কর্মকর্তা জানিয়েছেন যে, বিমানচন্দ্রের চিঠি পাওয়ার পরেই তিনি পাটনা অফিসের সমস্ত কর্মচারিকে আন্দামানে বদলি করে দিয়েছেন। পাটনা বিমানবন্দরে যাঁর দায়িত্ব ছিল, সেই অফিসারকে এবং বিমানের পাইলট ও কো-পাইলটকে বরখাস্ত করা হয়েছে। এয়ারহোস্টেস যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককে ছুটিতে যেতে বলা হয়েছে। সেই বিমানে যে মেনি বিড়ালটি ছিল, বাচ্চাসহ সেটাকে ধরে বিমানে করে ব্যাঙ্কক পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে বিমানবন্দরে ছেড়ে দেওয়া হবে।
পত্রটি আদ্যোপান্ত পাঠ করে স্তম্ভিত হয়ে গেলেন বিমানচন্দ্র। সামান্য একটি অভিযোগের এত বড় প্রতিক্রিয়া। মনে মনে সাবাস জানালেন ওই কর্মকর্তাকে।
কিন্তু স্তম্ভিত হওয়ার আরও একটু বাকি ছিল। চিঠিটি আদ্যোপান্ত বেশ কয়েকবার পড়ে খামের মধ্যে ভরে রাখতে গেছেন বিমানচন্দ্র, তখন দেখেন খামের মধ্যে আরও একটা কাগজ রয়েছে। সেটা বার করে দেখলেন তার সেই চিঠিটা, যাতে তিনি অভিযোগ করেছিলেন। সেই চিঠিটার ওপরে লাল পেন্সিলে লেখা
মিসেস গোমেস,
আরও একটা পাগলের চিঠি। প্লেনের মধ্যে বেড়ালঃফুঃ। সেই বেড়ালের চিঠির একটা কপি একেও পাঠিয়ে দিন। চিঠির নীচে সইটা আমার হয়ে আগের চিঠিগুলোর মতো আপনিই করে দেবেন। চিঠির নীচে স্বাক্ষর অস্পষ্ট। তবে মার্জিনে মার্কা করা আছে, মিসেস গোমেস, পি এ।
বেঁচে আছি
আজ কিছুদিন হল যাকে বলে শরীরটা ঠিক ভাল যাচ্ছে না। ঠিক কী অসুবিধে কিংবা কী কতটা খারাপ ইঞ্জিনের কোন অংশটা গড়বড় করছে বুঝিয়ে বলতে পারব না। কিন্তু এই সেদিন পর্যন্তও রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথের পাশের তেলেভাজা বিপণির তপ্ত মধুর গন্ধে মন কীরকম উদাসীন হয়ে উঠত। এই তো গত বছর সাড়ে বারো ইঞ্চি (একত্রিশ সেন্টিমিটার) বারিবর্ষণ সম্পূর্ণ উপেক্ষা করে পরমানন্দে ছত্রহীন খালি মাথায় ছয় ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ময়দানে ফুটবলের কুরুক্ষেত্র যুদ্ধ দেখেছি, তারপর বাড়ি ফিরে স্ত্রীর কটুবাক্য সহযোগে আদা-চা খেয়ে চমৎকার চাঙ্গা হয়ে উঠেছি।
দুঃখের বিষয় এসবই গত বছরের গত যুগের গত জন্মের ঘটনা। সবাই বলছে অর্থাৎ যাদেরই কাছে দুঃখ করছি আগের মতো অনাচারে আর উৎসাহ পাচ্ছি না তারা সবাই বলছে বয়েস তো চল্লিশ হয়ে গেল এবার একটু বুঝেসুঝে চলো। সাবধানে থাকবে। ছেলে-বউ নিয়ে কষ্টের সংসার, গোঁয়ার্তুমি একদম করবে না। সকালে ঘুম থেকে উঠে এক গেলাস চিরতার জল খাবে। পাতে কাঁচা নুন খাবে না। রাতে শোয়ার সময় মাথার কাছের জানলা বন্ধ করে শোবে।
