আমি গরিব মানুষ, সদাসর্বদা ছেলেকে ট্যাক্সি চড়াতে পারি না, তাই নিজেকেই ট্যাক্সি হতে হয়। ট্যাক্সি হওয়া মানে ছেলেকে কাঁধে নিয়ে রোদ হোক, বৃষ্টি হোক, দিন-দুপুর বা মধ্যরজনী হোক, মাইল দেড়েক ঘুরে আসা। কোলে বা কাখে নিলে চলবে না, কুরুক্ষেত্র কাণ্ড হবে।
সেদিন বাড়ি থেকে ট্যাক্সি হয়ে বেরিয়ে ছেলেকে কাঁধে নিয়ে মাইল খানেক হেঁটে হাজরা পার্কের সামনে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি। আমার পাশেই লোকটা চানাচুরের প্যাকেট নিয়ে একটা ঝুড়িতে করে বেচছে। তারস্বরে চেঁচিয়ে খদ্দের আকর্ষণ করার চেষ্টা করছে, চানাচুর, এ বাবু চানাচুর, চানামোহনকা চানাচুর।
চানাচুরওয়ালার নাম চানামোহন। নাম শুনে একটু ভাল করে তাকিয়ে দেখলাম লোকটাকে। নিতান্ত সাধারণ হিন্দুস্থানি চেহারা, গলায় মাদুলি, কাঁধে গামছা, গোয়ালাদের মতো গোঁফ।
খাব মনে করে এক প্যাকেট চানাচুরও কিনে ফেললাম। কিন্তু ছেলেটা খেতে দিল না, কখন কাঁধের উপর থেকে চিলের মতো ছোঁ মেরে ছিনিয়ে নিয়ে নিজেই কুড়মুড় করে খেতে লাগল।
পরের দিন সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরছি, মোড়ের মাথায় বাস থেকে নামতেই নামল তুমুল বৃষ্টি। তাড়াতাড়ি একটা গাড়িবারান্দার নীচে ছুটে গিয়ে আশ্রয় নিলাম।
বৃষ্টির জন্যে গাড়িবারান্দাটার নীচে খুব ভিড় হয়ে গেল। একটু পরে দেখি সেই ভিড়ের মধ্যে হাজরা পার্কের সামনের সেই চানামোহন ঘুগনি বেচছে। দুদিন আগে এই লোকটা চানাচুর বেচছিল, এখন ঘুগনি বেচছে। সে যা হোক, আমিও দশ পয়সার ঘুগনি কিনে খেলাম।
এই পর্যন্ত ভালই ছিল। চানাচুরওয়ালার ঘুগনিওয়ালা হতে আপত্তি নেই। যদিও আমার মনে খটকা লেগেছিল ব্যাপারটায়। কেননা এমন তো খুব বেশি দেখি না।
পরের দিনই রবিবার। সকালবেলায় বাসায় বসে আছি।
আমার স্ত্রী এসে বললেন, রাস্তা দিয়ে রং-মিস্ত্রি যাচ্ছে। ডাকব?
বাড়িতে কয়েকটা জানলা দরজা বহুদিন হল ফেটে, চটে আছে, রং করানো দরকার, বললাম, ডাকো।
রং-মিস্ত্রি আসতে দেখি চানামোহন। সেই গোঁফ, সেই মাদুলি, সেই কাঁধে গামছা। তাকে দেখে অবাক হলাম। কিন্তু সে আমাকে চিনতে পারল কিনা কে জানে?
