে পুরুষ হবে না কেন? পুরুষতান্ত্রিক ব্যবস্থা এই যে হাজার হাজার বছর ধরে টিকে আছে- কই এই ব্যবস্থাকে ভাঙার জন্য চেষ্টা তো পুরুষেরা করেনি! পুরুষেরা চাইলেই এই তন্ত্রটিকে নির্মূল করতে পারতো। সাম্যের জন্য, সমতার জন্য তারা পুুরুষতন্ত্রকে গুঁড়িয়ে উড়িয়ে নিশ্চিহ্ন করতে পারতো, করেনি। পুরুষ- এই শব্দটিকে আমি ব্যবহার করতে চাই, অবিবেচক, অনুদার, অকৃতজ্ঞ, স্বার্থপর, স্বার্থান্ধ, লোভী, লোলুপ, হীনমন্য, হিংসুক-এর সমার্থক শব্দ হিসেবে। তাদেরকে আমি পুরুষ বলে গালি দিতে চাই। সেই ছেলে এবং সেই মেয়েদেরও গালি দিতে চাই, যারা ওই চরিত্রের অধিকারী। গালি দিতে চাই এই বলে, ‘ছি ছি ছি তুমি এত কুৎসিত, এত কৃপণ, এত পচা, এত পুরুষ কী করে হতে পারলে!’
৩.পুরুষেরা এখনও কলকাতার শিক্ষিত, স্বনির্ভর মেয়েদের কর্তা। মেয়েরা পার্টিতে আসছে, মদ্যপান করছে, নাচছে, আর বলছে ‘আমার কর্তা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। এত স্বাধীনতা খুব বেশি মেয়ে পায় না।’কৃতজ্ঞতায় স্বনির্ভরের মুখ চিকচিক করে। মনে মনে বলি, স্বাধীনতা তোর জন্মগত অধিকার। তোর জিনিস তোর কাছে থাকবে। পুরুষ তা দেবার কে?
পুরুষেরা মাথায় উঠেছে নারীর। নারীও বেশ পুরুষদের তেলিয়ে লেলিয়ে মাথায় ওঠায় সাহায্য করেছে। নারীর মাথায় বসে পুরুষেরা মাথা খায় নারীর। কুটকুট করে পোকার মতো খায়। পোকা হয়ে ঢুকে যায় ভেতরে। মস্তিষ্কের সর্বনাশ করে। নারী কেন নিজেদের মাথা থেকে জোর ঝাঁকানি দিয়ে পুরুষদের নামিয়ে দেয় না? বলতে পারে, ‘পাশে থাকো, পিছনে থাকো, কিন্তু মাথায় ওঠো না।’ বলে কি?
৪.আমাকে অনেকে, এমনকী নারীরাও বলে, ‘আপনাকে যে লোকেরা নারীবাদী বলে, আপনি প্রতিবাদ করেন না কেন?’
