এই নামটাকে নিয়ে ভীষণ ভয় সবার। টালিগঞ্জের তৃণমূলীরা নাকি শাসিয়ে যায়। আমার নাম গন্ধ আছে এমন কিছু নিয়ে ছবি করা, সাফ সাফ বলে দিয়েছে, আর যেখানেই সম্ভব হোক, বাংলায় হবে না। তৃণমূলী না হয়ে অন্য যে কোনও রাজনৈতিক দল হলেও, আমার বিশ্বাস, একই ভঙ্গিতে শাসাতো। সব দলের অবস্থানই, দুঃখজনক হলেও সত্যি, আমার বিরুদ্ধে। যুদ্ধটা, সবাই ধরেই নিয়েছে যে, আমার আর মুসলিম মৌলবাদীদের মধ্যে। সবাই খুব হিসেবে করেই মুসলিম মৌলবাদীর পক্ষ নিচ্ছে।
পক্ষ নেওয়ার আরেকটা পদ্ধতি হলো তসলিমার ক্ষতি করা, ক্ষতি করা সম্ভব না হলে নিদেনপক্ষে বিরোধিতা করা। পশ্চিমবঙ্গের লোকেরা নিশ্চয়ই জানে বছর দুয়েক আগে তাদের মুখ্যমন্ত্রী কী করে টেলিভিশনের ‘আকাশ আট’ চ্যানেলে হতে যাওয়া আমার মেগা সিরিয়াল দুঃসহবাসের প্রচার বন্ধ করে দিয়েছে। কলকাতার রাস্তায় বিশাল বিশাল বিজ্ঞাপনের হোর্ডিং টাঙানো হয়েছিল, টিভিতে আমার মেগা সিরিয়াল, সত্যি বলতে কী, খুব ঘটা করেই আসছিল। চ্যানেলে ঘন ঘন বিজ্ঞাপন দেখানো হচ্ছে দুঃসহবাসের। স্কাইপের মাধ্যমে সাংবাদিক সম্মেলনও একদিন করতে হলো। কিন্তু যেদিন শুরু হবে আমার মেগা সিরিয়াল, তার দুদিন আগে, বলা নেই কওয়া নেই, মমতা ব্যানার্জী পুলিশ পাঠিয়ে টিভি চ্যানেলকে হুমকি দিলেন, দুঃসহবাস দেখানো চলবে না। পঞ্চাশ এপিসোড সুটিং হয়ে গেছে, আর কিনা সিরিয়াল দেখানো চলবে না! আমার বেলায় ‘কেন চলবে না’র উত্তর সব সরকারের জিভের ডগায়, চলবে না কারণ মুসলিম মৌলবাদিরা ‘রায়ট’ লাগাবে, দাঙ্গা বাঁধাবে। আমার বই নিষিদ্ধ করার বেলায় মমতা ব্যানার্জীর আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গে, একই যুক্তি দিয়েছিলেন।
মুসলিম মৌলবাদিদের আবার ভারতের হিন্দুরা বিশেষ করে বাঙালি হিন্দুরা যমের মতো ভয় পায়। মহররমের তাজিয়া বের হলেও ঘরের কোণায় লুকিয়ে থাকে। কলকাতার মানুষ জানে, কলকাতা-বইমেলার এসি অডিটোরিয়ামে আমার ‘নির্বাসন’ নামের বইটির উদ্বোধন অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছিলেন মমতা ব্যানার্জী। তাছাড়া মানুষ তো দেখেছেই কী করে কলকাতা থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল। কী করে আমাকে হেনস্থা করা হয়েছে বছরের পর বছর। কী করে দৈনিক স্টেটসম্যান আমার নিয়মিত কলাম ছাপানো বন্ধ করে দিল। কী করে ঋতুপর্ণ ঘোষও বাধ্য হয়েছিলেন ‘রোববার’ ম্যাগাজিনে আমার লেখা নিয়মিত ছাপা হবে ঘোষণা দেওয়ার পরও লেখা ছাপা বন্ধ করে দিতে।