সন্দেহ নিরসন করার জন্যে প্রথমেই জিজ্ঞাসা করলাম, কী নাম তোমার? লোকটা গোঁফের ফাঁকে মৃদু হেসে বলল, ফাগুলাল।
এ যে চানামোহন সে বিষয়ে আমার কোনও সন্দেহ নেই, কিন্তু এখন বলছে ফাগুলাল। তার উপরে প্রথমে চানাচুরওয়ালা, তারপরে ঘুগনিওয়ালা এবং একেবারে রং-মিস্ত্রি–পুরো ব্যাপারটাই সন্দেহজনক।
তবু যতই সন্দেহ বা দুশ্চিন্তা হোকা কেন, রং-মিস্ত্রিকে সামনে দাঁড় করিয়ে রেখে এত কথা। ভাববার অবসর নেই। সুতরাং দাম-দর ঠিক করে ফাগুলালকে জানলা রং করতে বলা হল।
রং লাগানোর জন্যে ফাগুলাল পুরানো কাপড় চাইল। আমার স্ত্রী একটা পুরানো ধুতি থেকে প্রায় অর্ধেক ছিঁড়ে তাকে দিল। রং লাগাতে লাগল ফাগুলাল। একটা টিনের ছোট থালায় করে রং নিয়ে এসেছে, একেবারে তৈরি রং, সেই রং ঘেঁড়া ধুতির টুকরো দিয়ে ঘষে ঘষে জানলায় লাগল। আমি এক মুহূর্তও তাকে চোখের আড়াল করলাম না, ঠায় সামনে দাঁড়িয়ে রইলাম। কেননা এর কী মতলব, কিছুই যে বোঝা যাচ্ছে না।
ভালই রং করল কিন্তু ফাগুলাল। রং করে টাকা পয়সা নিয়ে সেলাম করে চলে গেল।
এরও কয়েকদিন পরে।
আবার একদিন ট্যাক্সি হয়ে বেরিয়েছি, কাঁধে পুত্র, তবে সঙ্গে সেদিন স্ত্রীও আছেন।
যেতে যেতে হঠাৎ আমার স্ত্রী থমকে দাঁড়ালেন, এই দ্যাখো আমাদের সেই রং-মিস্ত্রি এখানে কী সুন্দর বাটিকের ব্লাউজ পিস বেচছে!
সত্যিই সেই লোকটা। গলায় মাদুলি, কাঁধে গামছা, গোয়ালাদের মতো গোঁফ, সহাস্য বদনে কয়েকটা বাটিকের ছাপা ব্লাউজ পিস নিয়ে দাঁড়িয়ে আছে।
লোকটার গোঁফের ফাঁকের ওই হাসি আমার আরও রহস্যময় মনে হল। পুরো ব্যাপারটার মধ্যে যেন একটা বিরাট চক্রান্ত বা ষড়যন্ত্র বা ওই জাতীয় কিছুর আভাস রয়েছে।
আমার পক্ষে আর নিজেকে দমন করা সম্ভব হল না। আমি স্পষ্টই লোকটাকে জিজ্ঞাসা করলাম, তুমিই এই দুদিন আগে আমাদের বাড়িতে জানলা রং করতে গিয়েছিলে না?
লোকটা নির্বিকার ভাবে বলল, তা হবে।
আমি আরও উত্তেজিত হয়ে বললাম, তোমার নাম কী?
লোকটা এবারও নির্বিকার ভাবে জানাল, বেনারসীপ্রসাদ।
সর্বনাশ, ফাগুলাল থেকে আবার বেনারসীপ্রসাদ হয়ে গেল! এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে। আমার কেমন যেন রোখ চেপে গেল।
ইতিমধ্যে লোকটার হাতে যে দু-তিনটি বাটিকের ব্লাউজ ছিল, একটি বাদে সবই বিক্রি হয়ে গেছে। শেষ ব্লাউজ পিসটিকে আমার স্ত্রী ছাড়লেন না, নিজেই কিনে নিলেন।
এইবার লোকটা ফাঁকা। আমি সুযোগ ছাড়লাম না। ছেলে কাঁধে নিয়ে লোকটার পিছে পিছে। হাঁটতে লাগলাম। একটু পরে হাঁটা থামিয়ে লোকটা একটু বিব্রত হয়ে জিজ্ঞাসা করল, কী ব্যাপার, বাবু?
আমি জিজ্ঞাসা করলাম, এখন তো বাটিকের ব্লাউজ পিস বেচলে, এরপর কী করবে?
লোকটা বলল, আর নেই। সব শেষ হয়ে গেছে। আবার যদি করতে হয় তবে চানাচুর থেকে আরম্ভ করতে হবে।
মানে? আমার ভ্রুকুঞ্চনের জটিলতা দেখে লোকটা একটু প্রাঞ্জল হল।
আমাকে আর কষ্ট করে প্রশ্ন করতে হল না। লোকটাই বুঝিয়ে বলল, প্রথমে চানাচুর বেচছিলাম, এমন সময়ে জোর বৃষ্টি এসে সব ভিজিয়ে দিল। তখন কী আর করব, সব ঘুগনি হিসেবে বেচে দিলাম।