অবাক হয়ে বলি, ‘প্রতিবাদ করবো কেন? আমি তো নারীবাদে বিশ্বাস করি।’ শুনে মন খারাপ হয়ে যায় অনেকের। তাদের বলি, ‘আমি মানববাদে বিশ্বাস করি বলেই নারীবাদে বিশ্বাস করি। নারীবাদী না হয়ে মানববাদী হওয়া যায় না। কী করে হব, মানবের ওপর নির্যাতন দেখে চুপ করে বসে থেকে মানববাদী হওয়া তো সম্ভব নয়।’
‘নারীরা হয় ফেমিনিস্ট, নয় তারা ম্যাসোকিস্ট — নিজেকে কষ্ট দিয়ে আনন্দ পায়; যে কোনো একটি’, একজন নারীবাদী বলেছিলেন। আমারও তাই বিশ্বাস। ম্যাসোকিস্ট যদি তুমি না হতে চাও, তবে তুমি ফেমিনিস্ট হবে। হবেই। আমি পুরুষ এবং পুরুষ শাসিত সমাজ দ্বারা নিজেকে নির্যাতিত হতে, নিষ্পেষিত হতে, পিষে মারতে, পুড়িয়ে মারতে রাজি নই। সে কারণে আমি নারীবাদী।
নারীবাদী সে মানুষটিই, যে নারী এবং পুরুষ দুজনকে সম্পূর্ণ মানুষ বলে মনে করে এবং নারী ও পুরুষের সমতা এবং সমানাধিকারে বিশ্বাস করে।
নারীবাদের মতো সহজ সরল সাধারণ জিনিসটি সম্পর্কে বেশির ভাগ মানুষের ধারণা নেই। নারী পুরুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমতার পক্ষে থাকাই তো নারীবাদ। খুব কি কঠিন জিনিস এটি না বোঝার?নারীবাদ বা ফেমিনিস্ট শব্দের ওপর রাগ বহু মানুষের, কেবল দক্ষিণের দেশগুলোয় নয়, উত্তরের দেশেও। ওসব দেশে ফেমিনিস্ট শব্দটি বদলে অন্য কোনও শব্দ, যে শব্দে কোনও কালিকালিমা নেই, ব্যবহারের প্রস্তাব এসেছিল কারও কারও কাছ থেকে। নতুন কোনও নাম দিলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে! মোটেও হবে না। নারীবাদ শব্দটি নিয়ে আসলে লোকের ভয় নয়, লোকের ভয় নারীবাদের অ্যাকশনে। একটি মেয়ে, নিজেকে সে নারীবাদী বলুক বা না বলুক, তার অধিকার অর্জন করার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়েছে, এই ব্যাপারটি খুব ভয়ঙ্কর।
রেবেকা ওয়েস্ট, একজন ব্রিটিশ লেখক, বলেছিলেন, ‘নারীবাদ কী, তা সত্যিকারভাবে আমার জানা নেই। আমি শুধু জানি যখনই আমি আমার ভেতরের আমিকে প্রকাশ করি, আর তা আমাকে পা মোছার পাপোশ বা বেশ্যা থেকে আলাদা করে, তখনই লোকে আমাকে নারীবাদী বলে ডাকে।’
লেখক ডেলভ স্পেনডার লিখেছিলেন, নারীবাদ কোনও যুদ্ধ করে না, বিরোধীপক্ষকে খুন করে না, কোনও কনসেনট্রেশন ক্যাম্প নির্মাণ করে না, শত্রুকে না খাইয়ে মারে না, কোনও নিষ্ঠুরতা করে না। নারীবাদের দাবি শিক্ষার জন্য, ভোটের জন্য, কাজ করার উন্নততর পরিবেশের জন্য, রাস্তাঘাটে নিরাপত্তার জন্য, সোশাল ওয়েলফেয়ারের জন্য, নারী শরণার্থীর জন্য নারীবিরোধী আইন সংশোধনের জন্য..। কেউ যদি বলে ‘আমি নারীবাদী নই’, প্রশ্ন করি, ‘হোয়াট ইজ ইওর প্রবলেম’?মোদ্দাকথা, মাথায় প্রবলেম না থাকলে সব নারীরই নারীবাদী হওয়ার কথা।
নারীবাদের সংজ্ঞার শেষ নেই। নারীবাদ একটি রাজনৈতিক থিওরি এবং প্র্যাকটিস যা সকল নারীকে মুক্ত করার সংগ্রামের জন্য লিপ্ত। সকল নারী? হ্যাঁ, কালো বাদামি হলুদ ইত্যাদি রঙের নারী, খেটে খাওয়া নারী, দরিদ্র নারী, পঙ্গু নারী, সমকামী নারী, বৃদ্ধ নারী, শুধু তাই নয় সাদা, ধনী, অসমকামী নারী।
নারীবাদের আরেকটি সরল সংজ্ঞা হল, নারীরা মানুষ এই কথাটা জোর দিয়ে বলা ‘ফেমিনিজম ইজ আ র্যাডিক্যাল নোশন দ্যাট উইমেন আর হিউমেন বীংস।’এই সরল সংজ্ঞাটি তাদের কাছেই কঠিন মনে হয়, যারা নারীকে মানুষের সম্মান দিতে রাজি নয়।