সকলের সব উপদেশ মেনে চলছি অন্তত চলার চেষ্টা করছি। কিন্তু চিরতা কোথায় পাওয়া যাবে? একজন বললেন–তরকারির বাজারের পিছন দিকে যেখানে গৃহস্থ বালিকা এবং বিধবারা কঁচা আনাজ বেচে তাদের কাছে পাওয়া যাবে। গেলাম সেখানে কিন্তু চিরতা কোথায়। মধ্য থেকে এক সরল-দর্শনা গ্রাম্য কিশোরী আমাকে অপর্যাপ্ত মূর্খ ধরে নিয়ে একটি বল্লমের মতো সুতীক্ষ এবং সুদীর্ঘ চিচিঙ্গা গছানোর চেষ্টা করল। চিচিঙ্গা কিনলাম না কিন্তু চিরতাও পেলাম না। বিফল মনোরথ। হয়ে ফিরে এলাম।
সব শুনে পরদিন অফিসে একজন বললেন–তুমি চিরতা জানো না, তুমি তো একেবারে বুরবক হে! চিরতা কি শাক যে কাঁচা তরকারির বাজারে খুঁজতে গিয়েছিলে? বড় দেখে মুদির দোকানে খোঁজ করো, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে।
গেলাম মুদির দোকানে। সবসুদ্ধ সতেরোটি দোকানে গিয়েছিলাম। সাতজন দোকানদার কোনও উত্তর দিলেন না। চিরতা আছে কিনা? আমার এই স্পষ্ট ও অতি সরল প্রশ্নটির উত্তরে তারা যা করছিলেন, অর্থাৎ তেল কিংবা পেঁয়াজ ওজন কিংবা মুখে মুখে একটি বাইশপদী জটিল যোগ অঙ্ক, তাই করে যেতে লাগলেন, আমাকে হাবেভাবে বুঝে নিতে হল চিরতা নেই।
একজন দোকানদার কেন যেন ধরে নিলেন চিরতা কোনও একটা নতুন বেরোনো সাবান বা ব্লেডের নাম। প্রথমে একটি তাকের সমস্ত সাবানগুলির নাম পাঠ করে পরীক্ষা করে দেখলেন এবং প্রত্যেকবার আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, কী নাম বললেন, চিরতা? এবং আমার উত্তর বা ব্যাখ্যার জন্যে অপেক্ষা না করেই পনেরো মিনিট গবেষণা করলেন। সাবান শেষ হয়ে গেলে ব্লেড। নিয়ে অনুরূপ ভাবে আরও দশ মিনিট ব্যয় করলেন। তারপর দুঃখের সঙ্গে ব্যক্ত করলেন, চিরতা নামটা খুব চেনাচেনা মনে হচ্ছে, কিন্তু কিছুতেই জিনিসটাকে লোকেট করতে পারছি না!
সে যা হোক আর চারজন মুদিওলা আমার চাহিদা বাক্য প্রায় না শুনেই বললেন-এখন হবে। আমার অসুস্থ মুখমণ্ডলে কতটা দীনতার ভাব ছিল ঠিক বলতে পারব না। কিন্তু এঁরা বোধহয় আমাকে ভিখারি-টিখারি কিংবা সাহায্যপ্রার্থী বেকার গ্র্যাজুয়েট সদ্বংশজাত ভদ্রলোক ঠাউরে নিয়েছিলেন। সময়, শরীর বা মনের অবস্থা ঠিক কোনওটাই ভাল নয়, তাই আর ঝগড়ার মধ্যে, অযথা বাদবিতণ্ডার মধ্যে এগোলাম না।
সবচেয়ে মারাত্মক ব্যাপার অন্য একটা দোকানে। দোকানটা বেশ বড়। দুজন দোকানদার, দুজনই প্রায় একই রকম দেখতে। বোধহয় যমজ ভাই। আমি চিরতার কথা বলতেই দুজনে খুব খুশি হয়ে কী আলোচনা করতে লাগলেন। আলোচনার ছোট ছোট অংশ অল্প অল্প কানে এল।
তাতে বুঝতে পারলাম এঁদের মামার বাড়ি ময়ূরভঞ্জ না মজঃফরপুর কোথায় যেন, সেখানে সুজিকে বলে চিরতা। অনেকদিন পরে মামার বাড়ির দেশের একটা পুরনো শব্দ শুনে দুজনেই খুব পুলকিত এবং আমাকে জিজ্ঞাসা করে জানতে চাইলেন আমি ওঁদের মামার বাড়ির দেশের লোক কিনা? তদুপরি তারা সঙ্গে সঙ্গে আমাকে যতটা চাই সুজি সংগ্রহ করে দেবেন বলে আশ্বস্ত করলেন।