এইসব দেখার পর কার সাহস হয় আমার ছিটেফোঁটা নিয়ে বা আমার গল্পের বিন্দুমাত্র কিছু নিয়ে ছবি করার! কারোর হয়নি। কেউ কেউ ভুল করে এ পথে পা বাড়িয়েও ভুল বুঝতে পেরে সরে গেছে। মানুষ দেখেছে কী করে পুরো পশ্চিমবঙ্গে আমাকে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। যে আনন্দবাজার দু’দু’বার আনন্দ পুরস্কার দিয়েছে আমাকে, সে আনন্দবাজারেরও নিষিদ্ধ তালিকায় আমার নাম। এই অর্জন কি চাট্টিখানি অর্জন? সমাজের সকল স্তরের সকল শ্রেণীর সকল দলের ভয় এবং ঘৃণা, অবজ্ঞা আর অসম্মান অর্জন করা কি আদৌ সহজ? নিশ্চয়ই আমি কোনও কঠিন সত্য কথা বলেছি।
এমন যখন অবস্থা, তখন বাংলার প্রতিভাবান চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলী চাইলেন কলকাতা থেকে আমাকে বের করে দেওয়ার ঘটনা নিয়ে একটা কমেডি বানাতে। মূখ্য চরিত্রে থাকবে আমার বেড়াল। কৌশিক একদিন তাঁর লেখা স্ক্রিপ্টও আমাকে পাঠিয়ে দিলেন। কৌশিককে জিজ্ঞেস করেছিলাম, কৌতুকের আশ্রয় না নিয়ে সরাসরি বললে ভালো হতো না? কৌশিকের বক্তব্য, কৌতুকের মাধ্যমে বললে বেঁধে ভালো। চার্লি চ্যাপলিনের ছবিগুলো মনে ভাসলো। প্রযোজক জুটে গেছে, সুতরাং কৌশিক একদিন কলকাতা থেকে দিল্লি চলে এলেন আমার কাছ থেকে ছবি করার লিখিত অনুমতি নিতে। ছিলেন দু’দিন। বেশ আড্ডা হলো।
কৌশিক খুব ভালো ছবি করেন, প্রতিটি ছবির জন্য কোনও না কোনও পুরস্কার পাচ্ছেন, এরকমই জানে লোকে। যেটা জানে না সেটা হলো কৌশিক মানুষটা অসাধারণ, তাঁর রসবোধের কোনও তুলনা হয় না। কলকাতার পত্র পত্রিকায় কৌশিকের ‘নির্বাসিত’ নিয়ে বড় বড় খবর ছাপা হলো। আমার পোষা বেড়াল মিনুর ছবিখানাও বেশ চমৎকার ছাপা হতে লাগলো ওইসব খবরের সঙ্গে। কৌশিক জানালো বেড়ালের অডিশন চলছে। বেড়ালের মায়েরা ভিড় করছে বেড়াল নিয়ে। ছবির শ্যুটিং সামনের মাসেই শুরু হবে। কিন্তু সামনের মাসে স্তব্ধতার ঝড় বইতে শুরু করলো।
একদিন পত্রিকায় দেখলাম কৌশিক তাঁর নতুন ছবি ‘শব্দ’র শ্যুটিং করছেন। কৌশিক বলেছিলেন তাঁর প্রযোজক ‘শব্দ’ আর ‘নির্বাসিত’র গল্প শুনে ‘নির্বাসিত’কেই বেছে নিয়েছেন। বুঝি যে সেই বেছে নেওয়াটা শেষ বেছে নেওয়া নয়। শেষ পর্যন্ত ‘নির্বাসিত’কে ছুড়ে ফেলে শব্দকেই নির্বাচন করেছেন প্রযোজক। গণ্ডগোলটা তাহলে আমাকে নিয়েই!
কৌশিকের কাছে আমি আর জানতে চাইনি কী ঘটেছে। মনে মনে তো জানিই কী ঘটতে পারে। মাসের পর মাস চলে গেলো। কৌশিক এক ছবি করে আরেক ছবিতে হাত দিচ্ছেন, ‘নির্বাসিত’ ওদিকে কবরে, অন্ধকারে, একা। অনুমান করি, অন্য পরিচালকেরা যেমন কোনও ছবি, শেষ করা তো দূরের কথা, শুরুই করতে পারেননি। কৌশিকও পারবেন না। কৌশিকের সঙ্গে মাঝে মাঝে তাঁর অন্য ছবি টবি নিয়ে কথা হয়। ‘নির্বাসিত’র কথা তুলিনা। তুলে ওকে অপ্রস্তুত করি না।
